Tag Archives: চান্দিনা

জাল টাকার সরঞ্জামসহ চান্দিনায় ভিক্টোরিয়া কলেজের ছাত্র আটক

জাল টাকার সরঞ্জামসহ চান্দিনায় ভিক্টোরিয়া কলেজের ছাত্র আটক

জাল টাকার সরঞ্জামসহ চান্দিনায় ভিক্টোরিয়া কলেজের ছাত্র আটক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় জাল টাকা সরবরাহকালে আরিফুল ইসলাম (২৫) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের পালকি সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরিফুল ইসলাম কুমিল্লা মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মো. শাহ্ আলমের ছেলে।

সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা যায়। লেখাপড়ার পাশাপাশি কয়েক মাস যাবৎ জাল টাকা তৈরি ও সরবরাহ করে আসছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চান্দিনা পালকি সিনেমা হল সংলগ্ন এলাকায় জাল টাকা সরবরাহ করার গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) শিশির কুমার ঘোষ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে আটক করে।

এসময় তার কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকা মূল্যের বাংলাদেশি টাকার বিভিন্ন জাল নোট উদ্ধার করে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর তার দেওয়া তথ্যমতে বাবুটিপাড়া গ্রামের তার নিজ ঘরের বক্স খাটের ভেতর থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ কম্পিউটার ও প্রিন্টার উদ্ধার করে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানায়, আটক আরিফুর রহমান বেশ কয়েকদিন যাবৎ চান্দিনাসহ আশপাশের এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করি। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত

চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে এক পথচারী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার মাধাইয়া এলাকার দোতলা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতিতে আসা স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনে পড়ে যান ওই পথচারী।

তাকে বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে থাকা বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় পথচারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুতের খুঁটিটি ভেঙে পড়ে যায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানায়, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে তা স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চান্দিনায় ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত লাশ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ মার্চ) বিকাল সাড়ে ৪টায় উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাত বছরের শিশু মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে মা।

জানা যায়, দুই মেয়ে ও এক কন্যা সন্তানের জননী ফারহানা। ছেলে বাবার সঙ্গে ঢাকায় থাকেন। দশ বছর বয়সি বড় মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার আবাসিকে থেকে লেখাপড়া করেন। বাড়িতে শাশুড়ির সঙ্গে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ফারহানা। রোববার সকালে তালিম দিতে বাড়ি থেকে বের হন শাশুড়ি কদরবানু। দুপুরে কদরবানু বাড়ি ফিরে তার টিনের ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বাহির থেকে ডাকাডাকি করেন। বেশ কিছুক্ষণ ডাকার পর কোনো সারা-শব্দ না পেয়ে আশপাশের মানুষকে ডাকেন।

পার্শ্ববর্তী বাসিন্দা রাসেল মজুমদার জানান, ঘরের দরজা-জানালা বন্ধ দেখে আমরা বাধ্য হয়ে একটি জানালা ভেঙে দেখি একটি কক্ষে শিশুটির ঝুলন্ত লাশ। ঘরের ভেতরে ঢুকে দেখি অপর কক্ষে একইভাবে নারীর ঝুলন্ত লাশ। পরে আমরা থানায় খবর দেই। ধারণা করা হচ্ছে শিশু মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে নিজেও আত্মহত্যা করেছেন মা।

তবে কী কারণে, কেন এ ঘটনা ঘটেছে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। মুহূর্তেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতার ভিড় জমে।

ঘটনাস্থলে আসা চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি একই ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত লাশ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা লাশ দুটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে রাখে। কী কারণে এ ঘটনা, তা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে।

চান্দিনায় বাস চাপায় লাইনম্যানের মৃত্যু

 

চান্দিনা  প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় বাসচাপায় পিয়াল (২৪) নামের বাসের  এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়াল চান্দিনা উপজেলার মহারং গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি বাসের লাইনম্যানের কাজ করতেন।

স্থানীয়র জানান, সকালে প্রতিদিনের ন্যায় বা বাসস্ট্যান্ডে লাইনম্যানের কাজ করছিল। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্ট্যান্ডের লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়।

হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার ওসি রুহুল আমিন জানান, দুর্ঘটনার পর পর আমাদের পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতের পরিবার লাশ নিয়ে যায়। ঘাতক বাসটি শনাক্ত করা যায়নি।

‘মানবতা বিরোধী অপরাধ কখনো ক্ষমা করা যায় না’-এলডিপি মহাসচিব

চান্দিনা প্রতিনিধি:
লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- অপরাধের বিভিন্ন শ্রেণিভেদ থাকে, অনেক অপরাধ ক্ষমার যোগ্য। কিন্তু মানবতা বিরোধী অপরাধ কখনো ক্ষমা করা যায় না। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও প্রমাণ করলো মানবতা বিরোধী অপরাধের কোন ক্ষমা নেই। এর আগে এই ট্রাইব্যুনালই মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতাদের অনেকের বিরুদ্ধে মৃত্যুদন্ড প্রদান করেছিলো।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে বরকইট ইউনিয়ন এলডিপি’র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন- দেশে ২টি দল মানবতাবিরোধী অপরাধে দায়ী। একটি হচ্ছে আওয়ামী লীগ, অপরটি হলো জামায়াতে ইসলামী। দেশ বিভাজনের শুরু থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত জামায়াতে ইসলাম যে মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের অনেক নেতা-কর্মীকে সাজা দিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। একই অপরাধে দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ তার বাহিনীর অপরাধীদের একই সাজা প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সাবেক ওই প্রতিমন্ত্রী আরো বলেন, এই দেশে আওয়ামী লীগ নামে আর কোন সংগঠন রাজনীতি করতে পারবে না। এদেশের জনগণ আওয়ামী লীগকে আর রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করবে না। যারা আওয়ামী লীগ করেছেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন তাদের সবাই মানবতা বিরোধী অপরাধ করেননি। সুতরাং যারা পরিচ্ছন্ন ভাবে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, নিরীহভাবে জীবন যাপন করেছেন আপনারা এখন অন্য চিন্তা করেন। আওয়ামী লীগের রাজনীতি বাদ দিয়ে অন্য রাজনীতির সাথে যুক্ত হন। তিনি এসময় স্থানীয় আওয়ামী লীগের নিরীহ ও নিরপরাধ নেতাকর্মীদের তার দলে যোগ দিতে পরামর্শ দেন।

বরকইট ইউনিয়ন এলডিপি সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা এলডিপি সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সিরাজ, পৌর এলডিপি সাংগঠনিক সম্পাদক জামশেদ আহমেদ জাকি, বরকইট ইউনিয়ন এলডিপি সহ-সভাপতি আসাদুজ্জামান দুলাল, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মু. সাখাওয়াত হোসেন, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেন, বরকইট ইউনিয়ন গণতান্ত্রিক কৃষকদল সভাপতি জহিরুল ইসলাম, ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সভাপতি এনামূল হক প্রমুখ।

চান্দিনায় মোটরসাইকেল কেনার একদিন পর দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু

চান্দিনায় মোটরসাইকেল কেনার একদিন পর দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু

 

চান্দিনা প্রতিনিধিঃ

নতুন মোটরসাইকেল কেনার একদিন পরেই সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ২ বন্ধু। বুধবার দিন গত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার খাদঘর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের কাদের প্রধানের ছেলে ও ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল সহ-সভাপতি নাজমুল হোসেন (১৯) ও একই গ্রামের সোলেমান আহমেদের ছেলে রিজওয়ান আহমেদ শামিম (১৮)। তারা দুইজনেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় নাজমুল ও শামীম। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তারা সড়কের পাশে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের এলাকার বাসিন্দা মো. এরশাদুল হক বলেন- নতুন মোটরসাইকেল কেনার আনন্দেই বের হয়েছিল তারা। দাউদাকান্দি উপজেলার নতুন বাজারের এক নামকরা চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন। চা খেয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ১ দিন আগে সোলেমান আহমেদের ছেলে শামিম মোটরসাইকেলটা কিনেছিল। কে জানত সেই বাইকেই ওদের শেষ যাত্রা হবে!!

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। এতে দুজন নিহত হয়। ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

চান্দিনায় খাল ভরাট করে স’মিল ব্যবসা চালাচ্ছেন সাবেক যুবদল নেতা

 

শরীফুল ইসলাম, চান্দিনা :
কুমিল্লার চান্দিনায় সরকারি খাল ভরাট করে স’মিল ব্যবসা সাজিয়ে বসেছেন লোকমান হোসেন শাহজাহান নামে সাবেক এক যুবদল নেতা। খালটি ভরাটের ফলে উপজেলার গুরুত্বপূর্ণ মহিচাইল বাজার, মহিচাইল উচ্চ বিদ্যালয়, মহিচাইল বালিকা উচ্চ বিদ্যালয় সহ আশ-পাশের বাড়ির পানি নিস্কাশনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। মহিচাইল বাজারের যে পুকুরটির সাথে ‘ছোরা’ খালটির সংযোগ ওই সংযোগ স্থলেই খালটির প্রায় আড়াইশ ফুট ভরাট করায় পানি নিষ্কাশনের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

খাল ভরাট উচ্ছেদের মাধ্যমে খালটি পুনঃখনন করে পানি নিস্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মহিচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন। চলতি বছরের ৮ সেপ্টেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত ওই অভিযোগটি দায়ের করেন তিনি।

লোকমান হোসেন শাহজাহান চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের মৃত আব্দুল মালেক এর ছেলে।  তিনি চান্দিনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি। তবে তিনি এলাকায় আধিপত্য ধরে রাখতে রাজনৈতিক দল বদল করেছেন কয়েকবার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের এমপি’র ঘনিষ্ঠজন হয়ে আওয়ামী লীগের রাজনীতিও করেছেন। তিনবার করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনও। ৫ আগস্টের পর আবারও ফিরেছেন বিএনপির রাজনীতিতে।

প্রধান শিক্ষকের দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে- বাজার সংলগ্ন পুকুরটিতে মহিচাইল উচ্চ বিদ্যালয়, মহিচাইল বাজার, মহিচাইল বালিকা উচ্চ বিদ্যালয় ও আশপাশের বাড়ির বৃষ্টির পানি বাজার সংলগ্ন পুকুরটিতে জমে। ওই পুকুরের সাথে সংযুক্ত ছিল একটি খাল। যা সিএস ম্যাপ থেকে শুরু করে বিএস ম্যাপেও ওই খালটি রয়েছে। পুকুরের অতিরিক্ত পানি ওই খাল দিয়ে নিস্কাশন হতো। কিন্তু  লোকমান হোসেন শাহজাহান ও তার ভাই আবুল কালাম আজাদ কয়েক বছর যাবত সরকারি ওই খালটি অবৈধ ভাবে ভরাট করে সেখানে স’মিল ব্যবসাসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। এদিকে, বর্ষা মৌসুমেই বিদ্যালয় দুইটির পানি, বাজারের পানিসহ আশাপাশের পানি পুকুরটিতে জমে ধ্বসে পড়ছে পাকা সড়ক। জলাবদ্ধতার ফলে মাধাইয়া-নবাবপুর সড়কের মহিচাইল বাজার সংলগ্ন ওই পুকুরটির পাড় রক্ষায় সরকারি অর্থায়নে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করতে হচ্ছে রিটার্নিং ওয়াল।

স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন, মোসলেম স্বর্ণকার, আব্দুল জব্বার সহ একাধিক ব্যক্তি জানান- জন্মের পর থেকেই পুকুরটির সাথে খালটির সংযোগ দেখে আসছি। কয়েক বছর আগে হঠাৎ ওই খালটির মুখ বন্ধ করে দেন লোকমান হোসেন শাহজাহান। পুকুরটির পশ্চিম পাড় মাধাইয়া-রহিমানগর পাকা সড়ক, তার সাথে মহিচাইল উচ্চ বিদ্যালয় ও বাজার। দক্ষিণ পাড়ে কাঁচা সড়ক, বাজার ও মহিচাইল বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ব ও উত্তর পাড়ে বাড়ি ঘর। উত্তর পূর্ব কোনে ছিল খালটি। যার নাম ‘ছোরা খাল’। ওই খালটির প্রধান মুখটি বন্ধ করে দেয়ায় বৃষ্টি হলেই পুকুরের দক্ষিন পাড়ের কাঁচা সড়কটি ডুবে যায়, অতিরিক্ত পানি স্কুল মাঠে ঢুকে খেলাধুলা বন্ধ হয়ে যায়। পশ্চিম পাড়ের পাকা সড়কটি ধ্বসে যান চলাচলের প্রায় অনুপযোগি হয়ে পড়ে। এমতাবস্থায় সরকার রিটার্নিং ওয়াল করতে বাধ্য হয়েছে। কিন্তু পুকুরের সাথে খালের সংযোগটি থাকলে অতিরিক্ত পানি খালে নিস্কাশন হতো। আমরা দ্রুত খালটি পুনঃউদ্ধারের দাবি জানাচ্ছি।

পুকুরের পাড় ও পাকা সড়ক ধ্বসে পড়ার ফলে রিটার্নিং ওয়াল নির্মাণ প্রসঙ্গে চান্দিনা উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম জানান- পুকুরের পানি নিষ্কাশনে কোন ব্যবস্থা না থাকায় স্কুলের মাঠে জলাবদ্ধতা এবং সড়ক ধ্বসে পড়ে এটা সত্য। কিন্তু আমি আগে জানতাম না যে পুকুরটির সাথে খালের সংযোগ ছিল এবং তা সরকারি নকশায়ও আছে। আমি শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে খালটি পুনঃউদ্ধারের চেষ্টা করবো।

সাবেক যুবদল নেতা লোকমান হোসেন শাহজাহান জানান- নকশায় কোন খাল নেই, তবে পুকুরের সাথে খালের একটি সংযোগ ছিল। পুকুরে মাছ চাষ করার জন্য সংযোগটি বন্ধ করেছি। আমার বিরুদ্ধে অভিযোগটি সঠিক না।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান- অভিযোগের ঘটনাটি সত্য। আমরা সরেজমিন তদন্ত করেছি এবং মৌজা ম্যাপ ও খতিয়ানে শ্রেণি খাল রয়েছে। কিন্তু সরেজমিনে সেখানে খালের কোন অস্তিত্বই নেই। আমরা খুব শীঘ্রই খালটি পুনঃরুদ্ধার করবো।

 

চান্দিনায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চান্দিনায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ড্রেজার ব্যবসায়ীদের। প্রশাসনের সাথে চোর-পুলিশ খেলায় মেতেছে তারা। যখনই প্রশাসন অভিযান যায়, তখনই ড্রেজার বন্ধ করে পালিয়ে যায় ব্যবসায়ীসহ ড্রেজিং কাজে নিয়োজিতরা। ওইসব অসাধু ড্রেজার ব্যবসায়ীদের ধরতে গভীর রাতে অভিযানে নামে ভ্রাম্যমান আদালত।

চান্দিনায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মঙ্গলবার গভীর রাতে অভিযানে চান্দিনার বিভিন্ন স্থানে চলমান ড্রেজিং স্পটে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর। এসময় উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচংগা গ্রামের কৃষি মাঠে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু-মাটি উত্তোলন করায় দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২ হাজার ফুট পাইপ এবং ৩টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

অভিযুক্তরা হলেন- ওই ইউনিয়নের পরচংগা গ্রামের মীর কাশেমের ছেলে ময়নাল হোসেন ও লোকমান হোসেনের ছেলে মো. নাহিদ।

চান্দিনায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অপরদিকে, চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকায় অবস্থিত অনুমোদনহীন মোতালেব চানাচুর নামের ১টি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। ওই চানাচুর উৎপাদন কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার, পণ্যের গায়ে মেয়াদোর্ত্তীণ সিল এবং বৈধ কাগজপত্র না থাকায় কারখানার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন চান্দিনা থানা পুলিশ ও আনসার সদস্যরা।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর বলেন- ড্রেজার ব্যবসায়ীরা স্থানীয় ভাবে প্রভাব বিস্তার করে রাখে। যে কারণে অভিযানে গেলে স্থানীয় কেউ সহযোগিতার জন্যও এগিয়ে আসে না। অপরদিকে এখন বর্ষার মৌসুমে চারদিকে পানি থাকায় অনেক স্থানে নৌকা ছাড়া যাওয়া যায়না। ড্রেজার ব্যবসায়ীদের হুমকির কারণে নৌকার মাঝিরাও পালিয়ে যায়। যাতায়াত অসুবিধার কারণে অভিযান কিছুটা ব্যহত হচ্ছে। কৃষি জমি নষ্ট করে ড্রেজিং ব্যবসা পরিচালনাকারী এবং পরিবেশদূষণ ও জনস্বাস্থ্যকে হুমকিতে ফেলার যেকোনো অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার চান্দিনায় ২৭ দোকান-পাট উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার

কুমিল্লার চান্দিনায় ২৭ দোকান-পাট উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় যানবাহন চলাচলের রাস্তা ও সরকারি জায়গা দখল করে পাকা ভবনসহ অস্থায়ী দোকানপাট নির্মাণের অভিযোগে উচ্ছেদ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার গল্লাই ইউনিয়নের কংগাই বাজার এলাকায় ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। এতে চান্দিনা থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

কুমিল্লার চান্দিনায় ২৭ দোকান-পাট উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার

ওই ২৭টি দোকানঘরের মধ্যে মুদি, স্টেশনারি, হার্ডওয়্যার, ফার্মেসী, টিনের দোকান, মাংস ও ফল দোকানসহ ওয়ার্ড বিএনপি’র একটি রাজনৈতিক অফিসও রয়েছে। এতে প্রায় ৭০ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর জানান- সরকারি নির্দেশনায় খাস জায়গা উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে আমরা গল্লাই ইউনিয়নের কংগাই বাজারে অভিযান পরিচালনা করি। সার্ভেয়ারের মাধ্যমে জায়গা পরিমাপের করে আমরা খাস জায়গা চিহ্নিত করি। যারা দীর্ঘদিন যাবৎ সরকারি জায়গা দখল করে পাকা ভবনসহ দোকানপাট নির্মাণ করে রেখেছিলেন তাদেরকে একাধিকবার চিঠি দেই। তারপরও তারা স্বেচ্ছায় দোকান-পাট সরিয়ে না নেয়ায় আমরা অভিযান পরিচালনা করে সরকারের খাস জমি উদ্ধার করি। উপজেলা জুড়ে এমন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

চান্দিনায় নকল জুসের কারখানায় যৌন উত্তেজক সিরাপ তৈরি, আটক ২

চান্দিনায় নকল জুসের কারখানায় যৌন উত্তেজক সিরাপ তৈরি, আটক ২

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় নকল কোমল পানীয় ও জুস তৈরির আড়ালে যৌন উত্তেজক সিরাপ তৈরিসহ বাজারজাত করে চলছে ‘ইহান ফুড’ নামের অনুমোদনহীন নাম সর্বস্ব একটি ফ্যাক্টরী। স্থান পরিবর্তন করে বিভিন্ন বাড়ি ভাড়া নিয়ে ওই ফ্যাক্টরীটি পরিচালনা করে আসছে হাসান গাজী নামের এক ব্যক্তি।

চান্দিনায়  ওই ফ্যাক্টরীতে বিএসটিআই এর সীল ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের জুস, কোমলপানীয় ও যৌন উত্তেজক সিরাপের নাম ও মোড়ক হুবহু নকল করে পণ্য তৈরি ও অবাধে বাজারজাত করে আসছে।

চান্দিনায় নকল জুসের কারখানায় যৌন উত্তেজক সিরাপ তৈরি, আটক ২

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার হারং ভূইয়া বাড়িতে ওই ফ্যাক্টরীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। এসময় সেনাবাহিনী ও পুলিশের একাধিক টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে। অভিযানে পাঁচ হাজার নকল স্টিকার যুক্ত কোমলপানীয়, চার হাজার বোতল নকল জিনসিন প্লাস যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। এছাড়াও ওইসব তৈরীর কাঁচামাল ও মেশিন জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লা সদর থানার বাগিচাগাঁও এলাকার কামাল হোসেনের ছেলে মো. খাইরুল ইসলাম অপু (৩৩) ও মজিবুর রহমানের ছেলে মো. আল-আমিন (৩০)।এই ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান- হাসান গাজী নামের এক ব্যক্তি অবৈধ ভাবে ওই ফ্যাক্টরীটি পরিচালনা করে আসছে। ওই ফ্যাক্টরীতে মানহীন অস্বাস্থ্যকর শিশুদের ফলের জুস, বিভিন্ন ব্র্যান্ডের নকল জুস ও কোমল পানীয় তৈরী করছে। পাশাপাশি ‘জিনসিন প্লাস’ নামের একটি কোম্পানীর মোড়ক হুবহু নকল যৌন উত্তেজক সিরাপ তৈরি করে আসছে। বেশ কয়েকদিন যাবৎ আমরা খোঁজ নিয়ে ওই ফ্যাক্টরীর সন্ধান পাই। অভিযান চালিয়ে অনেক অস্বাস্থ্যকর খাদ্য পণ্য ও কাঁচামাল ধ্বংসসহ জব্দ করা হয়েছে। দুইজনকে আটক করে সাজা প্রদান করা হয়েছে। ফ্যাক্টরীর মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।