All posts by jitu

জাকসু নির্বাচন: ভিপি জিতু, জিএস মাজহারুল ও এজিএস ফেরদৌস

ডেস্ক রিপোর্ট:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি পদে (ভিপি) আবদুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (এজিএস-পুরুষ) ফেরদৌস আল হাসান ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস-নারী) পদে আয়েশা সিদ্দীকা মেঘলা বিজয়ী হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করে জাকসু নির্বাচন কমিশন।

অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল), পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. শাফায়েত মীর (শিবির প্যানেল), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল), সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), সহ সাংস্কৃতিক সম্পাদক মো. রায়হান উদ্দীন (শিবির প্যানেল), নাট্য সম্পাদক মো. রুহুল ইসলাম (শিবির প্যানেল), ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র), সহ-ক্রীড়া সম্পাদক (নারী) ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল), সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) মো. মাহাদী হাসান (শিবির প্যানেল), তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) নিগার সুলতানা (শিবির প্যানেল), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল), স্বাস্হ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক (শিবির প্যানেল) এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক মো. তানভীর রহমান (শিবির প্যানেল)।

এছাড়া কার্যকরী সদস্য (নারী) পদে ৩ জন নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান, নুসরাত জাহান ইমা এবং কার্যকরী সদস্য (পুরুষ) পদে ৩ জন মো. তরিকুল ইসলাম, আবু তালহা, মো. আলী চিশতী নির্বাচিত হয়েছেন। বিজয়ী সদস্যরা সবাই শিবির সমর্থিত প্যানেলের।

জানা যায়, গত ১১ সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের জাকসু নির্বাচনে ১১ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১৭৭ জন প্রার্থী।

রামকৃষ্ণপুর কেবল কৃষ্ণ রাজ কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন প্রস্তুতি সভা

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী রামকৃষ্ণপুর কেবল কৃষ্ণ রাজ কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন-২০২৮ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাবেক শিক্ষক বাবু সস্তুস গুহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ডা. গোলাম মোস্তফা।

এসময় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।

শতবর্ষ অনুষ্ঠান স্মরণীয় ও বর্ণাঢ্য আয়োজনে পালন করতে করণীয় নির্ধারণে সকলের মতামত ও সহযোগিতার কামনা করেন আলোচক বৃন্দ।

জানা যায় এই সভা পর্যায়ক্রমে আরও অনুষ্ঠিত হবে এবং সকলের উপস্থিতির আহ্বান জানানো হয়।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য আইপিএম এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেন

নিজস্ব প্রতিবেদক:

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য এবং বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (BSPUA)-এর সভাপতি প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানিকে বাংলাদেশ ইন্সটিটিউট অব পারসোনেল ম্যানেজমেন্ট (IPM) কর্তৃক মর্যাদাপূর্ণ আইপিএম এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়েছে।

গতকাল ঢাকায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (UAP) অডিটোরিয়ামে আয়োজিত ৩য় আইপিএম এইচআর সামিট ২০২৫- অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মিসেস ফরিদা আখতার প্রফেসর ড. সোবহানীর হাতে ক্রেস্ট ও অ্যাওয়ার্ড সার্টিফিকেট তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর ড. কুমরুল আহসান, আইপিএম-এর সভাপতি ড. মো. মুশাররফ হোসেন এবং আইপিএম-এর মহাসচিব শাকিল মিরাজ।

প্রফেসর ড. সোবহানীর দূরদর্শী নেতৃত্ব ও বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

নিরাপত্তাহীন রেলক্রসিং: কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে দুর্ঘটনার ঝুঁকি

শাহ ফয়সাল কারীম:

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে অবস্থিত রেলক্রসিংটি গুরুতর নিরাপত্তাহীনতায় পড়ে আছে। গেইট না থাকায় এই ব্যস্ততম রেলক্রসিংয়ে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই ক্রসিংয়ে রেলগেট সম্পূর্ণ অনুপস্থিত। নিরাপত্তা বেষ্টনী না থাকায় যানবাহন স্বাধীনভাবে চলাচল করছে। ট্রেন আসার সময় রেলকর্মীরা কেবল লাল পতাকা দেখিয়ে এবং বাঁশি বাজিয়ে সতর্ক করে থাকেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

স্থানীয় তামান আমজাদ হোসেন জানান, গত রাতে একটি ট্রাকের ধাক্কায় ক্রসিংয়ের গেটটি সম্পূর্ণ বিকৃত ও ব্যবহার অযোগ্য হয়ে যায়। তিনি দাবি করেন যে, বিষয়টি সংশ্লিষ্ট পি ডব্লিউ ডি কর্মকর্তাদেরকে জানানো হয়েছে।

রেলওয়ে কর্মকর্তাদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, দ্রুতই গেটটি মেরামতের কাজ করা হবে।

এদিকে, এই ক্রসিংটি একটি অত্যন্ত ব্যস্ত সড়কের ওপর অবস্থিত হওয়ায় সারাদিনই প্রচুর যানবাহন এখান দিয়ে চলাচল করে। স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দ্রুত গেটটি সংস্কার না করা হলে বড় ধরণের দুর্ঘটনা অত্যাসন্ন।

রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি জরুরি ভিত্তিতে এই নিরাপত্তাব্যবস্থা পুনরুদ্ধারের জন্য জোর দাবি জানিয়েছেন তারা।

কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ৭৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে স্কুল কর্তৃপক্ষ।

গতকাল কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে এসএসসি-২০২৫ খ্রিস্টাব্দ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

তিনি অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ জন কৃতি মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্বরুপ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।

এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদেরকে আরও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, সততা ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে হবে।

অনুষ্ঠানে সিএমপি’র অতিরিক্ত পুলিশ (অর্থ ও প্রশাসন) রাশেদুল হক চৌধুরীসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও কৃতি শিক্ষার্থীদের অভিভাবকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কুমিল্লায় গলা কেটে হত্যা: চাকরির প্রলোভনে ১০ লাখ টাকা হাতিয়ে নেয় আত্নীয়, র‍্যাবের হাতে আটক এক যুবক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় আমিনুল ইসলামকে গলা কেটে হত্যার ঘটনায় সজীব নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে চান্দিনা উপজেলার এতবারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এই সময় তার দেয়া তথ্যমতে হত্যার সময় ব্যবহার করা একটি দা এবং রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত সজীব (২০) কুমিল্লা চান্দিনা থানার বদরপুর এলাকার সফিকুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী আমিনুলের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছিল তার নিকটতম আত্মীয় সিরাজ। কিন্তু দীর্ঘদিন চাকরি না দিয়ে টালবাহানা করতে থাকে সে। টাকা ফেরত চাইলে সিরাজ পরিকল্পিতভাবে আমিনুলকে হত্যার ষড়যন্ত্র করে।

পরিকল্পনা অনুযায়ী ৯ সেপ্টেম্বর সিরাজ ও তার সহযোগীরা আমিনুলকে সিলেট ভ্রমণের কথা বলে বাসা থেকে বের করে। ওই রাতে তারা কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার বিসমিল্লাহ আবাসিক হোটেলে অবস্থান করে। পরদিন (১০ সেপ্টেম্বর) রাতে সদর দক্ষিণ উপজেলার মোস্তাফাপুর এলাকায় নিয়ে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে পিছন থেকে গলা কেটে আমিনুলকে হত্যা করা হয়। পরে লাশ বালু চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

উল্লেখ্য যে, ১১ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ বালুর নিচ থেকে আমিনুলের গলা কাটা মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় নিহতের বাবা ১২ সেপ্টেম্বর সদর দক্ষিণ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত আমিনুল ইসলাম কুমিল্লা বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের আলী আজমের ছেলে।

কুমিল্লায় পরিত্যক্ত পানির পাম্প থেকে সরকারি গোলাবারুদ উদ্ধার, মাদকসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের বউ বাজার এলাকায় সেনা সদস্যদের অভিযানে সরকারি গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে এ ঘটনায় একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি মো. সোহেল কুমিল্লা সদরের ডুমুরিয়া চানপুর এলাকার আব্দুস সামাের ছেলে । তাকে শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা (আটককৃত সোহেলের শ্বশুরবাড়ি থেকে), ৩ রাউন্ড ৭.৬২ মিমি বল অ্যামুনিশন ।
এগুলো কুমিল্লা সদর এলাকায় একটি পরিত্যক্ত পানির পাম্পের পাশ থেকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, এই পাম্প সোহেল এর শ্বশুরবাড়ি এর পাশে খোলা জায়গায় অবস্থিত। সুত্রমতে, এই পাম্পের মালিক সিরাজ, যে অন্য জায়গায় থাকে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, সরকারি এই গোলাবারুদ কিছু অসাধু চক্র বিক্রির চেষ্টা চালাচ্ছে। এর আগে দেবিদ্বার এলাকা থেকেও একই লটের গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলিয়টগঞ্জ থানা থেকে এই লটের গোলাবারুদ নিখোঁজ হয়েছে।

আটক সোহেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে উদ্ধারকৃত গোলাবারুদ কাগজপত্র ও সঠিক অস্ত্রশস্ত্রের বিবরণসহ কোতয়ালি মোডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।

কুমিল্লা-২(হোমনা-তিতাস) সংসদীয় আসন পুনর্বহাল পক্ষে থেকে আনন্দ মিছিল করেছি, যারা বিপক্ষে ছিলো তারা কান্না মিছিল করতে পারে !

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লা -২ (হোমনা-তিতাস ) সংসদীয় আসন পুনর্বহাল করায় কয়েক শতাধিক গাড়ী বহর নিয়ে শোডাউন করছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান।

শনিবার সকাল সাড়ে ১০টায় গৌরীপুর-হোমনা সড়কের তিতাস উপজেলার কড়িকান্দি বাজার থেকে গাড়ী বহর নিয়ে হোমনা উপজেলায় রওনা করেন। গাড়ী বহরের আগে শতাধিক মোটরসাইকেলে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকদের দেখা গেলেও তিতাস ও হোমনা উপজেলা বিএনপির কোন নেতাকে শোডাউনে দেখা যায়নি।
শোভাযাত্রাটি গৌরীপুর -হোমনা সড়ক প্রদক্ষিণ করে হোমনা সদরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ারের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন।

এদিকে শোডাউন নিয়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম বলেন, গাড়ী এবং মোটরসাইকেল নিয়ে করা শোডাউনের সাথে তিতাস উপজেলা বিএনপির কোন সম্পৃক্ততা নেই। আর এপিএস মতিন সাহেবের বিএনপিতে কোন সদস্য পদ নেই। উনার নেতৃত্বে করা আজকের শোডাউনে বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগের লোকজন, জাতীয় পার্টির এবং বিএনপির পদবঞ্চিত বহিস্কৃত লোকজন অংশগ্রহণ করেছেন।

ইঞ্জিনিয়ার এম এ মতিন খান বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ২৪ সালে আমি- ডামি নির্বাচনে আমাদের তিতাস উপজেলাকে দাউদকান্দির সাথে অন্তর্ভুক্ত করে। বর্তমান স্বাধীন নির্বাচন কমিশন আসন পুনঃবিন্যাস করে হোমনার সাথে তিতাস উপজেলাকে অন্তর্ভুক্ত করে কুমিল্লা -২ নির্বাচনী আসন ঘোষণা করে গেজেট প্রকাশ করেছেন। আমরা শুকরিয়া আদায় করছি এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে দলীয় লোকজনের সাথে তিতাস হোমনার সাধারণ জনগণ অংশগ্রহণ করেছেন।

শোডাউনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজন অংশগ্রহণ করা প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পুর্ন মিথ্যা অভিযোগ, আমি আগেই বলেছি আমরা শুকরিয়া আদায় করতে এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে দলীয় লোকজনের সাথে তিতাস হোমনার সাধারণ জনগণ অংশগ্রহণ করেছেন। আমি তিতাস-হোমনার পক্ষে থেকে আজ আনন্দ মিছিল করেছি, যারা বিপক্ষে অবস্থান নিয়েছিলো তারা কান্না মিছিল করতে পারে !

ব্রাহ্মণপাড়ায় ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

মোঃ সাইফুল ইসলাম ভুইয়া:

কুমিল্লা ব্রাহ্মণপাড়া পশ্চিমপাড়ায় ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় উদ্বোধনী ম্যাচটি ভার্চুয়ালী ভাবে উদ্বোধন করেন কুমিল্লা- ৫ থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির সভাপতি ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন মাস্টার সভাপতিত্ব প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোরশেদ আল মামুন লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ এনায়েত করিম ভূঁইয়া,

উক্ত উদ্বোধনী খেলায় আরো উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম, আবুল বাসার, নাসির উদ্দিন ভূঁইয়া, জয়নাল হোসেন হাজারী, খোরশেদ আলম লাভলু, ফারুক আহাম্মদ, জাহাঙ্গীর আলম, নাজমুল হাসান, এরশাদুল ইসলাম, মোঃ আলী, গাজী মোঃ ইসরাফিলসহ এলাকার খেলা প্রিয় দর্শকরা।

চাঁদপুরে গায়ে হলুদের রাতেই প্রাণ গেল বরের : হাসপাতালে ভর্তি কনে

মাসুদ হোসেন, চাঁদপুর:

গায়ে হলুদের শেষ মূহুর্ত। ঘুমানোর প্রস্তুতি সবার। রাত পোহালেই শেরউয়ানি গায়ে যাবে কনের বাড়ী। সব কিছুই এখন বিষাদে ভরে গেল। বৃহস্পতিবার রাতেই গায়ে হলুদের আসরে অসুস্থ হয়ে পড়ে বিয়ের আগেই বর চলে গেলেন না ফেরার দেশে। নিহত রনি মিজি (২১) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ মিজি বাড়ীর বিল্লাল মিজির ছেলে।

প্রতিবেশী নাঈমা আক্তার বলেন, রাতে গায়ে হলুদের অসুস্থ হয়ে পড়ে রনি। তার নাকে মুখে হঠাৎ রক্ত বের হয়। পরে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে মহামায়া বাজার সংলগ্ন এলাকায় মারা যান। পারিবারিক ও গ্রামের বাসিন্দারা জানান, তিন ভাইবোনের মধ্য সে সবার ছোট রনি মিজি। একই জেলার শাহরাস্তি উপজেলায় কনের সাথে জানাশোনা ছিল আগে থেকেই। প্রথমে পরিবার রাজি না থাকলেও পরে পারিবারিক সম্মতি ক্রমেই আনুষ্ঠানিকভাবে বিয়ের হবার কথা আজ শুক্রবার। নিয়তি আজ তাকে সাদা পোশাকে নিয়ে যান দুনিয়া থেকে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর জানাজার নামাজে ইউপি চেয়ারম্যান আবু তাহের, ইউপি সদস্য নজরুল ইসলামসহ গ্রামবাসী অংশ নেয়। এদিকে বরের মৃত্যুর খবরে কনে অসুস্থ হয়ে পড়েন। তাকে কুমিল্লা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। অপরদিকে কনের বাবা প্রবাসে এমন খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। বর ও কনে দুইজনে সম্প্রতি হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়।