All posts by jitu

চাঁদপুরের দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ১৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের সামাজিক সংগঠন “দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা”র ২০২৬ সালের নবগঠিত উপদেষ্টা কমিটি গঠিত হয়। ১৩ জন উপদেষ্টা সদস্যবিশিষ্ট সদস্য নিয়ে ১ বছর মেয়াদি এই কমিটি গঠিত হয়।

শুক্রবার ( ০৭ই নভেম্বর ) সংগঠনটির সভাপতি মঞ্জুর হোসেন সজিব সাহেব ও সাধারন সম্পাদক সাহাবদ্দিন সাহেবের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উপদেষ্টা কমিটি ১৩ জন উপদেষ্টা ঘোষণা করা হয়। উক্ত উপদেষ্টা কমিটির সদস্যরা হল,

প্রধান উপদেষ্টা মোহাম্মদ ওমর ফারুক। অন্য উপদেষ্টারা হলেন মনির হোসেন, জাকির হোসেন সোহাগ, রবিউল আলম সাদ্দাম, রহমত উল্লাহ পাটোয়ারী, নেয়ামত উল্লাহ, আনোয়ার হোসেন, আহসান হাবীব খাজা, এনামুল হক, এমরান হোসেন, আবু ইউসুফ, মোতাহের হোসেন ও মো: মমিন।

সংগঠনের সভাপতি মঞ্জুর হোসেন সজিব বলেন, সম্মলিত ভাবে সামাজিক কাজের মাধ্যমে সমাজে যতটুকু অবদান রাখতে পারে তার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে ❝দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা❞। এই সংস্থাটি সবসময় মানবতার সেবায় নিয়োজিত একটি সামাজিক সংগঠন। আমাদের সদস্যদের প্রধান দায়িত্ব হলো অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ-দুর্ভোগে কার্যকর উদ্যোগ নেওয়া। মানবিক মূল্যবোধকে সামনে রেখে আমরা যদি একে অপরের সহায় হয়ে কাজ করি, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারব। আমি আশা করি, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা কমিটির সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করবে এবং মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।

সংগঠনের সাধারণ সম্পাদক সাহাবদ্দিন সাহেব বলেন, দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা ২০১৯ সাল থেকে মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সদস্যরা স্বেচ্ছাসেবার মাধ্যমে পরিবর্তনের পথে এগিয়ে চলেছে, যা আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা সামর্থ্যনুযায়ী সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এছাড়াও আমরা তরুন নেতৃত্ব তৈরি ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। এই সংগঠন মানুষের কল্যাণে বিগত প্রায় ৭ বছর কাজ করেছে। অতীতের ন্যায় আগামীতেও নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে এই মানবিক কার্যক্রম চালিয়ে যাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে, ইনশা’আল্লাহ।

নবগঠিত প্রধান উপদেষ্টা ওমর ফারুক সাহেব বলেন, “আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করার জন্য। সংগঠনের সকল সদস্যের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের মূল লক্ষ্য অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নত করা। এই দায়িত্ব শুধু আমার একার নয়, বরং এটি আমাদের সবার সম্মিলিত প্রয়াসের ফসল। আমি বিশ্বাস করি, একসঙ্গে কাজ করলে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবো। মানবতার সেবায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই। সম্মিলিত সাহায্য দানে সংগঠনটি এগিয়ে যাবে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা।

চাঁদপুর জেলা প্রশাসক মোহসীন উদ্দিনকে চাঁদপুর প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোহসীন উদ্দিনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব নেতৃবৃন্দ এ সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এসময় তিনি বলেন, আমার বিদায়লগ্নে এত স্বল্প সময়ের মধ্যে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য চাঁদপুর প্রেসক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি কখনোই আমার ব্যক্তিগত বিষয় ফেসবুকে শেয়ার করি না। গত চৌদ্দমাস চাঁদপুরে দায়িত্ব পালনকালে মানুষের ভালোবাসা ও প্রশংসা পেয়ে আমি সত্যিই অভিভূত। তবে কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, এজন্য কেউ কেউ আমাকে ভিন্নভাবে দেখেছেন, যা আমি স্বাভাবিকভাবেই গ্রহণ করি। তিনি আরও বলেন, ফেসবুকে আমাকে নিয়ে কেউ কেউ প্রশংসা করেছেন, কেউ কেউ সমালোচনাও করেছেন। এটাকে আমি স্বাগত জানাচ্ছি। আবার অনেক জেলা প্রশাসককে নিয়ে সাংবাদিকরা ভালো মন্তব্য করেছেন, এগুলো থেকেও শেখার আছে। জেলা প্রশাসকের কাজ অনেক বিস্তৃত। সমাজের শৃঙ্খলা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, উন্নয়ন পরিকল্পনা সবকিছুতেই শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব জেলা প্রশাসকের।

এ সময় তিনি সাবেক জেলা প্রশাসকদের কাজের প্রশংসা করে বলেন, তারা সাধারণ মানুষের জন্য যেভাবে কাজ করেছেন, তা সত্যিই অনুকরণীয়। এ সময়ে আমি সমাজের শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করেছি। দেশের কঠিন সময়ে আপনাদের সঙ্গে নিয়ে যতটা পেরেছি কাজ করার চেষ্টা করেছি। যারা সমালোচনা করেছেন, তাদের কথায় মনোযোগ না দিয়ে বরং সেখান থেকে শিক্ষা নিয়েছি। আমি রাজনৈতিক সংগঠনগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়েছিলাম। আমি আপনাদের মাধ্যমে সব রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের সবাইকে ধন্যবাদ জানাই। জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমি সরকারের কাছে চাঁদপুরের উন্নয়নের সম্ভাবনা তুলে ধরেছি। জেলা মেডিকেল কলেজের জন্য ভূমি নির্ধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ৫৭ একর ভূমি অধিগ্রহণ এবং প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য ভূমি অধিগ্রহণে কাজ করেছি। এছাড়াও প্রতিটি উপজেলায় স্টেডিয়াম মাঠ নির্মাণের প্রস্তাব দিয়েছি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সকলেই বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর রেখেছেন এবং সহযোগিতা করেছেন।

বিদায়ী জেলা প্রশাসকের অনুভূতি প্রকাশের পর বিদেশ থেকে অনলাইনে (ভার্চুয়ালী) বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন, সময় টিভির চাঁদপুর স্টাফ রিপোর্টার ফারুক আহমদ, চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এমন এক ক্রান্তিকালে চাঁদপুরে দায়িত্ব পালন করেছেন, যখন দেশ কঠিন পরিস্থিতির মধ্যে ছিল। তিনি যেভাবে চাঁদপুরকে আগলে রেখেছেন, তা ভালোবাসা ছাড়া সম্ভব নয়। চাঁদপুরে মব সৃষ্টি হতে দেননি। চাঁদপুরের আগামীর পরিকল্পনা, উন্নয়ন চিন্তা ও ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে তিনি এক স্বপ্নদ্রষ্টা প্রশাসক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।তিনি চাঁদপুরের সাংবাদিকদের বন্ধু হিসেবে নিয়েছেন।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক শপথ পত্রিকার সম্পাদক কাদের পলাশের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন’কে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দৈনিক চাঁদপুর কণ্ঠের পক্ষ থেকে পত্রিকার সংক্রান্ত উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন প্রেসক্লাব সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্যাহ। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় সাংবাদিক সংস্থা চৌদ্দগ্রাম শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

জাতীয় সাংবাদিক সংস্থা চৌদ্দগ্রাম শাখার ২০২৫/২৭ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রামস্থ হোটেল ডলি রিসোর্টে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম তরুন।

জাতীয় সাংবাদিক সংস্থা চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি ও দৈনিক কালবেলা’র চৌদ্দগ্রাম প্রতিনিধি আবু বক্কর সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার।

জাতীয় সাংবাদিক সংস্থা চৌদ্দগ্রাম উপজেকা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন শরীফের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ইউসুফ মজুমদার, সহ-সভাপতি কাজী মো: শহীদ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি সানোয়ার হোসেন, প্রচার সম্পাদক কামরুল হাসান পিংকন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আক্তারুজ্জামান মজুমদার, সাধারণ সম্পাদক হুসাইন মামুন, অর্থ-সম্পাদক জহিরুল উসলাম সুমন, দপ্তর সম্পাদক নাঈম ইকবাল, কার্য নির্বাহী সদস্য মাস্টার আবদুল কাদের, মাস্টার ফরিদ আহমেদ, নুরুল আলম আবীর, আবু বক্কর সিদ্দিক শিপু।

মুরাদনগরে মানবপাচার ও পতিতাবৃত্তির অভিযোগে ৬ জন আটক

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে পতিতাবৃত্তি ও মানব পাচারের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলা সদরের নিমাইকান্দি এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার চাপিতলা গ্রামের শাহ পরান (২১), মুরাদনগর সদরের নাঈম আহমেদ (১৮), রানীমুহুরী গ্রামের রাকিব (১৮), চাপিতলা গ্রামের রুমা আক্তার (১৯), রাণীমুহুরী গ্রামের সাদিয়া (১৯), ও নবীপুর পশ্চিম পাড়ার নুরুন্নাহার (২০)। তবে এই ব্যবসার মূল হোতা লুনা আক্তার ও তার স্বামী বিল্লাল হোসেন অভিযান শুরুর আগেই পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

এঘটনায় হোমনা উপজেলার রামকৃষ্ণপুর এলাকার খাদিজা আক্তার বাদী হয়ে ৮ জনের নামে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী খাদিজা আক্তার জানান, রামচন্দ্রপুর বাজার থেকে তার মেয়ে সুমনা আক্তারের সাথে শাহপরান নামে একটি ছেলের পরিচয় ঘটে। সেই পরিচয় থেকে শাহপরান তার মেয়ে সুমনাকে নিমাইকান্দি এলাকার ওই বাসায় নিয়ে যায় । ওখানে পূর্বে থেকে অবস্থানন করা বাকী আসামীরা সুমনার সাথে থাকা স্বর্নের চেইন, কানের দোল আংটি ও পায়ের নুপুর ছিনিয়ে নেয়। এছাড়াও তাঁকে যৌন নিপীড়নের জন্য প্রচুর নির্যাতন করেন। এসময় তিনি উল্লেখিত আসমীদ্বয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন ও তার স্ত্রী লুনা আক্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এর আগেও তারা একাধিকবার একই অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু আইনের দুর্বলতার কারণে অল্প সময়ের মধ্যেই তারা জামিনে মুক্ত হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, মানবপাচার ও পতিতাবৃত্তি ব্যবসার অভিযোগে ৮ জনের নামে মামলা রুজু করা হয়েছে। এদের মধ্যে ৬ জন গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মূল হোতা বিল্লাল হোসেন ও তার স্ত্রী লুনাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

রুবেল হত্যা ও ছাব্বির হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আলাদা অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ মামলার ৭ নং এজহারভুক্ত আসামি পৌর ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান (২৫)।

একই দিনে দেবীদ্বার সরকারি কলেজ রোডের কালাচান্দ সুপার মার্কেটের সামনে আন্দোলনকারীদের ওপর হামলায় নবম শ্রেণির শিক্ষার্থী আবুবকর গুরুতর আহত হন। এ ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার সন্দিগ্ধ আসামি পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি (২৭)।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের কোর্ট হাজতে চালান করা হয়েছে।

নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা চালানোতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশন সচিব সংসদ নির্বাচনের জন্য প্রকাশিত আচরণবিধির মৌলিক পরিবর্তনগুলো তুলে ধরেন।

ইসি সচিব জানায়, এবার থেকে পোস্টার পুরোপুরি নিষিদ্ধ, কোনো প্লাস্টিকজাতীয় উপকরণ ব্যবহার করা যাবে না। তবে নির্দিষ্ট আকার-আকৃতির ফেস্টুন ও লিফলেট বিতরণ করা যাবে। এ ছাড়া কোনো প্রার্থী রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে প্রার্থী ও দল উভয়কেই আচরণবিধি ও প্রাসঙ্গিক আইন মেনে চলার অঙ্গীকারনামা দিতে হবে। স্বতন্ত্র প্রার্থীরা এককভাবে এই অঙ্গীকারনামা দেবেন।

আখতার আহমেদ জানান, ৪৪ ধারা অনুযায়ী একটি নির্বাচনী সময়ে সহায়ক হিসেবে তিনটির অধিক মাইক্রোফোন ব্যবহার করা যাবে না–এই সীমা বহাল রয়েছে। একটি নির্বাচনী এলাকা বা জনসভায় একসঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। তবে একজন প্রার্থী যদি একাধিক সভা করেন, প্রতিটি সভায় আলাদাভাবে তিনটি করে ব্যবহার করতে পারবে। এ ছাড়া ইলেকট্রনিক বা ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে নির্দিষ্ট সীমায়।

তবে কোনো প্রচারণায় এমন স্থাপনা তৈরি করা যাবে না, যা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এদিকে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, ‘১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে। এ নিয়ে আমরা পরিকল্পনা করছি। কারা আসবে, কাদের আগে ডাকা হবে, সেগুলো ঠিক করতে হবে।

এ মাসের মধ্যে দলগুলোর সঙ্গে মতবিনিময় কার্যক্রমটা শেষ করতে চাই, যাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়।’
ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি। ইতিমধ্যে ভোট প্রস্তুতির কাজ শেষ করে এনেছে। অংশীজনের মধ্যে নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নারী নেত্রী, গণমাধ্যমসহ নানা শ্রেণি-পেশার সঙ্গে সংলাপ করেছে।

শেষ ধাপে এসে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), আচরণবিধিসহ সুষ্ঠু নির্বাচনের বিষয়েই দলগুলোর সঙ্গে এ সংলাপ করা হচ্ছে বলে জানান সচিব।

বর্তমানে ৫৩টি নিবন্ধিত দল রয়েছে; এ ছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটি দলের নিবন্ধন বাতিল রয়েছে। নতুন তিনটি দলের নিবন্ধন ১২ নভেম্বর চূড়ান্ত হবে।

এ সংলাপে অর্ধশতাধিক নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানোর কথা বলা হলেও কবে, কাকে ডাকা হবে তা ধাপে ধাপে জানানো হবে বলে জানান ইসি সচিব।

আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের নিবন্ধন বাতিলের দাবি নিয়ে কয়েকটি দল ইসিতে সোচ্চার রয়েছে। এ ছাড়া জাতীয় পার্টি প্রতীক ও দলের বিভক্তি নিয়ে ইসিতে দুয়েকটি পক্ষের আবেদন রয়েছে।

কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার রসুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় টাস্কফোর্স অভিযানে ২ কোটি ৭১ লক্ষ ৫ হাজার ৪ শত টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালান প্রতিরোধে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আসছে কুমিল্লা ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায়, সোমবার সন্ধায় (১০ নভেম্বর) সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান এর উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে।

অভিযানে মোট ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, বাসমতি চাল, ফুচকা ও কসমেটিক্স সামগ্রী মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত মালামাল পরবর্তীতে বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

মেঘনায় ১৩ নভেম্বর “ঢাকা লকডাউন”: নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ

স্টাফ রিপোর্টার:

আগামী ১৩ নভেম্বর অনলাইনে রাজনৈতিকভাবে নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা “ঢাকা লকডাউন” কর্মসূচীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে মেঘনা থানা পুলিশ নাশকতা ও অরাজকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

জানা গেছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এর অংশ হিসেবে কুমিল্লার মেঘনা উপজেলায়ও বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত তেমন কোনো নাশকতার ঘটনা না ঘটলেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এলাকায় অবস্থান করছেন, যা নিয়ে সচেতন মহলে উদ্বেগ বিরাজ করছে।

অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে ফ্যাসিবাদ ও দমননীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা এসেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বৈরাচার আওয়ামী লীগ যদি কোন প্রকার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে কঠিন রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে এবং জবাব দেওয়া হবে।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল আজ আজকের কুমিল্লা-কে জানান,

“নাশকতা বা বিশৃঙ্খলার কোনো সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে।”

 

স্থানীয় সূত্রে জানা গেছে, থানার পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো অরাজক তৎপরতা মাথাচাড়া দিয়ে না ওঠে।

কুমিল্লায় ২ যুবলীগ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী বিল্লাল হোসেন ও ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগের সভাপতি উজ্জ্বল রায়কে সোমবার (১০ নভেম্বর) রাতে বুড়িচং উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লা জেলা ডিবির ওসি আব্দুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে তাদেরকে বুড়িচং উপজেলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আব্দুল্লাহ জানান, গত বছরের ৫ আগস্ট তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের হয়েছে। আজ তাদেরকে আদালতে নেওয়া হবে এবং রিমান্ড চাওয়া হবে।

ব্রাহ্মণপাড়ায় ট্রেনের নিচে এক বস্তা আতশবাজি বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চোরাকারবারিদের ফেলে দেওয়া ভারতীয় আতশবাজির বস্তা ট্রেনের নিচে পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন শতাধিক যাত্রী।

সোমবার সন্ধ্যায় বুড়িচং উপজেলার পীতাম্বর এলাকার রেয়াছত আলী ফকির মাজার সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সালদানদী ও শশীদাল রেলস্টেশন হয়ে চট্টলা এক্সপ্রেস ও নাসিরাবাদ ট্রেনের মাধ্যমে ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য পাচার করে একদল চোরাকারবারি। সেদিন সন্ধ্যায় সদর রসুলপুর রেলস্টেশনে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনার খবর পেয়ে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস থেকে তড়িঘড়ি করে চোরাকারবারিরা বস্তাবন্দি মালামাল ট্রেনের বাইরে ফেলে দেয়। এ সময় আতশবাজি ভর্তি একটি বস্তা পাশ দিয়ে ক্রস করা মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের চাকার নিচে চলে যায়, ফলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের সময় ট্রেনে প্রচণ্ড ঝাঁকুনি লাগে এবং আতঙ্কে যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করে। তবে ট্রেনটি চলন্ত অবস্থায় থাকায় আগুন ছড়িয়ে পড়েনি, ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান কয়েক শত যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর এলাকাবাসীকে দেখা যায় রেললাইন থেকে ফেলে দেওয়া ভারতীয় পণ্য সংগ্রহ করতে। পরে স্থানীয় একটি সিন্ডিকেট দ্রুত সেসব পণ্য সরিয়ে ফেলে।

স্কুলশিক্ষার্থী মাহফুজ, সিয়াম ও অমিত জানান, ম্যাজিস্ট্রেটের অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা ট্রেন থামার আগেই বস্তাগুলো ফেলে দেয়। আতশবাজি ট্রেনের চাকার নিচে পড়ে বিস্ফোরণ ঘটে, তখন ট্রেনে থাকা সবাই আতঙ্কে কেঁপে ওঠে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রতিদিন সন্ধ্যা নাগাদ ট্রেন আসার আগে এসব অবৈধ মালামাল স্টেশনের বাথরুম ও অফিসকক্ষে এনে রাখা হয়, পরে সুযোগ বুঝে ট্রেনে তুলে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিয়মিত যাত্রী জানান, এসব চোরাই মালামালের বস্তার আড়ালে মাদকদ্রব্য ইয়াবা, গাঁজা, ক্রিস্টাল মেথসহ (আইস) কসমেটিকস, আতশবাজি ও অন্যান্য পণ্য পাচার করা হয়। তার দাবি, এ কাজের সঙ্গে কিছু ট্রেন কর্মকর্তা ও স্টেশন মাস্টার জড়িত থাকতে পারেন।

স্থানীয়দের মতে, এলাকায় বেশ কয়েকটি সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট রয়েছে, এর মধ্যে রয়েছে শশীদলের রেজাউল করিম। যিনি ৩০ বছর ধরে রেলওয়ের বিভিন্ন দিক নিয়ন্ত্রণ করে মাদকসহ নানা ভারতীয় অবৈধ মালামাল রেলযোগে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছে। রেজাউল করিমসহ অবৈধ এই সিন্ডিকেট পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও বিজিবির কিছু অসাধু সদস্যকে ‘ম্যানেজ’ করে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাঝে মাঝে প্রশাসনের অভিযানের পরও পুনরায় এ কর্মকাণ্ড শুরু হয়ে যায়।

এ বিষয়ে সদর রসুলপুর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী জানায়, সোমবার সন্ধ্যায় ম্যাজিস্ট্রেট সানোয়ার জাহানের নেতৃত্বে চট্টলা এক্সপ্রেসে অভিযান চলাকালীন এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি।