All posts by jitu

বুড়িচংয়ে র‌্যাব-১১ এর অভিযানে ৩৩৫ বোতল স্কাফসহ সিএনজি জব্দ

স্টাফ রিপোর্টার:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর বিশেষ অভিযানে কুমিল্লার বুড়িচং উপজেলার কোশাইয়াম পূর্বপাড়া এলাকা থেকে ৩৩৫ বোতল স্কাফসহ মো. আসিফ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক পরিবহণে ব্যবহৃত একটি সিএনজি-অটোরিকশাও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মো. আসিফ কুমিল্লা কোতয়ালী মডেল থানার মাহাজনবাড়ি এলাকার মৃত কামাল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে স্কাফ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতো।

র‌্যাব আরও জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাঙ্গলকোটে ছাত্রলীগ নেতা গ্রেফতার, জামায়াতের প্রতিবাদ মিছিল

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা রাসেলকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা ডিবি পুলিশ।

মঙ্গলবার রাতে এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়েছে। ২১ সেপ্টেম্বর রাতে আমির হামজাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মিছিলে অংশ নেন- জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, নাঙ্গলকোট পৌরসভার আমির হারুন আর রশিদ, মক্রবপুর ইউনিয়ন আমির ডা. বেলাল আহমেদ ও স্থানীয় জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী।

এ সময় জামায়াত নেতা ইয়াছিন আরাফাত আমির হামজা রাসেলকে গ্রেফতারের নিন্দা জানায় এবং রাসেলকে কলেজ ছাত্রশিবিরের সভাপতিও দাবি করেন। তিনি বলেন, আমির হামজা রাসেলকে একটি দলের ইন্ধনে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর কুমিল্লা ডিবির ওসি ও পুলিশ সুপারের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন।

জানা গেছে, আওয়ামী সরকারের আমলে আমির হামজা মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নিজেকে জামায়াত-শিবিরের কর্মী দাবি করা শুরু করেন তিনি। দলটির পক্ষে এলাকায় দাঁড়িপাল্লার ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেন আমির হামজা।

এদিকে আমির হামজাকে গ্রেফতারের পর শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নিবেদিতপ্রাণ কর্মী দাবি করে এবং গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং নাঙ্গলকোট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মী।

মক্রবপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা. বেলাল আহমেদ জানান, আমির হামজা প্রকৃতপক্ষে একজন শিবিরকর্মী ছিলেন। ছাত্রলীগ জোর করে তাদের কমিটিতে তার নাম দিয়েছে। তিনি কলেজ জীবনেও শিবিরের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

জামায়াত মনোনীত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইয়াছিন আরাফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার মোবাইল নাম্বারে কল করেও তাকে পাওয়া যায়নি।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। রাজনৈতিক বিষয়টি আমার জানা নেই।

অসহায় পরিবারের মেয়ের বিয়ের পাশে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ১৭ নং রায়শ্রী উ: ইউনিয়নের ৮নং ওয়ার্ড দাদিয়াপাড়া গ্রামের মো: জাহাঙ্গীর নামের অসহায় ও দারিদ্র পরিবারের এক মেয়ের বিয়ের সামাজিক কাজ সম্পূর্ণ করার জন্য ১৬ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা নামের এক সেচ্ছাসেবী সংগঠন।

বুধবার (১ অক্টোবর) বিকেলে আছরের নামাজের পরে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে অসহায় দরিদ্র মেয়ের বাবা জাহাঙ্গীরের হাতে এ অর্থ সহায়তা দেয়া হয়। দরিদ্র মেয়ের শুভ বিবাহের ব্যবস্থা বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা প্রশংসা করেছেন এই স্বেচ্ছাসেবী সংস্থা।

সংগঠনের মানবিক কর্মকাণ্ড প্রসঙ্গে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সভাপতি মনজুর হোসেন সজীব বলেন, আমাদের দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা সংগঠনটি সামাজিক উন্নয়ন ও মানবিক কাজে সবসময়ই সবার পাশে থাকবে, এবং আমাদের এই প্রচেষ্টা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক হবে, -ইনশাআল্লাহ।

সংগঠনের সি:সহ সভাপতি আবু ইউসুফ সুমন বলেন, আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য মসজিদ, মাদ্রাসা, বিধবা, এতিম, অসহায় পরিবার, চিকিৎসা সহায়তা ও সমাজের গরিব অসহায় দরিদ্র মানুষের আত্মকর্মসংস্থানের সু্যোগ করে দেওয়া। আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন আমরা যেন দ্বীন ও সমাজ সেবায় একতাবদ্ধ হয়ে কাজ করে যেতে পারি।

❝দৈনিক আজকের কুমিল্লা ❞ কে সংগঠনের সাধারণ সম্পাদক মো.সাহাবদ্দিন জানান, আমাদের সংগঠনের এটাই প্রত্যাশা যাতে করে সুশীল সমাজের প্রতিটি মানুষ এই রকম অসহায় দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসে, আমরা গ্রামে প্রায় ৬ বছর যাবত নানা সময়ে গরিব অসহায় অসুস্থ দরিদ্র মানুষের সেবায় পাশে থাকছি, আমাদের এই উদ্যোগ গ্রামে ছড়িয়ে পরেছে এবং অন্যান্য গ্রামের মানুষ ও আমাদের এই সামাজিক সংগঠনে সহায়তা দিয়ে এগিয়ে আসছে। এবং আগামীতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টি করা সহ সামাজিক বিভিন্ন ইস্যু ভিত্তিক কাজ চালিয়ে যাবে এই স্বেচ্ছাসেবী সংস্থা।

এ সময় সদস্য উপস্থিত ছিলেন আবু ইউসুফ সুমন, বেলায়েত হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, আলাউদ্দিন মিলন, মো: আরমান হোসাইন, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, মানিক হোসাইন, হুমায়ুন আহম্মেদ, রাকিবুল হাসান রাকিব , আনোয়ার, শরিফ হোসেন, মাওলানা আমিনুল ইসলাম আমিন, মুহাদ্দিস শহিদুল্লাহ, মাওলানা মকবুল, মেম্বার জামাল হোসেন,আনোয়ার হোসেন, আবুল বাশার, আমিনুল হক, মো: শাজাহান, হাফিজ, মফিজ, ও সমাজের গণ্যমান্য স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

ডেস্ক রিপোর্ট:

দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হলেন।

আগামী ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন। তার আগে আজ বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দুপুর ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়, এর মধ্যে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মীর হেলাল উদ্দিন। এতে চট্টগ্রাম বিভাগে বৈধ প্রার্থী থাকেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আসিফ আকবর ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আহসান ইকবাল চৌধুরী। চট্টগ্রাম বিভাগে দুই পরিচালক পদের বিপরীতে অতিরিক্ত প্রার্থী না থাকায় তারা দুই জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম বিভাগ থেকে চারটি মনোনয়ন জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ে চাঁদপুরের শওকতের মনোনয়ন বাতিল হয়। তিনটি মনোনয়ন বৈধ হওয়ার পর আজ একজন প্রত্যাহার করায় এই বিভাগে ভোটাভুটির প্রয়োজন নেই। গত তিন মেয়াদে বিসিবির এই বিভাগে পরিচালক ছিলেন আকরাম খান ও আজম নাসির।

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় বাজি আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে বিশেষ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। আটককৃত বাজির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা।

৩০ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার জাহান। তার উপস্থিতিতে ১০ বিজিবির এ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি, জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল অভিযানে অংশ নেয়।

অভিযানে মোট ৪ লাখ ৫৪ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, জব্দকৃত এসব চোরাচালানি মালামাল বিধি মোতাবেক কাস্টমস বিভাগে জমা করা হবে।

বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের টাস্কফোর্স কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তারা দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

কুসিকের সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী অনন্যার ৭ নং ওয়ার্ডের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী জাফরিন হক অনন্যা নগরীর ৭ নং ওয়ার্ডের বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করে মন্ডপে দায়িত্বরতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মঙ্গলবার রাতে নগরীর ৫ নং ওয়ার্ডের রামকৃষ্ণ মিশন পূজা মন্ডপ, খলিফা বাড়ির সাথের পূজামন্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক ফারহা এমদাদ ইম্পা, যুবশক্তি কুমিল্লা জেলা কমিটির সদস্য জাহিদুল হক অনিকসহ অন্যান্যরা।

‘দাউদকান্দিকে মডেল উপজেলা করতে ধানের শীষ আর ড. মোশাররফের কোন বিকল্প নাই’

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দেশবরেণ্য রাজনীতিক, মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮০ তম জন্মদিনে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দাউদকান্দির গৌরীপুরে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।

বুধবার(১অক্টোবর) দুপুর ১২টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে কুমিল্লা উত্তর জেলা জাসাস।
আয়োজক সংগঠনের সভাপতি কামাল পারভেজ ডালিম সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সদস্য সচিব এস.এম মিজান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেন, তিনবার মন্ত্রী ও চারবার এমপি থাকাকালে নির্বাচনী এলাকায় যুগান্তকারী উন্নয়ন করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৃহত্তর দাউদকান্দিকে আলোকিত করতে তিনি নিজ নামে প্রতিষ্ঠা করেন, ড. মোশাররফ ফাউন্ডেশন, একাধিক কলেজ, হাইস্কুল, গার্লসস্কুল, দাখিল মাদরাসা, নূরানী মাদরাসা ও এতিমখানা ।

তিনি আরও বলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন গত পনের বছরে উন্নয়নের অনেক চেষ্টা করেছেন কিন্তু ফ্যাসিস্টদের কারনে করতে পারেননি। উন্নয়নের আবেদন করলেই প্রত্যাখান করতো। তাই ড. খন্দকার মোশাররফ হোসেন ২০০৬ সালের পর এলাকায় আর কোন উন্নয়ন করতে পারেননি । একটি ট্রমা সেন্টার করেছিলেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগরে। ২০০৯ সালের পরে এখানকার ফ্যাসিষ্ট সেটিকে আগাইতে দেয়নি, এটি এখন একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে পরিণত হয়ে পড়ে আছে। তাই মহাসড়কের দূর্ঘটনার রোগীদের ঢাকা কুমিল্লার বিভিন্ন হাসপাতালে যেতে হচ্ছে। ট্রমা সেন্টারটি যদি ২০০৯ সালের পরে বাস্তবায়ন হতো তাহলে দুর্ঘটনাকবলিতদের এই কষ্ট করা লাগতোনা। আগামী নির্বাচনে জনগণের ভোটে আমরা ক্ষমতায় আসলে যে উদ্দেশ্যে ড.খন্দকার মোশাররফ হোসেন ট্রমা সেন্টারটিকে করেছিলেন সেটা শতভাগ বাস্তবায়ন করা হবে।

ড. খন্দকার মারুফ বলেন, আপনারা আবারও এই এলাকার উন্নয়ন অগ্রগতি চান, দাউদকান্দিকে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্টা করতে চান, তাহলে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ আর ড. খন্দকার মোশাররফ হোসেনের কোন বিকল্প নাই।

তিনি বলেন, যেহেতু আওয়ামী লীগ পালিয়ে গেছে এখন মাঠে অনেক দল বিভিন্ন কথাবার্তা বলে, অনেক ধরনের বিভ্রান্তিকর কথাও বলে। একটা দল ইসলামের লেবাজ নিয়ে, ধর্মীয় লেবাজ নিয়ে আপনাকে আমাকে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদের একটি মহিলা সংগঠন আছে, যে সংগঠন ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে, একটি মার্কায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে বলে প্রচার করছে, নাউজুবিল্লাহ। ইসলামী দলের লেবাজে ধর্মের নামে যারা ব্যবসা করছে তারা কিন্তু আজকে আপনাদের বিভ্রান্ত করার চেষ্ঠা করছে৷

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক এনামুল হক সফর তালুকদার ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন হাজারী, আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ।

কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত সর্দার দুলালসহ ১৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত সর্দার শাহ আলম দুলাল (৪৮) ও তার দলের ১৩ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ অভিযানে এ অভিযান পরিচালিত হয়।

বুধবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার নাজির আহমেদ খান।

গ্রেফতারকৃতরা হলেন- মনির হোসেন (৪০), শাহ আলম দুলাল (৪৮), মামুন মিয়া (২৪), মাহবুব আলম (৩৮), আলমগীর হোসেন (৩০), আল আমিন (৩২), কামাল হোসেন (৩২), মোশারফ শরীফ (৩২), সুমন (৩৩), খোকন (৪০), আল আমিন (২৫), সোহেল (২৬), এবং নিহার বিশ্বাস (৪৮)।

তারা কুমিল্লার দেবিদ্বার, মুরাদনগর, চান্দিনা, বরুড়া, বুড়িচং, সদর দক্ষিণ, ব্রাহ্মণপাড়া এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর লালমাই থানায় দুটি ডাকাতির ঘটনায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাঙ্গরাবাজার এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতচক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। টহল জোরদার থাকায় তারা ডাকাতি করতে না পেরে দেবিদ্বারের দিকে রওনা দেয়। সেখানে পুলিশের চেকপোস্টে পৌঁছালে হাইচ মাইক্রোবাসে থাকা ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ১৩ জনকে আটক করা হয়।

অভিযানে একটি কালো রঙের হাইচ মাইক্রোবাস, দেশীয় অস্ত্র (কুড়াল, রামদা, চাপাতি, কাটার প্লাস, চেইন), মোবাইল ফোনসহ ডাকাতির সরঞ্জাম এবং ডাকাতি হওয়া চার জোড়া স্বর্ণের দুল, একটি স্বর্ণের আংটি, একটি রুপার নুপুর, একটি লাল রঙের স্বর্ণ রাখার বক্স ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা সম্প্রতি কুমিল্লার লালমাই এলাকায় তিনটি, বরুড়ায় একটি এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ডাকাত সর্দার দুলালের নামে রয়েছে ২৬টি এবং মনির হোসেনের নামে রয়েছে ২১টি মামলা।

পুলিশ সুপার নাজির আহমেদ বলেন, “জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের সহযোগিতায় খুব শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া ও জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. আবদুল্লাহসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।

কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি

স্টাফ রিপোর্টার:

শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার অংশ হিসেবে বুধবার কুমিল্লা নগরীর মহেশাঙ্গন পূজামন্ডপ পরিদর্শন করেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি।

তিনি বুধবার (১ অক্টোবর) বেলা পৌনে ১২ টায় পূজামন্ডপে পৌঁছে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পূজামন্ডপ প্রাঙ্গণ পরিদর্শন করেন।

সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ শ্যামল কৃষ্ণ সাহা (আহ্বায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুমিল্লা মহানগর), সনজিৎ দেবনাথ (সদস্য সচিব), রাজীব সাহা (যুগ্ম আহ্বায়ক) ও প্রদীপসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের সাথে মুক্ত আলোচনা করে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিভিল প্রশাসনের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের বিষয়টি জিওসি গুরুত্বের সাথে তুলে ধরেন।

তিনি হিন্দু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে সেনাবাহিনীর সহযোগিতার আশ্বাস দেন এবং সমাজের সকল ধর্মাবলম্বীর নিরাপত্তায় সেনাবাহিনী সবসময় পাশে থাকবে বলে মন্তব্য করেন। এ সময় তিনি ঈশ্বর পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য ছেলেদের ও মেয়েদের হোস্টেলে দুটি ফ্রিজ উপহার দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

পরিদর্শনকালে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং কোতয়ালি থানা অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম। সিভিল প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুমিল্লা সদরের সহকারী কমিশনার (ভূমি )তানজিনা জাহান।

পরিদর্শনকালে জিওসির সাথে আরও উপস্থিত ছিলেন ৪৪ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এনামুল হক এবং ৩৩ পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ কর্নেল মেহেদী হাসান। পরিদর্শনের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন ২৩ বীর এর কমান্ডিং অফিসার ও ইউনিট সদস্যবৃন্দ।

মহেশাঙ্গন পূজামন্ডপে জিওসি মহোদয়ের এ সফর হিন্দু সম্প্রদায়ের মধ্যে আস্থা, নিরাপত্তাবোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত নেতৃবৃন্দ মন্তব্য করেন।

হোমনা-তিতাসে মনোয়ার সরকারের পক্ষ হতে বিভিন্ন পূজামণ্ডপে উপহার সামগ্রী বিতরণ

রাসেল আহমেদ, হোমনা:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মোঃ মনোয়ার সরকারের পক্ষ হতে হোমনা-তিতাসের বিভিন্ন শারদীয় দূর্গা পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধা থেকে গভির রাত পর্যন্ত হোমনা ও তিতাস উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে মনোয়ার সরকারের পক্ষ হতে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

সংসদ সদস্য পদপ্রার্থী মনোয়ার সরকার বলেন, ‘দেবী দূর্গা প্রতি বছরের ন্যায় এবারও শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে এসেছেন, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জোগাতে এসেছেন। জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে তাদের দূর্গাপূজা উৎসব মূখর পরিবেশে পালন করতে পারে আমরা সেদিকে সর্বদা খোঁজ খবর রাখছি। শুধু পূজা নয়, যে কোনো প্রয়োজনে আমি সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছি।

তিনি আরও বলেন, আমরা সকল ধর্মের মানুষজন একে অপরকে সহযোগিতার পাশাপাশি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবো। আমাদের সম্মিলিত প্রচেষ্টা পারে অশুভ শক্তিকে বিনাশ করতে, সমাজ ও দেশ থেকে সব অন্যায়-অনাচার দূর করে দেশকে আরো উন্নতির দিকে এগিয়ে নিতে।