Tag Archives: গাছের সাথে এ কেমন শত্রুতা

গাছের সাথে এ কেমন শত্রুতা! ২০ শতক জমির লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা এলাকার এক কৃষকের চাষ করা লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে মুরাদনগর উপজেলার ও হোমনা উপজেলার সীমানাঘেষা তিতাস নদীর পাড়ের জমিতে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, পাঁচকিত্তা গ্রামের কৃষক ইব্রাহিম মিয়ার নিজেরও নেই কোন জমি। অন্যের কাছ থেকে জমি ভাড়া নিয়ে সবজি চাষ করেন তিনি। এ বছরও একটি এনজিওর কাছ থেকে কিস্তিতে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে ২০ শতক জমিতে আগাম সবজির চাষাবাদ করেছেন। রবিবার সকালে খেতে গিয়ে দেখেন তার জমির শত শত গাছ কাটা। মরে যাচ্ছে ৪০ দিন আগে জমিতে চাষ করা লাউ গাছ।

এমন ন্যাক্কারজনক ঘটনা মেনে নিতে পারছেন না গ্রামের সাধারণ মানুষ। তাদের দাবি ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ফসলের ক্ষতি সাধনের উদ্দেশ্যে ঘটানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

কৃষক ইব্রাহিম মিয়ার দাবি, লাউ চাষ করা জমিটি অন্য এক ব্যক্তি ভাড়া নিতে চেয়েছিলেন। জমিটি ভাড়া নিতে না পেরে, ক্ষুব্ধ হয়ে এই কাজ করতে পারেন বলে ধারণা তার। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে হোমনা উপজেলার সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।

কৃষক ইব্রাহিম আরো জানান, কিছুদিন পরেই জমিতে চাষ করা গাছের লাউ গুলো বিক্রয়ের উপযোগী হত। আনুমানিক ২ লক্ষ টাকা বিক্রয় করা যেত চাষ করা লাউ। কিন্তু এক রাতেই সেই স্বপ্ন ভেঙে চৌচির। কিছুক্ষণ পরপরই কান্নায় ভেঙে পড়ছেন কৃষক ইব্রাহিম। বারবার একটা কথাই বলছেন, এখন আমি এই কিস্তির ঋণ কিভাবে শোধ করব? আর সংসারের খরচইবা চালাবো কিভাবে?

হোমনা উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহমুদুল হাসান জানান, ফেসবুকের মাধ্যমে বিষয়টি তার নজরে এসেছে। সরেজমিনে পরিদর্শন শেষে ভুক্তভোগী কে সুষ্ঠু বিচার পাইয়ে দেয়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি রিপোর্ট প্রদান করা হবে।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষককে সুষ্ঠু বিচার পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, বিষয়টা খুবই দুঃখজনক। একজন কৃষকের কষ্ট করে লাগানো গাছের লাউ বিক্রয়ের টাকায় হয়তো তার সংসার চলত। যে এই ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত তার যেন বিচার হয়, সেজন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ কার্যক্রম গ্রহণ করা হবে।

গাছের সাথে এ কেমন শত্রুতা!

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

এটা কেমন শত্রুতা আর কেমনইবা প্রতিশোধ। কুমিল্লার তিতাসে তারিকুল ইসলাম নামের এক ব্যক্তির ৪০ শতাংশ বাগানের পেঁপে, আম ও লিচুসহ বিভিন্ন জাতের ফল গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

ঘটানাটি ঘটেছে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগের গ্রামের ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী তারিকুল ইসলাম এর বাগান বাড়িতে।

ক্ষতিগ্রস্ত বাগান মালিক তারিকুল ইসলাম জানান, আমি এক বছর আগে নিজের জমিতে বিভিন্ন জাতের প্রায় ৪০০ গাছের চারা লাগিয়েছিলাম। এর মধ্যে গাছগুলোতে ফুল এবং ফল এসেছে। এমসয় আমার গাছ গুলো কেটে ফেলেছে।

বাগান পরিচর্যাকারী মোহাম্মদ আলী বলেন, সকালে বাগানে কাজ করতে এসে দেখি বাগানের আম, জাম, লিচু ও পেঁপে গাছ কাটা পড়ে রয়েছে। কে বা কারা রাতের অন্ধকারে গাছ গুলো কেটে রেখেছে তা আমি জানি না।

এ বিষয়ে ঐ গ্রামে বসবাসকারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন বলেন, সকাল ৬ টায় বাগান মালিক আমাকে বিষয়টি জানালে আমি বাগান পরিদর্শন করি। যারা গাছের সাথে শত্রুতা করে তারা দেশের শত্রু। এমন জঘন্য কাজ কোন সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারেন না। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।

এ ব্যপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাছের সাথে এ কেমন শত্রুতা

 

ডেস্ক রিপোর্টঃ

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে পানসিপাড়া গ্রামের সাবেক মেম্বর হুমায়ন কবির ও তার বড় ভাই সাফি উদ্দিনের ৮৯০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত হুমায়ন কবির জানান, শত্রুতা করে বুধবার রাতের কোনো এক সময় আমার পানসিপাড়া পদ্মার চরে মাঠে লাগানো ৮৯০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এর মধ্যে পেয়ারা গাছ ৭০০টি, আমগাছ ৯০টি ও মেহগুনি গাছ ১০০টি রয়েছে।

এতে তার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, মামলার প্রস্তুতি চলছে। মামলা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।