All posts by jitu

চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরে পানিতে ডুবে তাসকিন (৮) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫শে জুলাই) দুপুরে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র চাপাচৌ গ্রামের রাজমিস্ত্রী নবী হোসেনের একমাত্র ছেলে এবং একই এলাকার গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ি সংলগ্ন মাঠে আরও কয়েকজন সহ ফুটবল খেলছিল সে। এর মধ্যে ফুটবলটি মাঠ সংলগ্ন পুকুরের পানিতে পড়ে গেলে বলটি তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে পানি থেকে উদ্ধার করে ফেণী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে ফুটবল খেলতে গিয়ে ছোট্ট এ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে রাজমিস্ত্রি নবী হোসেনও পাগলপ্রায়।

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের ৫ম বর্ষপূর্তি প্রোগ্রাম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

শুক্রবার কুমিল্লার প্রাণকেন্দ্র রেসকোর্স রেড রুফ ইন এ ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের ২৫ বছর পূর্তি ও ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ গ্রুপের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে গ্রুপের বন্ধুদের নিয়ে এক জমকালো পুনর্মিলনী আয়োজন করা হয়। এতে ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের সকল থানার ,বিভিন্ন পেশাজীবী বন্ধুদের উপস্থিতিতে দিনভর বিভিন্ন আয়োজনে আনন্দে মেতে থাকে। এতে কুমিল্লার প্রায় প্রতিটি থানার বিভিন্ন পেশাজীবী বন্ধুরা ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ গ্রুপের আহবানে প্রায় ২০০ জন বন্ধুর উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে এক জাঁকজমক বর্ষপূর্তি প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। ২০২১ সালের জুলাই মাসের ২৪ তারিখ শুরু হওয়া এই গ্রুপটি বিভিন্ন প্রোগ্রাম ও মানবিক কার্যাবলীর জন্য ইতিমধ্যে আঞ্চলিক গ্রুপ হিসেবে বেশ সুনাম অর্জন করেছে, সকল বন্ধুদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং প্রথম কোনো আঞ্চলিক গ্রুপ হিসেবে বাংলাদেশ সরকারের অনুমোদিত ও রেজিস্টারভুক্ত গ্রুপ হিসেবে রেজিস্ট্রিকৃত হয়েছে।

দুপুর ১২ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে বিকেল ৬ টায় সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়। প্রোগ্রামের সভাপতিত্ব করেন এডমিন মামুন আব্দুল্লাহ, সভাপতির বক্তব্যে উপস্থিত সকল বন্ধুদের শুভেচ্ছা জানান , সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।প্রোগ্রামের প্রথম পর্বে এডভোকেট ইকবাল ও হাবিবা লিপির সঞ্চালনায় উপস্থিত সকল বন্ধুদের হাতে গিফট হিসেবে একটি টি শার্ট, একটি গ্রুপের বিভিন্ন কার্যক্রমের স্মরণিকা ও এড. ইকবালের সৌজন্যে কিছু চকলেট তুলে দেন এবং সোনামণিদের প্রতিভার আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এতে বিভিন্ন ক্যাটাগরিতে গ্রুপের বন্ধু বান্ধবীদের সোনামণিরা খুশিমনে পুরস্কার গ্রহণ করেন।তারপর জুম্মার নামাজ ও দুপুরের মুখরোচক খাবারে সময় কাটে।

প্রোগ্রামের দ্বিতীয় পর্বে শুরু হয় মূল আকর্ষণ।দ্বিতীয় পর্বের সঞ্চালনা করেন এডমিন কাজী সাইফুল। গ্রুপের ৫ম বর্ষপূর্তির কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব, কেক কেটে শুভ উদ্ভোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু ও নিজাম উদ্দিন কায়সার । জনাব ইউসুফ মোল্লা টিপু গ্রুপের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন, এই বয়সে এমন ইউনিটি ,এই বন্ধুত্বের বন্ধনের জন্য সাধুবাদ জানান এবং গ্রুপের যেকোনো মানবিক কাজে সার্বিক সহযোগিতার প্রদানের আশ্বাস দেন।তারপর সাংস্কৃতিক পর্বে গ্রুপের বন্ধু কুমিল্লার জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুমনের কণ্ঠে বেশ কিছু অসাধারণ গান পরিবেশন হয়, এই সময় বন্ধুর গানের তালে তালে নাচে,গানে ,উল্লাসে মেতে উঠে ও বয়সের বাধা ভেঙে বাধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠে ।বন্ধু বিশ্বজিৎ , মোশারফ মাস্টার সহ আরও অনেকে গান পরিবেশন করে।

তারপর প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য বন্ধু ওমর ফারুক, কাজী সাইফুল, মামুন আব্দুল্লাহ, এড. ইকবাল, শফিক শাওন, লিফট মামুন, রোমান আলম, সাংবাদিক আলমগীর, নাভানা আলমগীর, খোকন নন্দী, সোহেল সরকারসহ বেশ কয়েকজন বন্ধুকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। তারপর প্রোগ্রামের বিভিন্ন পেশাজীবী বন্ধুরা শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বন্ধুদের মাঝে ইউনিটির সাথে পথচলার অনুভূতি শেয়ার করেন ও আয়োজন এবং প্যানেল বন্ধুদের ধন্যবাদ জানান।তখন বন্ধুরা কিছু সময়ের জন্য আবেগঘন পরিবেশের সৃষ্টি করে, একে অন্যের সাথে কোলাকোলি, ভাব বিনিময়, স্কুল জীবনের স্মৃতি বিজড়িত কথা শেয়ার করে গল্প ,আনন্দ, আড্ডায় মেতে থাকে।তারপর ফাঁকে ফাঁকে নিজেদেরকে স্মৃতির মাঝে আবদ্ধ রাখতে গ্রুপ আকারে ছবি তুলে রাখে।শেষ পর্বে ছোট ছোট সোনামণিদের দিয়ে লটারি কুপনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রোগ্রামের অন্যতম আয়োজক এড. ইকবালেরসমাপনী বক্তব্যে মধ্য দিয়ে সুন্দর ও আকর্ষণীয় বর্ষপূর্তি প্রোগামের সমাপ্তি ঘোষণা করা হয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন এডমিন কাজী সাইফুল, মামুন আব্দুল্লাহ, প্যানেল সদস্য ছোটন,এড. সাইফুল আলম, জাকির হোসেন, আনিছুর রহমান, সাংবাদিক আলমগীর হোসেন, হাবিবা লিপি, নাজমা আক্তার, সফুরা সুলতানা এনি,এস মাসুদ , আল আমিন হোসেন রাকিব,আনোয়ার হোসেন, এয়ার আহমেদ সহ গ্রুপ এক্সপার্ট নুরুদ্দিন সোহেল, সুপ্রিয়া টুম্পা ও গ্রুপের প্রিয় বন্ধু নাভানা আলমগীর, সোহেল সরকার, মনির, শেখ আব্দুল্লাহ,ইঞ্জি : সাখাওয়াত, ডাঃ কামরুল, আরিফ, ইউসুফ,কামরুল ইসলাম রাজু সহ আরও অনেক বন্ধুরা অনুভূতি শেয়ার করেন।

এডমিন ও মডারেটর প্যানেলের পক্ষ থেকে ফাউন্ডার এডমিন বন্ধু জাপান প্রবাসী ওমর ফারুক ও ইঞ্জি: কাজী সাইফুল প্রোগ্রামটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য কৃতজ্ঞতা জানান এবং উপস্থিত সকল বন্ধুদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।ভবিষ্যতে বন্ধুদের নিয়ে এমন সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দেয়ার , ইউনিটি বন্ধুত্বের বন্ধন অটুট রাখার, ইউনিটি ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক, সামাজিক ও ইউনিক কাজের মাধ্যমে গ্রুপকে আরো শক্তিশালী ও সবাইকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য সহযোগিতা কামনা করেন ও সবার কাছে দোয়া কামনা করেন।পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

লাকসামে ইয়াবা ও মাদকসামগ্রীসহ ৩ যুবক আটক

লাকসাম প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম উপজেলায় ইয়াবা ও মাদকসামগ্রীসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পশ্চিমগাঁও সরকারি ফিশারির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) আরিফ উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা, ৩০ পিস ফুয়েল পেপার এবং নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন তানভীর হোসেন পিংকু (২৫), পিতা: আবুল হোসেন মুন্সি, গ্রাম: পশ্চিমগাঁও চারআনীপাড়া; আরমান হোসেন (২৬), পিতা: শাবান আলী, গ্রাম: পশ্চিমগাঁও বাগিচাপাড়া; এবং দেলোয়ার হোসেন রাফি (২৪), পিতা: আব্দুর রহিম, গ্রাম: মোহাম্মদপুর, সিরাজ মাস্টারের বাড়ি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানান, তারা স্থানীয় আব্দুল মান্নানের কাছ থেকে এসব মাদক কিনেছেন। তবে অভিযানের সময় আব্দুল মান্নানকে আটক করা সম্ভব হয়নি।

আটক তিনজনকে লাকসাম থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের হয়েছে বিষয়টি জানিয়ে পুলিশ।

আইসিসিবির আধুনিক প্রাঙ্গণে শিক্ষামেলা: উপচে পড়া ভিড়, শেষ হচ্ছে আজই

স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)—যা বিভিন্ন বিশ্বমানের মেলা, আন্তর্জাতিক প্রদর্শনী ও বৃহৎ পরিসরের ইভেন্ট আয়োজনের জন্য ঢাকার অন্যতম শ্রেষ্ঠ ও সুবিধাজনক ভেন্যু। এই ভ্যেনুতেই অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা-২০২৬’। বিশাল জায়গা, আধুনিক অবকাঠামো ও সুসংগঠিত পরিসরের কারণে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী অনায়াসে এখানে অংশ নিতে পারছেন।

​আইসিসিবির গুলনকশা হলে আয়োজিত এই আন্তর্জাতিক শিক্ষামেলার গতকাল শুক্রবার ছিল দ্বিতীয় দিন। মেলা প্রাঙ্গণজুড়ে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড়। বিশালাকার এই ভেন্যুতে গতকাল দিনভর প্রায় ১০ হাজার শিক্ষার্থী ও অভিভাবক স্বাচ্ছন্দ্যে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন।

​গত বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলায় ৩৫টি দৃষ্টিনন্দন স্টলে ৪৫টিরও বেশি দেশের ২,৫০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আধুনিক ও সুপরিসর ভেন্যু হওয়ায় একই প্রাঙ্গণে স্কলারশিপ, ভর্তিপ্রক্রিয়া, ভাষা পরীক্ষা, ভিসা গাইডলাইন ও ক্যারিয়ার পরামর্শ দেওয়ার যেমন ব্যবস্থা রয়েছে, তেমনি ইউরোপিয়ান, মালয়েশিয়ান ও ইউকে এডুকেশন এক্সপোর মতো পৃথক প্যাভিলিয়ন, বিটুবি (B2B) বিজনেস ডিল এবং নেটওয়ার্কিং সেশনও দারুণভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে। শিক্ষাবিষয়ক মেলা ছাড়াও যেকোনো বড় ধরনের আন্তর্জাতিক কনফারেন্স, করপোরেট এক্সপো বা প্রদর্শনী আয়োজনের সুব্যবস্থা আইসিসিবিকে উদ্যোক্তা ও আয়োজকদের প্রথম পছন্দে পরিণত করেছে।

​মেলা প্রাঙ্গণে গতকাল দেখা যায়, বিশাল পরিসর জুড়ে থাকা প্রতিটি স্টলেই শিক্ষার্থীদের মুখর উপস্থিতি। কেউ যুক্তরাজ্য, কানাডা বা অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার খোঁজ নিচ্ছেন, আবার কেউ ইউরোপ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের শর্ত, বৃত্তি ও সম্ভাব্য ব্যয় যাচাই করছেন। পাশাপাশি, বিদেশে পড়ার আর্থিক সমাধান দিতে মেলায় উপস্থিত রয়েছে বিভিন্ন ব্যাংক।

​তিতুমীর কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, আইসিসিবির মতো মানসম্মত ভেন্যুতে আয়োজিত এই এক্সপোতে এক ছাদের নিচে এত দেশের প্রতিনিধির মুখোমুখি হওয়া অনেক সহজ হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তাসনিয়া রহমানও জানান, সুন্দর পরিবেশে সরাসরি তথ্যের মুখোমুখি হয়ে এখন সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। এনসিসি ব্যাংকের কর্মকর্তা মেহেদি ইসলাম জানান, তাঁরা শিক্ষার্থীদের জন্য নামমাত্র গ্যারেন্টারে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সহজ শিক্ষা লোনের তথ্য দিচ্ছেন।

​আইসিসিবির মতো আন্তর্জাতিক মানের ভেন্যুতে এই মেলা সফলভাবে বাস্তবায়ন প্রসঙ্গে ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ গালিব জানান, বিপুল উপস্থিতি প্রমাণ করে শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে যাওয়ার আগ্রহ কত বেশি। প্রতিষ্ঠানটির ডিরেক্টর অব ইভেন্টস অ্যান্ড সেলস আশিকুর রহমান তানভীর মনে করিয়ে দেন, বিশালাকার এই মেলা উপভোগ ও প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার আজই (শনিবার) শেষ সুযোগ থাকবে রাত ৮টা পর্যন্ত।

৭ শিক্ষককে বদলির প্রতিবাদে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষককে একযোগে দেশের বিভিন্ন জেলার সরকারি কলেজে বদলির আদেশের প্রতিবাদে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভ চলাকালে বদলিকৃত ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন শিক্ষার্থীদের কর্মসূচিতে উপস্থিত হয়ে তা স্থগিত করার অনুরোধ জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, বদলির আদেশ মেনে নিয়েছি। তবে আমার একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে।

সরকার মানবিক দিক বিবেচনা করবে বলে আমার বিশ্বাস। তোমরা আন্দোলন করে আমার চাকরির কোনো ক্ষতি করো না। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত শিক্ষার্থীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই একই সঙ্গে সাত শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়েছে। সম্প্রতি কলেজে জলাবদ্ধতার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় সাত শিক্ষককে বদলি করেছে বলে তারা জানতে পেরেছেন। একসঙ্গে এত শিক্ষককে একটি প্রতিষ্ঠান থেকে বদলি করা দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে বলে দাবি করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

কলেজের নতুন অধ্যক্ষ মোসাম্মৎ আমেনা বেগম বলেন, কিছু ছাত্রী ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ক্যাম্পাসে এসে সাত শিক্ষকের বদলির আদেশ বাতিলের দাবি জানায়। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছে। আমরা শিক্ষকরা তাদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি যেহেতু সরকারি সিদ্ধান্ত, তাই তাদের বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। পরে ছাত্রীরা চলে গেছে।

দাউদকান্দিতে ৭০ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কারসহ রুবেল (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ ।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোঃ রুবেল ঢাকার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের আইয়ুব মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় ড্রাইভিং সিটের নিচে এবং পিছনে বিশেষ কৌশলে প্লাস্টিকের কস্টিপ দিয়ে  লুকিয়ে রাখা ভিন্ন ভিন্ন  প্যাকেটে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একটি নীল রংয়ের টয়োটা প্রাইভেট কার(-ঢাকা মেট্টো-গ-৩১-৭৫১৮) জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুবেল  জানায়, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার ও চট্টগ্রাম এলাকা হতে ইয়াবা বহন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ সাজেদুল ইসলাম  জানান, এ ঘটনায় রুবেলকে গ্রেফতার এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা প্রক্রিয়াধীন ।

সিদ্ধান্ত আছে, বাস্তবায়ন নেই—কোডিং সিস্টেম নিয়ে প্রশ্নের মুখে নোবিপ্রবি প্রশাসন

নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে পরীক্ষার নম্বর পরিবর্তনের অভিযোগকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে কোডিং পদ্ধতিতে পরীক্ষার খাতা মূল্যায়নের বিষয়টি।

শিক্ষার্থীদের দাবি, মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কোডিং পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন নোবিপ্রবি প্রেসক্লাবের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রায় ৭০ পৃষ্ঠার একটি অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে পরীক্ষার খাতা মূল্যায়ন ও নম্বর পরিবর্তনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলা হয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের দাবির মুখে পরীক্ষার খাতা মূল্যায়নে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে তিনটি বিভাগে কোডিং পদ্ধতি চালু করা হয়।

এতে ইতিবাচক ফল পাওয়ার পর ২০২৫ সালের ২৬ এপ্রিল তৎকালীন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়জুড়ে কোডিং পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ ও করণীয় নির্ধারণই ছিল কমিটির দায়িত্ব।

তবে কমিটি গঠনের এক বছরের বেশি সময় পার হলেও এখনো বিশ্ববিদ্যালয়জুড়ে কোডিং পদ্ধতি চালু হয়নি। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের অভিযোগ, প্রশাসনিক দীর্ঘসূত্রতা ও কার্যকর উদ্যোগের অভাবেই সিদ্ধান্তটি বাস্তবায়নের মুখ দেখেনি।

এদিকে, কোডিং সিস্টেম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ গত ৭ জুন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। ফলে বর্তমানে নোবিপ্রবিতে ওই কমিটির আহ্বায়কের পদটি কার্যত শূন্য রয়েছে।

তবে কমিটির কার্যক্রমের বর্তমান অবস্থা, নতুন আহ্বায়ক নিয়োগ বা কমিটি পুনর্গঠনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

শিক্ষার্থীদের ভাষ্য, বর্তমানে পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর পরিচয় দৃশ্যমান থাকায় ব্যক্তিগত সম্পর্ক, বিরোধ বা পক্ষপাতের প্রভাব মূল্যায়নে পড়ার আশঙ্কা থেকে যায়। কোডিং পদ্ধতি চালু হলে পরীক্ষার্থীর পরিচয় গোপন রেখে খাতা মূল্যায়ন করা সম্ভব হবে, যা মূল্যায়ন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকের সঙ্গে ব্যক্তিগত মতবিরোধ বা বিরূপ সম্পর্কের কারণে শিক্ষার্থীরা মানসিক চাপে থাকেন। তাদের আশঙ্কা, এর নেতিবাচক প্রভাব পরীক্ষার ফলাফলেও পড়তে পারে। তাই দ্রুত কোডিং পদ্ধতি চালুর মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক মূল্যায়ন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও উপাচার্যের (রুটিন দায়িত্ব) দায়িত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “আমাদের যথেষ্ট আগ্রহ রয়েছে। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে শিগগিরই কোডিং সিস্টেম চালু করা হবে। আমরা আশাবাদী, এটি চালু হলে শিক্ষার্থীরা আরও নিরপেক্ষ ও ন্যায্য মূল্যায়ন পাবে।”

তবে কোডিং পদ্ধতি চালুর বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। একই সঙ্গে বাস্তবায়ন কমিটির ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কেও স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

হোমনায় দেয়াল ধসে আহত শিক্ষার্থীদের ইউএনও’র সহায়তা প্রদান

মোঃ রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় দেয়াল ধসে আহত রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত তিন শিক্ষার্থীর চিকিৎসা সহায়তায় প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ইউএনও আহত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিকুল ইসলাম, রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউএনও মো. শহিদুল ইসলাম বলেন, “আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ও বিদ্যালয়ে ফিরে আসুক, সেটিই আমাদের প্রত্যাশা।”

উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের জন্য আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এমন সহযোগিতা তাদের কঠিন সময়ে সাহস ও মানসিক শক্তি জুগিয়েছে।

উল্লেখ্য, গত ২০ জুলাই হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় একটি দেয়াল ধসে রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীরা হলো নিলীমা (রোল-২৭, মেঘনা শাখা), তানিশা (রোল-৩৭, পদ্মা শাখা) এবং ইরসানা (রোল-৪৭, পদ্মা শাখা)। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

কুমিল্লার সদর দক্ষিণে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার সদর দক্ষিণে শিশু ধর্ষণের পর হত্যার দায়ে মফিজুল ইসলাম মফু (৫০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবদুল মোতালেব এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৯ এপ্রিল সকাল ১০টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাজরিন সুলতানা ঝুমুর (৯) নামের ওই শিশুকে অপহরণ করা হয়। পরে সদর দক্ষিণ উপজেলার খেয়াশ ঠাকুরবাড়ি পুকুরের পশ্চিম পাড়ে একটি ধানখেতে নিয়ে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়।পরে এ ঘটনায় নিহত শিশুটির মা রাজিয়া আক্তার বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তের একপর্যায়ে ২০২৪ সালের ১ মে র‍্যাব অভিযান চালিয়ে চাঁদপুর থেকে মফিজুল ইসলাম মফুকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় মোট ১৪ জন সাক্ষী গ্রহণ করা হয়।

শুনানি ও দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ বিচার-বিশ্লেষণ শেষে আদালত আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় মফিজুল ইসলাম মফুকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অভিযান পরিচালনা করে প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল পর্যন্ত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও শশীদল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাজিয়াতলী, মাদলা ও খাদলা এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, স্টেরিল নোরাড্রেন্যালিন কনসেন্ট্র্যাট আইপি ওষুধ, গরু, চকলেট, পটকা, পন্ডস পাউডার, ভ্যাসমল, মদ, বিয়ার, ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক, লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, পুশ ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।