All posts by jitu

দাউদকান্দিতে আওয়ামীলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এই শ্লোগানে ঝটিকা মিছিলের ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীদের আসামী করে থানায় মামলা দায়ের করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতুলি ধীতপুর এলাকায় আওয়ামী লীগের ব্যানার হাতে ঝটিকা মিছিল করে বেশ কিছু নেতা-কর্মী। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের পদধারী নেতা-কর্মীরা সরকার বিরোধী মিছিল ও শ্লোগান দিয়ে অপরাধ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশের নিরাপত্তা বিঘ্ন করে সরকারের প্রতি জনমনে ঘৃনা ও আতংক সৃষ্টি করার অপরাধ করে তারা। ওই ঘটনায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের ২১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর আহমেদ ।

মঙ্গলবার রাতে দাউদকান্দি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩জন এবং এর আগে মিছিল থেকে চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সোহেল মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফয়সাল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ৪জন । আজ ১৭ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, নাশকতার অভিযোগে তাদেরকে গ্রেপ্তাকৃত সাতজনকে আজ বুধবার দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসুফ মোল্লা টিপু: বল্লভপুরে ২ দোকানিকে নগদ অর্থ ও মালামাল প্রদান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড বল্লভপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই দোকানদারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও মানবিক সংগঠন ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু।

ঘটনাটি ঘটে বল্লভপুরের কিস্তি মার্কেটে, যেখানে হঠাৎ করে আগুন লেগে দুটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে ব্যবসায়ীরা তাদের মূল্যবান মালামাল ও অর্থনৈতিকভাবে চরম ক্ষতির মুখে পড়েন।

ঘটনার খবর জানার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় ইউসুফ মোল্লা টিপু সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।

তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কিস্তি মার্কেটে গিয়ে দুই দোকানদারকে নগদ অর্থ এবং পুনরায় ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় মালামাল প্রদান করেন।

সহায়তা প্রদানকালে ইউসুফ মোল্লা টিপু বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবতা। আমি রাজনীতি করি মানুষের সেবার জন্য। এই দোকানদার ভাইরা আমাদের সমাজের পরিশ্রমী মানুষ। তাদের ক্ষতি হয়েছে মানেই সমাজের ক্ষতি হয়েছে। আমার সামর্থ্যের মধ্যে থেকে আমি তাদের পাশে দাঁড়িয়েছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।”

তিনি আরও বলেন, “রাজনীতি যদি মানবিক না হয়, তবে সেটা মানুষের কল্যাণে আসবে না। আমাদের প্রত্যেককেই যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে।”

ইউসুফ মোল্লা টিপু তাঁর সংগঠন ‘বিবেক’-এর মাধ্যমেও নিয়মিত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করে থাকেন। শুধু রাজনীতিবিদ নয়, একজন সমাজসেবক হিসেবেও তাঁর ভূমিকা এলাকাবাসীর কাছে প্রশংসিত।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত দুই দোকানদার বলেন, “আমরা যখন দিশেহারা, ঠিক তখনই টিপু ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। শুধু টাকা-পয়সা নয়, তিনি আমাদের মানসিক সাহসও দিয়েছেন। আমরা কৃতজ্ঞ।”

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক,কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজ,২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতাহের হোসেন,সহ- সভাপতি কামাল হোসেন,সাধারণ সম্পাদক আবু সাঈদ,প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম হিরুন,কুমিল্লা মহানগর ছাএদলের সভাপতি নাহিদুজ্জামান রানা,২৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কবির হোসেন,বিএনপির সদস্য মিন্টু মিয়া,আসলাম মিয়া,যুবদল নেতা রিয়াদ, শরীফ,শ্রমিকদল নেতা দেলোয়ার হোসেন, আলম সহ আরো অনেকে।

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের বিক্ষোভ 

রকিবুল ইসলাম (ম্যাক রানা):

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক ৩ দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক  প্রত্যাখ্যানের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন এর ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা  কোটবাড়ি সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবী সম্বলিত বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে স্লোগান দেয়।

বিক্ষভরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে সড়কে বসে ঘন্টা ব্যাপী বিক্ষোভ করে। এ সময় সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান তাদের দাবি না মানা নামা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

দাউদকান্দিতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহেল মাহমুদ গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সোহেল মাহমুদকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি থানা পুলিশ।

মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সরকারের আমলে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে। শুধু তাই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বৈরাচার এমপি সবুরের পক্ষে ছাত্র-ছাত্রীর উপর নির্মম নির্যাতন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত ১৬ সেপ্টেম্বর দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ,আওয়ামী লীগ, যুবলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এই ঝটিকা মিছিল সোহেল মাহমুদের সহযোগিতা এবং উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। এ ঘটনায় এর আগে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে।

স্বৈরাচারের পৃষ্ঠপোষক হিসেবে বর্তমানে অন্তবর্তী কালীন সরকারকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে সোহেল মাহমুদকে সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুরে নবজাতক’কে কবরস্থানে রেখে যাওয়া সেই আসামী আটক

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে নবজাতক’কে কবরস্থানে রেখে যাওয়া সেই আসামী’কে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে চাঁদপুর শহরের ইউনাইটেড হাসপাতাল থেকে ফারুক গাজী নামে একজনকে আটক করা হয়। আটককৃত আসামী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও এলাকার গাজী বাড়ির বাসিন্দা মোঃ মুকবুল হোসেন গাজীর ছেলে।

চাঁদপুর শহরের তালতলা এলাকার দি ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন যাবত কাজ করা ওয়ার্ড বয় ফারুক গাজী জানান, উক্ত হাসপাতালের মালিক (পরিচালক) ইমাম হোসেন তাকে ৫’শ টাকা দিয়ে তাকে বলে চাঁদপুর পৌর কবরস্থানে গিয়ে নবজাতক’কে দিয়ে আসতে। এদিকে আসামী ফারুক গাজীকে আটকের পর সে প্রাথমিকভাবে হাসপাতালের দায়িত্বে থাকা ঘটনার সাথে জড়িত কয়েকজনের নাম বলেন। পরবর্তীতে হাসপাতালে চাঁদপুর ডিবি পুলিশ গিয়ে তদন্ত করাকালীন ঘটনার সাথে জড়িত বাকিরা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় ধারাবাহিক অভিযানে সিসি ক্যামেরার ফুটেজ থেকে তাকে সনাক্ত করা হয় এবং দি ইউনাইটেড হসপিটাল থেকে তাকে আটক করা হয়। এর সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা যায়, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর পৌর কবরস্থানের কবর খোদক শাহজাহানের নিকট আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি একটি কার্টুনে করে শিশুটিকে হস্তান্তর করে। তিনি জানান, শিশুটি দুই-তিন মাস বয়সী এবং মৃত, তাই দ্রুত কবরস্থ করার অনুরোধ করেন। কবর খোদক শাহজাহান মিয়াজী বলেন, “নামাজের সময় হয়ে যাওয়ায় আমি বাচ্চাটিকে আমার সহকর্মীর কাছে রেখে নামাজে যাই। সহকর্মী কবরস্থ করার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎই দেখতে পান শিশুটি নড়ছে। খবর পেয়ে আমি এসে দেখি বাচ্চাটি এখনো জীবিত।” ঘটনার খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে ছুটে যান। পরে তারা শিশুটিকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত এনআইসিইউতে ভর্তি করানো হয়।

পরে আট ঘন্টা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শিশুটি এদিন রাত ৯টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। হাসপাতাল সূত্রে জানা যায়, নবজাতকটির ওজন ছিল ৮০০ গ্রাম। তাকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়। নবজাতকটিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে আনা হলে বিনা খরচে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু রাত ৯টার দিকে সে মারা যায়। স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের সহযোগিতায় রাত আড়াইটায় তাকে দাফন করা হয়।

চান্দিনায় সরকারি বরাদ্দে হরি লুট: ছয় দরজা, ছয় জানালা ও তিন কক্ষের টাইলস লাগানোর ব্যয় ২০ লাখ টাকা!

শরীফুল ইসলাম, চান্দিনা:

কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে অবস্থিত চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয়ের তিনটি কক্ষ সংস্কারে অনিয়ম ও অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। বিদ্যালয়টির তিন কক্ষে লোহার ছয়টি দরজা, ছয়টি জানালা ও নিম্নমানের ১৩শ বর্গফুট টাইলস লাগিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা চলছে।

খোঁজ নিয়ে জানা যায়- ওই বিদ্যালয়ের নানা সংস্কারের জন্য ২০ লাখ টাকার বরাদ্দ দিয়ে দরপত্র আহবান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। মেসার্স এম এনায়েত উল্লাহ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সংস্কার কাজটি পায়। ওই বিদ্যালয়ের একটি ভবনের ২টি শ্রেণি কক্ষের ৪টি দরজা ও ৬টি জানালা, ছাদ সংস্কার এবং একটি অফিস কক্ষ, শিক্ষক মিলনায়তন ও একটি নামাজের কক্ষের ১৩শ বর্গফুট টাইলস লাগানো এবং নামমাত্র রংয়ের কাজ করে ঠিকাদার প্রতিষ্ঠানটি। তাতেই সংশ্লিষ্ট দপ্তরকে ম্যানেজ করে বরাদ্দের ২০ লাখ টাকা হজমের পায়তারা করছে ঠিকাদার।

অথচ ওই বিদ্যালয়ের একাধিক সূত্র জানায়- দুইটি শ্রেণি কক্ষ ও একটি নামাজের কক্ষে লোহার সিঙ্গেল পার্টের ৬টি দরজায় ৩৫ হাজার টাকা, ৬টি জানালায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং একটি কক্ষের জানালায় সিট লাগানোর খরচ ১০ হাজার টাকা ধরলে ১ লক্ষ টাকার মতো খরচ হয়েছে। ৩টি কক্ষে ১৩শ বর্গফুট ১৬/১৬ ইঞ্চি টাইলস লাগানোর খরচ ১ লক্ষ ২০ হাজার টাকা, একটি কক্ষ ও একটি ভবনের ছাদে সিলেকশন পাথর, বালু ও সিমেন্টে এক ইঞ্চিরও কম ঢালাই দেয়ার খরচ ৫০ হাজার এবং নামমাত্র রংয়ের কাজসহ অন্যান্য কাজে আরও সর্বোচ্চ ১ লক্ষ টাকা হিসেব করলেও সর্বমোট ৪ লাখ টাকার বেশি খরচ হওয়া কথা না। ওইসব সংস্কার করে উপজেলা শিক্ষা প্রকৌশলীর যোগসাজসে ২০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠানটি।

যেখানে ওই কাজটি ৩-৪ লাখ টাকায় করা সম্ভব সেখানে ২০ লাখ টাকা ব্যয় দেখিয়ে ‘বিদ্যালয় সংস্কার ও মেরামত’ প্রকল্পের ২০ লাখ টাকা হজম করার চেষ্টাকে অস্বাভাবিক এবং স্বৈরাচার আওয়ামী লীগ শাসনামলের ‘বালিশ কান্ডের’ ঘটনার ন্যায় বলছেন বিদ্যালয়ের একাধিক শিক্ষক।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ভৌমিক জানান- বিদ্যালয়ের সংস্কার কাজ শুরু করার পর থেকে আমি ঠিকাদারকে সিডিউল দেখাতে বললে তিনি আজও আমাকে সিডিউল দেখাননি। নিজের ইচ্ছেমত লোক পাঠিয়ে কখনও বালু সিমেন্টর কাজ করছেন, কখনও দরজা জানালা লাগান আবার কখনও টাইলস ও রংয়ের কাজ করেন। যে দুইটি শ্রেণি কক্ষের কাজ করেছেন সেখানে বারান্দার কিছু অংশের ঢালাই উঠিয়ে নতুন করে ঢালাই দিলেও সেগুলো ২দিন পরেই উঠতে শুরু করে। হাত দিয়ে খোঁচা দিলে বালু ছাড়া আর কিছু বের হচ্ছে না। একটি কক্ষের ছাদের উপর মেরামত করেছে সেই কক্ষে আবারও বৃষ্টির পানি পড়ছে। কিন্তু যখন জানতে পারি এই কাজের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ তখন আমরা হতবাক হই! কাজের এমন অনিয়ম
নিয়ে আমি উপজেলা শিক্ষা প্রকৌশলীকে বিষয়টি অবহিত করেছি।

মেসার্স এম এনায়েত উল্লাহ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটির সত্বাধিকারী মো. এনায়েত উল্লাহ এনাম জানান- আমি খুব শীঘ্রই প্রধান শিক্ষককে কাজের সিডিউল পাঠিয়ে দিব। কাজের মান খারাপ সম্পর্কে তিনি বলেন- আমাদের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, আরও কিছু রংয়ের কাজ বাকি আছে। আর ঠিকাদারির কাজ তো, কিছু ১৯/২০ হবেই।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী লক্ষণ সূত্রধর জানান- মূলত ওই টেন্ডারটি হয়েছে জেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে। বিদ্যালয়টির দুইটি কক্ষ, একটি নামাজের স্থান এবং ছাদের কিছু অংশের সংস্কার করার জন্য ইস্টিমেট করা হয়। ওই ইস্টিমেটেই কাজ করা হয়েছে। এখন কিছু রংয়ের কাজ বাকি আছে।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান- বিষয়টি আমি শুনেছি। যেহেতু ওই বিদ্যালয়টি সভাপতিও আমি সেহেতু আমি সিডিউল অনুযায়ী কাজের মান না দেখে স্বাক্ষর করবো না।

দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

সোহরাব হোসেন, দেবিদ্বার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের মিঠাপুকুরিয়া এলাকায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—মুসলেম উদ্দিনের বড় ছেলে সেহাগ মিয়ার কন্যা নাবিলা (২) এবং দ্বিতীয় ছেলে আবদুল জলিলের একমাত্র পুত্র জারিফ (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শিশু নাবিলা ও জারিফ তাদের কাকা আবু সাঈদের পেছনে পেছনে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর থেকেই তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দাদা মুসলেম উদ্দিন খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পান। দ্রুত উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, “একই পরিবারের দুই শিশুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া:

‎জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশ ব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় চারা উত্তোলন (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের ৫ হাজার চারা বিতরণ করা হয়েছে।

‎উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সামাজিক বন বিভাগে বাস্তবায়নে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সঞ্চালনা করেন উপজেলা বন কর্মকর্তা মো. মাহবুবুল হক।

‎এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার (ইউনানি) ডা. মো. সোহেল রানা, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের আব্দুল লতিফ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ পর্যায়ে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসায় সাড়ে তিন হাজার বিভিন্ন ফল, ঔষুধি ও বনজ গাছের চারা বিতরণ করা হবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে দেড় হাজার বিভিন্ন ফল, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করা হবে।

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের ২৪ ঘন্টার মধ্যে চাঁদপুর থেকে উদ্ধার

স্টফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে অন্তত দুই কোটি টাকা মূল্যের গার্মেন্টস্ পণ্য বোঝাই কাভার্ডভ্যান ছিনতাইয়ের ২৪ ঘন্টার মধ্যে চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন।

পুলিশ সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে কেছকিমুড়া এলাকা থেকে গার্মেন্টস্ পণ্যবোঝাই কাভার্ডভ্যান(চট্টমেট্রো-ট-১১-৮০৬৮) অজ্ঞাতনামা দুইটি পিকআপে থাকা ৮-৯ জনের ডাকাতদল বেরিকেড দিয়ে ছিনতাই করে নিয়ে যায়। পরে ডাকাতদল কাভার্ডভ্যানের চালককে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে তাকে মহাসড়কের কালিরবাজার এলাকায় ফেলে যায়।

খবর পেয়ে এএসপি সার্কেল (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট) নিশাত তাবাাচ্ছুম ও চৌদ্দগ্রাম থানার এসআই অভিজিৎ এর নেতৃত্বে একটি টিম জিপিএস লোকেশান ট্র্যাকিং করে চাঁদপুর সদর থানা পুলিশের সহায়তায় হরিনাঘাট এলাকা থেকে পরিত্যক্ত ও অক্ষত অবস্থায় কাভার্ডভ্যানটি উদ্ধার করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, ছিনতাইয়ের ২৪ঘন্টার মধ্যে চাঁদপুর থেকে কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মেঘনায় তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে মেঘনা উপজেলার শেখেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, দুর্নীতি প্রতিরোধ, মাদক, বাল্যবিবাহ, গুজব, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেঘনা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহাগ ভট্টাচার্য্য ও সাখাওয়াত হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন শেখেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার। নারী সমাবেশে বক্তাগণ বলেন, বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে সবার অংশগ্রহণ নিশ্চিতের জন্য শিক্ষা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। নারীদের গৃহস্থলি কাজের পাশাপাশি কারিগরিমূলক শিক্ষা বা ট্রেনিং গ্রহণ খুবই জরুরী। নারীদের তথ্য স্বনির্ভর ও কর্তব্য পরায়ন হতে হবে। সকল ক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠা ও চাকুরীতে নারীর অংশগ্রহণ নিশ্চিত জরুরী। ছাত্র-ছাত্রীর প্রতি সকল অভিভাবককে সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের মতো অপরাধমূলক কার্যক্রমে আপনার সন্তান যুক্ত হতে না পারে। সকল শিশুদের নৈতিক শিক্ষা ও বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান।

বক্তাগণ আগামী ১২ অক্টোরব ২০২৫ শুরু হতে যাওয়া ৯ মাস থেকে ১৫ বছর সকল শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করেন। নারী সমাবেশের শুরুতে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।