All posts by jitu

‘রাষ্ট্র সংস্কারের ৩১দফা’ মা-বোনদের কাছে পৌঁছাতে মহিলা দল অগ্রণী ভূমিকা রাখবে- ড. খন্দকার মারুফ হোসন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র সংস্কারের ৩১দফা’র বিশদ বিবরণ প্রতিটি ঘরে মা-বোনদের কাছে পৌঁছে দিতে মহিলা দলের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
তিনি বলেন, মহিলা দল দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন মাঠ পর্যায়ে খুবই ফলপ্রসু ও সহায়ক হবে।

ড. খন্দকার মারুফ আজ মঙ্গলবার দাউদকান্দি উপজেলার গয়েশপুর ‘শান্তির নীড়’ মিলনায়তনে উপজেলা মহিলা দলের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালেব এইসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূঁইয়া, বিশেষ অতিথি অতিথি সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম।

দাউদকান্দি উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদিকা ফরিদা ইসলাম ডলি।

কুমিল্লায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন, সহযোগীকে কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় লবণের ট্রাকে সাড়ে ২১ হাজার ইয়াবা বহনের মামলায় এক আসামিকে যাবজ্জীবন এবং তার সহযোগীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ রায় দেন।

মামলায় প্রধান আসামি চালক মো. সাদ্দাম হোসেন হাজারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং তার সহযোগী মো. আয়নাল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আসামি মো. আয়নাল ইসলাম আদালতে উপস্থিত থাকলেও প্রধান আসামি মো. সাদ্দাম হোসেন হাজারী পলাতক ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০২১ সালের ৩১ মার্চ ভোরে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লবণ বোঝাই একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকের চালক মো. সাদ্দাম হোসেন ও তার সহযোগী মো. আয়নাল ইসলাম পালানোর চেষ্টা করেন। র‍্যাব সদস্যরা তাদের আটক করে তল্লাশি চালায়।

তল্লাশিকালে চালক সাদ্দাম হোসেনের প্যান্টের পকেট এবং চালকের আসনের নিচ থেকে মোট ২০ হাজার পিস এবং সহযোগী আয়নাল ইসলামের পকেট থেকে ১,৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

আদালত সূত্র জানায়, উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনার পর ট্রাইব্যুনাল এই সিদ্ধান্তে উপনীত হয় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

বিচারক পলাতক আসামি মো. সাদ্দাম হোসেন হাজারীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

অপরদিকে, আদালতে উপস্থিত আসামি মো. আয়নাল ইসলামকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর তাকে জেলহাজতে পাঠানো হয়।

আরো সাশ্রয়ী দামে গুরু কার্বোনেটেড বেভারেজ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের অন্যতম শিল্প গ্রুপ দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তাদের জনপ্রিয় এনার্জি ড্রিংক গুরু কার্বোনেটেড বেভারেজ এখন পাওয়া যাবে মাত্র ২০ টাকায়, যা আগে ছিল ২৫ টাকা। অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতেই পাঁচ টাকা কমানো হয়েছে পণ্যটির দাম।

দেশের ভোক্তাদের চাহিদা ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ। সতেজতা ও বাড়তি শক্তির প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসা গুরু কার্বোনেটেড বেভারেজ অল্প সময়েই তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন এই মূল্য নির্ধারণের মাধ্যমে আরো বেশি গ্রাহক সহজেই উপভোগ করতে পারবেন মানসম্মত এনার্জি ড্রিংক।

বুধবার এ উপলক্ষে রাজধানীর বনানী দেশবন্ধু গ্রুপের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি গোলাম রহমান। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন, অ্যাডমিন, এইচআর ও কমপ্লায়েন্স) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন পিএসসি, উপদেষ্টা কাজী হাসান আহমেদ, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও মো. ইদ্রিসুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্র্যান্ড ব্যবস্থাপক, জিএম ও দেশবন্ধু গ্রুপের অন্য কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি গোলাম রহমান বলেন, দেশবন্ধু গ্রুপ সবসময় ভোক্তাদের জন্য সর্বোচ্চ মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। গুরু কার্বোনেটেড বেভারেজের নতুন মূল্য আমাদের সেই প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।

টিসিবির তালিকায় যোগ হচ্ছে চা-লবণসহ আরও ৫ পণ্য

ডেস্ক রিপোর্ট:

আগামী নভেম্বর মাস থেকে উপকারভোগীদের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবির বিক্রির তালিকায় যোগ হচ্ছে আরও পাঁচটি পণ্য।

চাল, মসুর ডাল, ভোজ্যতেল ও চিনি সঙ্গে এই তালিকায় থাকবে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান।

সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়ক এক সভায় এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার তথ্য তুলে ধরে বাণিজ্য উপদেষ্ট দাবি করেন, এতে বাজারের চাহিদা ও সরবরাহে সমতা তৈরি হয়।

তিনি বলেন, “টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমের সাথে নতুন পাঁচটি পণ্য দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দিবে, একই সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখবে।”

উপদেষ্টা বলেন, “সরকার টিসিবির কার্যক্রম গতিশীল করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এক কোটি উপকারভোগী সঠিকভাবে নির্বাচন করতে দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আপনাদের উদ্যোগী হয়ে কাজ করতে হবে। দরিদ্র মানুষ যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে না থাকে সেটা নিশ্চিত করতে হবে।”

এটা করতে পারলে বাংলাদেশ একটি কল্যাণমূখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, “প্রকৃত উপকারভোগীর কাছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছাক, এটা আমার প্রত্যাশা। কার্ড দেওয়ার ক্ষেত্রে তার পরিচয় হোক সে দরিদ্র অসহায় মানুষ, সরকারের সহযোগিতা তার প্রাপ্য।”

এসময় তিনি আগামী এক মাসের মধ্যে সিটি করপোরেশনসহ সারাদেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের সর্বশেষ তথ্য অবহিত করা হয়। এতে বলা হয়, বর্তমানে মোট সক্রিয় কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬। সক্রিয়করণ অপেক্ষমান কার্ডের সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “সঠিক উপকারভোগী নির্বাচনে সনাক্তকরণ মূল সমস্যা হিসেবে সামনে আসছে। এর পাশাপাশি সিটি করপোরেশনের কার্যক্রমে গতি কিছুটা কম। সমস্যা যেহেতু চিহ্নিত হয়েছে আশা করি দ্রুতই কাজটি সম্পন্ন হবে।”

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।

সেখানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান ও টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট:

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ৪ থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত ২২ দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার। এই সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

সোমবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি জানান, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ শীর্ষক এই কর্মসূচি বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই), আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল পক্ষ সম্মিলিতভাবে কাজ করবে।

উপদেষ্টা বলেন, “ইলিশের প্রধান প্রজনন মৌসুম হচ্ছে ১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ (৪-২৫ অক্টোবর ২০২৫)। আশ্বিনী পূর্ণিমার চার দিন আগে এবং অমাবস্যার তিন দিন পর পর্যন্ত সময়কাল এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।”

তিনি জানায়, এই সময় ডিম ছাড়ার হার সর্বোচ্চ থাকে, তাই বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং মৎস্যজীবীদের মতামতের ভিত্তিতে সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

অভিযান পরিচালনায় মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী এবং বিমান বাহিনী যুক্ত থাকবে। একই সঙ্গে এই সময়ের মধ্যে সমুদ্র, নদী ও মোহনায় ড্রেজিং কার্যক্রমও বন্ধ রাখা হবে।

মৎস্য উপদেষ্টা জানান, এ সময় ৩৭টি জেলার ১৬৫টি উপজেলার ৬ লাখ ২০ হাজার ১৪০টি জেলে পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবার ২৫ কেজি করে চাল সহায়তা হিসেবে দেওয়া হবে। এর জন্য মোট ১৫ হাজার ৫০৩ দশমিক ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্য করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। আইন অনুযায়ী, এজন্য এক থেকে দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

বিএফআরআই-এর গবেষণা তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অভিযানে ৫২.৫ শতাংশ মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে সক্ষম হয়, যার ফলে প্রায় ৪৪ হাজার ২৫০ কোটি রেণু ইলিশ বা জাটকা উৎপন্ন হয়েছে।

উপদেষ্টা জানান, গত ৫ বছরে ইলিশ আহরণে প্রায় ১০ শতাংশ হ্রাস পাওয়া গেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে ইলিশ আহরণ যথাক্রমে ৩৩.২০% ও ৪৭.৩১% কম হয়েছে। এই দুই মাসে মোট আহরণ হয়েছে ৩৫,৯৯৩ দশমিক ৫০ মেট্রিক টন, যা আগের বছরের তুলনায় প্রায় ৩৯% কম।

সাকিবকে ইঙ্গিত করে আবারও উপদেষ্টা আসিফের কড়া বার্তা

ডেস্ক রিপোর্ট:

বিতর্কের শুরু শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল রবিবার সাকিব আল হাসানের স্ট্যাটাস দেওয়া থেকে। তার পরই কড়া সমালোচনার মুখে পড়েন এই অলরাউন্ডার। গতকালই সাকিবকে ইঙ্গিত করে পোস্ট দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পোস্টে তিনি সাকিবের দেশে ফেরা ও খেলায় অংশগ্রহণের ব্যাপারে মন্তব্য করেন।

যদিও সরাসরি সাকিবের নাম উল্লেখ করেননি আসিফ মাহমুদ। আজ আবারও সাকিবকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। যেখানে প্রথমেই সাকিবকে ইঙ্গিত করে ব্যাঙ্গাত্মক ভাষায় তিনি লিখেছেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।’

সাকিবের অপকর্ম তুলে ধরে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এটা কে, আপনারা জানেন। যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, মুখোমুখি হন এর।’

এর আগে গতকাল আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’

পরে সাকিবও নাম উল্লেখ না করে ফেসবুকে পোস্ট দেন। সেখানে এই অলরাউন্ডার লেখেন, ‘যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তারজন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’

আমাদের স্থানীয় সরকার এখনো সেই রিলিপ নির্ভর স্থানীয় সরকার- কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার

স্টাফ রিপোর্টার:

আমাদের দেশের স্থানীয় সরকার কাঠামোর চারটা স্তর ছিল এক সময়; জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম সরকার। এখন গ্রাম সরকারটি কার্যকর নেই, বিলুপ্ত হয়েছে। এখন তিনটি স্তর নিয়ে মূলত জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, সিটি ও পৌরসভা: এই হলো স্থানীয় সরকার কাঠামো। আমরা যদি আরেকটু গভীরে যাই, জেলা ও উপজেলা পরিষদও কাজ করে উপজেলা পর্যায়ে। তার মানে কোন কাজটা হচ্ছে কোন কাজটা হয়েছে ইউনিয়ন পর্যায়ে এবং ইউনিয়ন পরিষদ আমাদের দেশের স্থানীয় সরকার কাঠামোর প্রাচীনতম স্তর। আমাদের দুইটা নাম, একটা সরকার, অপরটা স্থানীয় সরকার। পৃথিবীর সকল উন্নত দেশে কেন্দ্রীয় সরকার মূলত পলিসি ম্যাকিংয়ের কাজটা করে, স্থানীয় জনগণের সেবামূলক যে কাজ সেটা ইউনিয়ন পরিষদ করে। স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ে আয় করবে, সেই আয় জনগণের কল্যাণে ব্যয় করবে। কিন্তু আজ পর্যন্ত আমরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নিজের পায়ে দাঁড়ানোর মতো সক্ষম করে তুলতে পেরেছি কি না ওকমাত্র উত্তর পারিনাই।

এখনও আমাদের স্থানীয় সরকার সেই রিলিপ নির্ভর স্থানীয় সরকার বলে মন্তব্য করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার। তিনি বলেন, একটা সময় রিলিপ আসতো, স্থানীয় সরকারে আমরা যারা ছিলাম আমরা রিলিপ বিতরণ করতাম। সেই কনসেপ্ট থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারিনি। সেই টিআর সেই কাবিখা, সেই মাটির কাজ, উপজেলা পরিষদ এডিবি বরাদ্ধ দিবে, জেলা পরিষদ বরাদ্ধ দিবে। তাহলে স্থানীয় সরকার কোথা থেকে আসলো। স্থানীয় সরকার মানেই হলো যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তিনি জনগণের কাছ থেকে কর আদায় করবেন, এবং নাকরিকদের কাছ থেকে আদায়কৃত অর্থ নাগরিকের কল্যাণে ব্যয় করবেন। কল্যাণ বলতে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, পরিবেশ ও বিনোদনসহ আরো কিছু সামাজিক বিষয় রয়েছে। স্থানীয় সরকারে কিন্তু অর্থ আদায়ের ব্যবস্থা রয়েছে, আইন রয়েছে: কিন্তু আমরা কতটুকু আদায় করতে পারছি। যদি টিআর কাবিখা, এডিবি, জেলা পরিষদ বরাদ্ধ বাদ দিয়ে কতটুকু আয় করলাম আর এই আয় দিয়ে কি ব্যয় করলাম, দেখা যাবে যে আমাদের কার্যক্রম বেশিদিন চলবেনা।

সোমবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইউনিয়ন পরিষদ প্রশাসক/চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান, সদস্য, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের অবহিতকরণ, স্থানীয় সম্পদ আহরণ ও হিসাব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালায় কোর্স পরিচালক ছিলেন কুমিল্লা স্থানীয় সরকার উপ-পরিচালক মো: মেহেদী মাহমুদ আকন্দ। কোর্স সমন্বয়ক ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামাল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাফকাত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জোবায়ের আহমেদ। প্রশিক্ষণে উপজেলার ১৩ টি ইউনিয়নের ১৭৯ জন চেয়ারম্যান, পরিষদ সদস্য, সচিব ও হিসাব সহকারী অংশগ্রহণ করেন।

শেখ হাসিনার জন্মদিন উদযাপন, বুড়িচংয়ে যুবলীগের তিন নেতা আটক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান করার অভিযোগে যুবলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

রবিবার রাতের বিভিন্ন সময়ে বুড়িচং থানার পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- উপজেলার আবিদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. আনোয়ার, আবুল হাসেমের ছেলে মোখলেসুর রহমান এবং আবু মুসার ছেলে মো. শাহজাহান। তারা তিনজনই মোকাম ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় মোকাম ইউনিয়নে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ আয়োজনের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. মজিবুর রহমান। সেখানে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের একটি ভিডিও মজিবুর রহমান নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, যুবলীগ নেতাদের উপস্থিতিতে কেক কাটা হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে স্লোগান ও দোয়া হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

জন্মদিনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাতেই পুলিশ তৎপর হয়ে ওঠে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে যুবলীগের তিন নেতাকে আটক করে।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আজিজুল হক জানায়, ভিডিওতে তাদের উপস্থিতি ও রাজনৈতিক কার্যক্রমের প্রমাণ মিলেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লা সদরের পাঁচথুবীতে খাদ্য বান্ধব কর্মসূচিতে ডিলারের বিরুদ্ধে চরম অনিয়মের অভিযোগ: বঞ্চিত শতাধিক অসহায় মানুষ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের পাঁচথুবীতে খাদ্য বান্ধব কর্মসূচিতে ডিলার খোকন মিয়ার বিরুদ্ধে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। এ কর্মসূচি আওতায় ডিলারের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের ফলে বঞ্চিত হয়েছে শতাধিক অসহায় মানুষ।

এ কর্মসূচি ডিলার খোকন মিয়া এ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় একাধিক সূত্র জানায়, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি চক্রান্ত করে সরকারের দেওয়া অসহায় মানুষের জন্য ১৫ টাকা কেজির চাল নিজেদের স্বার্থে ভোগ করছে। ফলে যাদের জন্য এ উদ্যোগ সেই দরিদ্র, দিনমজুর, বিধবা ও অসহায় মানুষগুলো চালের হক থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে।

অসহায় মানুষের চোখে-মুখে ক্ষোভ আর বেদনার আগুন। কেউ বলছে— “আমরা দিনের পর দিন খেয়ে না খেয়ে থাকি, অথচ তালিকায় নাম থাকা সত্ত্বেও চাল পাই না।” আবার কারও আর্তনাদ— “এ চাল তো আমাদের জন্য, কিন্তু তা আমাদের ঘরে পৌঁছায় না। আমাদের হক খাচ্ছে প্রভাবশালীরা।”

এমন অনিয়ম কেবল মানবিকতার অপমান নয়, রাষ্ট্রীয় উদ্যোগকেও প্রশ্নবিদ্ধ করছে। প্রান্তিক মানুষের মুখের গ্রাস ছিনিয়ে নেওয়ার এ ঘটনা যেন এক হৃদয়বিদারক চিত্র— যেখানে ক্ষুধার্ত মায়ের সন্তানের জন্য চালের কান্না আজো নীরবে প্রতিধ্বনিত হচ্ছে।

জনগণের দাবি, এ ধরনের অনিয়মের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অন্যথায় দরিদ্র মানুষের এ হাহাকার আরও বাড়বে, সমাজে বৈষম্য ও ক্ষোভ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করবে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, এই কর্মসূচির কিছু অনিয়ম বিষয়ে আমি শুনেছি। তবে বিস্তারিত জানিনা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক দুই এমপিসহ ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও সংরক্ষিত সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তালেবুর রহমান বলেন, ‘সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সাবেক এমপিসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

তবে কোথায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি ডিবি।