All posts by jitu

মহাসড়ক সংলগ্ন হোটেলে আবারো যৌথবাহিনীর অভিযান! মাদকসহ আটক ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে গাঁজাসহ তুহিন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী।

চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পের জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনজুরুল হকের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা সোমবার (১৮ই আগষ্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগমোহনপুর এলাকার ভূঁইয়া ট্রাক হোটেল থেকে তাকে আটক করে। আটককৃত তুহিন সাতক্ষীরা সদরের গোনা গ্রামের রওশন আলীর ছেলে।

তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হিলাল উদ্দিন আহমেদ।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১.৮ কেজি গাঁজা, নগদ টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃত যুবককে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

নির্বাচন আন্তর্জাতিক মানের করতে ইসিকে চার মিলিয়ন ইউরো দেবে ইইউ

ডেস্ক রিপোর্ট:

আগামী জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের করতে নির্বাচন কমিশনকে (ইসি) চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

এর আগে, বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তারা।

এরপর মাইকেল মিলার জানাW, আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে। নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না, এ বিষয়ে তারা সম্ভাবতা-প্রতিকূলতা যাচাই করবে।

তিনি বলেন, ‘গণতন্ত্র উত্তরণে বাংলাদেশকে সমর্থন করে ইইউ। আগামীতে নির্বাচন কমিশন ও সরকারের সঙ্গে আরও আলোচনা হবে।’

নির্বাচন পরিচালনায় বাংলাদেশের অভিজ্ঞতা থাকলেও বিগত নির্বাচন নিয়ে প্রশ্ন আছে উল্লেখ করে মাইকেল মিলার প্রত্যাশা রাখেন, আগামী নির্বাচন হবে গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে।

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে ছদ্মবেশে ইউএনওর অভিযান!

স্টাফ রিপোর্টার:

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে রাতে ছদ্মবেশে অভিযান পরিচালনা করেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন। তিনি গত সোমবার (১৮ই আগষ্ট) রাত ৮.৩০ঘটিকা থেকে রাত ১০.০০ঘটিকা পর্যন্ত চৌদ্দগ্রাম বাজার ও আশেপাশের এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন কালে তিনি দেখতে পান, শিক্ষার্থীরা সন্ধ্যার পর পড়ার টেবিলে না বসে বাহিরে বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে এবং ধুমপান করছে। অভিযানে , শিক্ষার্থীদের সাথে অনেক অছাত্রদের আড্ডা দিতে দেখা যায়, যারা অন্যান্য অপরাধের সাথে জড়িত থাকতে পারে।

এসময় ইউএনও শিক্ষার্থীদের প্রথম বারের মতো সতর্ক করে তৎক্ষণাৎ বাসায় গিয়ে পড়তে বসার জন্য নির্দেশ প্রদান করেন এবং রাত ৮.০০ঘটিকার পর কেউ যাতে পড়া রেখে বাহিরে অহেতুক ঘোরাফেরা/আড্ডা না দেয় সে বিষয়ে কড়া বার্তা প্রদান করেন।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন জানান, আগামী দিনগুলোতেও এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। ভবিষ্যতে রাত ৮.০০ঘটিকার পর কোনো শিক্ষার্থীকে এভাবে আড্ডা/অহেতুক ঘোরাফেরা করা অবস্থায় পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যার বা যাদের দোকানে বসে আড্ডা দিবে সে সকল দোকানীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে মর্মে জানান তিনি।

উপজেলার সকল অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান জানান যে- আপনার সন্তানের খবর রাখুন, সন্ধ্যার পর পড়ার টেবিলে বসা নিশ্চিত করুন এবং কার বা কাদের সাথে মেলামেশা করছে সে বিষয়ে অধিকতর সংবেদনশীল আচরণ করুন।

চাঁদপুরে বিএসটিআই অনুমোদন বিহীন এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৮ আগস্ট) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা এলাকায় বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে এবং বিএসটিআইয়ের অনুমোদন বিহীন খাদ্য পণ্য উৎপাদন করার অপরাধে সান ওয়ে কনজুমার এন্ড এগ্রো বিডি লিমিটেড কে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

চাঁদপুর সেনা ক্যাম্পের একদল সৈনিক ও জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোঃ মাসুদ রানার সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত প্রতিষ্ঠানটির মালিক জামাল উদ্দিন পূণরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়।

এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

কুমিল্লা জেলায় গ্রাম আদালতের সক্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম চলছে। এই প্রকল্পের সুনির্দিষ্ট একটি উদ্দেশ্য হলো স্থানীয়ভাবে সহজে, কম খরচে, দ্রুত স্বচ্ছ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি করা এবং অন্যায়ের প্রতিকার লাভের জন্য তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষত নারীদের সক্ষমতা বৃদ্ধি করা।

সোমবার ( ১৮ আগষ্ট) বেলা ১১ ঘটিকায় জেলা প্রশাসক, কুমিল্লা এর সম্মেলন কক্ষে গ্রাম আদালত প্রকল্পের ‘গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিরুল কায়ছার, জেলা প্রশাসক, কুমিল্লা। সভায় সভাপতিত্ব করেন মোঃ মেহেদী মাহমুদ আকন্দ, উপপরিচালক, স্থানীয় সরকার, কুমিল্লা।

সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনের করনীয় বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে মামলার পরিসংখ্যান তুলে ধরা হয়।

পরিসংখ্যানে দেখা যায় যে, গত সাত মাসে গ্রাম আদালতে ক্রমবর্ধমান ভাবে মামলা সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ৫ই ২০২৪ এর পরে কুমিল্লা জেলাতে গ্রাম আদালত কিছুটা মন্থর হলেও বর্তমানে অনেক সক্রিয় হয়ে উঠেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়ছার বলেন, ছোট ছোট দেওয়ানী মামলা থেকে অনেক সময় বড় ফৌজদরি অপরাদের সৃষ্টি হতে পারে। ছোট থাকা অবস্থায় গ্রাম আদালতের মাধ্যমে বিবাদ নিষ্পত্তি করতে পারে। তাহলে উচ্চ আদালতে মামলার চাপ কমবে। শুধু মাত্র জন প্রতিনিধি এটি করবেন। এটি প্রক্রিয়া অনুসরন করবেন। গ্রাম আদালত কার্যকর করতে হলে মানুষকে জানাতে হবে। চেয়ারম্যানদের দ্রুত ট্রেনিং এর ব্যবস্তা করতে হবে।

সভাপতি স্থানী সরকার উপপরিচালক মেহেদী মাহমুদ আকন্দ,বলেন, আমরা আপনাদের যে সমন্বয় মিটিং করছি এর কারণ আপনারা জানেন। আপনারা আরো বেশি বেশি প্রচার প্রচারণা বৃদ্ধি করবেন। আমরা যত বেশি প্রচার প্রচারণা চালাতে পারবো গ্রাম আদালত তত বেশি সক্রিয় হয়। কুমিল্লা জেলার ১৯৩টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে মামলা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে উচ্চ আদালতে মামলার চাপ কমবে।

এছাড়া মোহাম্মদ সাইফুল মালিক, অতিরিক্ত পুলিশ সুপার; মালিহা সুলতানা, সহকারি কমিশনারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান গণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সংবাদিকগণ ও গ্রাম আদালত প্রকল্পের ২ জন ডিস্ট্রিক্ট ম্যানেজার উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমান করে মাদরাসা ছাত্রের আত্মহত্যা!

স্টাফ রিপোর্টার: 

কুমিল্লার চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমান করে তামিম(১৪) নামে এক মাদরাসা ছাত্র আত্মহত্যা করেছে। সে শুভপুর ইউনিয়নের খিল্লাপাড়া ইমদাদুল উলুম মাদরাসার ছাত্র ও উনকোট গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

সোমবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসা ছাত্র তামিম বৃহস্পতিবার ছুটিতে বাড়িতে যায়। শনিবার মা শিক্ষিকা নাছিমা আক্তার তাকে মাদরাসায় যাওয়ার জন্য বলেন। কিন্তু মাদরাসায় না গিয়ে বাড়িতে অবস্থান করেন। সোমবার সকালে তামিম ও তার ভাই আরাফাত হোসেনকে বাড়িতে রেখে মা নাছিমা আক্তার ওই মাদরাসায় শিক্ষকতার উদ্দেশ্যে চলে যান। বিকেলে তিনি খবর পান ছেলে তামিম গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল হাশেম বলেন, ফাঁস দেওয়া তামিম হাসপাতালে আনার পূর্বেই মৃত্যুবরণ করে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান বলেন, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কার্যক্রম চলমান’।

মৎস্য সপ্তাহে জেলা প্রশাসক কর্তৃক বিশেষ সম্মাননা পেলেন পাটোয়ারী বহুমুখী এগ্রো ফিসারিজ

স্টাফ রিপোর্টার:

মাছ উৎপাদনে অবদান রাখায় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার কর্তৃক বিশেষ সম্মাননা পেয়েছেন পাটোয়ারী বহুমুখী এগ্রো ফিসারিজের স্বত্বাধিকারী বায়েজীদ হোসেন পাটোয়ারী।

সোমবার দুপুরে (১৮ই আগষ্ট) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা অর্জন করেন তিনি।

বায়েজিত হোসেন পাটোয়ারী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাহেরগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মাছ চাষের মাধ্যমে কুমিল্লা জেলার মাছের চাহিদা পুরনে বিশেষ অবদান রেখে আসছেন।

মনোহরগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দোলার গণসংযোগ

স্টাফ রিপোর্টার:

(লাকসাম-মনোহরগঞ্জ) আসনের রাজনীতিতে নতুন চমক সাবেক এমপি কর্ণেল (অব.) এম. আনোয়ার উল আজিমের সুযোগ্য একমাত্র কন্যা সামিরা আজিম দোলা।

গত রোববার (১৭ আগস্ট) দুপুরে মনোহরগঞ্জ উপজেলায় ৬নং ইউনিয়ন মৈশোতুয়া প্রতিটি ওয়ার্ড এ পথসভা করেন সাবেক সংসদ সদস্য মরহুম কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিমের একমাত্র কন্যা সামিরা আজিম দোলা।


বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মনোহরগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়েছেন তিনি।

চান্দিনায় প্রেমিক যুগলের আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করায় দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করায় এক দারোয়ানকে চারতলার ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক প্রেমিক যুগলের বিরুদ্ধে।

আজ সোমবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে গত শনিবার রাত ৯টায় চান্দিনা উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ রোডের ইসলাম ট্রেডার্সের মালিক শিহাব মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।

নিহত দাঁড়োয়ান সোহেল মিয়া দেবীদ্বার উপজেলার সুলতপুর ইউনিয়নের সুলতানপুর (গজারিয়া) গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে। সে চান্দিনা পল্লী বিদ্যুৎ রোডের ইসলাম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে দারোয়ানের চাকুরি করতেন।

অভিযুক্তরা হলেন- কোরপাই সাদাত জুট মিলের শ্রমিক আহাদ মিয়া (১৭)। একই কারখানার নারী শ্রমিক ফেরদৌসী আক্তার (২০)।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ-উল-ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসার নিচতলায় ভাড়ায় বসবাস করতেন মাকসুদা আক্তার খুকি নামের এক নারী। তিনি স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে সেবিকা হিসেবে কাজ করেন। তার বড় বোন রত্না বেগম ও তার ছেলে আহাদ মিয়া (১৭) পার্শ্ববর্তী কোরপাই সাদাত জুট মিলে শ্রমিক হিসাবে কাজ করেন। কাজের সুবাদে ওই মিলের নারী শ্রমিক ফেরদৌসী আক্তারের (২০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আহাদ মিয়ার। খালা হাসপাতালে থাকায় গত ১৬ আগস্ট রাত ৮টায় প্রেমিকা ফেরদৌসীকে খালার বাসায় নিয়ে আসেন আহাদ।

এ সময় বাসার ছাদে উঠে প্রেমিক যুগল। একপর্যায়ে দাঁরোয়ান সোহেল বাসার ছাদে উঠে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। এ সময় প্রেমিক যুগলের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে বাসার ছাদ থেকে পড়ে যায় সোহেল মিয়া। পরে আহতাবস্থায় সোহেলকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। আজ সোমবার সকালে সোহেলের মৃত্যু হয়।

বাসার মালিক শিহাব জানায়, ‘গত শনিবার রাতে খবর পেয়ে আমি ঢাকা থেকে চান্দিনার বাসায় আসি। পরে পুলিশ এসে প্রাথমিকভাবে বিস্তারিত জানেন। প্রেমিক যুগল কাউকেই আমি চিনি না। আর নিহত সোহেল আমার ফার্মের দারোয়ানের চাকুরি করতো।’

আহাদ মিয়ার খালা মাকসুদা আক্তার খুকি জানায়, ‘আমি হাসপাতালে যাওয়ার সময় বাসায় তালা দিয়ে যাই। রাত ৯টায় এ ঘটনা শুনে বাসায় এসে দেখি বাসায় পুলিশসহ অনেক মানুষ। আমার বোনের ছেলে এবং ওই মেয়েকে আমি বাসায় এসে পাইনি।’

ওসি জাবেদ উল ইসলাম জানায়, ‘গত শনিবার রাতে এ ঘটনার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তখন আহতের পরিবার জানায়, চিকিৎসা কাজ শেষ করে থানায় অভিযোগ করবেন। সোমবার সকালে আহত যুবকের মুত্যুর পর আমরা যোগাযোগ করার পর নিহতের মা জানিয়েছেন তারা মামলা করবে না।’

কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারি আটক

কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

সোমবার (১৮ আগষ্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া উপজেলার বগাবাড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১। এ সময় সাড়ে ৩২ কেজি গাঁজা ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারি আটক

আটককৃতরা হলেন, বেবী বেগম (৫০) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার হঠাৎপাড়া গ্রামের মৃত. ফজল করিমের মেয়ে, শিল্পী বেগম (৩০) ডিএমপি ঢাকা রূপনগর থানার মিরপুর ৬ নং ট ব্লকের মোঃ রবু মাতবরের মেয়ে এবং মোঃ সোহেল (২৫) একই ব্লকের মোঃ জহুরুল ইসলাম মুন্সীর ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।