All posts by jitu

চৌদ্দগ্রামে তাল গাছ বিপন্নের অপরাধে ২০টি চারা তালগাছ রোপনের নির্দেশ ইউএনও’র

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে আঞ্চলিক গুরুত্বপূর্ণ সড়কের দুইটি তালগাছ বিপন্নের অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের জেল জরিমানা না করে বিশটি তাল গাছের চারা রোপনের নির্দেশনা দিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন।

জানা যায়, কিছুদিন আগে একটি ছোট তালগাছ মাটি চাঁপাদেয়া ও অপর তালগাছ কাটার চেষ্টার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি এবং বিভিন্ন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ই মে) দুপুরে উপজেলার উজিরপুর ইউনিয়নের শুয়ারখিল গ্রামে এ অভিযান পরিচালনা করেন ইউএনও। এসময় সরেজমিনে পরিদর্শনে সত্যতা নিশ্চিত হওয়ায়, স্থানীয় উজিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ এবং স্থানীয় সচেতন যুবসমাজের উপস্থিতিতে অভিযুক্তদের আর্থিক কোন শাস্তি প্রদান না করে বিশটি চারা তালগাছ রোপনের নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন বলেন, অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। অভিযুক্ত ব্যক্তি একটি ছোট তালগাছ মাটি চাপা দেয় এবং অপরটির এক তৃতীয়াংশ কেটে ফেলে। পরে প্যানেল চেয়ারম্যান ও যুবসমাজের মাধ্যমে তাল গাছের ২০টি চারা ব্যবস্থা করে দিই। আগামী ০২ (দুই) দিনের মধ্যে চারাগুলো রাস্তার পাশে লাগানোর নির্দেশনা প্রদান করি।

লাকসামে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লাকসামে একটি যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত ও সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম মো. আবদুস ছালাম (৬৫)। তিনি নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের দেওভান্ডার গ্রামের বাসিন্দা। নিহতের আত্মীয় ও একই গ্রামের পল্লী চিকিৎসক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবদুস ছালাম সিলেট থেকে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ব-১৩-০১০৭) বেপরোয়া গতিতে ছুটছিল। বাসটি ভৈষকোপালিয়া এলাকায় বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নিচু জমিতে পড়ে উল্টে যায়। এতে বাসের আট যাত্রী আহত হন।

লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আবদুস ছালাম মারা যান।

লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। দুর্ঘটনায় বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার কাজ পরিচালিত হয়েছে। পরে হাইওয়ে পুলিশ বাসটি উদ্ধার করে।

কুমিল্লায় ১২০ টাকায় কনস্টেবল পদে চাকরি পেলেন ৭৫ জন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ১২০ টাকায় কনস্টেবল পদে চাকরি পেলেন ৭৫ জন । এর মধ্যে ৭০ জন ছেলেও ৫ জন মেয়ে চাকরি পেয়েছেন।

 

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে চারটায় পুলিশ লাইনের শহীদ আর, আই,এ,বি,এম আব্দুল হালিম মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান।

 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসান মোস্তফা স্বপন।

গত ৪ এপ্রিল এ নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু হয়। এ নিয়োগ পরীক্ষায় ১ হাজার ৩৫১ জন আবেদন করেন। মাঠের পরীক্ষা শেষে ৬৯০ জন উত্তীর্ণ হয়। এরপর লিখিত পরীক্ষা শেষে এ সংখ্যা এসে দাঁড়ায় ২৩৯ জনে। এত সকল পরীক্ষা শেষে ৭৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে ১৫ জনকে।

ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের আমরা প্রাথমিকভাবে নির্বাচিত করেছি।

সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে: রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হল ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে এসব কথা জানান তিনি।

এ সময় রিজভী জানায়, ‘সাম্যকে হত্যার পেছনে কী কারণ ছিল, কী অন্যায় করেছিল সাম্য? পুলিশ গ্রেপ্তার করেছেন তিনজনকে, তারা ভবঘুরে। আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণ না থাকলে সাম্যর মতো একজনকে কে হত্যা করবে? ভবঘুরেরা তাকে কেন হত্যা করবে?’

রিজভী বলেন, জাতীয় সংগীতের বিরোধী যারা তাদের বিপক্ষে সাম্যের অবস্থান ছিল তাই কী তাকে হত্যা করা হলো? শিক্ষাঙ্গনে কেন রক্ত ঝরবে৷ ক্যাম্পাসে কেন রক্ত ঝরবে? একাধিক প্রশ্ন রাখেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে রিজভী বলেন, ঢাবি ভিসির কাছে সাম্য হত্যার বিচার চাইতে গিয়েছিলেন শিক্ষার্থীরা। কিন্তু তিনি তুইতাকারি করেছেন, বিরক্ত হয়েছেন তাদের কথা শুনে। জাতীয়তাবাদের দর্শনে যারা রাজনীতি করেন তাদের পছন্দ করেন না ভিসি। ঢাবি ভিসি ও প্রক্টর একটি রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাসী। আপনাদের মাথায় যে দর্শন তা প্রতিষ্ঠিত করতে কাজ করছেন ভিসি বলেও অভিযোগ করেন তিনি।

শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনা নিয়ে রিজভী বলেন, ‘আমি পুলিশ বিভাগকে বলব, ভালো করে খোঁজ নিয়ে দেখুন। মানুষ কিন্তু সব বিষয় সহজভাবে নেয় না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে (১৩ মে) সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাম্য।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন

 

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ ইতিহাস সমিতির যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন ২০২৫’ আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মিলনায়তন কক্ষে আগামী ১৬ ও ১৭ মে এই সম্মেলনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৫ মে) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও সম্মেলনের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ, মোহাম্মদ মশিউর রহমান, ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান ও মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী।

এই সম্মেলনে দেশ ও বিদেশের খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ, আন্তঃবিভাগীয় গবেষক, ঐতিহ্য সংরক্ষণবিদ এবং নবীন গবেষকরা অংশগ্রহণ করবেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস, সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. অনিল কুমার। সম্মেলনের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইতিহাস সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কাশেম।

এ বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের চেয়্যারমান ও সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন ও সম্মেলনের আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, এই আন্তর্জাতিক সম্মেলন পারস্পারিক একাডেমিক কাজের আলাপ, আন্তঃবিভাগীয় সংলাপ এবং প্রত্নতাত্ত্বিক জ্ঞানের প্রসারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা প্রত্নতাত্ত্বিক গবেষণা ও শিক্ষার কেন্দ্র হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।”

পাকিস্তান সুপার লিগে খেলতে বিসিবির অনুমতি চাইলেন সাকিব

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে সাকিব আল হাসানের। টুর্নামেন্টের মাঝপথে লাহোর কালান্দার্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন সাকিব। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

তবে বৃহস্পতিবার (১৫ মে) জানা যায়, পাকিস্তানে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছাড়পত্র চেয়েছেন সাকিব। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের একটি সূত্র। সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিন পর আবারও মাঠে ফিরতে পারেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।

উল্লেখ্য, পিএসএলের এবারের আসরে শুরু থেকেই লাহোর কালান্দার্সের দলে আছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। তবে ১৭ মে থেকে শুরু হতে যাওয়া পুনরায় সূচিত ম্যাচগুলোতে রিশাদের খেলা এখনো অনিশ্চিত। একই সঙ্গে নিরাপত্তা ইস্যু এবং আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে আরও কয়েকজন বিদেশি ক্রিকেটার দল ছেড়ে যেতে পারেন। এমন পরিস্থিতিতে সাকিবের জন্য জায়গা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পিএসএলে এই প্রথমবার খেলছেন না সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে টুর্নামেন্টে অভিষেক হয় তার। এরপর তিনি পেশোয়ার জালমি এবং লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে করেছেন ১৮১ রান, গড় ১৬.৩৬ ও স্ট্রাইক রেট ১০৭.১৪। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮টি উইকেট, ইকোনোমি রেট ৭.৩৯।

বহুদিন পর আবারও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব—এ খবরে উচ্ছ্বসিত তার ভক্ত-সমর্থকরাও। এখন দেখার বিষয়, বিসিবি কত দ্রুত ছাড়পত্র প্রদান করে এবং লাহোর কালান্দার্স কবে আনুষ্ঠানিকভাবে তার অন্তর্ভুক্তির ঘোষণা দেয়।

শেখ রেহানা-জয়-ববি ও সালমান এফ রহমানসহ ৪০ জন মিলে বিদেশে পাচার করেছেন ২০ লাখ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট:

আলী বাবা ও ৪০ চোরের গল্প শোনেননি—এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। বাস্তবে হুবহু আলী বাবা হয়তো নেই; কিন্তু গত সাড়ে ১৫ বছর এ দেশের মানুষ দেখেছে ‘দরবেশ বাবা’ এবং তার সাঙ্গপাঙ্গদের লুটপাট। আলী বাবা এবং চল্লিশ চোরের বদলে শেখ হাসিনার আমলে বাস্তব রূপ পায় ‘দরবেশ বাবা ও চল্লিশ চোরের গল্প’।

পার্থক্য হলো আলী বাবা শুধু আরব রজনীর একটি লোককাহিনি। আর ‘দরবেশ বাবা’ হলো এ কালের সত্য ঘটনা। এই ‘দরবেশ বাবা’ আর কেউ নন, সাবেক প্রধানমন্ত্রীর ‘ক্যাশিয়ার উপদেষ্টা’ সালমান এফ রহমান। চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দুর্নীতি দমন কমিশন সাবেক ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি, লুটপাট এবং অর্থপাচারের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

তদন্ত শেষে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকের বিরুদ্ধে তদন্ত চলমান। দুর্নীতি দমন কমিশনের এসব তদন্ত থেকে গত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ শাসনামলের ৪০ জন শীর্ষ দুর্নীতিবাজের তথ্য পাওয়া গেছে। দুদকের অনুসন্ধান অনুযায়ী এদের দুর্নীতির পরিমাণ ২০ লাখ কোটি টাকা।

যে টাকার পুরোটাই বিদেশে পাচার হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, তুরস্কসহ কর ফাঁকির অভয়ারণ্য হিসেবে পরিচিত কয়েকটি দ্বীপপুঞ্জসহ বিশ্বের ১৭টি দেশে পাচার করা হয়েছে এসব লুণ্ঠিত অর্থ।

এ ছাড়া সাবেক সরকারের এ রকম আরো অন্তত ৫০০ মন্ত্রী, এমপি এবং সরকারি কর্মকর্তা আছেন, যাঁরা বিশাল অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। এই লুটেরা, অর্থপাচারকারী এবং ইচ্ছাকৃত ঋণখেলাপিদের মধ্যে শীর্ষ ৪০ জন লাগাতারভাবে দুর্নীতি করে গেছেন আওয়ামী লীগ শাসনামলে। দেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়ার মূল খলনায়ক এই ৪০ জন।

এঁদের প্রত্যেকের বিরুদ্ধে গড়ে অন্তত ১৫ হাজার কোটি টাকা করে বা আত্মসাতের অভিযোগ রয়েছে। গত সাড়ে ১৫ বছরে যে লুটপাট, ব্যাংক ডাকাতি এবং অর্থ পাচারের ঘটনা ঘটেছে তার মূল নেতৃত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সালমান এফ রহমান বাংলাদেশের শেয়ার কেলেঙ্কারির হোতা। শেয়ার কেলেঙ্কারি থেকে তিনি প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে তৎকালীন তদন্ত কমিটির রিপোর্টে প্রকাশিত হয়েছিল। কিন্তু তার পরও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই সালমান এফ রহমান বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন এবং তা বিদেশে পাচার করেছেন। লুটতন্ত্রের ‘ছায়া প্রধানমন্ত্রী’ ছিলেন সালমান এফ রহমান। আর এ কারণে সবাই তাঁকে ‘দরবেশ’ বলে ডাকতেন। এই দরবেশই বাংলাদেশে অর্থপাচার এবং লুটেরাদের সরদার ছিলেন। তাঁর নেতৃত্বেই এই কর্মকাণ্ডগুলো ঘটেছে। তিনি একাই লুটেছেন এক লাখ কোটি টাকার বেশি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত শ্বেতপত্র কমিটি শীর্ষ কিছু দুর্নীতিবাজ চিহ্নিত করে। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন বিভিন্ন দুর্নীতির তদন্ত করতে গিয়ে শীর্ষ ব্যক্তিদের পাহাড়সম দুর্নীতির আলামত পেয়েছে। সব কিছু মিলিয়ে আমরা শীর্ষ ৪০ জন দুর্নীতিবাজ এবং অর্থপাচারকারীকে চিহ্নিত করেছি। যেসব অভিযোগ শ্বেতপত্র কমিটির রিপোর্টে, দুদকের তদন্তে এবং সংবাদপত্রের রিপোর্টের মাধ্যমে এসেছে। তার ভিত্তিতেই এই ‘৪০ চোরের’ তালিকা তৈরি করা হয়েছে। যার প্রধান কারিগর হলেন ‘দরবেশ বাবা’। অর্থাৎ দরবেশ হলেন এই লুটেরাদের ‘আলী বাবা’ এবং ৪০ চোর, যাঁরা যাঁদের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগ আছে। এঁদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। শেখ রেহানার এখন পর্যন্ত ঢাকায় প্রায় ১০৬ কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া বিদেশে তিনি প্রায় ৩৭ হাজার কোটি টাকা অর্থপাচার করেছেন বলে ধারণা করা হচ্ছে।

দেশে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের তেমন কোনো সম্পদ নেই। বিদেশে তিনি অন্তত ৩০ হাজার কোটি টাকা গত সাড়ে ১৫ বছরে পাচার করেছেন বলে বিভিন্ন অনুসন্ধানে প্রাথমিক তথ্য হিসেবে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রায় ১৮ হাজার কোটি টাকা অর্থপাচারের অভিযোগ রয়েছে। দেশে তাঁর ১১৭ কোটি টাকা জব্দ করা হয়েছে। রেদওয়ান মুজিব সিদ্দিক ববি শেখ রেহানার ছেলে। তাঁর বিরুদ্ধে প্রায় ২৭ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। এ ছাড়া রেদওয়ান মুজিব সিদ্দিক ববির মালিকানাধীন প্রতিষ্ঠান সিআরআইয়ের বিরুদ্ধে প্রায় ৯০০ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ রয়েছে।

শেখ রেহানার দেবর এবং সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের বিরুদ্ধে প্রায় ৪২ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে। তিনি ছয়টি দেশের পাসপোর্ট গ্রহণ করেছেন বলেও অনুসন্ধানে তথ্য-প্রমাণ মিলেছে। শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের বিরুদ্ধেও বিপুল পরিমাণ অর্থ সম্পদ পাচারের অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে দেশে তাঁর ৭৮৬ কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। তাঁর ৩৬০ কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এ ছাড়া শেখ হেলালের বিরুদ্ধে বিদেশে প্রায় ২০ হাজার কোটি টাকা অর্থপাচারের অভিযোগ রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রীর ফুপাতো ভাই শেখ সেলিমের দেশে সম্পদের পরিমাণ প্রায় ৫৪২ কোটি টাকা বলে এখন পর্যন্ত প্রাক্কলিত হয়েছে। তবে বেনামে তাঁর আরো বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। এ ছাড়া বিদেশে তার প্রায় ১৭ হাজার কোটি টাকার সম্পদের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ফিজি, মরিশাস এবং বার্বাডোজে শেখ সেলিমের সম্পদের সন্ধান পাওয়া গেছে।

শেখ হাসিনার আরেক নিকটাত্মীয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসও বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। এখন পর্যন্ত যে হিসাব পাওয়া যাচ্ছে তাতে ১২ হাজার কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন বলে ধারণা করা হচ্ছে। বেশির ভাগ টাকাই পাচার হয়েছে লন্ডন এবং সিঙ্গাপুরে। তাঁর বড় ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রায় ১০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। শেখ হাসিনার আরো অনেক আত্মীয়স্বজন আছেন, যাঁরা বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন এবং বিদেশে অর্থ পাচার করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন আবুল হাসনাত আবদুল্লাহ, তাঁর পুত্র সাদিক আবদুল্লাহ, শেখ হেলালের ছোট ভাই শেখ সোহেলসহ আরো অনেকে।

সাবেক প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার মধ্যে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত ছিলেন। এই দুর্নীতিবাজ মন্ত্রিসভার শীর্ষ কয়েকজনের মধ্যে আছেন ওবায়দুল কাদের। যিনি দীর্ঘদিন ধরে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি ৫০ হাজার কোটি টাকার বেশি বিদেশে পাচার করেছেন বলে এখন পর্যন্ত অনুসন্ধানে জানা গেছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং দুবাইয়ে তাঁর অবৈধ সম্পদের সন্ধান মিলেছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশেই প্রায় ৭০০ কোটি টাকার সম্পদ বানিয়েছেন। এই সম্পদের কিছু আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। এ ছাড়া দেশের বাইরে তাঁর ১৮ হাজার কোটি টাকার অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং তাঁর পরিবার বিদেশে প্রায় ৩৭ হাজার কোটি টাকা পাচার করেছেন বলে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে। বেশির ভাগ সম্পদই দুবাইয়ে পাচার করা হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্য, কানাডা ও মালয়েশিয়াতেও লোটাস কামালের পাচারকৃত অর্থ রয়েছে।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা অর্থপাচারের অভিযোগ রয়েছে। দেশে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৪৫২ কোটি টাকা। জাহিদ মালেক মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় বেশির ভাগ সম্পদ পাচার করেছেন।

সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু দুর্নীতিবাজদের অন্যতম এবং মন্ত্রীদের মধ্যে তিনি সবচেয়ে বেশি অর্থ বিদেশে পাচার করেছেন বলে অনুসন্ধানে জানা গেছে। দেশে তাঁর প্রায় ৯৬০ কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। যে সম্পদের বেশির ভাগই আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ছাড়া বিদেশে তিনি প্রায় ৫৭ কোটি টাকা পাচার করছেন। দুবাই, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ অন্তত ১২টি দেশে তাঁর বিপুল সম্পদ থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

জুনাইদ আহেমদ পলক পতিত আওয়ামী লীগ সরকারের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী। তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় সাত হাজার কোটি টাকা অর্থপাচারের অভিযোগ রয়েছে। দেশে তাঁর প্রায় ৩২২ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আরেকজন শীর্ষ দুর্নীতিবাজ। এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে প্রায় ২২ হাজার কোটি টাকা অর্থপাচারের তথ্য মিলেছে। এসব অর্থের বেশির ভাগ তিনি পাচার করেছেন যুক্তরাজ্যে। এ ছাড়া দুবাই, যুক্তরাষ্ট্র, কানাডা এবং বিভিন্ন দ্বীপরাষ্ট্রে তিনি অর্থ পাচার করেছেন বলে জানা গেছে।

আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মধ্যে যাঁরা ১০ হাজার কোটি টাকার বেশি পাচার করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে ধরা পড়েছে, তাঁদের মধ্যে আছেন সাবেক জ্বালানি ও খনিজ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইন ও বিচার মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শেখ হাসিনার শাসনামলে শুধু যে রাজনীতিবিদরাই দুর্নীতি করেছেন, অর্থপাচার করেছেন এমনটি নয়, বহু আমলা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। এঁদের তালিকা অনেক দীর্ঘ। আমলাদের লুটপাটের সুযোগ দিয়ে শেখ হাসিনা তাঁদের নিজের অনুগত বানিয়ে রেখেছিলেন। যার ফলে আমলারা সীমাহীন দুর্নীতিতে লিপ্ত ছিলেন পুরো আওয়ামী লীগ শাসনামলে। যেসব শীর্ষ দুর্নীতিবাজ আমলা বিদেশে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং এসডিজি বিষয়ক সমন্বয়কারী আবুল কালাম আজাদ, সাবেক মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক সচিব আবদুল মালেক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, সাবেক গভর্নর ফজলে কবির, সাবেক বেসরকারি বিমান চলাচল সচিব মহিবুল হক, সাবেক পুলিশের আইজি বেনজীর আহমেদ, ডিবি পুলিশের সাবেক প্রধান হারুন উর রশিদ, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল নাসের চৌধুরী এবং ওয়াসার সাবেক এমডি তাকসিম আহমেদ খান।

এসব অর্থপাচারের ক্ষেত্রে ‘পঞ্চপাণ্ডব ব্যবসায়ী’ হিসেবে পরিচিতরা ছিলেন মূল কারিগর, যাঁরা রাজনীতিবিদ এবং আমলাদের অর্থপাচারে সহযোগিতা করেছেন এবং তাঁদের মাধ্যমেই এই ধরনের অর্থগুলো পাচার হয়েছে। যেকোনো দুর্নীতির ক্ষেত্রে তাঁরা মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হতেন। এই পঞ্চপাণ্ডব ব্যবসায়ীর মধ্যে রয়েছেন আজিজ খান, নজরুল ইসলাম মজুমদার, নাফিজ সরাফত এবং সবার ওপরে সালমান এফ রহমান। মূলত সালমান এফ রহমানের নেতৃত্বেই এই চোরতন্ত্রের একটি মন্ত্রিপরিষদে ৪০ চোরের অবস্থান ছিল। এসব চোরের মাধ্যমে বাংলাদেশকে লুট করা হয়েছে এবং কায়েম করা হয়েছিল লুটেরাতন্ত্র।

সূত্র: কালের কন্ঠ

কুমিল্লাস্থ চাঁদপুর জেলা আইনজীবীদের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লাস্থ চাঁদপুর জেলা আইনজীবীদের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৪ মে ২০২৫) বিকেলবেলা কুমিল্লা গোমতী নদীর পাড় সংলগ্ন ডুমুরিয়া চান্দপুর গোমতী টাচ্ রিসোর্টে কুমিল্লাস্থ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

ওই অনুষ্ঠানে শুরুতেই ফোসকা, চটপটি ও চা-কফি খাওয়া পর সাংগঠনিক আলোচনা শেষে নৈশভোজ এর আয়োজন করা হয়। এছাড়াও মিষ্টি থেকে শুরু করে বাহারি রকমের মুখরোচক খাবার পরিবেশন করা হয়।

এতে অংশগ্রহণ করেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির প্রথম মহিলা অ্যাড. সামছুন নাহার বেগম, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সিনিয়র অ্যাড. মোঃ নজরুল ইসলাম (৫), জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ সামছুর রহমান ফারুক, সিনিয়র অ্যাড. জসীম উদ্দিন চৌধুরী (শিশু), জেলা আইনজীবী সমিতির সাবেক রিক্রিয়েশন সেক্রেটারি অ্যাড. মোঃ ইলিয়াছ মিন্টু, কুমিল্লা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা অ্যাড. শাহীন আফরোজ বিজলী, অ্যাড. আয়েশা বেগম, অ্যাড. শামীমা আক্তার জাহান, অ্যাড. মোঃ মফিজুল ইসলাম, কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ অ্যাড. তাপস চন্দ্র সরকার, অ্যাড. এ.এন.এম আহসান শাহরিয়ার, অ্যাড. সুরঞ্জিত পাল ও অ্যাড. মোঃ জাকির হোসেন নয়ন এবং শিক্ষানবিশ আইনজীবী মোঃ শাহ এনামুল হক কমল প্রমুখ।

এছাড়াও অতিথি হিসেবে অংশ নেন- মিসেস ইলিয়াছ মিন্টু, শামীমা আক্তার জাহান এর স্বামী, মিসেস অ্যাড. মোঃ মফিজুল ইসলাম, মিসেস শাহরিয়ার, মিসেস নয়ন ও মিসেস কমল প্রমুখ।

সদর দক্ষিণের গলিয়ারায় বিএনপির নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৩নং গলিয়ারা ইউনিয়নে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন সদ্য ঘোষিত ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।

তারই প্রতিবাদে ১৪ ই মে (বুধবার) বিকালে গলিয়ারা ইউনিয়ন অফিসের সামনে এলাকার প্রতিবাদী নারী পুরুষ তরুণ যুবক বৃদ্ধ মুরুব্বিদের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ও ওই স্থানীয় সূত্র জানান, দীর্ঘদিন ধরে গলিয়ারা ইউনিয়নে একটি প্রভাবশালী চক্র মাদক ব্যবসা, চাঁদাবাজি ও চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এই চক্রের নেতৃত্বে রয়েছেন শামীম মেম্বার, কাসেম ড্রাগ হাউজের মালিক আনিস এবং শামীম মেম্বারের ছেলে মুন্না গংরা। এলাকাবাসীর অভিযোগ, মুন্নার নেতৃত্বে একটি কিশোর গ্যাং গড়ে তোলা হয়েছে, যারা প্রতিনিয়ত সাধারণ মানুষের ওপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে।

বিল্লাল হোসেন এই চক্রের বিরুদ্ধে প্রতিবাদ জানালে, তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী মুন্না ও তার সহযোগীরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে গলিয়ারা ইউনিয়নবাসী বিক্ষোভে ফেটে পড়েছেন। উপস্থিত এলাকাবাসী দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কুমিল্লায় স্পোর্টস ফর ডেভেলপমেন্ট (S4D) ডে অবজারভেশন প্রোগ্রাম এবং বালিকাদের ৩দিন ব্যাপী কাবাডি প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস কুমিল্লার ব্যবস্থাপনায় কুমিল্লা জেলায় অনুষ্ঠিত হলো স্পোর্টস ফর ডেভেলপমেন্ট (S4D) ডে অবজারভেশন প্রোগ্রাম এবং বালিকাদের ৩দিন ব্যাপী কাবাডি প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।

বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৩ টায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ভাষা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা জেলার এ আয়োজন।

উক্ত অনুষ্ঠানে কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির কাজী গোলাম কিবরিয়া,খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা শিক্ষা বোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা মোঃ সায়েম মিয়া, সোনালী অতীত ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন সাবেক জাতীয় হকি সাবেক খেলোয়াড় মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় জহিরুল হক, অ্যাথলেট সাফিয়া শেলী, ইউনিসেফ বাংলাদেশ, কুমিল্লার কমিউনিটি ফ্যাসিলিলেটর সহ খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাবৃন্দ।

জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, ইউনিসেফ বাংলাদেশ শিশু সুরক্ষায় কিভাবে ভূমিকা রাখছে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন ক্রীড়া কর্মকান্ড তুলে ধরা হয়। ভবিষ্যতে ইউনিসেফ বাংলাদেশ ক্রীড়া উন্নয়নে আরো কর্মকান্ড বাড়ালে তৃনমূলের খেলাধুলার উন্নয়নের পাশাপাশি মাদকাশক্তি থেকে দূরে থাকা, মোবাইল আসক্তি দূর হওয়াসহ শারীরিক ও মানসিকভাবে সুস্থ সবল জাতি গঠনে সহায়ক হবে।

এছাড়া ১৪ মে বিকাল সাড়ে ৪ টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগ ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ০৩ দিন ব্যাপী বালিকাদের কাবাডি প্রশিক্ষণ শুরু হয়েছে। এই প্রশিক্ষণে ২০ জন বালিকা কাবাডি প্রশিক্ষণের সুযোগ পাবে।