All posts by jitu

কুমিল্লা সুয়াগাজী থেকে ভারতীয় ৪৯ লক্ষ টাকার বাসমতী চাউল উদ্ধার

কুমিল্লা সুয়াগাজী থেকে ভারতীয় ৪৯ লক্ষ টাকার বাসমতী চাউল উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিজিবির ১০ ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ এপ্রিল) সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার থেকে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ এর উপস্থিতিতে বিজিবি, পুলিশ সদস্যের সমন্বয়ে ০১ টি বিশেষ টাস্কফোর্স দল গঠন করে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি ট্রাকসহ ৭,৬৫৯ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাউল আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪৯ লক্ষ টাকা। জব্দকৃত মালামাল ট্রাকসহ সরকারি বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

দেবিদ্বারে গোমতী নদীর চরে করল্লার রেকর্ড ফলন

দেবিদ্বারে গোমতী নদীর চরে করল্লার রেকর্ড ফলন, কৃষকদের মুখে হাসি

 

এড. সুদীপ:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোমতী নদীর চরাঞ্চলে এবার করল্লার চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষকরা। খলিলপুর, আশানপুর, বালিবাড়ির চরসহ বিভিন্ন এলাকায় প্রায় ১০ একর জমিতে উৎপাদিত করল্লার বাম্পার ফলন কৃষকদের মুখে ফুটিয়েছে স্বস্তির হাসি। বাজারে ভালো দাম পাওয়ায় চাষিরা এবার লাভের মুখ দেখছেন।

লাভজনক ফলনে কৃষকদের উচ্ছ্বাস

বারেরার চরের কৃষক বাচ্চু মিয়া জানান, এবার ৪০ শতাংশ জমিতে করল্লা চাষে তার প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বিক্রি করেছেন প্রায় আড়াই লাখ টাকার করল্লা। একই এলাকার আবু কালাম বলেন, “গত বছরের তুলনায় এবার ফলন অনেক ভালো হয়েছে। পাইকারি বিক্রিও হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে। আমার জমি থেকে এবার সাড়ে চার লাখ টাকার করল্লা বিক্রি করেছি।”

প্রাকৃতিক সুবিধা ও চাহিদা

কৃষকদের মতে, এবার বৃষ্টিপাত কম হওয়ায় করল্লার ফলন ভালো হয়েছে। গোমতী নদীর উর্বর পলিমাটি করল্লা চাষের জন্য বিশেষভাবে উপযোগী। এছাড়া, বাজারে করল্লার চাহিদা ও দাম দুটোই ভালো থাকায় চাষিরা ব্যাপকভাবে লাভবান হচ্ছেন।

কৃষি বিভাগের তথ্য ও পরিকল্পনা

দেবিদ্বার উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় প্রায় ৩৫ হেক্টর জমিতে করল্লার চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। ফলন ও বাজারমূল্যও সন্তোষজনক। উপজেলা কৃষি অফিসার বানিন রায় বলেন, “চরাঞ্চলের কৃষকদের আরও উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হচ্ছে। নিরাপদ ফসল উৎপাদনে আমরা নিয়মিত পরামর্শ দিয়ে সহযোগিতা করছি।”

ভবিষ্যত সম্ভাবনা

এই অঞ্চলে করল্লার পাশাপাশি অন্যান্য সবজির চাষও হয়। তবে এবারের সাফল্য কৃষকদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের আরও উন্নত প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানো যায়।

চরাঞ্চলের কৃষকরা আশাবাদী, সরকারি ও বেসরকারি পর্যায় থেকে আরও সহায়তা পেলে তারা আরও বেশি লাভবান হবেন এবং দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

দেবিদ্বারে নেশার টাকা না পেয়ে মাকে কোপাল ছেলে

দেবিদ্বারে নেশার টাকা না পেয়ে মাকে কোপাল ছেলে

 

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বারে এক মাদকাসক্ত ছেলে নেশার টাকা না দেওয়ায় নিজের মাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে ইমনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে জেলে পাঠানো হয়।

গ্রেফতারকৃত ইমন (২৫) দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের নয়াকান্দি গ্রামের রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে ইমন তার মা খোরশেদা বেগমের কাছে নেশার টাকা হিসেবে দুই হাজার টাকা চায়। টাকা না পেয়ে রাগান্বিত হয়ে ইমন বঁটি দা দিয়ে মায়ের মাথায় কুপিয়ে তাকে গুরুতর জখম করে।

এসময় প্রতিবেশীরা ইমনকে থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে। দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমনকে আটক করে। তবে গ্রেফতারের সময় ইমনের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।

আহত মা খোরশেদা বেগমকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে তিনি তার ছেলের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, “নেশার টাকার জন্য ছেলে তার মাকে কুপিয়েছে—এমন তথ্য পেয়ে আমরা তাকে গ্রেফতার করি। মায়ের অভিযোগের ভিত্তিতে ইমনকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না : সিইসি

ডেস্ক রিপোর্ট:

ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান সিইসি।

তিনি জানান, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া। এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলি। নির্বাচনকেন্দ্রীক যেকোনো ধরনের সহায়তায় তারা আগ্রহী।

ভোটার তালিকা হালনাগাদসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়েও আলোচনার কথা জানান সিইসি।

সিইসি জানায়, রাজনৈতিক বিষয়ে উদ্যোগ নেবে ঐকমত্য কমিশন। সে নিয়ে কথা বলতে চায় না ইসি। তবে ভোটের প্রস্তুতিতে নির্বাচনের আগে যা যা করা দরকার নিজেদের ক্ষমতাবলে সেসব কাজ সম্পন্ন করছে ইসি।

তিনি জানান, নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের কেনাকাটার কাজ শুরু হয়েছে। এছাড়া সীমানা নির্ধারণে আইন পরিবর্তন দরকার। আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এলে কাজ শুরু হবে সীমানা নির্ধারণ নিয়ে। রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনেরও সময় বাড়ানো হয়েছে। মূলত নির্বাচনের প্রস্তুতিতে পুরোদমে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।

বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, বাতিল করা হয়েছে ঠিকাদারি লাইসেন্সটি

ডেস্ক রিপোর্ট:

বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে ক্ষমা চান তিনি। এ সময় আসিফ মাহমুদ জানায়, তার বাবার নামে করা ঠিকাদারি লাইসেন্সটি বাতিল করা হয়েছে।

ওই পোস্টে আসিফ মাহমুদ জানান, আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।

গতকাল রাত ৯টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের (জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার এর কার্যালয় থেকে ইস্যুকৃত) একটি লাইসেন্স করেছেন।

নিজের বাবার পরিচয় দিয়ে উপদেষ্টা আসিফ জানান, আমার বাবা একজন স্কুল শিক্ষক। আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন।

তিনি আরো জানান, রাষ্ট্রের যেকোন ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যেকোন লাইসেন্স করতেই পারে। তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট।

বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেন নি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।

লাইসেন্স গ্রহণ ও বাতিলের মধ্যবর্তী সময়ে উক্ত লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি বলে জানিয়েছেন আসিফ মাহমুদ।

কুমিল্লায় ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা

কুমিল্লায় ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় রিফাইনারি এসোসিয়েশন, বাজার কমিটি, সরকারি/বেসরকারি দপ্তর সংস্থার প্রতিনিধিসহ অংশীজনদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়।


কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) উপ সচিব ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।

এই সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দোকান মালিক ব্যবসায়ি সমিতির সভাপতি সানাউল হক, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক নাছিরুল ইসলাম মজুমদার, বেকারি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান ভূইয়া, রাণীর বাজার দোকান মালিক ব্যবসায়ি সমিতির সভাপতি মাহবুব মেহেদি, রাজগঞ্জ ব্যবসায়ি সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন ইদু মিয়া, সাধারণ সম্পাদক হাজী মো: সেলিম, নিউ মার্কেট ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক দিপক চন্দ্র সাহা, দৈনিক রাণীর বাজার দোকান মালিক ব্যবসায়ি সমিতির সভাপতি কোরবান আলী, চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মো: আলী আশ্রাফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফারুক আহম্মেদ, কুমিল্লা বিসিকের তরুণ উদ্যোক্তা সংগঠনের আহ্বায়ক ইজাজ আহাম্মেদ খানসহ বিএসটিআইয়ের প্রতিনিধিগণ।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া সুলতানা এই কর্মশালার সঞ্চালনা করেন। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে লাশ টয়লেটের ট্যাংকিতে

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে লাশ টয়লেটের ট্যাংকিতে লুকিয়ে রেখেছিলেন: আদালতে স্বামীর স্বীকারোক্তি

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বৃদ্ধা শাহিদা বেগম হত্যার আড়াই মাস পর রহস্য উদঘাটন করেছে পুলিশ। ১৬৪ ধারা জবানবন্দিতে শাহিদা বেগমের স্বামী আবদুল মমিন নিজেই হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

পুলিশ জানায়, ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে গত ৩ ফেব্রুয়ারি সোমবার সকালে শাহিদা বেগমের লাশ বাড়ির টয়লেটের রিংয়ের মধ্যে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তাঁর ছেলে মাছুম বিল্লাহ বাদি ও স্বামী আবদুল মমিন ১নং স্বাক্ষী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করা হয়। মামলার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ নাজির আহম্মেদ খানের নির্দেশনায় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই হেশাম উদ্দিন গত ২৭ মার্চ ১নং সাক্ষী আব্দুল মমিনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আদালতে প্রেরণ করে মূল রহস্য উদঘাটনের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ২ দিনের মঞ্জুর করেন। গত ২১ এপ্রিল পুলিশ আবদুল মমিনকে হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসে। আবদুল মমিনকে নিবিড়ভাবে এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে শাহিদা বেগমকে খুন করার কথা স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার বিস্তারিত প্রকাশ করে।

আবদুল মমিনের বরাতে পুলিশের উল্লেখ করেন, আবদুল মমিনের মা জীবিত এবং বয়স ১৩০ এর কাছাকাছি। তাঁর মা চলাফেরা করতে পারেন না, তবে সুস্থ রয়েছেন। মায়ের সেবা যত্ম নিয়ে স্ত্রীর সাথে প্রায় ঝগড়া হতো। আবদুল মমিন ও তার ভাই পালাক্রমে এক মাস করে তাঁর মায়ের দায়িত্ব নিয়ে সেবা যত্ন করছেন। মমিনের ছেলে তাদের পুরাতন বাড়িতে মা এবং পরিবার নিয়ে থাকছে। মমিন ও তাঁর স্ত্রী শাহিদা বেগম ধনুসাড়া পূর্ব পাড়ায় তাদের নতুন বাড়িতে থাকেন। তিনি স্থানীয় মসজিদে ইমামতি করেন। তার মা যখন তাঁর পুরাতন বাড়িতে অবস্থান করছিলেন তখন মমিন সেখানে মায়ের খোঁজ খবর নিতে যান।

তখন তাঁর মা নালিশ করে যে, তাঁর স্ত্রী তাঁর মায়ের সাথে দুর্ব্যবহার করেছে। তখন মমিন মনে মনে রাগান্বিত হয়। ওইদিন গভীর রাতে মমিন তাঁর স্ত্রী ভিকটিম শাহিদা বেগমকে মায়ের সাথে খারাপ আচরণের কথা জিজ্ঞাসা করে। এতে শাহিদা বেগম গালমন্দ শুরু করে। মমিন বিরক্ত হয়ে তাঁর পাশে থাকা বালিশ দিয়ে তার স্ত্রী শাহিদা বেগমের নাক ও মুখে চাপ দিয়ে ধরে রাখে। কিছুক্ষণ পর দেখে, তাঁর স্ত্রী আর নড়াচড়া করছে না।

এক পর্যায়ে বুঝতে পারেন, তাঁর স্ত্রী আর বেঁচে নেই। পরে ভোর রাত ৪টা থেকে সাড়ে ৪টায় স্ত্রীর লাশ কাঁধে করে বাড়ির উত্তর পাশে টয়লেটের রিংয়ের ভিতরে রেখে উপরের ঢাকনাটি আবার লাগিয়ে দেয়। লাশ নিয়ে যাওয়ার সময় শাহিদা বেগমের পেটিকোটটি তার শরীর থেকে পড়ে যায়। লাশ টয়লেটে রেখে বাড়ির নলকুপ থেকে গোসল করে পেটিকোটটি বালতির মধ্যে রেখে ভোর ৫টায় আবদুল মমিন মসজিদে চলে যায়। মসজিদ থেকে এসে তার ছেলেকে ফোন দিয়ে বলে, তোমার মাকে পাওয়া যাচ্ছে না। পরে তাঁর ছেলেসহ আশেপাশের লোকজন মমিনের নতুন বাড়িতে এসে অনেক খোঁজাখুজির পর সাড়ে ৭টায় লাশ খুঁজে পায়। লাশ খোঁজার সময় আবদুল মমিন সবার সাথেই ছিল। তাকে কেউ সন্দেহ করেনি।

রাজনীতিতে ইলিয়াস কাঞ্চন

রাজনীতিতে ইলিয়াস কাঞ্চন, আসছে নতুন দল

ডেস্ক রিপোর্ট:

প্রখ্যাত চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন এবার রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে যাচ্ছেন। তিনি শুক্রবার (২৫ এপ্রিল) একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেবেন।

রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে সকাল ১০টায় এই ঘোষণা দেওয়া হবে। নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ বুধবার (২৩ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, নতুন দলটির নাম হচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’। সাবেক প্রতিমন্ত্রী ও এমপি গোলাম সারোয়ার মিলন, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ নতুন এই দলে গুরুত্বপূর্ণ পদে থাকছেন। ইসলামী আন্দোলনের যৌথসভা / জাতীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে কৌশলগত ঐকমত্য

লিটন এরশাদ জানায়, নতুন দলে রাজনীতিবিদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ সব অঙ্গনের লোকজন থাকবেন।

দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি।

এদিকে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন এই রাজনৈতিক দল নিয়ে রাজনীতিতে বেশ কৌতুহলের সৃষ্টি হয়েছে।

সূত্র: কালের কন্ঠ

মাদক সেবন করে মারধর করেন চিত্রনায়িকা পরীমনি

মাদক সেবন করে মারধর করেন চিত্রনায়িকা পরীমনি, অভিযোগ গৃহকর্মীর

ডেস্ক রিপোর্ট:

মেকআপ রুম থেকে মাদক সেবন করে এসে গৃহকর্মীকে মারধরের অভিযোগে চিত্রনায়িকা পরীমনির নামে মামলা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় পরীমণির সঙ্গে আরও আসামি করা হয়েছে একই ফ্ল্যাটে বসবাস করা সৌরভ (২৮) নামে এক ব্যক্তিকে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ৮ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিদুস জামান নিশান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানায়, মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পিংকি আক্তার (২৪) নেত্রকোনা জেলা সদরের মৌগাতী ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মো. মোজাম্মেলের মেয়ে।

মামলার আরজিতে বাদী অভিযোগ করেন, ২০২৪ সালের মার্চে মামলার বাদী পিংকি আসামিদ্বয়ের বাসায় কাদের এজেন্সি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে গৃহপরিচারিকার কাজের জন্য চাকরি নেন।

একটি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব নেওয়ার কথা বলে এজেন্সি হতে বাদীকে আসামিদের বাসায় নিয়োগ দেওয়া হলেও তাকে দুটি বাচ্চার দায়িত্ব পালন করতে হতো।

এছাড়া বাদীকে দিনে ও রাতে উভয় সময় বাসার রান্নার কাজ করতে হতো। তবুও বাদীর চাকরি একান্ত আবশ্যক হওয়ায় তিনি মুখ বুঝে সহ্য করে আন্তরিকতার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছিলেন।

তবে চলতি বছরের ২ এপ্রিল দুপুর ১টায় আসামি পরীমণি তার মেকআপ রুম থেকে মাদক গ্রহণ করে বাচ্চার রুমে এসে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

বাদী গালিগালাজ কেন করছেন জানতে চাইলে পরীমণি বলেন, ‘তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করছিস, এখন ওকে সলিড খাবার দিবি। ’ বাদী বলে, ‘বাচ্চার খাওয়ার রুটিন অনুসারে এখন দুধ খাওয়ানোর কথা, তাই আমি দুধ তৈরি করেছি। ’

এ সময় পরীমনি ক্ষিপ্ত হয়ে বাদীর মাথায়, মুখে ও চোখে এলোপাথাড়িভাবে চড়-থাপ্পড় মেরে আহত করেন। একপর্যায়ে ভুক্তভোগী বাদী পিংকি পরীমণির মারধরে অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর বাদী তাকে হাসপাতালে নেওয়ার জন্য পরীমণিকে অনুরোধ করলেও তিনি সাড়া দেননি।

ঘটনাস্থলে অপর আসামি সৌরভ উপস্থিত ছিলেন। সৌরভ পিংকিকে নির্যাতন করার জন্য পরীমনিকে উৎসাহিত করতে থাকেন এবং বাদীকে বাসার বাইরে যাওয়া থেকে বিরত করেন।

পরে ভুক্তভোগী পিংকি ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে নিরাপদে যান এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

এর আগে গত ৩ এপ্রিল মারধরের অভিযোগে ভাটারা থানায় পরীমণির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন পিংকি আক্তার। এবার করলেন মামলা। তবে তদন্তে কোনো অগ্রগতি না দেখায় আদালতে মামলা করেন বলে আরজিতে উল্লেখ করা হয়।

আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে তা নির্ধারণের দায়িত্ব

আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে তা নির্ধারণের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের : রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে, সেই দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের।

বুধবার (২৩ এপ্রিল) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার চারু শিল্পী মানবেন্দ্র ঘোষের অগ্নিদগ্ধ বাড়ি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী জানান, ‘সমস্ত গণতন্ত্রকামী মানুষ আপনাদের (অন্তর্বর্তী সরকার) সমর্থন দিয়েছে। কিন্তু কনস্টিটিউশনালি বা আইনগতভাবে অন্তর্বর্তী সরকারের কোনো ভিত্তি নেই।’

তিনি জানায়, ‘যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারা প্রত্যেকেই আপনাদের সমর্থন করেছে। সে অনুযায়ী আপনারা দেশ চালাচ্ছেন। এখন আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে, সে দায়িত্ব অন্তর্বর্তী সরকারের।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘প্রশাসন আপনাদের হাতে, অন্য সব স্টেট মেশিনারি আপনাদের হাতে। আওয়ামী লীগকে নিয়ে আপনারা কী করবেন, সেটা আপনাদেরই ঠিক করতে হবে।’

‘আওয়ামী লীগের দোসরদের অনুসারীরা ঘাপটি মেরে আছে নানা জায়গায়। ওদের কাছে পেট্রোল কিনে বাড়ি পুড়িয়ে দেওয়ার যে অর্থ, মানুষকে হত্যা করার জন্য যে অস্ত্র লাগে, সেসব তাদের কাছে আছে।’

তিনি জানান, ‘সেটাকে দমন করতে আপনাদের কী আইন প্রণয়ন করতে হ,বে সেটা আপনারা জনগণের কাছে খোলাসা করুন। যেহেতু প্রশাসন আপনাদের হাতে। দোসরদের অনেকেই পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশসহ অনেক জায়গায়। কিন্তু যারা নৈরাজ্য ছড়াচ্ছে তারা প্রশ্রয় পাচ্ছে কার দ্বারা?’

‘যারা ১৫ বছর যাবত শেখ হাসিনাকে পাহারা দিয়েছে, ব্যাংক লুট করেছে, অন্যের সম্পদ লুট করেছে, টাকা পাচার করেছে, তারা আজ এই জনসমুদ্রের ভিতর কোথায় লুকিয়ে আছে। অন্তর্বর্তী সরকার যদি খুঁজে বের করতে না পারে, তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে,’ ভাষ্য রিজভীর।