All posts by jitu

কুমিল্লা নগরীর রেসকোর্সে চিকিৎসক দম্পতির মোবাইল ও অর্থ ছিনতাই

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে চুরি ছিনতাই চরম আকারে বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন রাস্তায় চলাচলরত পথচারীরা। প্রতিদিনই বিভিন্ন সড়কে দিনে দুপুরে চুরি ছিনতাই হচ্ছে। আজ রবিবার ভোরে এক চিকিৎসক দম্পতির কাছ থেকে প্রায় ৬৫ হাজার টাকা মূল্যের দুইটি মোবাইল, নগদ চার হাজার টাকা এবং মূল্যবান কাগজপত্রসহ ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় সশস্ত্র দুই ছিনতাইকারী।

এ ঘটনায় ডাঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আজ ভোর সাড়ে ৫ টায় নগরীর রেইসকোর্স এলাকার মুক্তি হাসপাতালের সামনে রাস্তার উপর এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ডাক্তার মোস্তাফিজুর রহমান জানান, আমি ও আমার স্ত্রী ডাঃ আফসানা জান্নাত অটোরিক্সাযোগে ঝাউতলা হতে শাসনগাছা বাসষ্টেশন যাওয়ার পথে মুক্তি হাসপাতালের সামনে পৌছালে সামনের দিক হতে অজ্ঞাতনামা ২/৩ জন ছিনতাইকারী আকম্মিক ভাবে আমাদের অটোরিক্সার সামনে এসে পথরোধ করে তাদের হাতে থাকা লোহার চাপাতি ও লোহার রড দিয়ে আমাদের স্বামী-স্ত্রী দুজনকে মৃত্যুর ভয় দেখিয়ে আমার হাতে থাকা একটি মোবাইল এবং আমার স্ত্রীর নিকট থাকা মোবাইল সেট এবং আমার নিকট থাকা নগদ ৪ হাজার টাকা ও আমার স্ত্রীর নিকট থাকা ০১ পার্টস ব্যাগ যাতে জরুরি কাগজপত্র ছিল তা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে চলে যায়। উক্ত ছিনতাইকারীদের বয়স অনুমান ৩০ হতে ৩৫ বছর
হবে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

ট্যাপম্যাড বাংলাদেশের গ্রামীণফোনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে আঞ্চলিক উপস্থিতি বিস্তৃত করছে

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তানের শীর্ষস্থানীয় ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড বাংলাদেশে তাদের প্রিমিয়াম স্পোর্টস ও বিনোদন কনটেন্ট পৌঁছে দিতে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে।

এই সহযোগিতার মাধ্যমে এখন বাংলাদেশের গ্রাহকরা ট্যাপম্যাডের বৈচিত্র্যময় লাইভ স্পোর্টস, সিনেমা ও অন-ডিমান্ড বিনোদন উপভোগ করতে পারবেন। মাইজিপি অ্যাপ, ট্যাপম্যাড অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে সহজেই গ্রামীণফোনের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে সাবস্ক্রিপশন সক্রিয় করা যাবে। স্থানীয় দর্শকদের কথা বিবেচনা করে সাপ্তাহিক ও মাসিক উভয় ধরণের নমনীয় প্যাকেজ চালু করা হয়েছে।

ট্যাপম্যাডের সিইও ইয়াসির পাশা বলেন, “গ্রামীণফোনের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব পাকিস্তানের বাইরেও ট্যাপম্যাডের উপস্থিতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনের পর আমরা আনন্দিত যে বাংলাদেশের দর্শকদের জন্য আমাদের বিশ্বমানের স্ট্রিমিং অভিজ্ঞতা নিয়ে আসতে পারছি। সাশ্রয়ী প্যাকেজ, স্থানীয়ভাবে সহজলভ্যতা এবং প্রিমিয়াম কনটেন্টের মাধ্যমে আমরা বাংলাদেশের দর্শকদের স্পোর্টস ও বিনোদনের অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চাই।”

গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম, পেমেন্ট ও পার্টনারশিপ বিভাগের প্রধান জাহিদুজ্জামান বলেন, “গ্রামীণফোনে আমরা সবসময় আমাদের গ্রাহকদের ভবিষ্যতের ডিজিটাল অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ট্যাপম্যাডের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের ব্যবহারকারীদের হাতের নাগালেই বিশ্বমানের স্পোর্টস ও বিনোদন পৌঁছে দিচ্ছে, যেখানে মোবাইল ব্যালেন্সের মাধ্যমে সহজ সাবস্ক্রিপশন প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে। এটি আমাদের মূল্যবান গ্রাহকদের ক্রমবর্ধমান ডিজিটাল জীবনযাত্রাকে আরও সমৃদ্ধ করার একটি পদক্ষেপ।”

সহজলভ্যতার পাশাপাশি ট্যাপম্যাডের মূল আকর্ষণ হলো এর বৈচিত্র্যময় ও এক্সক্লুসিভ স্পোর্টস লাইনআপ। প্ল্যাটফর্মটি দর্শকদের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগ, এশিয়া কাপ, এমএমএ, পিএফএল, মোবিলসহ বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্ট ও লিগের সরাসরি সম্প্রচারের সুযোগ দিচ্ছে। এছাড়াও ট্যাপম্যাডের লাইভ ও অন-ডিমান্ড কনটেন্টের বৈচিত্র্য প্রত্যেক ধরনের ক্রীড়াপ্রেমীর জন্য উপযোগী। আসন্ন সময়ের হাইলাইটগুলোর মধ্যে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ, যার মাধ্যমে বাংলাদেশের দর্শকরা এইচডিন মানের লাইভ অ্যাকশন উপভোগ করতে পারবেন।

পাকিস্তানে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে ট্যাপম্যাড বাংলাদেশের বাজারে স্থানীয় প্রেক্ষাপটে মানানসই আন্তর্জাতিক মানের স্ট্রিমিং অভিজ্ঞতা প্রদান করতে চায়, যেখানে বৈশ্বিক মান, স্থানীয় প্রাসঙ্গিকতা ও সহজলভ্যতার সমন্বয় থাকবে।

ট্যাপম্যাডের সিওও আলী রানা বলেন, “বাংলাদেশ একটি গতিশীল ও দ্রুত বিকাশমান বাজার, যেখানে আমরা বিপুল সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমাদের লক্ষ্য হলো এমন একটি আন্তর্জাতিক স্ট্রিমিং অভিজ্ঞতা প্রদান করা যা স্থানীয় দর্শকদের চাহিদা, আগ্রহ ও দেখার অভ্যাস অনুযায়ী সাজানো।”

ট্যাপম্যাড বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আরিফ আদিত্য বলেন, “বাংলাদেশি দর্শকদের হৃদয়ে ক্রীড়া ও বিনোদনের বিশেষ স্থান রয়েছে। গ্রামীণফোনের সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে আমরা দেশের সর্বত্র দর্শকদের জন্য তাদের পছন্দের কনটেন্ট সহজলভ্য করছি, এমন মান ও নির্ভরযোগ্যতার সঙ্গে যা তারা প্রাপ্য।”

দক্ষিণ এশিয়ায় প্রায় এক দশকের সাফল্য ও সম্প্রসারিত উপস্থিতির মাধ্যমে ট্যাপম্যাড এখনো অঞ্চলের স্পোর্টস ও বিনোদন স্ট্রিমিং শিল্পে ডিজিটাল রূপান্তরের নেতৃত্ব দিচ্ছে। গ্রামীণফোনের সঙ্গে এই অংশীদারিত্ব সীমান্ত অতিক্রম করে প্রিমিয়াম, উচ্চমানের কনটেন্টকে আরও সহজলভ্য করার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নির্দেশ করে।

ট্যাপম্যাড অ্যাপ এখন গুগল প্লে স্টোর এবং আইওএস অ্যাপ স্টোরে ডাউনলোডের জন্য প্রস্তুত আছে।

ট্যাপম্যাড সম্পর্কে :

ট্যাপম্যাড হোল্ডিংস পিটিই. লিমিটেড সিঙ্গাপুরভিত্তিক একটি আঞ্চলিক ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যা লাইভ স্পোর্টস ও অন-ডিমান্ড কনটেন্ট সরবরাহ করে। সহজ ব্যবহারযোগ্য ইন্টারফেস, নির্ভরযোগ্য স্ট্রিমিং, এবং সাশ্রয়ী সাবস্ক্রিপশন পরিকল্পনার মাধ্যমে ট্যাপম্যাড দক্ষিণ এশিয়ার লক্ষ লক্ষ ব্যবহারকারীর কাছে একটি বিশ্বস্ত বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তারেক রহমান ঘোষিত ৩১ দফাই আধুনিক বাংলাদেশ বিনির্মানের রূপরেখা- কুমিল্লায় সেমিনারে বক্তার

স্টাফ রিপোর্টার:

তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের উদ্দেশ্যে যে ৩১ দফা দিয়েছেন তাই আগামীর বাংলাদেশ বিনির্মানের অন্যতম রূপরেখা বলে মন্তব্য করেছন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।

শনিবার (১ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল ময়দানে ‘সম্ভাবনাময় বাংলাদেশ’ নামক একটি সামাজিক সংগঠনের আয়োজনে “পরিবর্তনের পথে বাংলাদেশ : নতুন আশা, নতুন সম্ভাবনা” প্রেক্ষিত বিবিসি বাংলায় তারেক রহমানের সাক্ষাৎকার শীর্ষক এক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারীতে যে নির্বাচন হবে তা আপনাদের মেনডেট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। আর সেখানে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমানের ৩১ দফায় শিক্ষা, কৃষি, সাস্থ্য, সার্বিক উন্নয়নের কথাসহ প্রতিটি অর্গানের কথা বলা আছে৷

তিনি বলেন আজকের সেমিনারের আয়োজক মনিরুল হক চৌধুরী কুমিল্লার উন্নয়নে আরো ৯ টি দফা দিয়েছেন। কুমিল্লার উন্নয়নে যে ৯ দফা দেয়া হয়েছে সেগুলো আমিও সমর্থন করি। সে সাথে আমিও একটি দফার কথা বলবো কুমিল্লাকে আপনি শিক্ষার জোন হিসেবে গড়ে তুলবেন যাতে অভিভাবকরা তাদের সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে পারেন

সম্ভাবনাময় বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সম্ভাবনাময় বাংলাদেশের প্রধান নির্বাহী প্রফেসর ড. এম এম শরীফুল করীম।


সেসিনারে মূল আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, তারেক রহমান বাংলাদেশ তথা পৃথিবীর নেতৃত্ব দেয়ার প্রস্তুত। দীর্ঘ বছর আমরা যাদের নিয়ে আন্দোলন করেছিলাম, যাদের খালেদা জিয়া আশ্রয় না দিলে অস্তিত্ব থাকতো না, তাদের উস্কানীর মুখে এ পৃথিবীতে নজিরবিহীনভাবে তারেক রহমান নির্বাচনমুখী হয়ে এগিয়ে যাচ্ছেন। এই নজির আমার রাজনৈতিক জীবনে আমি দেখিনি। তারেক রহমান শুধু বিএনপির নেতা নয়, তিনি দেশনায়ক রাষ্ট্রনায়ক হওয়ার অন্যতম যোগ্য দাবিদার।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিলো সে মুক্তিযুদ্ধ শেষ হয়নি। গতবছর ৫ আগস্ট যে দ্বিতীয় বিপ্লব তাতেও শেষ হয়নি। এ দেশ থেকে শোষণ অত্যাচার নিপীড়ন বন্ধ হয়নি। এদেশে মুক্তিকামী জনতার স্বাধীনতার প্রকৃত বাস্তবায়ন করবে তারেক রহমান।

কুমিল্লার উন্নয়ন ছাড়া আমি আমার জীবদ্দশায় কিছু ভাবতে পারিনি। সামনেও যতোদিন বাঁচবো কুমিল্লার উন্নয়নের সারথি হয়ে বাঁচতে চাই।

প্রফেসর ড. আমজাদ হোসেন ও মেহেদী হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশুলী (পিপি) কাউমুল হক রিঙ্কু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জহিরুল হক দুলাল, দক্ষিণ জেলা বিএনপি নেতা সরোয়ার জাহান দোলন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসাইন,। সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান আমানউল্লাহ আমান, কুমিল্লা বাঁচাও মঞ্চের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, এডভোকেট মোতালেব মজুমদার।

সেমিনারে তারেক রহমানের সাক্ষাৎকারের একটি প্রকাশনা উন্মোচন করা হয়। উপস্থিত জনতার মাঝে ২০ হাজার কপি প্রকাশনা বিতরণ করা হয়।

কুমিল্লায় ৫৪ তম সমবায় দিবস পালিত

মোঃ ইয়াছিন মিয়া:

কুমিল্লায় আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যে ৫৪তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, জেলা সমবায় অফিসার মো: সালমান ইকবাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা ।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই।

পরে ৫ জন সফল সমবায় সংগঠন ও সদস্যদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। যথাক্রমে :

১/শ্রেষ্ঠ সমিতি: কৃষিভিত্তিক/ সার্বিক গ্রাম উন্নয়ন: জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ সভাপতি- খলিলুর রহমান

২/সঞ্চয় ও ঋণদান ক্রেডিট ক্যাটাগরি: পূর্বাশা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লি: সম্পাদক-মোঃ জহিরুল ইসলাম

৩/ব্যবসায়ী সমিতি ক্যাটাগরি: খেতাসার ষষ্ঠগ্রাম জনতা ব্যবসায়ী সমিতি লিঃ সভাপতি- মোঃ আলী আশরাফ

৪/পেশাবৃত্তিক সমবায় ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেন- সভাপতি,বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতি লিঃ দীপক পাল

৫/গৃহায়ন বহুমুখী সমবায় ক্যাটাগরি: কুমিল্লা মডেল বহুমুখী সমবায় সমিতি লিঃ সম্পাদক- ইফতিয়ার রেজা আশিক আহমেদ ও শাহীন

এছাড়াও সর্বোচ্চ সমবায় উন্নয়ন তহবিল প্রদানকারী সমিতি হিসেবে পুরস্কার গ্রহণ করেন:কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি কাজী নাজমুস শাহাদাত এডভোকেট, সহ-সভাপতি, শামীম আহমেদ রায়চৌ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি।

এতে জেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

কুমিল্লায় সাগর-রুনি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

মোঃ ইয়াছিন মিয়া:

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার সহ,নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড গঠনসহ ২১ দফা দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ১লা নভেম্বর,রোজ- শনিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন মির্জার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম শফি, সাধারণ সম্পাদক আবদুল জলিল ভূঁইয়া, কুমিল্লা সাংবাদিক পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস, সাংবাদিক নেতা সাদিক হোসেন মামুন, ইমতিয়াজ আহমেদ জিতু।

বক্তারা বলেন,সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার সহ,নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড গঠনসহ ২১ দফা দাবি যেন অতি দ্রুত মেনে নিয়ে বাস্তবায়ন করা হয়।যদি এর ব্যক্ত ঘটে আমরা ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য থাকিব।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের কলামের সম্পাদক তৌহিদ মাহমুদ অপু, দীপ্ত টিভির প্রতিনিধি শাকিল মোল্লা,নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন, কুমিল্লা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ জুয়েল রানা,বুড়িচং প্রেসক্লাবের সাধারণ,গাজী টিভি দক্ষিণ জেলা প্রতিনিধি মহিউদ্দিন ভূঁইয়া, এনটিভির মাহফুজ নান্টু, সম্পাদক জহিরুল হক বাবু, দৈনিক আজকের কুমিল্লার হাবিবুর রহমান মুন্না, দৈনিক বার্তা টোয়েন্টিফোরের মঈন নাসের খান রাফি, এশিয়ান টিভি মাহফুজ আনোয়ার সৌরভ, দেশ টিভি সুমন কবির,চ্যানেল নাইনের আহসান হাবীব পাখি, বাংলাদেশ সমাচার মোঃ শাফি,কুমিল্লা টোয়েন্টিফোরের পাভেল, সাংবাদিক আব্দুল্লাহ আউয়াল, সাংবাদিক মোঃ মনির, সাংবাদিক শাহে ইমরান, জুয়েল খন্দকার,সাংবাদিক মোতালেব সাংবাদিক মন্টি,সাংবাদিক মাইনুল হক স্বপন, সাংবাদিক জুয়েল খন্দকার,দৈনিক ইনসাফের মোঃ ইয়াছিন মিয়া সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

কুমিল্লা কোটবাড়ি থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় ১২ ফুট লম্বা এক অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১ নভেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়ির আনসার ক্যাম্প এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ইকো পার্কের গহীন জঙ্গলে সাপটিকে অবমুক্ত করা হয়।

রাজেশপুর ইকো পার্কের রেঞ্জ অফিসার হুমায়ুন কবীর ও কুমিল্লার কোটবাড়ি রেঞ্জ অফিসার এ কে এম লুৎফুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীদের বরাত দিয়ে তারা জানায়, শনিবার সকালে আনসার ক্যাম্প এলাকার একটি বাড়ির পাশের জঙ্গলের গাছের ওপর সাপটিকে দেখা যায়। এরপর থেকে এলাকার লোকজন জড়ো হন। খবর পেয়ে কৌশলে সাপটিকে উদ্ধার করা হয়। পরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ইকো পার্কে নিয়ে অবমুক্ত করা হয়।

রেঞ্জ অফিসার হুমায়ুন কবীর জানান, সাপটি খাবারের খোঁজে বেরিয়ে এসেছিল। আমরা যে স্থানে অবমুক্ত করেছি সেখানে পর্যাপ্ত খাবার পাবে। এ ধরনের সাপ বিষধর নয়। তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

এই ধরনের সাপের খোঁজ পেলে তাদের হত্যা না করে বন বিভাগকে খবর দিলে উদ্ধার করে নির্দিষ্ট স্থানে অবমুক্ত করা হবে।

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

মাসুদ হোসেন, চাঁদপুর:

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের ন্যায় চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪’তম জাতীয় সমবায় দিবস।

শনিবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় দপ্তরের উদ্যোগে, জেলার বিভিন্ন সমবায় সমিতির সহযোগিতায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও বেলুনে সজ্জিত এই র‌্যালিতে অংশ নেন জেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশেষ চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফ্স) মুহাম্মদ মোঃ লুৎফর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ।

সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। জনগণের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠতে পারে আত্মনির্ভরশীল সমাজ। সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যের বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সম্ভব বলেও তাঁরা মত প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন সমবায় সমিতির সেরা সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

চৌদ্দগ্রামে জাকসু চাকসু ও রাকসু নির্বাচনে বিজয়ীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

জাকসু, চাকসু ও রাকসু নির্বাচনে বিজয়ী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছয় কৃতি সন্তানকে সংবর্ধনা দিয়েছে ফ্রেন্ডস্ ফোরাম।

শুক্রবার রাতে দেড়কোটা কফি আড্ডা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসাইন, দেলোয়ার হোসেন, বাহাদুর হোসাইন, মোশারফ হোসেন ওপেল, কফিল উদ্দিন মোল্লা, জাকির মাহমুদ। চৌদ্দগ্রাম ফ্রেন্ডস্ ফোরামের লিয়াকত আলী শিকদারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আবদুল কাইয়ুম মানিকের সঞ্চালনায় অনুভুতি ব্যক্ত করেন সংবর্ধিত চাকস সরোওয়ার্দী হলের জিএস নুরন্নবী সোহান, আলাওল হল এজিএস শোয়েব তুষার, দপ্তর সম্পাদক আবদুল্লাহ ফারহান আসিফ, শাহ আমানত হল নির্বাহী সদস্য ফুরকান উদ্দিন, রাকসুর সরোওয়ার্দী হলের বিতর্ক ও সাহিত্য সম্পাদক নেছার উদ্দিন চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাখাওয়াত হোসেন শামীম, বাবর মোল্লা, রবিউল হোসেন মিলন, বেলাল হোসাইন, মোঃ এমদাদ উল্যাহ, কফিল উদ্দিন, মোজাম্মেল হক প্রমুখ। এ সময় বিভিন্ন পর্যায়ের সাবেক ছাত্রনেতা ও যুব বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দাউদকান্দিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার(১ নভেম্বর) উপজেলার সুন্দলপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই বিদ্যালয় মাঠে ভিড় করতে থাকেন সেবাপ্রার্থীরা। প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এই ক্যাম্পে ঢাকা, কুমিল্লা থেকে ২৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। তারা নিউরো মেডিসিন, শিশু, নাক-কান গলা, চক্ষু, গাইনি, মেডিসিন, চর্ম, ডেন্টালসহ বিভিন্ন রোগ নির্ণয়সহ চিকিৎসা প্রদান করেন।

নেটেক্স ইন্টারনেট, স্বরবর্ণ ফাউন্ডেশন, সুন্দলপুর সমাজ কল্যান ও প্রবাসী পরিষদের সার্বিক সহযোগিতায় আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পে নারী, শিশু, পুরুষসহ প্রায় দুই হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি এসব রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।

আয়োজকরা জানান, গ্রামের বেশিরভাগ গরীব ও স্বল্প আয়ের মানুষেরা আর্থিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারেন না। তাই এসব অসহায় ও গরীব মানুষকে স্বাস্থ্যসেবা দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সারা দিনে প্রায় দুই হাজার মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

চিকিৎসা নিতে আসা বারপাড়া ইউনিয়নের জায়গীর গ্রামের ষাটোর্ধ আব্দুল কাদের তালুকদার বলেন, কয়েকদিন ধরে শুনছি বড় বড় ডাক্তার আসবেন। আজ এসে দেখি সত্যি তাই। যেসব ডাক্তার রোগী দেখছেন এনাদের অনেক টাকা ভিজিট দিয়ে প্রাইভেট হাসপাতালে দেখাতে হয়। আজ ফ্রি তাদের(ডাক্তার) দেখাইছি, আমার মতো যারা আসছে সবাই সন্তুষ্ট।
সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম লিপু বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সুন্দলপুর সমাজ কল্যান ও প্রবাসী পরিষদের সদস্যরা কয়েকদিন যাবৎ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।

সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সফর তালুকদার বলেন, স্বাস্থ্য সেবা কোন বিলাসিতা নয়। এটি নাগরিকের মৌলিক অধিকার। তাই শিক্ষা প্রসারের পাশাপাশি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। আমাদের লক্ষ্য, একটি মানবিক বাংলাদেশ গড়ে ওঠে, যেখানে ধনী-গরিব সবাই সমানভাবে স্বাস্থ্যসেবা ভোগ করতে পারে।

সকাল সাড়ে ১০ টায় ফ্রি চিকিৎসা ক্যাম্পটি পরিদর্শন করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন, ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক এই প্রত্যন্ত এলাকায় এসে চিকিৎসা সেবা দিচ্ছে, নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

কুমিল্লা নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, জেলা জুড়ে ৫০ জন আটক

স্টাফ রিপোর্টার:

ঝটিকা মিছিলের মাধমে জন নিরাপত্তা বিঘ্ন ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের অভিযোগে কুমিল্লা জেলা পুলিশ অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ।

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত কয়েকজনের কাছ জানা যায়, বিদেশে পলাতক আ ক ম বাহাউদ্দিন বাহার,রওশন আলী মাষ্টার সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে সরকার পতনের জন্য ঝটিকা মিছিল করাচ্ছে। ক্ষেত্র বিশেষ জনপ্রতি ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় ৫০ সেকেন্ড স্থায়ী মিছিলকারীকে। একেবারে সংক্ষিপ্ত সময়ের এই মিছিলের অধিকাংশ সদস্য নিজেকে গোপন করতে রুমাল কিংবা মাস্ক দিয়ে মুখ ঢাকতে দেখা যায় । টাকার বিনিময়ে করা মিছিলে কিছু কিছু নির্দলীয় ভাড়াটে লোকও রয়েছে, যারা মাইক্রোবাস ও সিএনজি যোগে নিজ এলাকার বাইরে গিয়ে এই কাজ করে। আবার সোস্যাল মিডিয়ায় উস্কানি কিংবা প্ররোচনা দিয়ে আত্ম গোপনে থাকা কেউ কেউ মিছিল করতে ইন্দন দিচ্ছে।

রাষ্ট্র বিরোধী অপরাধমুলক কার্যকলাপের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্ন ও এলাকায় বিশৃংখলা সৃষ্টি করা এসব সদস্যের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।