All posts by jitu

কুমিল্লায় হেয়ার কাট ও হেয়ার ট্রিটমেন্ট ওয়ান ডে ফ্রি মাস্টার ক্লাসের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বি.এস.বি.এন মহিলা সংগঠনের উদ্যোগে হেয়ার কাট ও হেয়ার বিষয়ক একদিনব্যাপী ফ্রি মাস্টার ক্লাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর দেশপ্রিয় কনভেনশন হল রুমে দিনব্যাপী এই ক্লাসের আয়োজন করা হয়।

মাস্টার ক্লাসে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা মেকআপ আর্টিস্ট মাসুদ খান এবং বি.এস.বি.এন যুব মহিলা সংগঠনের নির্বাহী পরিচালক সালমা ইসলাম নূপুর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এন.এস. ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক ফারজানা স্বর্ণা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইসহাক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম সরকার এবং মোহাম্মদ শহীদ উল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাশেদুল আলম।

দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা হেয়ার কাটিং ও হেয়ার কেয়ারের বিভিন্ন আধুনিক কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

আয়োজকরা জানান, নারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের প্রশিক্ষণের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

ডেস্ক রিপোর্ট:

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।  বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশে ভূমিকম্প অনুভূত হয়। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১১ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশসহ চীন, ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের ঢেকিয়াজুলিতে।

ইন্ডিয়া এবং বার্মা প্লেট এবং বাংলাদেশের ভূ-তাত্ত্বিক অবস্থান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানবে। রাজধানী ঢাকার আশপাশে বড় মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ঢাকা মহানগরীর।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ঢাকায় যদি ৭ মাত্রার ভূমিকম্পও আঘাত হানে, আমরাদের যে প্রস্তুতি, ভবনের স্ট্রাকচার, ঘনবসতি তাতে অনেক বড় বিপর্যয় হতে পারে।

‘মানুষের জন্ম চাকরি করতে নয়, উদ্যোক্তা হতে’

ডেস্ক রিপোর্ট:

মানুষের জন্ম চাকরি করতে নয়, উদ্যোক্তা হতে- এমন অভিব্যক্তি প্রকাশ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারো চাকরি করার জন্য জন্মায়নি, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য। তাই দেশে এমন আর্থিক ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে, যেন সবাই উদ্যোক্তা হওয়ার সুযোগ পায়।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের খিলজি রোডে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, এখনকার প্রজন্ম আগের মতো নয়। এখন গ্রামের ছেলেমেয়েরাও অনেক কিছু বোঝে, জানে, নিজস্ব চিন্তাভাবনায় সমৃদ্ধ। কাজেই এদের জন্য এমন একটি আর্থিক ও সামাজিক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা নিজস্ব উদ্যোগে কাজ করতে পারে, চাইলে এককভাবে কিংবা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা যদি একটি কাঠামো তৈরি করতে পারি যেখানে মানুষ নিজের উদ্যোগ শুরু করতে পারবে, এমনকি চাইলে বিনিয়োগকারী হিসেবেও যুক্ত হতে পারবে, তাহলে এই পরিবর্তন বাস্তবায়ন সম্ভব।

অধ্যাপক ইউনূস মনে করেন, যে কেউ চাইলে প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে পারবে, আবার ইচ্ছা করলে ব্যক্তি উদ্যোগেও এগিয়ে যেতে পারবে। এমনকি কেউ চাইলে বিনিয়োগ সংগ্রহ করে নিজ এলাকায় উদ্যোগ পরিচালনা করতে পারবে।

তিনি বলেন, আমরা সামনে অগ্রসর হতে চাই। পরীক্ষামূলকভাবে দেখা যেতে পারে কোনটা ভালো, কোনটা মন্দ। কিন্তু ইতোমধ্যে কয়েক লাখ উদ্যোক্তা সৃষ্টি হয়েছে, যাদের অনেকে ছেলেমেয়ে মিলে দলগতভাবে কাজ করছে। এই অভিজ্ঞতাকে ভিত্তি করে এর সম্প্রসারণ ঘটানো সম্ভব।

পিকেএসএফ’র জন্ম ইতিহাসের দিকে ফিরে তাকিয়ে ড. ইউনূস বলেন, এর সূচনা হয়েছিল অনেকটা ঘটনাচক্রে। বিশ্বব্যাংক ২০ কোটি টাকা দিচ্ছিল, তা নিয়ে নানা পর্যায়ে চিঠিপত্র চালাচালি হচ্ছিল। আমি বলেছিলাম, এই চিঠিগুলো সংরক্ষণ করা হোক, এগুলো ইতিহাস। এই টাকা ঘিরেই সরকার, পরিকল্পনা কমিশন, দাতা সংস্থা— সবাই মিলে মতবিনিময় করেছে। তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল হুসাইন মুহাম্মদ এরশাদ পর্যন্ত নিজে তাতে যুক্ত হয়েছেন।

ড. ইউনূস বলেন, এই ২০ কোটি টাকা না এলে পিকেএসএফ হয়তো গঠিত হতো, কিন্তু এভাবে হতো না। তিনি জানান, সে সময় গঠন করা হয় একটি কমিটি, যার সভাপতি হন তৎকালীন পরিকল্পনামন্ত্রী এবং আমি নিজে সদস্য হই। প্রস্তাবনার ভিত্তিতে একটি নাম ঠিক হয়— পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

অধ্যাপক ইউনূস জানান, প্রাথমিকভাবে পিকেএসএফ যে উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল- তা সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে। তবে বিভিন্ন সময় কাঠামোগত ও নীতিগত চ্যালেঞ্জ এসেছে। বিশেষ করে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) সঙ্গে কিছু দূরত্ব তৈরি হয়েছে, যেটা দূর করা জরুরি।

তিনি বলেন, আমরা তো মাইক্রোক্রেডিট দিচ্ছি না। আমরা অংশীদার হই উদ্যোক্তার সঙ্গে। তাই এই কাঠামোকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে হবে।

ড. ইউনূস আরও বলেন, এখন সময় এসেছে এমন একটি আর্থিক কাঠামো দাঁড় করানোর, যেখানে প্রতিষ্ঠান নয়; ব্যক্তি উদ্যোক্তার পাশে দাঁড়াতে হবে। আমরা ব্যবসার পার্টনার হতে চাই। কেউ যদি ব্যবসার আইডিয়া নিয়ে আসে, আমরা তার সঙ্গে অংশীদার হব। শুধু ঋণ নয়— সোজা বিনিয়োগ। সে যদি পাঁচ লাখ টাকা চায়, আমরা দেব। তবে বিনিময়ে আমাদের শেয়ার থাকবে।

তিনি বলেন, এই মডেলে উদ্যোক্তা সফল হলে ধীরে ধীরে পুরো মালিকানা নিজের হাতে নিতে পারবে— এই ধারণার ভিত্তিতে তিনি একটি কাঠামো প্রস্তাব করেন, যেটি যৌথ মালিকানা থেকে সম্পূর্ণ মালিকানায় রূপান্তরযোগ্য।

প্রধান উপদেষ্টা বলেন, সে যদি ভালো করে, তাহলে আমাদের অংশ ক্রয় করে নিয়ে নিতে পারবে। আমরা চাই সামাজিক দৃষ্টিকোণ থেকে সহায়তা করতে।

তিনি আরও বলেন, আমরা তালিকা করে রাখিনি, কিন্তু বহু রকমের উদ্যোক্তা গড়ে উঠেছে। প্রযুক্তি এখন বড় সুযোগ এনে দিয়েছে। প্রযুক্তির মাধ্যমে আমরা প্রত্যেক ব্যক্তিকে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে যুক্ত করতে পারি। সে যে পথেই যেতে চায়, সেই সুযোগ করে দিতে হবে।

বর্তমান আইন কাঠামো যে প্রেক্ষাপটে গড়ে উঠেছিল- তা আজকের বাস্তবতায় অনেকাংশে প্রয়োজনীয়তা হারিয়েছে এমন মন্তব্য করে ইউনূস বলেন, ৮০ দশকের যে আইন, তা আজকের উদ্যোক্তা ব্যবস্থার সঙ্গে খাপ খায় না। বিশেষ করে পিকেএসএফ’র নিজস্ব আইন, সেটাকে সংস্কার করে সম্প্রসারিত করা যেতে পারে। নানামুখী কর্মসূচি সংযোজনের সুযোগ আছে।

তিনি বলেন, এই ভবনের যাত্রা হোক পিকেএসএফ-এর নতুন দিগন্তের সূচনা। দীর্ঘ ৩৫ বছরের যাত্রায় যা অর্জিত হয়েছে, তা একটি শক্ত ভিত। এখন সময় এসেছে বড় পরিসরে যাওয়ার।

ড. ইউনূস আশা ব্যক্ত করে বলেন, টাকার কোনো অভাব হবে না। আন্তর্জাতিকভাবে আমাদের ওপর আস্থা আছে। আমরা যদি একটি সমন্বিত ফাইন্যান্সিয়াল সিস্টেম দাঁড় করাতে পারি, তাহলে সত্যিকারের উদ্যোক্তা তৈরির যে স্বপ্ন—তা বাস্তবায়ন সম্ভব।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়াকে ‘ধর্ষণের পর হত্যা’, আসামির স্বীকারোক্তি

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিনকে ‘ধর্ষণের পর হত্যা’ করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আসামি মো. মোবারক হোসেন।

রোববার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

তিনি জানায়, আসামি মো. মোবারক হোসেন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন যে হত্যার আগে সুমাইয়াকে ধর্ষণ করেছিলেন তিনি। মূলত, ঝাড়ফুঁক করে সুমাইয়াকে বসে এনে তাকে প্রথমে ধর্ষণ করেন মোবারক। ঘটনাটি দেখে ফেলেন সুমাইয়ার মা। তাই তার মাকে হত্যা করেন তিনি। এরপর সুমাইয়ার কাছে আবার যান মোবারক। তখন সুমাইয়া বাঁধা দিলে তাকেও হত্যা করেন তিনি।

ওসি মহিনুল ইসলাম আরও জানায়, বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য বাসা থেকে উদ্ধার হওয়া কাপড়চোপড়, বিছানা-চাদরসহ যাবতীয় বিষয় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর আরও ভালোভাবে নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লার কালিয়াজুরী এলাকায় নিজ ভাড়া বাসা থেকে সুমাইয়া ও তার মায়ের লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই সন্ধ্যায় মোবারক হোসেন নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত আসামি মোবারক হোসেনই ওই হত্যাকাণ্ডের মূল হোতা।

দাউদকান্দিতে বেগম রহিমারোশন মাদরাসায় অভিভাবক কাউন্সেলিং

স্টাফ রিপোর্টার:

দাউদকান্দি উপজেলার কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদরাসার বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ও অভিভাবক কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় মাদরাসা মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে মাদরাসার সভাপতি মো. নূরআলম ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় মোটিভেশনাল স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ভয়েজার ইংলিশ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ সুমন সরকার ও এস.আর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মো. শাহীন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মজিবুর রহমান সিকদার, হলি কেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল জসীম উদ্দীন জয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রাথমিকে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

নারী কয়েদিদের যাবজ্জীবন সাজার মেয়াদ কমে হচ্ছে ২০ বছর: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

শাস্তির শর্ত শিথিল করে বৃদ্ধ কয়েদিদের মুক্তি দিতে চায় সরকার। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিদের জেলখাটার সময় ৩০ বছর থেকে কমছে। নারীদের ক্ষেত্রে ২০ বছর এবং পুরুষদের ক্ষেত্রে আরও কিছুটা বেশি হতে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

উপদেষ্টা বলেন, কারাগারে অনেক সমস্যা আছে, এটা সংস্কারেরও দরকার। কারাতে বাজেটের ক্ষেত্রে একটু সমস্যা। বন্দিদের মধ্যে যাদের অনেক বয়স হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের ওষুধের জন্য বাজেটেরও বেশি দরকার হয়। আমরা চাচ্ছিলাম লাইফটাইম তো ৩০ বছর, সেটা কমিয়ে কত করা যায়, যুক্তিযুক্ত একটা করে, যারা বয়স্ক হয়ে গেছে তাদের যাতে ছাড়ার ব্যবস্থা করা যায়।

বয়সটা কত নির্ধারণ করা হবে, এ বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা এখন পর্যন্ত নির্ধারণ করিনি। আলোচনার ভিত্তিতে মেয়েদের ক্ষেত্রে হয়তো ২০ বছর করে দিতে চাচ্ছি। ছেলেদের ক্ষেত্রে হয়তো আরও একটু বেশি হতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আবার কতগুলো স্পেসিফিক আছে, তার বয়সটা কত। যে ১৮ বছরে অপকর্ম করেছে, ২০ বছর পর তাকে ছেড়ে দিলে তখন তো তার বয়স ৩৮ বছর হয়। সে হয়তো এসে আবার অপকর্ম করতে পারে। এ বিষয়গুলো দেখা হবে, তবে মেয়েদের ক্ষেত্রে আমরা একটু বেশি লিবারেল।

কুমিল্লা ল’ কলেজের এলএলবি প্রথম পর্বের ২৪-২৫ সেশনের পরীক্ষার্থীদের মিলন মেলা

নাজমুল ইসলাম হৃদয়:

কুমিল্লা আইন কলেজের ২০২৪-২৫ সেশনের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়ে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত কুমিল্লা আইন কলেজের দ্বিতীয় তলায় এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট ড. মঞ্জুর কাদের।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা আইন কলেজের উপাধ্যক্ষ এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা আইন কলেজের শিক্ষক এডভোকেট মিজানুল হক, এডভোকেট নজরুল ইসলাম মজুমদার, এডভোকেট জিন্নাত আক্তার, এডভোকেট সনজিত কুমার সিংহ, এডভোকেট আব্দুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন- এলএলবি প্রথম পর্বের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী মোছাঃ যোবায়দা আক্তার রুবি, মোঃ আব্দুল জলিল, কাজী কাউছার উদ্দিন, সানজিদা রিতু , আফরুজা আক্তার প্রিয়াংকা, শেখ সুর্বানা সুইটি, নূরুন্নাহার সুমি প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্যারা বলেন, বর্তমানে ভালো আইনজীবীর সংখ্যা হাতে গোনা। আইন শুধু পড়ার উদ্দেশ্যে নয়, আইনকে ভালো করে জানা এবং চিন্তাও করতে হবে। একটি আইন কেন তৈরি হলো তার পেছনের ইতিহাস জানতে হবে। তিনি বলেন, ন্যায়বিচার পেতে আইনজীবীরাই বেশি ভূমিকা রাখেন। তাই আমাদের ভালো আইনজীবী হতে হবে। পাশাপাশি আইনের শিক্ষার্থী হিসেবে জনগণের দোরগোড়ায় আইনের সেবা পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে কুমিল্লা আইন কলেজের ২৪-২৫ সেশনের ৪৭৩ শিক্ষার্থীদের মধ্যে অপু তালুকদার, জান্নাত আক্তার, রুনা আক্তার, স্মৃতি আক্তার, আইরিন আক্তার, সানজিদা মনি সানজু, জেরিন, জেসমিন আক্তার, শারমিন আক্তার, শাহাদাত হোসেন, তারেক মিয়া, হাবিবা আক্তার, সূনিয়া ইসলাম , মোছাঃ খাজিনা আক্তার, মোঃ কাইয়ুম মিয়া, সোহেল রানা সহ ১২০ জনের উপরে উপস্থিত ছিল।

আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর পরিবেশে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা আইন কলেজের শিক্ষক আইনজীবী সহ কলেজে আইন শাস্ত্রে অধ্যায়ণরত শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, ভাওয়াইয়া, ভাটিয়ালি, লালন সংগীতসহ নিত্য পরিবেশন করা হয়।

প্রত্যেক মানুষের সাফল্যের পথ আলাদা:  হাসনাত আব্দুল্লাহ

মো সোহরাব হোসেন, দেবিদ্বার:

“তুমি কী চাও সেটাই আসল। যে কাজে তুমি দক্ষ, সেটি খুঁজে নাও এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও। সবার বিশ্ববিদ্যালয়ে পড়া বা এ প্লাস পাওয়ার প্রয়োজন নেই। প্রত্যেক মানুষের সাফল্যের পথ আলাদা।”

এভাবেই শিক্ষার্থীদের স্বপ্ন অনুসরণের আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে দেবিদ্বার পাবলিকিয়ান এসোসিয়েশনের আয়োজিত বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, পড়াশোনা ভালো না লাগা অপরাধ নয়, কিন্তু ভালো মানুষ হওয়া অপরিহার্য। কেউ রান্নায় ভালো, কেউ ছবি আঁকায় পারদর্শী, কেউ গান গাইতে পারে— এগুলোও হতে পারে পেশা। গুরুত্বপূর্ণ হলো নিজের যোগ্যতা ও আগ্রহ খুঁজে বের করা। জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষা বা ক্যারিয়ার কেবল সম্ভাবনা নষ্ট করে দেয়।

তিনি আরও বলেন, “আমরা যে যাই হই না কেন— ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী বা অন্য কিছু— অন্তত এমন একজন হতে হবে যার কারণে আরেকজন কষ্ট না পায়। অন্যকে সাহায্য করতে না পারলেও অন্তত ক্ষতি যেন না করি।”

পবিত্র আল কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যে কোনো লক্ষ্য অর্জনের জন্য সালাত ও ধৈর্য অবলম্বন করতে হবে। এই দুই শক্তির মাধ্যমেই প্রকৃত সাফল্য সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার পাবলিকিয়ান এসোসিয়েশনের সভাপতি মো. জিল্লুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ও জারিন আনান।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ খোরশেদ আলম, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি ইয়াজ মাহমুদ ও সিন্ডিকেট সদস্য এবি রুপম।

এছাড়া উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেবিদ্বার থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

দশ টাকার প্রলোভনে ছয় বছরের শিশু ধর্ষণ: থানায় মামলা

মো: সোহরাব হোসেন, দেবিদ্বার:

দশ টাকার প্রলোভনে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করেছে স্থানীয় ফরহাদ হোসেন (১৮) নামের এক যুবক। ঘটনার পর শিশুটিকে চিকিৎসা না দিয়ে মিমাংসার অজুহাতে ৬ ঘন্টা আটকে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাশালী মহলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে। ওই ঘটনায় শনিবার বিকালে শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলা ও শিশু পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার বারুর গ্রামের জব্বার মেম্বারের বাড়ির সাহেব আলীর ছেলে ফরহাদ হোসেন (১৮) একই গ্রামের ও বারুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রীকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি মাদ্রাসার পাশের কলা বাগানে নিয়ে ধর্ষণ করে। ওই সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ধর্ষক ফরহাদ হোসেন পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে তার বাড়ি নিয়ে আসলে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এসে বিষয়টি মিমাংসা করে দিবেন বলে শিশুটির পরিবারকে চাপ প্রয়োগ করে এবং শিশুটিকে চিকিৎসা না দিয়ে বাড়িতে আটকে রাখেন। পরে রাত সাড়ে ৯ টায় শিশুটির পরিবার তাকে নিয়ে পালিয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে শনিবার বিকালে শিশুটির বাবা বাদি হয়ে ধর্ষক ফরহাদ হোসেনকে আসামী কওে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শিশুটির মা বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় ঘটনা হলেও আমার মেয়েকে কোন চিকিৎসা না দিয়ে মিমাংসার অজুহাতে আমাদের বাড়িতে আটকে রাখেন স্থানীয় ব্যক্তিরা। রাতে আমরা মেয়েকে নিয়ে পালিয়ে হাসপাতালে আসি।

চিকিৎসক আবদুল্লাহ আল কাউছার জানান, শিশুটিকে রাত পোনে ১০ টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, শনিবার বিকালে শিশুটির বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীকে আটক করতে অভিযান চলছে।

এ দেশের মানুষ পিআর কি জিনিস তা বোঝে না: চাঁদপুরে বরকত উল্লাহ বুলু

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

এ দেশের মানুষ পিআর কি জিনিস তা বোঝে না। অথচ নির্বাচনে জিততে পারবে না জেনে একটি দল এসব নিয়ে সাধারণ মানুষকে ভুলভাল বোঝাবার চেষ্টা করছে বলে মন্তব্য করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। শনিবার (১৩ সেপ্টেম্বর ) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে তিনি এ কথা বলেন। বুলু বলেন, এসব পিআর টিআর এদেশে চলবে না। বেগম খালেদা জিয়া ছাড়া শেখ হাসিনা ও জমায়াতসহ সকলে এরশাদকে বৈধতা দিয়েছিল। জামায়াত-আওয়ামী লীগ অনেক আগে থেকেই আঁতাত ছিল। অনেক আগে থেকেই জামায়াতের সঙ্গে শেখ হাসিনার আঁতাত ছিল। ওই সময় জামায়াত- আওয়ামী লীগ আঁতাত করে ১৭৩ দিন খালেদা জিয়ার বিরুদ্ধে হরতাল পালন করেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশ ছিল একটি তলাবিহীন ঝুড়ি। সে অবস্থা থেকে দেশকে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান একটি স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে পরিণত করে গিয়েছিলেন। আর ১৬ বছরে শেখ হাসিনা সেই বাংলাদেশকে ফকির করে দিয়ে পালিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘যারা ৭১ এর স্বাধীনতাকে মানেন না, তারা প্রকারান্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করতে চায়।

চাঁদপুর পৌর বিএনপির আহবায়ক আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেন, মাহবুব আলম স্বপন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ, সিনিয়র নেতা আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান শফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন।

উক্ত সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এদিকে সম্মেলনে পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ও সদর উপজেলা বিএনপির সভাপতি হয়েছেন শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।