All posts by jitu

রাতের মধ্যে কুমিল্লাসহ ১৪ জেলায় ঝড়ের আভাস

 

ডেস্ক রিপোর্ট:

ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে মধ্যরাত পর্যন্ত ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া বিভাগ সতর্ক করেছে।

সোমবার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদফতর সকালে জানায়, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় কিছু এলাকায় এই তাপপ্রবাহ কমতে পারে।

বাংলা নববর্ষ উপলক্ষে চৌদ্দগ্রামে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এতিমখানায় বাঙ্গালি খাবার পরিবেশন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতাল ও এতিমখানায় ঐতিহ্যবাহী বাঙ্গালী খাবার পরিবেশের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করছে উপজেলা প্রশাসন। এসময় জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এর অনুষ্ঠান শুরু হয়।

সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢোল বাদ্য বাজিয়ে বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী সাজে সজ্জিত শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদে শেষ হয়।

এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চৌদ্দগ্রাম ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নিশাত তাবাসসুম, সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সারোয়ার লিমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর।

কুমিল্লার মুন হাসপাতালের কনসালটেন্ট বিভাগ বন্ধ করল স্বাস্থ্য বিভাগ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার মুন হসপিটাল প্রাইভেট লিমিটেডের কনসালটেন্ট বিভাগের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগীকে ভুল ইনজেকশন প্রদানের অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

এ ঘটনার তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ঘটনার সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের চিঠিতে বলা হয়, কুমিল্লা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আশরাফুল মতিন (সাগর) এর চিকিৎসা ব্যবস্থাপত্র অনুযায়ী গত ১০ এপ্রিল মনোয়ারা বেগম নামের রোগীকে ইনজেকশন অ্যাকলাস্টা (প্রস্তুতকারী প্রতিষ্ঠান-নোভার্টিস, সুইজারল্যান্ড) প্রদান করার কথা বলা হয়, যার বাজার মূল্য ৩৪ হাজার ৫০০ টাকা বলে দাবি করা হয়। কিন্তু জালিয়াতির আশ্রয় নিয়ে ইনজেকশন অ্যাকলাস্টার পরিবর্তে জোলেনিক (প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা বাংলাদেশ), যার বাজার মূল্য ৬ হাজার টাকা প্রদান করার অভিযোগ পাওয়া যায়।

এতে আরও বলা হয়, পরে এ বিষয়ে ডা. মোহাম্মদ আশরাফুল মতিনের (সাগর) একটি স্বাক্ষরবিহীন প্রতিবাদলিপি প্রচার হয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না। এ অবস্থায় আগামী সাত কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তর বরাবর প্রেরণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত মুন হসপিটাল লিমিটেড, কুমিল্লার কনসালটেশন সেন্টারের কার্যক্রম স্থগিত থাকবে। তবে হাসপাতালের আন্তঃবিভাগ ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চালু থাকবে। বিষয়টি সিভিল সার্জন কুমিল্লা তত্ত্বাবধান করবেন। এ আদেশ অমান্য করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে হাসপাতালটির পরিচালক রউছ আব্দুর রবসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কেউ বক্তব্য দিতে রাজি হননি।

বর্ষবরণের শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

ডেস্ক রিপোর্ট:

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়।

ঢাক, ঢোল আর বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে এগিয়ে চলছে শোভাযাত্রা। অন্যবারের তুলনায় এবারের আয়োজনে ভিন্নতা দেখা গেছে। শোভাযাত্রায় স্থান পেয়েছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’।

এর আগে শোভাযাত্রার জন্য বানানো ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পুড়ে যাওয়ার পর এটি আবার নতুন করে বানিয়েছে চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। নতুন সেই মুখাকৃতি স্থান পেয়েছে আনন্দ শোভাযাত্রায়৷

‘সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান মল্লিককে’

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে তার নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বলে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ১ সেপ্টেম্বর তৎকালীন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সম্প্রতি মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমকে গত ৭ এপ্রিল ঢাকায় তার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ। গত ১০ এপ্রিল রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেন।

মেঘনাকে আটকের ঘটনায় সমালোচনার মুখে পড়ে ডিবি। এরপর ১১ এপ্রিল দুপুরে ডিএমপি থেকে মেঘনাকে আটকের ঘটনায় ব্যাখায় দেওয়া হয়।

সেই ব্যাখায় বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্ক মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়। তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে।

এর আগে, গত বছরের ৫ আগস্টের পর প্রায় এক মাস ফাঁকা ছিল ডিএমপির ডিবিপ্রধানের চেয়ার। এরপর ১ সেপ্টেম্বর তৎকালীন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন।

গণহত্যার বিচার ও সংস্কারের আগে কেউ নির্বাচন চাইলে জনগণ তাদের প্রত্যাখান করবে: এনসিপি নেতা আবু রায়হান

 

স্টাফ রিপোর্টার:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক এবং মহানগর এনসিপি নেতা আবু রায়হান বলেছেন, গণহত্যার বিচার ও সংস্কারের আগে কেউ নির্বাচন চাইলে জনগণ তাদের প্রত্যাখান করবে। পর্যাপ্ত সংস্কারের আগে নির্বাচনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। একটি রাজনৈতিক দল নির্বাচনের জন্য উন্মাদ হয়ে গেছে। যারা জুলাই আগস্টের চেতনাকে ধারণ করেনা। তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এবং লুটপাটের জন্য নির্বাচন নির্বাচন করছে। এই মুহূর্তে নির্বাচন হলে অতীতের মতোই ফ্যাসিবাদ কায়েম হবে। তাই নির্বাচনের আগে সকল সেক্টরে পর্যাপ্ত সংস্কার করতে হবে। সংস্কারের মাধ্যমে জনগণের সকল অধিকার নিশ্চিত করতে হবে। রোববার দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই আগস্টের গন অভ্যুত্থানের আহত ১৮০ জন যোদ্ধার মধ্যে স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করা হয়। এসব কার্ডের মাধ্যমে আহত যোদ্ধারা সকল সরকারি হসপিটালে বিশেষ গুরুত্ব সহকারে চিকিৎসা সেবা পাবেন।

আবু রায়হান বলেন, নির্বাচন এবং দেশ পরিচালনায় ভিনদেশী প্রেসক্রিপশন আর চলবে না। আমরা রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা রক্ষার দায়িত্বও আমাদের সকলের। অত্যন্ত দুঃখের বিষয় একটা গোষ্ঠী জুলাই গণঅভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকার করতে চায় না। তারাই নির্বাচনের নামে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এসব চক্রান্তকারীদের কে আহত যোদ্ধারাই জবাব দেবেন।

জুলাই আন্দোলনে আহতদের যাচাই বাছাই কমিটির সদস্য ডা. রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. সারোয়ার রেজা আকবর। তিনি বলেন আপনারা জুলাই আগস্ট যোদ্ধারা দেশের সম্পদ। আপনারা জীবন বাজি রেখে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করেছেন। এদেশকে রক্ষা করার দায়িত্বও আপনাদের।

এ সময় মোট ১৮০ জন জুলাই আন্দোলনে আহতদের সাস্থ্য কার্ড প্রদান করা হয়। এ কার্ডের মাধ্যমে তারা দেশের সকল সরকারী হাসপাতালে বিশেষ সুযোগ সুবিধা পাবেন।

লালমাইয়ে যৌথ বাহিনীর অভিযান, একাধিক অস্ত্রসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা লালমাই উপজেলায় একাধিক অস্ত্রসহ মোহাম্মদ সালাউদ্দিন নামের একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার দিবাগত রাত সাড়ে বারোটায় লালমাই উপজেলার জলগাঁও গ্রামে যৌথ বাহিনীর অভিযানে মোঃ সালাউদ্দিন (সুমন) নামের একজন অস্ত্রধারীকে আটক করা হয়েছে। উক্ত ব্যক্তির কাছ থেকে ০১ টি এয়ারগান, ২৭ টি এয়ারগান বুলেট, ০৫ টি দেশীয় অস্ত্র এবং ০১ টি পালসার ২২০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল লালমাই থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

২৯ এপ্রিলের মধ্যে ওমরাহ যাত্রীদের সৌদি ছাড়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় চলতি বছরে ওমরাহ পালনের জন্য আগত বিদেশি মুসল্লিদের জন্য সৌদি আরব ত্যাগের সর্বশেষ সময়সীমা ঘোষণা করেছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ওমরাহ পালনকারীদের সৌদি আরবে প্রবেশের শেষ তারিখ ছিল ১৩ এপ্রিল, আর দেশ ছাড়ার শেষ সময় ২৯ এপ্রিল। এ সময়ের পর কোনো ওমরাহ যাত্রী সৌদি আরবে অবস্থান করতে পারবেন না।

এছাড়াও, হজ ও ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান বা এজেন্সিগুলো যদি কোনো মুসল্লিকে এই সময়সীমার বাইরে থাকার সুযোগ করে দেয়, কিন্তু কর্তৃপক্ষকে তা জানায় না, তাহলে তাদের ১ লাখ সৌদি রিয়াল (প্রায় ২৬ হাজার ৬০০ ডলার) জরিমানা করা হতে পারে।

সৌদি কর্তৃপক্ষ সবাইকে এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে এবং সময়মতো দেশ ত্যাগ করতে অনুরোধ করেছে। কোনো প্রকার ভুল বা গাফিলতির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা ও শাস্তির মুখোমুখি হতে হবে।

সূত্র : সৌদি গেজেট

কুমিল্লার চকবাজারে সেনাবাহিনীর অভিযানে

কুমিল্লার চকবাজারে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শহরের ব্যস্ততম এলাকা চকবাজার বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর টহল দলের একটি সফল অভিযানে চাঁদাবাজি করার সময় দুই যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে আদর্শ সদর ক্যাম্পের সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন— মোঃ লিপু (৩০) ও মোঃ জাহিদুল ইসলাম আপু (২৭)। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে টোল বা চাঁদা আদায় করে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মোঃ রাসেলের নেতৃত্বে এই অপকর্ম চালাতেন। আর এই রাসেল কাজ করতেন মোঃ রাকিবুল ইসলাম রাকিবের পক্ষে, যিনি কুমিল্লা চকবাজার বিএনপির সাধারণ সম্পাদক।

সেনা সদস্যরা দ্রুত অভিযান পরিচালনা করে তাদের আটক করেন এবং প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা শেষে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেন, যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়।

জনবহুল এই এলাকায় সেনাবাহিনীর এই কার্যকর পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে দৃঢ় বার্তা দেয়।

মনোহরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ:

খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে মাঠে চল। এ প্রতিপাদ্যকে সামনে রেখে, মনোহরগঞ্জ সরকারি উচ্চ ও কলেজের প্রাক্তন হেডমাষ্টার মোঃ আবুল খায়ের মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মনোহরগঞ্জ উপজেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

খেলায় দুই শক্তিশালী টিম অংশগ্রহণ করেন তারা হলেন মির্জাপুর স্ফোটিং ক্লাব বনাম কেয়ারিং আদর্শ স্ফোটিং ক্লাব,খেলায় মির্জাপুর স্ফোটিং ক্লাব এক শূন্য গোলে বিজয়ী হন, মনোহরগঞ্জ উপজেলা উন্নয়ন ফোরামের সভাপতি আলহাজ্ব মোঃ জসীম উদ্দিন সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত হয়েছে।

উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এফ এম সোলাইমান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ড.একেএম জাহাঙ্গীর, আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ সরকারী উচ্চ ও কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল মতিন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম এর উপদেষ্টা আবদুল খালেক মোল্লা,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক এসএম মুনসুর, মোঃ মাসুদুল আলম বাচ্চু, উন্নয়ন ফোরামের সদস্য মোঃ সাইফুল ইসলাম। জাহাঙ্গীর আলম।