All posts by jitu

চান্দিনায় পণ্যবাহী ট্রাক উল্টে পথচারী নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় একটি পণ্যবাহী ট্রাক উল্টে আব্দুল খালেক (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার মাধাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাঁশ ব্যবসায়ী সফিকুল ইসলাম জানায়, খালেক পেশায় একজন কসাই।

ভোর ৫টার দিকে গরু জবাই করতে তিনি মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আদাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন খালেক। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুর্ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

মুরাদনগরে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ৩০ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা এবং মাদকদ্রব্য পরিবাহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আকুবপুর ইউনিয়নের হিরাকাশী গ্রামের নুর ইসলামের ছেলে  বোরহান(৩২), আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামের জহর মিয়ার ছেলে মোঃ কাউছার(২৮), একই গ্রামের সিন্টু মিয়ার ছেলে মোঃ ইসমাইল মিয়া(৩২) ও  ছাহেদ মিয়ার ছেলে মোঃ মাছুম(১৯)।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই নিংওয়াই মারমা তার সঙ্গীও ফোর্স নিয়ে ঘোড়াশাল-শ্রীকাইল সড়কের সোনাকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নাঙ্গুলিয়া খালের আবর্জনা, প্রতিবন্ধকতা সরিয়ে সংস্কার কাজ সম্পন্ন, উপকারভোগী হবেন প্রায় ১৫ হাজার মানুষ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণের আরকু চৌমুহনী সংলগ্ন নাঙ্গুলিয়া খালের আবর্জনা, প্রতিবন্ধকতা সরিয়ে সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।

১৭ আগষ্ট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াসিন এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর উদ্যোগে এই খাল সংস্কার শুরু হয়।

আজ ২১ আগষ্ট খালটির সংস্কার কাজ সম্পন্ন করেন কুমিল্লা নগরীর ২৬ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সাইদ ।

হোমনায় নার্সের অবহেলায় প্রসুতির মৃত্যু

হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় নার্সের অবহেলায় স্বপ্না(২০) নামের এক প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। দীর্ঘ ২৫ দিন চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার(২১ আগস্ট) সকালে ইন্তেকাল করেন।

এ বিষয়ে রোগীর বোন আকলিমা আক্তার ৯ আগস্ট হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,গত ২৮ জুলাই চিৎপুর গ্রামের আবদুল মতিনের মেয়ে স্বপ্না(২০) নামের এক প্রসূতি রোগী প্রসব বেদনা নিয়ে হোমনা সরকারি হাসপাতালে ভর্তি হয়। এর পর দায়িত্বরত হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসরিন জাহান ও লিলি খাতুন রোগীর স্বজনদের নিকট ৫ হাজার টাকা ঘুষ দাবী করে। টাকা না দেয়ায় নার্সদ্বয় রোগীর সাথে অমানুবিক আচরন করেন, এক পর্যায়ে জোর করে ডিলিভারী করাতে গিয়ে রোগীর যৌনাঙ্গ ছিড়েফেলে। এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। দীর্ঘ ২৫ দিন আইসিওতে থেকে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মৃত্যুবরণ করেন। এতে রোগীর ২ থেকে আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে।

স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত নার্স নাসরিন জাহান ও লিলি খাতুনের বিরুদ্ধে,ঘুষগ্রহন,দায়িত্ব অবহেলার একাধিক অভিযোগ থাকলেও রহস্যজনক কারনে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।

এ দিকে একজন গরীব অসহায় রোগীর সাথে যে অমানুবিক আচরন ককরা হয়েছে তা তদন্তপূর্বক দায়ী নার্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

এ বিষয়ে হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ. আবদুছ ছালাম সিকদার জানান, অভিযোগের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ (সিভিল সার্জন)কে জানিয়েছি। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

কিশোর গ্যাং গ্রুপের অপকর্মের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হুমকি

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে কিশোর গ্যাং গ্রুপের অপকর্মের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হুমকির অভিযোগ। বুধবার (২১আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল তার নিজ বাড়ী সিঙ্গুলায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেন স্থানীয় যুবদল নেতাদের নামে।

সংবাদ সম্মেলনে, ইব্রাহিম খলিল বলেন, আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত। রাজনীতির পাশাপাশি একজন ব্যবসায়ী।

স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম এবং এলাকায় গ্রহনযোগ্যতা আছে বলেই দল আমাকে সভাপতির দায়িত্ব দিয়েছে। গত বছরের ৫আগষ্ট স্বৈরাচার পতনের পর থেকে এলাকার রুবেল, মিজান ও মহিউদ্দিনসহ কয়েকজনের নেতৃত্বে একটি কিশোর গ্যাং গ্রুপ মাথাচাড়া দিয়ে উঠে। এই গ্রুপটি মাদক কারবার, সেবন ও এলাকার সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন শুরু করে। আমি এর প্রতিবাদ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে মিথ্যা মানহানিকর তথ্য প্রচার করে। গত ১৭ আগষ্ট আমার উপর হামলার চেষ্টা চালায়। অথচ বিগত ১৬ বছরেও কেউ সাহস করেনি আমার উপর হামলা বা আমাকে হুমকি দেয়ার। এখন কিশোর গ্যাং গ্রুপটি অনবরত আমার উপর হামলার হুমকি দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এর আগেও ইউনিয়ন বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করেছি । আমার রাজনৈতিক জীবনে কখনো কোনো দুর্নাম অথবা স্বেচ্ছাচারিতার অভিযোগ নেই। আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি মহল শুরু। কয়েকদিন আগে আমার বিরুদ্ধে কাল্পনিক ও মনগড়া তথ্য ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে আমার চরিত্রহননের চেষ্টা করা হয়েছে তাতে বিস্মিত হয়েছেন এলাকার মানুষ।

পুলিশ প্রশাসনকে জানিয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপি নেতা ইব্রাহিম খলিল বলেন, কিশোর গ্যাং গ্রুপের মদদদাতা রুবেল, মিজান ও মহিউদ্দিন যুবদলের লোক হওয়ায় বিষয়টি আমার দলের উপজেলার নেতাদেরকে জানিয়েছি।

অভিযোগ অস্বিকার করে ইউনিয়ন যুবদল নেতা রুবেল ও মিজান মুঠোফোনে বলেন, আমরা যদি কিশোর গ্যাং গ্রুপের মদদদাতা হই তাহলে আমাদের মদদদাতাতো ইব্রাহিম খলিল! কারণ আমরা এক সময় ইব্রাহিম খলিলের নেতৃত্বেই রাজনীতি করেছি। এখন উনার সাথে না থাকায় আমাদের নামে মিথ্যা অভিযোগ তুলছে।

দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি এম এ লতিফ ভূইয়া বলেন, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি এবং যুবদল নেতাদের বিষয়টি নিয়ে উভয়ের সাথে কথা হয়েছে। দলীয়ভাবে আমরা বিষয়টি দেখছি।

চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে পালিত হয়েছে।

বুধবার (২০ আগষ্ট) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক এম.এম. নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন।

বর্ণাঢ্য র‌্যালিটি চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হল থেকে র‌্যালিটি শুরু হয়ে চৌদ্দগ্রাম বাজার প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড ও চৌদ্দগ্রাম পৌরসভা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইসহাক বেপারীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহবায়ক জি.এম তাহের পলাশী, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মজু:, সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুন্নবী পাটোয়ারী নুরু, গিয়াস উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক এমদাদুল হক শিপন, আলমগীর হোসেন, সদস্য মন্জুর মোর্শেদ, মো: সোহরাব, চৌদ্দগ্রাম পৌরসভা যুবদলের আহবায়ক মো: হাসান, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিজান খাঁন, মোজাম্মেল হক মাছুম, সাইফুল ইসলাম সবুজ, কবির হোসেন, চৌদ্দগ্রাম পৌরসভা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক হাবিব পাটোয়ারী মাসুম, দুলাল হোসেন, খোরশেদ আলম, আসাদুজ্জামান লিটনসহ স্বেচ্ছাসেবকদলের ১৩টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মোঃ কামাল হোসেন (৫৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর ২৩ বীর ব্যাটালিয়নের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮টি ধারালো ছুরি, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৩টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ, প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতকরণ ও স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এ অভিযানে সমন্বিতভাবে অংশ নেন।

চৌদ্দগ্রাম পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার থানার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট থানার (সার্কেল) সহকারী পুলিশ সুপার নিশাত তাবাসসুম।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কমকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর আমির মাহফুজুর রহমান, পৌর বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সাবেক ছাত্র নেতা মামুনুর রশিদ মজুমদার। চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবুল কালামের পরিচালনা এ সময় আরও বক্তব্য রাখেন পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াছিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ মাইন উদ্দিন মজুমদার, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, জামায়াত নেতা জাফর ইকবাল লিটন, আবু তাহের, লিয়াকত আলী শিকদার, সাহাদাত হোসেন প্রমুখ।

চাঁদপুর সদরের বিদায়ী এসিল্যান্ড আল এমরান খাঁনকে চাঁদপুর খবরের সংবর্ধনা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের বহুল প্রচারিত ও নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আল এমরান খাঁন কে বদলীজণিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় চাঁদপুর সদর উপজেলা ভূমি কার্যালয়ে বিদায়ী সহকারি কমিশনার (ভূমি) মো: আল এমরান খাঁন কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী।

সংবর্ধনা শেষে চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মো: আল এমরান খাঁন বলেন, সহকারি কমিশনার হিসেবে চাঁদপুর সদরে ১বছর ৩মাস। চাঁদপুরের মানুষ অনেক আন্তরিক। আমি সরকারি সম্পত্তি উদ্ধার ছাড়াও নানাবিধ কাজ করেছি, মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। চাঁদপুরের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। চাঁদপুরের মানুষকে কোন বিষয় নিয়ে বুঝিয়ে বললে, বুঝার চেষ্টা করে। চাঁদপুর সদর উপজেলায় আমার প্রত্যেকটা তহশিলদারকে জনগনের সেবা সঠিকভাবে দেওয়ার জন্য বলেছি।

তিনি বলেন, এখানকার সাংবাদিকরা খুবই আন্তরিক। সাংবাদিক ভাইয়েরা আমাদের কাজে যে কোন ভাবে সহযোগিতা করেছে। আমি সাংবাদিক ভাইদের কাছে কৃতজ্ঞ। আমি মানুষের অভিযোগের প্রেক্ষিতে মানুষের সম্পদের ঝামেলা নিরসন করার চেষ্টা করছি। আমি চেষ্টা করেছি ভূমি সংক্রান্ত কাজ করতে। আজ আমার সাংবাদিক সোহেল রুশদী ভাইয়ের সাথে শেষ মিটিং।

জানা যায়, বিদায়ী চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান বিসিএস ৩৭ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলায়। তিনি চাঁদপুর সদরে সহকারি কমিশনার (ভূমি) হিসেবে ২০২৪ সালের ১৪মে যোগদান করেন। তিনি চাঁদপুর সদরে ১বছর ৩মাস সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে ন্যাস্ত করা হয়েছে।

চাঁদপুর সদরের নবাগত সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি বলেন, আমার কাছে শুধু কাজ প্রাধান্য পাবে। আমি কাজকে ভালোবাসি। যে কেউ অফিস সময়ে আসলে ডকুমেন্ট সঠিক থাকলে কাজ করে দিব। আমি কচুয়াতে রাতেও কাজ করতাম, জনগণকে সেবা দিয়েছি। আমরা সব সময় চেষ্টা করি পাবলিককে সেবা দিতে। আমার যে সার্ভিস তা শতভাগ দিতে চেষ্টা করব।

জানা যায়, নবাগত সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি’র বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়। তিনি বিসিএস ৩৮তম ব্যাচের কর্মকর্তা। তার প্রথম পোস্টিং সাতক্ষীরা জেলায়। কচুয়াতে ১বছর ৪মাস কর্মরত ছিলাম।

পরে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী বলেন, বিদায়ী সহকারি কমিশনার (ভূমি) মো: আল এমরান খাঁন একজন জনবান্ধব অফিসার। আমার দেখা একজন ভালো মানুষ তিনি। মহোদয়ের ব্যবহারে আমরা খুবই মুগ্ধ। তিনি চাঁদপুর সদরে যতদিন ছিলেন মানুষের সেবা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত চাঁদপুর এর বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক মিজান লিটন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্ল্যাহ, যুগ্ম সম্পাদক মো: রানা সরকার সহ সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দগণ।

হাসপাতালে ডাক্তার-নার্স কিছুই নেই, আছে শুধু রোগী

হাসিবুল ইসলাম সজিব:

হাসপাতালে নেই অক্সিজেন, নেই চিকিৎসক বা নার্স, না আছে কোন ল্যাব সহকারী। সেখানেই দালালের মাধ্যমে ভর্তি হচ্ছে রোগী। কভার ছাড়া নোংরা বেডে রোগীদের রাখা হয়েছে। কুমিল্লার এমন দুই হাসপাতাল বন্ধ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (২০ আগস্ট) অভযান চালিয়ে এসব হাসপাতাল বন্ধ করা হয়।

বন্ধ করা দুই হাসপাতাল কুমিল্লা নগরের মহিলা কলেজ রোড এলাকার গ্রীনলাইফ হাসপাতাল ও বিউটি ম্যাটার্নিটি ক্লিনিক।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট সিভিল সার্জন কার্যালয়ের পরিদর্শন টিম সদর উপজেলার গাংচর এলাকার বিউটি মেটানিটি ক্লিনিকে গিয়ে একাধিক অনিয়ম খুঁজে পায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ল্যাবে কালার কোডেড বিন নেই, অপারেশন থিয়েটারে দায়িত্বপ্রাপ্ত নার্স ও ইনচার্জ অনুপস্থিত, ল্যাব টেকনোলজিস্ট উপস্থিত ছিলেন না, ওটি রুমের পরিচ্ছন্নতা অস্বাস্থ্যকর।

এসব অনিয়মের কারণে বিউটি ম্যাটার্নিটি ক্লিনিকটির সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিভিল সার্জন কুমিল্লা।

অন্যদিকে গ্রীনলাইফ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশ লক্ষ্য করা যায়। রোগীর কক্ষগুলো অস্বাস্থ্যকর, বেডে চাদর নেই, জানালায় পর্দা নেই, রোগীর পাশে মনিটর বা অক্সিজেন নেই। অপারেশন থিয়েটারের পরিবেশ অত্যন্ত নোংরা, কাঠের আসবাব ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। পোস্ট-অপারেটিভ কক্ষও অস্বাস্থ্যকর। হাসপাতালের লাইসেন্স ২০১৯ সালের পর নবায়ন হয়নি, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্রও মেয়াদোত্তীর্ণ। খাবারের ফ্রিজে রক্তের ব্যাগ রাখা হয়েছিল, যা সম্পূর্ণ আইনবিরোধী। এছাড়াও সেখানে কোনো ডিউটি ডাক্তার উপস্থিত ছিলেন না। নার্স ও ল্যাব টেকনিশিয়ানের বৈধ নিয়োগপত্রও দেখানো সম্ভব হয়নি।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর বলেন, এমন নোংরা পরিবেশে কিভাবে চিকিৎসাকরা সেবা দেন তাও প্রশ্নবিদ্ধ। এমন হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।