All posts by jitu

শুভ্র কাশফুলের শোভায় মেতেছে কুবি!

 

নদীমাতৃক বাংলাদেশে বর্ষার শেষে আসে শরৎকাল। শরৎকাল প্রকৃতিতে নিয়ে আসে সৌন্দর্যের ভান্ডার। এ সময় প্রকৃতি আপন সৌন্দর্যে মেতে ওঠে। নদীর পাশে,পাহাড় ঘেষে কাশফুলের সৌন্দর্যে প্রকৃতি যেন এক অনন্য মাত্রায় পৌঁছে যায়। তখনই জীবনানন্দ দাশের উক্তি মনে পড়ে যায়ঃ “আকাশে বেলা ফুরায়; শরৎ আসে। কাশবন উতলা হাওয়ায় হেলে যায় গোধূলির পাশে।”

কুবি যেন এক কাশফুলের স্বর্গরাজ্য।ক্যাম্পাসের প্রতিটি আনাচে-কানাচে পাহাড় ঘেষে কাশফুল মেতে উঠেছে। কারণ,শরৎকাল মানেই প্রকৃতি ও পরিবেশের এক নৈসর্গিক বন্ধন। যেখানে কাশফুল ফোটে, সাথে মেতে ওঠে পরিবেশ। এ সময়ে প্রকৃতি তার সৌন্দর্য প্রকাশে কমতি রাখে না। ঠিক তেমনই যেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লাল মাঠির ক‍্যাম্পাসে পাহাড় ঘেষে বেড়ে ওঠা প্রতিটি কদমে যেন প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য দেখা যায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়ই নয়,বরং এ যেন প্রকৃতির এক সৌন্দর্যের অভয়ারণ্য। পাহাড় আর প্রকৃতির কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবেই সুন্দর। পাহাড়ের গা ঘেঁষে বেড়ে ওঠা কাশফুলের সৌন্দর্য যেন তার মাত্রা দ্বিগুণ করেছে। শুভ্র কাশফুলগুলো শরতের বার্তা দিয়ে শুরু করে ,আর রিক্ত শীতের আগমনে হারিয়ে যায়।

সবুজ গাছপালা ও পাহাড়ের মধ্যে উঁকি দেওয়া কাশফুলগুলো প্রকৃতিতে এনেছে প্রাণ। ক্যাম্পাসের শিক্ষার্থী ও প্রকৃতিপ্রেমিদের কাছে এ যেন এক স্বপ্নময় জায়গা। সকালে যখন শিক্ষার্থীরা ব্যায়ামের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে যায়,ঠিক তখনই কাশফুলের সৌন্দর্যে বিমোহিত হয়। এ শুভ্র ফুলগুলো যেন তাদের মনকে সজীব করে দেয়। প্রফুল্ল মন নিয়ে দিনটা শুরু হয়। আবার যখন, দুপুরের তপ্ত গরমে ক্লান্ত হয়ে যখন ক্লাস শেষে শিক্ষার্থীরা বের হয় ঠিক তখনই সবুজ প্রকৃতিতে ফোটে ওঠা কাশফুলগুলো সমস্ত ক্লান্তি দূর করে দেয়।

ক্যাম্পাসের গেইট থেকে হাঁটতে হাঁটতে শহীদ মিনারে যাওয়ার পথে,রাস্তার দুই ধারে দেখা যায় সাজানো-গোছানো অসংখ্য গাছপালা। ক্যাম্পাসের উঁচু নিচু পাহাড়ি পথ ধরে সামনে অগ্রসর হলে দেখা যায় এই প্রাকৃতিক সৌন্দর্য । পাহাড়ের কোল ঘেষে বেড়ে উঠা এই কাশফুলের স্বর্গরাজ্যের কোথাও উঁচু আবার কোথাও নিচু ঢেউ খেলানো। প্রকৃতি প্রেমিদের কাছে ফুলগুলো যেন তার সৌন্দর্য মেলে দিয়েছে । সৌন্দর্যের এ মিলনমেলা দেখতে প্রতিদিনই প্রকৃতিপ্রেমীরা এখানে ভীড় করে। বাতাসে কাশফুলের এদিক সেদিক হেলে যাওয়া প্রতিটি প্রকৃতি প্রেমির মনকে আন্দোলিত করে। হাঁটতে আসা পথিকরা কিছু সময় দাঁড়িয়ে এ সৌন্দর্য উপভোগ করেন। কেউ আবার প্রিয় মানুষের সাথে মোবাইলে ছবি তুলেন।

লেখক:
রাকিবুল ইসলাম সৈকত
বিভাগ: ইংরেজি, ১৮তম ব্যাচ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

‎ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার

‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া:

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি নাম্বারবিহীন পুরোনো পালসার মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ চান্দলা এলাকার টানা ব্রীজ সংলগ্ন সড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে বড়ধুশিয়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, সীমান্তবর্তী এলাকা থেকে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে গাঁজা নিয়ে আসছে। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এসআই আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

‎সকাল ৮টায় মন্দবাগের দিক থেকে একটি মোটরসাইকেল আসতে দেখে পুলিশ থামার সংকেত দেয়। তখন মোটরসাইকেল আরোহী দুজন হঠাৎ নামতে গিয়েই একটি ফিরোজা রঙের ট্রাভেল ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে খাকি টেপে মোড়ানো দুটি প্যাকেটে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, অজ্ঞাতনামা মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মরহুম গোলাম ছাদেক সাঈদী আড়াইবাড়ী পীর সাহেবের স্মরণে দোয়া অনুষ্ঠিত

শাহ ফয়সাল কারীম:

কুমিল্লা বুড়িচং উপজেলা সোমবার শিকারপুর দারুল কোরআন জিলানীয়া আলিম মাদরাসার হলরুমে ১ম বর্ষের ছবক অনুষ্ঠান,মরহুম গোলাম ছাদেক সাঈদী আড়াইবাড়ী পীর সাহেবের স্মরণে দোয়া ও পবিত্র সীরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাওঃ গোলাম পরোয়ার সাঈদী পীর সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মোঃ আব্দুল মান্নান।

অতিথিরা বলেন শিক্ষার জাতির মেরুদন্ড, যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রত্যেকটা মুসলমানকে পালন করতে হবে, তাহলে দুনিয়া আখেরাত শান্তি আসবে। তাই আসুন হিংসা বিবাদ ভুলে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করি,এদেশের মাটিতে একদিন ইসলামের বিজয় আসবে।

এই সময় উপস্থিত ছিলেন দারুল কোরআন জিলানীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ রুহুল আমিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

চাঁদপুরের শাহতলী জিলানী চিশতী কলেজে নবীন-বরন অনুষ্ঠিত

মাসুদ হোসেন, চাঁদপুর:

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহতলী জিলানী চিশতী কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে কলেজের সিনিয়র সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের আজীবন দাতা সদস্য, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি’র বক্তব্যে সোহেল রুশদী বলেন, আমি নবাগত সকল শিক্ষার্থীদের স্বাগতম ও অভিনন্দন জানাচ্ছি। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত সদরের প্রথম বেসরকারি কলেজ এটি। আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব কলেজটি প্রতিষ্ঠা করেছেন। তিনি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। এটি তৃণমূল পর্যায়ে নারীদের জন্য নিরাপদ প্রতিষ্ঠান। সন্ত্রাস ও মাদকমুক্ত প্রতিষ্ঠান। এ কলেজের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। শিক্ষকরা যথেষ্ট মেধাবী ও আন্তরিক। এ কলেজে সকল বিষয়ে দক্ষ শিক্ষক রয়েছে। আশা রাখি আগামীতেও তোমরা ভালো ফলাফল করবে। গভর্নিং বডি, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ের প্রতিষ্ঠানে এগিয়ে নিতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রধানগণ এসেছে। তোমাদের মোবাইল আসক্তি কমাতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে। বাল্যবিবাহ রোধ করতে হবে।ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, আজকে যারা নবীন তাদের জন্য এ দিনটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা খুবই চমৎকার বক্তব্য দিয়েছে। তোমারাই আগামীতে দেশ পরিচালনা করবে। তাই তোমাদের সেভাবে গড়ে উঠতে হবে। এ কলেজে শিক্ষার মান অনেক ভালো। এটি মফস্বলের একটি গ্রাম পর্যায়ে কলেজ। স্বল্প বেতনে এখানে পড়াশোনার সুযোগ রয়েছে। সরকারি বিধি মোতাবেক মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনা হবে।

কলেজের ইংরেজী বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: তহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, মো: জিয়াউর রহমান, ফারজানা আক্তার, মো: হানিফ মিয়া, মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মানিক মিয়া, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, মো: মাহবুবুর রহমান, মোসা: মনোয়ারা খাতুন, ফরিদা আক্তার সহ অত্র এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন ও শিক্ষার্থীদের হাতে ক্লাস রুটিন তুলে দেন প্রধান অতিথি কলেজের আজীবন দাতা সদস্য সোহেল রুশদীসহ শিক্ষকবৃন্দগণ। এসময় মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

আখাউড়ায় ট্রেনের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ২

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার মনিয়ন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুলের স্ত্রী পপি আক্তার (২০) ও একই উপজেলার মান্দারপুর গ্রামের অটোরিকশাচালক সাদেক মিয়া (৩৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে অটোরিকশাটি কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামে যাচ্ছিলো। পথে মনিয়ন্দ এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী পপি আক্তার ও চালক সাদিক মিয়া নিহত হন।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানায়, অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আবারও গ্রেপ্তার দেবীদ্বার পৌরসভার মেয়র শামিম

সোহরাব হোসেন, দেবিদ্বার:

দেবীদ্বার পৌরসভার মেয়র সাইফুল ইসলাম শামিমকে আবারও গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি)। রবিবার রাতে কুমিল্লা শহর থেকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) তাকে কুমিল্লার আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।

প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট দেবীদ্বার কলেজ রোড এলাকায় সন্ত্রাসীরা স্কুলছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ ঘটনায় নিহতের বাবা আবুল খায়ের বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলায় আবুল কালাম আজাদ (সাবেক সংসদ সদস্য) ও তার ভাই মামুনুর রশিদসহ (উপজেলা চেয়ারম্যান) ৭৩ জনকে আসামি করা হয়। ওই মামলায় সন্ধিগ্ধ আসামিদের একজন ছিলেন পৌর মেয়র সাইফুল ইসলাম শামিম। বর্তমানে আহত আবু বকর এখনো চিকিৎসাধীন।

এ ছাড়া গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাব্বির হত্যা মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। এই মামলায় তিনি আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে গত ১৭ জুন কুমিল্লার নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে আদালতের জ্যেষ্ঠ বিচারক মাহবুর রহমান তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

সাইফুল ইসলাম শামিম নুরুল ইসলামের ছেলে। তিনি রাজী মোহাম্মদ ফখরুলের আস্থাভাজন এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ২০২৩ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত দেবীদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। ৪৪ হাজার ৫৮৭ ভোটের মধ্যে ১২ হাজার ১৪৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।

ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু বকরকে হত্যার উদ্দেশ্যে করা মামলার সন্ধিগ্ধ আসামি ছিলেন মেয়র শামিম।

হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু আমির হামজার, পানিতে ডুবে মৃত্যু

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু আমির হামজার (৬), পানিতে মৃত্যু হয়েছে তার।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর স্কুল সংলগ্ন নদীঘাটে এ ঘটনা ঘটে।

নিহত আমির হামজা দুলালপুর গ্রামের সৌদি প্রবাসি মোঃ মহিউদ্দিন এর ছোট ছেলে ও দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শেণির শিক্ষার্থী।

জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর তার খেলার সাথির সাথে নদীর ঘাটে যায়। এক পর্যায়ে সে নদীতে নেমে গোসল করতে থাকে। এমন সময় নদী দিয়ে একটি ট্রলার এর ঢেউ এসেড় তাকে ভাসিয়ে নিয়ে যায়। নদীর ঘাটে গোসল করতে থাকা মানুষজন হঠাৎ তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। এসময় কয়েকজন পানিতে নেমে তাকে খুঁজতে থাকে। কিছু সময় পর পানির বুদ বুদ দেখতে পেলে সেখান থেকে তাকে উদ্ধার করে তুলে আনা হয়। এরপর তাৎক্ষণিক তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

‎গ্রাম আদালত কার্যক্রমে জেলা পর্য্যায়ে প্রথম হয়েছে ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়ন পরিষদ

‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া:

‎জেলা পর্য্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক পর্যালোচনা ও করনীয় শীর্ষক সভায় প্রথম স্থান হয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদ।

(১৪ সেপ্টেম্বর) রবিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক পর্যালোচনা ও করনীয় শীর্ষক সভায় গ্রাম আদালতের মাধ্যমে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করায় শশীদল ইউনিয়ন পরিষদকে প্রথম স্থান ঘোষণা করা হয়।

জেলার ১৯৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম স্থান হয় শশীদল ইউনিয়ন পরিষদ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।

পরে শশীদল ইউনিয়ন পরিষদ প্রথম হওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ এর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি মোঃ আমিরুল কায়সার। তিনি শশীদল ইউনিয়ন পরিষদকে গ্রাম আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করায় ধন্যবাদ জানান।

মুরাদনগরে ছাগল চুরির অপরাধে ৬ জন কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ায় চোর চক্রের ৬ জন সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছেন স্থানীয়রা।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে পারভেজ (২২), একই গ্রামের রহিম মিয়ার ছেলে সাইদুল (২৩), শিশু মিয়ার ছেলে তামিম (২৩), বাদশা মিয়ার ছেলে ইসমাইল (২৫), শহিদ মিয়ার ছেলে ওমর ফারুক (২৫) ও গুঞ্জর গ্রামের ফুল মিয়ার ছেলে সুমন মিয়া (২২)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, দিঘীরপাড় গ্রামের জয়নাল হোসেনের মেয়ে নয় বছর বয়সী জাকিয়া সুলতানা নিজেদের দুইটি কালো রঙের পালিত ছাগল নিয়ে দিঘীরপাড় নুরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার রাস্তার পাশে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় একটি সিএনজিতে করে এসে চোর চক্রের ৬জন সদস্য জাকিয়া সুলতানা কে কৌশলে পানি আনতে মাদ্রাসার ভেতরে পাঠায়। মাদ্রাসা থেকে পানি এনে জাকিয়া সুলতানা দেখে তার একটি কালো রঙের ছাগল চুরি হয়ে গেছে। ছাগল হারিয়ে জাকিয়া সুলতানা কান্নাকাটি ও চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কলাবাগান মোরে রাস্তায় ব্যারিকেড দিয়ে একটি সিএনজি সহ চোর চক্রের ৬ জন সদস্য কে আটক করে।

এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে এবং ছাগল ও চুরিতে ব্যবহৃত সিএনজি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় রবিবার দিবাগত রাতে ভুক্তভোগী জয়নাল হোসেন বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি মামলা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আটককৃত ৬ জন চোরের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

দাউদকান্দিতে চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক আটক

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ চুন কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস কোঃ লিমিটেড এর গৌরীপুর অফিস এর টিম। রবিবার বিকালে ওই কারখানায় অভিযান চলাকালে কর্মরত আট শ্রমিককে আটক করা হয়েছে পুলিশ।

আটকৃতরা হলো নেত্রকোনা জেলার আবুল কালাম(৩৫), দুলাল মিয়া(৩২), আবু কালাম(৩৯), মোঃ সোহাগ মিয়া(৩০), মোঃ সুজন মিয়া(৪১), মোঃ চান মিয়া(৩৮), আঃ লতিফ(৪০) ও সুনামগঞ্জ জেলার মাইদুল ইসলাম। অবৈধ চুন কারখানার মালিক সহ ৮ শ্রমিকের বিরুদ্ধে রাতে থানায় মামলা দায়েরের করা হয়েছে। আজ সোমবার সকালে আটককৃত শ্রমিকদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

বাখরাবাদ গ্যাস কোঃ লিমিটেড এর গৌরীপুর অফিসের ইনচার্জ অম্লাণ কুমার দত্ত জানান, গোপন তথ্যের ভিত্তিতে গৌরীপুর অফিস এর টিম আমিরাবাদ বাস স্ট্যান্ডের পশ্চিম দিকে রাজিব এর গ্যারেজ সংলগ্ন স্থানে স্থাপিত বিজিডিসিএল এর ৪” বিতরণ লাইন হতে অবৈধভাবে দুইটি সার্ভিস-টি স্থাপন করেন। মেইন লাইন আনুমানিক ৮০ ফুট দূরে একটি চুন কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করে। ওই কারখানায় অভিযান পরিচালনাকালে মোট ১৩টি ফোকাস বার্নার পাওয়া যায়। এ গ্যাস বার্ণার দিয়ে প্রতিদিন ৫০/৬০ হাজার টাকার গ্যাস সরকারের ক্ষতি সাধন হতো।

অভিযান পরিচালনাকারী টিম উক্ত অবৈধ চুন কারখানায় কর্মরত মোট ০৮(আট) জন কর্মীকে আটক করে এবং পরবর্তীতে দাউদকান্দি থানায় পুলিশি হেফাজতের জন্য হস্তান্তর করে। পরে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ বাদী হয়ে ১৩ জনের নামে মামলা দায়েরের করেন।

দাউদকান্দি মডেল থানা ওসি মোঃ জুনায়েদ চৌধুরী বলেন, অবৈধ ভাবে চুন কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কালে ৮ জন শ্রমিক আটক করা হয়েছে। বাখরাবাদ গ্যাস কোঃ লিমিটেড এর গৌরীপুর অফিস বাদী হয়ে একটা মামলা দায়ের করেন। আটককৃতদেরকে আজ সোমবার সকালে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।