All posts by jitu

কুমিল্লা-১ আসনের সাবেক এমপি সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রীর জমি ক্রোকের নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রী মাহমুদা আখতারের নামে থাকা গাজীপুর, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন স্থানের ৪.৭৫ একর জমি ক্রোক করার পাশাপাশি তার নামে থাকা ১২টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এসব নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানায়।

এসব স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান।
দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৬৭৬ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।

এ ছাড়া আসামি মাহমুদা আখতার নিজনামীয় ১২টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৩১ লাখ ৯১ হাজার ১৪ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেন। আসামি মাহমুদা আখতারের সব সম্পদ এখনো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি।

তবে মামলাটি তদন্তকালে এখন পর্যন্ত প্রাপ্ত তাঁর নামীয় বর্ণিত স্থাবর ও অস্থাবর সম্পদ যেন অন্যত্র হস্তান্তর, স্থানান্তর কিংবা রূপান্তর করতে না পারেন, সে জন্য স্থাবর সম্পত্তিসমূহ ক্রোক ও অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র কমিটিতে

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র কমিটিতে পদ পেয়েছেন সাবেক রেলমন্ত্রীর ঘনিষ্ঠরা!

বিশেষ প্রতিবেদন:

সদ্য ঘোষিত চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘিরে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। চলতি বছরের ২ এপ্রিল ঘোষিত কমিটিতে সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের সাথে ঘনিষ্ঠ একাধিকজন গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন বলে দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনায় মেতেছেন বিএনপি’র নেতাকর্মীরা।

তারা দাবী করেন, ঘোষিত কমিটির একাধিক সদস্য সাবেক রেলপথমন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন। ঘোষিত কমিটিতে আহ্বায়ক পদে মো: কামরুল হুদা ও সদস্য সচিব পদে রয়েছেন ইঞ্জি: শাহ আলম রাজু।

জানা যায়, ঘোষিত কমিটির যুগ্ম আহবায়ক সাহাবুদ্দিন ফরায়েজী লাল্টু এক সময় ছাত্রলীগের রাজনীতি হয়ে পরবর্তীতে যুবলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সাথে ছিলো তার গভীর সখ্যতা। বর্তমানে বিএনপির একটি গ্রুপের আর্শিবাদে উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়কের পদ ভাগিয়ে নেন। আরেক যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন মেম্বার বিগত সরকারের সময়ের আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ নিতেন। মুজিবুল হকের বাসায় ঘোলপাশা ইউনিয়ন চেয়ারম্যান কাজী জাফর ও ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীদের নিয়ে নৌকা উপহার দেয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘোষিত কমিটির ১৯ নং সদস্য মোঃ তৌহিদুল ইসলাম, বিএনপি জামায়াত কর্তৃক বর্জনকৃত উপজেলা নির্বাচনে স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ্রহণ করেন। কথিত আছে, তিনি আ’লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী রহমত উল্লাহ বাবুলের সমর্থনেই চেয়ারম্যান প্রার্থী হন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে চৌদ্দগ্রামের সাবেক সাংসদ জামায়াত নেতা ডাঃ তাহেরের ছোট ভাই একরামুল হক হারুনের ব্যবসায়িক অংশীদার ছিলেন। জোট সরকারের সময়ে নবগ্রাম-কাশিনগর-কাদৈর সড়কসহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ ভাগিয়ে নেন। পরবর্তীতে মুজিবুল হক এমপি হওয়ার পর রাতারাতি হয়ে যান আওয়ামী লীগ সমর্থক। কথিত আছে মুজিবুল হকের বিয়ের অনুষ্ঠানে সকল খাসি দেয়া হয় তার পক্ষ থেকে।

কমিটির ৭ নং যুগ্ম আহবায়ক নুরুন্নবী পাটোয়ারী নুরু বিগত সরকারের সময়ে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের নৌকা মার্কার পক্ষে ভোট চাওয়ার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়াও কমিটির ২১ নং সদস্য জাকারিয়া চৌধুরী যুবরাজ, ২৪ নং সদস্য সোলাইমান চৌধুরী, ২৮ নং সদস্য খন্দকার আল আমিন খোকন বিগত সরকারের ১৭ বছর সময়ে দলের কোন কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত না থাকা, মামলা-হামলার শিকার না হওয়ার অভিযোগ করেন নেতাকর্মীরা। খন্দকার আল আমিন দীর্ঘদিন জাতিয় পার্টির রাজনীতিতে জড়িত ছিল। এদের অনেকেই সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে ব্যবসা বানিজ্য টিকিয়ে রাখেন বলে দাবী করেন একাধিক বিএনপি নেতাকর্মী।

উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন বলাই বলেন, চৌদ্দগ্রামে জাগো দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন শেষে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সকল কমিটিতে ভাইস প্রেসিডেন্ট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলাম। কিন্তু সর্বশেষ কমিটিতে আমাদের মতো ত্যাগীদের কোন পদবী নাই। বিএনপি’র কান্ডারী তারেক রহমান দেশে আসলেই সবকিছুর ফয়সালা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপি’র সাবেক এক যুগ্ম আহবায়ক বলেন- জাতীয় পার্টি, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের অনুসারীদের দলে জায়গা হয়েছে কিন্তু আমাদের অবস্থান নাই।

ঘোষিত কমিটির সদস্য তোফায়েল হোসেন জুয়েল বলেন, বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারীদের আহবায়ক কমিটিতে সুযোগ দেয়া হয়নি। কমিটির আহবায়কসহ একাধিক যুগ্ম আহবায়ক, সদস্য বিগত সরকারের সুবিধাভোগী ছিল। অনেকেই সাবেক রেলমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। এছাড়াও সর্বশেষ সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি হলেও তদন্ত রিপোর্ট আসার আগেই কমিটি ঘোষনা করা হয়েছে।

উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবু তাহের মজুমদার বলেন, নতুন আহবায়ক কমিটির ২৬ নং সদস্য হিসেবে আমার নাম আসছে। কিন্তু একই নামে আমার ইউনিয়নে আমার হাতেগড়া কর্মী আবু তাহের নিজেকে সদস্য হিসেবে পরিচয় দিচ্ছে। যা আমার জন্য লজ্জার। ইউনিয়নের আরেক আহবায়ক তৌহিদুল ইসলামের পুরো পরিবার মুজিবুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ। এখন তাদের পরিবারের প্রায় সবাইকে উপজেলা ও ইউনিয়ন কমিটিতে পদ দেয়া হয়েছে।

গত ২ই এপ্রিল কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন প্রদান করেন। ঘোষিত কমিটিতে উপজেলা বিএনপি’র বিগত ১৭ বছরে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী, মামলা-হামলায় জর্জরিত নেতা কর্মীদের মূল্যায়ন না করে হাইব্রিড ও সুবিধাভোগীদের অর্ন্তভুক্ত করা হয়েছে বলে অভিযোগ অনেক নেতাকর্মীদের। দলীয় কর্মসূচিতে না থেকেও প্রবাসে থেকে কমটিতে নাম আসায় অনেক ত্যাগী কর্মীরা হতাশা ব্যক্ত করেন।

কমিটি ঘোষনার কয়েকদিন আগে গত ২৪ শে মার্চ জেলা বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে চৌদ্দগ্রামের পৌর মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সভা চলাকালে জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কামরুল হুদা গ্রুপ ও বিবাদমান ৩টি গ্রুপের (ডা, নোবেল, তোফায়েল হোসেন জুয়েল, হিরণ মোল্লা) মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা গ্রুপের হামলায় জেলা বিএনপির সদস্য হিরণ মোল্লাসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়। হিরণ মোল্লার উপর হামলার ঘটনা দেশব্যাপি তোলপাড় সৃষ্টি হয়। সংঘর্ষ ও হিরন মোল্লার উপর হামলার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় বিএনপি। তদন্ত চলাকালীন সময়ে এবং তদন্ত শেষ হওয়ার আগে কিভাবে জেলা কমিটি চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করেন এনিয়ে চলছে সর্বত্রে আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে জানতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।

৬ দফা দাবীতে মহাসড়ক অবরোধ

৬ দফা দাবীতে মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা পলিটেকনিক ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী পলিটেকনিক্যাল প্রতিষ্ঠানের প্রশিক্ষকদের নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের রায় প্রত্যাহার এবং ছয় দফা দাবীতে মহাসড়কের কোটবাড়ী এলাকায় অবরোধ সৃষ্টি করে।

বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টা থেকে কোটবাড়ি এলাকায় অবরোধ সৃষ্টি করে।

প্রাথমিকভাবে অবরোধটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে কোটবাড়ী বিশ্বরোড পর্যন্ত বিস্তৃত থাকলেও পরবর্তীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত বিস্তৃতি লাভ করে। ২ ঘণ্টাব্যাপী এই অবরোধ কার্যক্রমে মহাসড়কে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। জেলা প্রশাসন, পুলিশ এবং টেকনিক্যাল বোর্ড কর্তৃপক্ষের হস্তক্ষেপ সত্ত্বেও অবরোধ কর্মসূচী চলমান থাকে এবং তা ক্রমান্বয়ে বিশৃঙ্খলায় রূপ নেয়। প্রাথমিকভাবে শান্তিপূর্ণ সকল প্রচেষ্টা ব্যর্থ হলে অধিক মাত্রায় ক্ষয়ক্ষতি রোধ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অবরোধ ছত্রভঙ্গের সিদ্ধান্ত নেয়া হয়।

এরই প্রেক্ষিতে সেনাবাহিনীর টহল দল আকাশে ফাঁকা গুলির মাধ্যমে উত্তেজিত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। এতে কোন ছাত্র ছাত্রী হতাহতের ঘটনা ঘটে নাই। যার পরিপ্রেক্ষিতে, বেলা ১৩১০ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অভিযান চলাকালীন অবরোধে নেতৃত্ব প্রদানের জন্য সাইমুন ইসলাম নোমান (কুমিল্লা পলিটেকনিক, ৭ম সেমিস্টার, সিভিল ইঞ্জিনিয়ারিং, নাঙ্গোলকোট) নামে এক ছাত্রকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে আবার জিতব: সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট:

সাকিব আল হাসানের ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারকে ছাড়িয়ে গেছে তার মাত্র ছয় মাসের রাজনৈতিক জীবন। স্বল্প সময়েই তার জীবনে এসেছে বড় ধরনের পরিবর্তন। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিতর্কিত ছবি ও দর্শকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে নিজের পথকে আরও জটিল করেছেন সাকিব আল হাসান। অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে দায়ের হয়েছে হত্যা মামলা, উঠে এসেছে দুর্নীতির অভিযোগ।

সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব তার রাজনৈতিক জীবন নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন, রাজনীতিতে আসার সিদ্ধান্ত তার ভুল ছিল না এবং এখনও নির্বাচনে দাঁড়ালে তিনিই জিতবেন।

রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত নিয়ে সাকিব জানান, “রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার জন্য ভুল হয়, তবে ভবিষ্যতে অন্য কেউ যোগ দিলেও তা ভুল হবে। ডাক্তার, ব্যারিস্টার, ব্যবসায়ী—যে কেউ রাজনীতিতে আসতে পারে। এটা প্রত্যেক নাগরিকের অধিকার। ভোট দেওয়া বা না দেওয়া জনগণের সিদ্ধান্ত। আমি যখন এসেছিলাম, তখন আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। আমি বিশ্বাস করি, তারা আমাকে চেয়েছিল।”

নির্বাচনে জয়ের বিষয়ে তিনি জানায়, “আমার এলাকায় সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি বিশ্বাস করি, আবার দাঁড়ালেও আমিই জিতব। আমি মাগুরার মানুষের সেবা করতে চেয়েছিলাম, তারা আমাকে সুযোগ দিয়েছিল। দুর্ভাগ্যবশত, আমি তাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, এটা আমি মেনে নিয়েছি।”

রাজনীতিতে আসার কারণ ব্যাখ্যা করে সাকিব জানান, “পরিবর্তন আনতে হলে সিস্টেমের ভেতরে আসতে হয়। বাইরে থেকে সিস্টেম বদলানো সম্ভব নয়। যারা দেশ চালাচ্ছে, তারা সিস্টেমের বাইরে থাকলে কি কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারত?”

তিনি আরও বলেন, “যারা আমার রাজনীতিতে আসাকে ভুল বলে, তারা বেশিরভাগই মাগুরার ভোটার নয়। মাগুরার মানুষ ভিন্নভাবে ভাবে। আমি বিশ্বাস করি, আজ নির্বাচনে দাঁড়ালে তারা আমাকেই ভোট দেবে, কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারি।”

ছয় মাসের রাজনৈতিক জীবন নিয়ে সাকিব বলেন, “নির্বাচনের পর আমি মাত্র তিন দিন মাগুরায় ছিলাম। বাকি সময় ক্রিকেট খেলেছি আর দেশের বাইরে ছিলাম। রাজনীতিতে পুরোপুরি জড়ানোর সময়ই পাইনি।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা প্রসঙ্গে সাকিব বলেন, “তিনি আমাকে বলেছিলেন, ‘রাজনীতি করতে হবে না, ক্রিকেটে মন দাও।’ আমি সেই পরামর্শ মেনে চলেছি। আমার পরিকল্পনা ছিল চ্যাম্পিয়নস ট্রফির পর ধীরে ধীরে রাজনীতিতে মনোযোগ দেওয়া। কিন্তু আমার মূল লক্ষ্য ছিল মানুষের জন্য কাজ করা।”

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত : আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হবে। তারা বলেছেন, আমাদের উপদেষ্টাদের অস্পষ্ট কথা থাকে। এ বিষয়ে বলতে চাই উপদেষ্টারা যে যা-ই বলুক না কেন, প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এর আগে, বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের কোনো স্পষ্ট সময় দেননি। তিনি বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চান। আমরা এতে সন্তুষ্ট নই।”

তিনি আরও বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, “বিএনপি মহাসচিবের এ মত প্রকাশের অধিকার রয়েছে। আমার মনে হয়েছে, আলোচনা শেষে তারা সন্তুষ্ট ছিলেন। তাদের মনে যেসব প্রশ্ন ছিল, তার উত্তর পেয়েছেন বলে আমার ধারণা। তবে ফখরুল ভাইয়ের মনে অন্যরকম ধারণা থাকতে পারে।”

নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মানে এই নয় যে আমরা ইচ্ছাকৃতভাবে দেরি করব। আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন করতে চাই। অকারণে সময় নষ্ট করার কোনো ইচ্ছা নেই। ক্ষমতায় থাকার জন্য সময় বাড়ানো হবে না।”

তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা রয়েছে যে আমরা বিচারকার্য সম্পন্ন করব। হাজারেরও বেশি মানুষ প্রাণ দিয়েছে। যদি আমরা ন্যায়বিচার না করি, তাহলে শুধু জনগণের নয়, নিজেদের কাছেও জবাবদিহি করতে পারব না।”

তিনি জানান, নির্বাচন, সংস্কার ও বিচারকার্যের অগ্রগতির ওপর ভিত্তি করে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, “এ সময়সীমা কখনই জুনের পর যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করা হবে। অযথা দেরি করার কোনো সুযোগ নেই। আমরা প্রয়োজনীয় সংস্কারও দ্রুত বাস্তবায়ন করতে চাই।”

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিকতা ফেরাতে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিকতা ফেরাতে সেনাবাহিনীর কার্যকর হস্তক্ষেপ

 

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বাইপাস এলাকায় আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় প্রায় ২ হাজার পলিটেকনিক শিক্ষার্থী ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রিট বাতিলসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্পূর্ণভাবে অবরোধ করে রাখে, যা টানা দুই ঘণ্টা ধরে স্থায়ী ছিল।

এই একমাত্র মহাসড়কটি দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ রুট হিসেবে পরিচিত, যার বিকল্প কোনো সমান্তরাল সড়ক নেই। ফলে অবরোধের কারণে কুমিল্লা অঞ্চলে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনার চেষ্টা করেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়তে একরকম অস্বীকৃতি জানান।

এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য মৌখিকভাবে বারংবার অনুরোধ জানায় এবং সতর্ক করে। কিন্তু শিক্ষার্থীরা তাতে কর্ণপাত না করায় সেনাবাহিনী সতর্কতামূলকভাবে ফাঁকা গুলি ছুড়ে। এর ফলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

উল্লেখযোগ্য যে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র প্রধান সড়ক। এর উপর নির্ভর করে শিল্প, বাণিজ্য এবং সাধারণ যাত্রী চলাচল। ফলে মহাসড়কের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সেনাবাহিনীর এ হস্তক্ষেপ ছিল সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দফার দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

 

স্টাফ রিপোর্টার:

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে, কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে ৬ দফার দাবিতে অবরোধ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকেই তারা এ মহাসড়ক অবরোধ করেন।

এ অবরোধ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য শহরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট সরকারি, বেসরকারি শিক্ষার্থীরা কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে অবস্থান নেন।

শিক্ষার্থীদের এ অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারনে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ কারণে সড়কে চলাচলকারী মানুষ পড়েছেন সীমাহীন দুর্ভোগে।

এ বিষয়ে জানার জন্য কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কে মোবাইলে কল দিলে তিনি বলেন-
সড়কের অবস্থা খারাপ। যান চলাচল বন্ধ করে দিয়েছে কুমিল্লা পলিটেকনিকের শিক্ষার্থীরা। চারদিকের সড়ক বন্ধ। আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন। শিক্ষার্থীরা উঠে গেলেই কেবল সচল হবে সড়ক। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি আশা করি তারা দ্রুত মহাসড়ক ত্যাগ করবে। আর এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবগত করা হয়েছে।

শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন- আমরা আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করেছি, কেউ কর্ণপাত করেনি। এখন আমরা রাস্তা অবরোধ করেছি। দাবির ব্যাপারে কথা বলতে হলে আমাদের কাছে আসতে হবে। আমরা কেউ সচিবালয় বা জেলা প্রশাসকের কার্যালয়ে যাবোনা।
আমাদের দাবিগুলো হলো –

১। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবতর্ন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

২। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিক ভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।

৩। উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪। কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শুন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

৫। কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরীতে ” কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়” নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

৬। পলিটেকনিক ও মনোটেকনিক ইন্সটিটিউট হতে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, নির্মানাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) এ পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ : মার্কিন মুখপাত্র

ডেস্ক রিপোর্ট:

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বাংলাদেশের ভবিষ্যত সম্পর্কে মন্তব্য করে বলেছেন, “বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একান্তভাবে দেশটির জনগণের।” গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক বাংলাদেশে ইসলামি চরমপন্থার উত্থানের অভিযোগ তুলে প্রশ্ন করেন। তিনি ড. ইউনূসের প্রধান উপদেষ্টা থাকাকালীন সময়ে ‘ইসলামি উগ্রবাদের বিস্তার’, ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন, কেএফসি ও কোকা কোলার মতো মার্কিন ব্র্যান্ডের বিরুদ্ধে বিক্ষোভ এবং ইহুদিবিদ্বেষের প্রসার সম্পর্কে ব্রুসের প্রতিক্রিয়া জানতে চান।

এ প্রশ্নের উত্তরে ট্যামি ব্রুস বলেন, “আপনার বক্তব্য শুনেছি এবং আপনার উদ্বেগ আমি স্বীকার করছি। বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। আমরা ইতিপূর্বে এখানকার সাংবাদিকদের মাধ্যমে দেশটির বিভিন্ন পরিস্থিতি নিয়ে বহুবার আলোচনা করেছি।”

সংবাদ সম্মেলনে ব্রিটিশ সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা নিয়েও প্রশ্ন ওঠে। এ প্রসঙ্গে মার্কিন মুখপাত্র বলেন, “এটি বাংলাদেশের আদালতের জারি করা পরোয়ানা। আপনারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন— будা বিক্ষোভ বা অন্য কোনো বিষয়— এসব মোকাবিলার দায়িত্ব বাংলাদেশের প্রশাসনের। অবশ্যই তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ।”

তিনি জোর দিয়ে বলেন, “চূড়ান্তভাবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। আপনি যে পরিস্থিতির বর্ণনা দিয়েছেন, তা মোকাবিলা করতে হচ্ছে দেশটির মানুষকেই। বাংলাদেশের জনগণের জন্য নির্বাচন ও গণতন্ত্রসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।”

মন খারাপ নেই, বাইরের থেকে ভিতরেই ভালো আছি : শাজাহান খান

ডেস্ক রিপোর্ট:

মন খারাপ নেই, বাইরের থেকে ভিতরেই ভালো আছেন বলে জানিয়েছেন সাবেক নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য তোলা হয় শাজাহান খানকেও। শুনানির সময় শাজাহান খান কাঠগড়ার সামনেই দাঁড়ান। মনোযোগ দিয়ে শুনানি শুনেন।

এ সময় তাকে শুনানির নানা সময় হাসতে দেখা যায়। কাঠগড়ায় অনেক আসামির সঙ্গে কথাও বলেন তিনি। শুনানির এক সময় আদালতের অনুমতি নিয়ে পানি পান করেন। শুনানি শেষে যাত্রাবাড়ী থানার তিন মামলায় নতুন করে তাকে গ্রেফতার দেখানো হয়।

শুনানি শেষে তাকে হাতে হাতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট পরিয়ে হাজতখানায় নেওয়া হচ্ছিল। এ সময় শাজাহান খানকে হাসি খুশি মুখেই যেতে দেখা যায়। নিয়ে যাওয়ার সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করে কারাগারে কেমন নববর্ষ কাটলো।

এ বিষয়ে শাজাহান খান হেসে বলেন, ‘আমাদের কথা আর কত শুনবে। তোমরা কিছু বলো। নববর্ষ যে হইছে এটাই তো..।’ এছাড়া আদালতে উঠার সময় শাজাহান খান বলেন বলেছেন, মন খারাপ নেই ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি।’

এদিকে গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শাজাহান খানকে গ্রেফতার করা হয়। মাদারীপুর-২ আসন (রাজৈর-মাদারীপুর সদরের একাংশ) থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাজাহান খান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কুমিল্লা টাউন হল মাঠে এক বিএনপি নেতার নির্দেশে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা টাউন হল মাঠে বৈশাখী মেলা চলাকালীন সময়ে এক বিএনপি নেতার নির্দেশে কিছু অসাধু ব্যক্তি ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জেলা প্রশাসন কর্তৃক উন্মুক্ত ঘোষণা করা হলেও, একটি চক্র টোকেনের মাধ্যমে বৈধ বা অবৈধভাবে ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায় করে চলছে।

ভ্রাম্যমান ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে, মেলার পেছনে থাকা একটি চক্র তাদের বিরুদ্ধে শাসনমূলক চাপ সৃষ্টি করে চাঁদা আদায় করছে। তারা জানান, ৫ আগস্টের পর থেকে এই চক্রটি আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং সাধারণ মানুষকে হুমকি ও নির্যাতন করে ব্যবসা করতে বাধ্য করছে।

এই ধরনের চাঁদাবাজি, যা সরাসরি সাধারণ মানুষের উপর অত্যাচারের সৃষ্টি করছে, তা মেলার শান্তিপূর্ণ পরিবেশের বিপরীতে যাচ্ছে এবং এটি প্রশাসনের বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করছে। উক্ত পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানানো হচ্ছে যেন চাঁদাবাজির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়।