All posts by jitu

দেবিদ্বারে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ‘ক্লিনিং ক্যাম্পেইন’ উদ্বোধন

সোহরাব হোসেন, দেবিদ্বার:

দেবীদ্বার উপজেলায় ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ মশাবাহিত রোগের উপদ্রব হ্রাস এবং মশার উৎপত্তিস্থল নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ক্লিনিং ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ‘নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু ও চিকনগুনিয়া মুক্ত থাকুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন হয়।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে দেবীদ্বার উপজেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক-এর স্বাস্থ্য ও যক্ষা এবং জলবায়ু পরিবর্তন কর্মসূচি। এটি জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর সহায়তায় পরিচালিত হয়।

ক্লিনিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, ব্র্যাক হেলথ প্রোগ্রাম অফিসার রুবী রাণী দাস, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা এস.এম. ইব্রাহীম, বিদ্যালয়ের বিএনসিসি ও স্কাউট টিইও বিনোদ চন্দ্র সরকার, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর যক্ষা নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল কাদের খান, ক্যাম্পেইনে বিএনসিসি ও স্কাউটের ৩২ জন শিক্ষার্থী এবং দেবীদ্বার পৌরসভার ১০ জন পরিচ্ছন্নতা কর্মী অংশগ্রহণ করেন।

হোমনায় মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি: ক্ষুব্ধ জনতার মাজার ও বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অবমাননাকে কেন্দ্র করে কটুক্তিকারী মহসিনের বাড়িঘর ও মাজার ভাংচুর এবং অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার সকালে উপজেলার আছাদপুর গ্রামের কফিল উদ্দিন শাহের মাজার ও তার পরিবারের বাড়িঘর ভাংচুর করে অগ্নিসংযোগ দেয় স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

জানা যায়, কফিলউদ্দিন শাহের নাতি ও আলেক শাহের ছেলে মহসিন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেন। এরপরই মুসলিম জনতা ফুঁসে উঠলে হোমনা থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এরপর বৃহস্পতিবার স্থানীয় বিক্ষুব্ধ জনতা তার বাড়িঘর ও মাজার ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও হোমনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় কুুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি সাংবাদিকদের সাথে বলেন, মহানবী (সাঃ) কে কটুক্তিকারী মহসিন কে তাৎক্ষণিক গ্রেফতার করে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়াও যারা আজকে ভাংচুর ও অগ্নিসংযোগের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। পরে যেন আর কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ফের চোখ রাঙাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৭ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের ২৪ ঘণ্টায় (১৭ সেপ্টেম্বর) ৫ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৪১ জন, বরিশাল বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ৩৭ জন ও ময়মনসিংহ বিভাগে ২৫ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরের এখন পর্যন্ত ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮৬ জন পুরুষ ও ৮১ জন নারী। এছাড়া চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ হাজার ৪৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, গত বছরের (২০২৪) জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

কুমিল্লার উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত ও কার্যকরভাবে শেষ করার তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন,”উন্নয়ন কাজ বিলম্বিত হলে জনগণের ভোগান্তি বাড়ে। সময়মতো কাজ শেষ করলেই সরকারের পরিকল্পনার সুফল পাবে সাধারণ মানুষ।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়সার। এতে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও সরকারের যুগ্মসচিব মো: শাহ আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান, কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ১৭টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।

সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন,”সমন্বয়ের অভাব অনেক সময় উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই বিভাগ ও দপ্তরসমূহের মধ্যে কার্যকর যোগাযোগ ও সময়মতো প্রতিবেদন প্রদানের মাধ্যমে অগ্রগতি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সেবার মান বৃদ্ধি করতে হবে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী সভায় জনপ্রতিনিধি, প্রশাসন এবং উন্নয়ন সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন,”প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে পারলে জেলার উন্নয়ন একটি মডেল হিসেবে গড়ে উঠতে পারে।”

উল্লেখ্য, কুমিল্লা জেলার উন্নয়ন পরিকল্পনায় রয়েছে অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে আধুনিকীকরণ, সড়ক পরিবহন উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ প্রকল্প।

সভার শেষাংশে জেলা প্রশাসক মো: আমিরুল কায়সার সকল কর্মকর্তাদের প্রতি সময়মতো প্রকল্প বাস্তবায়ন ও নিয়মিত প্রতিবেদন উপস্থাপনের অনুরোধ জানান।

দাউদকান্দিতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে চাঁদাবাজি, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় আমিরাবাদ-কচুয়া সড়কের উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শ্রীচাইল ইসলামিয়া আলিম মাদরাসার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা। কয়েকশতাধিক স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মিছিলটি মলয় বাজার প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে স্থানীয় নজরুল ইসলাম ভূঁইয়া, মকবুল হোসেন ভূঁইয়া, আলী আজম ও আসিক বক্তব্য রাখেন।

তারা বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হলেও এলাকায় এখনো চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস বন্ধ হয়নি, বরং দিন দিন তা বেড়েই চলছে। রাতে স্বস্তিতে ঘুমানো যাচ্ছে না, আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি চক্র সন্ত্রাস, চাঁদাবাজি, ইয়াবা ব্যবসাসহ নানান অপরাধ করে আসছে। তারা সাধারণ মানুষকে নিয়মিত হুমকি-ধামকিসহ হয়রানি করে আসছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। সন্ত্রাসী, চাঁদাবাদ, মাদক কারবারিদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার অনুরোধ করছি।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, মানববন্ধনের বিষয়টি জানিনা। তবে মাদক, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না।

দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শশুরের সেফটি ট্যাংক থেকে জামাইর লাশ উদ্ধার

সোহরাব হোসেন, দেবিদ্বার:

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের ১ মাস পর শশুরের সেফটি ট্যাংকের ভিতর থেকে মেয়ের জামাই আব্দুল করিম ভূইয়া (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম এর বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ১৩ আগষ্ট তিনি নিখোঁজ হলে বড় ভাই আমির হোসেন ভূইয়া থানা একটি ডায়েরী করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের পশ্চিম পাড়ার মৃত আবুল কাশেম ভূইয়ার এর ছেলে আব্দুল করিম ভূইয়া। তিনি গত ১৩ আগষ্ট বাড়ি থেকে খরমপুর মাজার এলাকায় যাওয়ার কথা বলে বাহির হয়ে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করে না পেয়ে ১৬ আগষ্ট তার বড় ভাই আমির হোসেন ভূইয়া দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন।

পরে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) নিখোঁজ আব্দুল করিমের বড় ভাই আমির হোসেন ভূইয়ার মোবাইল ফোনে অজ্ঞাত এক ব্যক্তি ফোন দিয়ে জানায় তার ছোট ভাই করিমকে শশুর বাড়ির লোকজন হত্যা করে লুকিয়ে লাশ রেখেছে। ওই ফোনের সূত্রধরে আমির হোসেন ভূইয়া রাতেই দেবিদ্বার থানায় এসে পুলিশ নিয়ে তার ছোট ভাই আব্দুল করিম ভূইয়া শশুর বাড়িতে যান। সেখানে গিয়ে অনেক খোঁজাখোঁজির এক পর্যায়ে শশুর মৃত ইউনুছ মিয়ার সেফটি ট্যাংকের ভিতরে লাশ দেখতে পায় পুলিশ। বিষয়টি দেবিদ্বার থানার ওসিকে জানানো হলে রাত সাড়ে ৩ টায় ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস ও দেবিদ্বার সার্কেলের এএসপি মোঃ শাহিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ওই সময় আব্দুল করিম ভূইয়ার দুই শ্যালক মোজ্জামেল ও ইসরাফিল এবং করিমের স্ত্রী তাসলিমা আক্তার, বড় ছেলে তানভির, ছোট ছেলে তৌহিদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

নিহতের বড় ভাই আমির হোসেন ভূইয়া জানান, গত ১৩ আগষ্ট বাড়ি থেকে আখউড়ার খড়মপুর মাজার এলাকায় যাওয়ার কথা বলে বাহির হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে ১৬ আগষ্ট থানায় একটি নিখোঁজ ডায়েরী করি। বুধবারা একটি অজ্ঞাত ফোনের সূত্রধরে তার ভাইয়ের লাশ উদ্ধার হয়। হত্যাকান্ডে জরিতদের তিনি ফাঁসির দাবী জানান।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, নিখোঁজের একমাস পর একটি ফোনের সূত্রধরে লাশ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদেও জন্য নিহত করিম মিয়ার দুই শ্যালক, স্ত্রী ও দুই ছেলে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁদপুরে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুরের মতলব দক্ষিণে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় আব্দুল হাই স্টোরকে ৩ হাজার টাকা ও গাজী ট্রেডার্সকে ২ হাজার টাকা, মতলব বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ভাই ভাই হোটেল এন্ড কেবিনকে ১০ হাজার টাকা, আদি গান্ধী ঘোষকে ২০ হাজার টাকা, ঘোষ কেবিনকে ৩০ হাজার টাকা, মুসলিম সুইটমিটকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় দেলোয়ার হোটেলকে ৫ হাজার টাকা এবং নষ্ট ও পঁচা মাংস ফ্রিজে সংরক্ষণ করায় বাবুল মাংসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজার ও মতলব বাজারের ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য ও চাঁদপুর জেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকগণ পূণরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

‎জামায়াতে ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়: ড. মোবারক হোসাইন

‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া:

‎জামায়াতে ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যেখানে কোন দুর্নীতি, সুদ, ঘুষ, গুম, খুন, রাহাজানি থাকবে না। জামায়াতে ইসলামি রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলামি শাসন প্রতিষ্ঠা করবে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে।

(১৭ সেপ্টেম্বর) বুধবার বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া চৌরাস্তা মোড়ে ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, জনগন চায় একটি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। আমরা সকলে মিলে একটি ঐক্যবদ্ধ সুন্দর সমাজ গঠন করবো ইনশাল্লাহ্।

এতে মালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আইয়ুব খান পাঠান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ নাঈম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম। এসময় ইসলামি ব্যাংকের পরিচালক বদিউল আলম, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা আব্দুল আলীমসহ জামায়াতে ইসলামির বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবশেষে অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত করেন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম।

সাবেক এমপি বাহার মেয়র সূচনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট:

অ্যাডভোকেট আবুল কালাম আজাদ হত্যাকাণ্ডের ঘটনায় কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে গৃহীত হয়েছে।

এ সময় সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সাবেক কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ, ইশতিয়াক সরকার বিপুসহ হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বুধবার (১৭ সেপ্টম্বর) দুপুরে আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত জাহান চৌধুরী এ চার্জশিট গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নগরীর কান্দিরপাড় এলাকায় বিজয় শেষে বাসায় ফেরার পথে মোগলটুলী এলাকায় গুলিবিদ্ধ হন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ নেতা এবং কুমিল্লা বারের সদস্য আবুল কালাম আজাদ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সম্প্রতি ঘটনার তদন্ত শেষে পুলিশ সাবেক এমপি বাহারসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বুধবার আদালত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ গ্রহণ করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, সাবেক এমপি বাহার, সাবেক মেয়র সুচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে দায়ের করা চার্জশিট আদালত গ্রহণ করেছেন। এ সময় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমরা এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করব।

লালমাই উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

খান মোহাম্মদ রুবেল হোসেন, লালমাই:

লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, বেলা ১১ টায় লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক হিমাদ্রী খীসা এর সভাপতিত্ত্বে উপজেলা মাসিক আইন- শৃঙ্খলা সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নির্ধারিত আলোচ্যসূচীতে উপজেলা মাসিক আইন -শৃঙ্খলা, আসন্ন শারদীয় দূর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণ, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা এবং উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভার, মোবাইল কোর্ট পরিচালনা,খাল বা নদী খনন, মাদক দ্রব্য,জুয়া খেলা ও চোরাচালান নিয়ন্ত্রণ, নিয়মিত মাসিক সভা অনুষ্ঠান, ডেঙ্গু প্রতিরোধ,জঙ্গিবাদ,মাদক বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, বাজার দর স্থিতিশীল রাখা,নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, বিবিধ।

উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভার নির্ধারিত আলোচ্যসূচীতে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ,বিভাগীয় কার্যক্র‍ম পযার্লোচনা,বিগত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা,সর্বশেষ নতুন বিধি, সার্কুলার,পরিপত্র ইত্যাদি পর্যালোচনা,ইনোভেশন সম্পর্কে আলোচনা, কমিউনিটি ক্লিনিক, গ্রাম আদালত সম্পর্কে আলোচনা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার বিষয়ে আলোচনা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয় আলোচনা, বিবিধ।

উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লালমাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মাহাদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আক্তার শিফা, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোঃ শহিদুল ইসলাম, লাকসাম ক্র‍সিং হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি প্রতিনিধি এসআই শাহাবুদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এনামুল হক, লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক, জাতীয় দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি বিশেষ প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা এলজিইডি অফিসার প্রকৌশলী সাবরিন মাহফুজ ,উপজেলা সমাজসেবা সহকারী অফিসার মোঃ তাজুল ইসলাম,উপজেলা কৃষি আরজুমান বেগম , উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রনজিত সেন,কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি- ২ বাগমারা শাখার এজিএম কম মোঃ সুজন, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আবিদা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাফর আল সাদেক,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এম এ হাশেম, উপজেলা স্থানীয় সরকার উন্নয়ন (জাইকা) অফিসার মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা বন ও পরিবেশ অফিসার মোঃ জহিরুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার মো: সাইফুর রহমান,উপজেলা কো-অর্ডিনেটর (ইপসা) তৌহিদুল ইসলাম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ মোস্তফা কামাল,উপজেলা আইসিটি অফিসার মোঃ আবদুল্লাহ আল মামুন, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ এর অধ্যক্ষ মোঃ শামীম ইকবাল, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ লোকমান হোসেন ,ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমরান কবির,ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনায়েত উল্লাহ, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই ,বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লেয়াকত হোসেন ভূঁইয়া ,বাকই উত্তর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্র‍াপ্ত,লালমাই প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান মোহাম্মদ রুবেল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক ও বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ,ভাবকপাড়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদ উল্লাহ, সিএ মো: সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, কমিটির সদস্যবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।