,

কুমিল্লায় নানা আয়োজনে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

আজকের কুমিল্লা ডট কম :
August 5, 2025
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আয়োজনে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। শহিদ স্মরণ, আলোচনা সভা, সংবর্ধনা ও বিজয় রেলিতে মুখর ছিল পুরো জেলা।

মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর উত্তর রামপুর এলাকায় শহিদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। এতে অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, পুলিশ সুপার নাজির আহম্মেদ খান, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আবু রায়হানসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে দিবসটি উপলক্ষে সকালে মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য বিজয় র‌্যালী। বিজয় র‌্যালীর আয়োজন করে জেলা ও মহানগর বিএনপিসহ বিভিন্ন সংগঠনও।