All posts by jitu

চৌদ্দগ্রামে মাটিকাটা গর্তে ডুবে ভাই বোনের মৃত্যু, স্বজনদের আহাজারি

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মাটিকাটা গর্তের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের অপর ভাই মোঃ রায়হান।

জানা গেছে, ২৭ মে মঙ্গলবার দ্বিপ্রহরে দুই চাচাতো ভাইবোন বাশার মিয়ার ছেলে রেদোয়ান (৪) ও তার ভাই শেখ আহম্মেদের মেয়ে মরিয়ম (৭) বাড়ির পাশে খেলছিল। অনেকক্ষণ তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির পাশের মাটি কাটা গর্তের পানিতে ভাসা অবস্থায় উদ্ধায় করে। দ্রুত তাসেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, পানিতে পড়া দুই শিশুকে স্বজনরা নিয়ে এলে পরীক্ষানিরীক্ষা করে জানা যায় পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।

দেবীদ্বারে ট্রাকচাপায় নিহত ১

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবীদ্বারে ট্রাকের চাপায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা বাস স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম সানা উল্লাহ সরকার (৩৫)। তিনি উপজেলার বাঙ্গুরী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে কুমিল্লাগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে সানা উল্লাহর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় গুরুতর আহত অবস্থায় চালক সানা উল্লাহকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ইমাম হোসেন সরকার জানান, সানা উল্লাহ সকালে নাশতা খেয়ে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। বিকেলে তার অ্যাক্সিডেন্টের খবর শুনে হাসপাতালে এসে দেখি ভাই আমাদের ছেড়ে চলে গেছে।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পারভেজ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ দিকে ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় বিএনপি হতাশ : ড. খন্দকার মোশাররফ

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের পরও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটি।

আজ মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেছেন।

তিনি জানান, ২৪ মে প্রধান উপদেষ্টার আহ্বানে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। একই দিনে আরও দুটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। আমরা আপনাদের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। পরের দিন আরও ২০টি রাজনৈতিক দলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। রাজনৈতিক দলসমূহের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে, তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোড ম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি।

তিনি আরো বলেন, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনও চায় না। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আগামী ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ দাবি করে এসেছি।

তিনি বলেছেন, যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটো একই সঙ্গে চলতে পারে। পতিত ফ্যাসিবাদী শক্তি এবং ব্যক্তি অর্থাৎ দল এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে।

বিএনপির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় আমরা উপরোক্ত বিষয়গুলো উপস্থাপন করেছিলাম। আমরা লক্ষ্য করেছি, শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালনে আমরা প্রথম থেকে অদ্যাবধি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে আসছি। সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতির কারণে এবং দুর্বলতার কারণে জনমনে সংশয় ও সন্দেহের উদয় হওয়া স্বাভাবিক।

তিনি বলেন, বিভিন্ন মহলের অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি-দাওয়া এবং এখতিয়ারবর্হিভূত বক্তব্য সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহ উদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

ভরাসার ইঞ্জি: এরশাদ গার্লস হাইস্কুলে জাতীয় কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা, কবিতা আবৃতি ও গজল মঙ্গলবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জানতে হলে নজরুলের বই পড়তে হবে আর নিজেকে ভালো মানুষ হিসেবে গড়তে হলে পাঠ্য বই ছাড়াও বিশিষ্ট লেখকদের বই বেশি বেশি পড়ার অভ্যাস করতে হবে।

তিনি আরও বলেন, ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ও অন্যান্য সহকার্যক্রম দেখে মুগ্ধ হলাম। প্রতিটি প্রতিষ্ঠানকে লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশের জন্য সহকার্যক্রমের বিকল্প নেই।

স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো.মোসলেহ উদ্দিন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ খোরশেদ আলম।

সহকারী শিক্ষক ওমর ফারুক সিয়ামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শিরিন আক্তার, মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী।

চাঁদপুরে ২ ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তার হানা: ৩০ হাজার টাকা জরিমানা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর সদর হাসপাতালের সামনে এবং চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ মে) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর সদর হাসপাতালের সামনে অবস্থিত নিউ মর্ডান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ টেস্টের কীট পাওয়ায় ১০ হাজার টাকা এবং শহীদ মিনার এলাকায় অবস্থিত ফেমাস ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা সহ সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযানকালে শহরের বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। এবং অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এসময় চাঁদপুর জেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

দেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডেস্ক রিপোর্ট:

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে। এ অবস্থায় আবহাওয়া অফিস দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে।

মঙ্গলবার (২৭ মে) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, সাগরে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর পুনঃ তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

কুমিল্লাতে আমার প্রেমের গভীরতা শুরু হয়: ফারুকী

ডেস্ক রিপোর্ট:

২০১০ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এই দম্পতির সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের প্রায় ১৫ বছর পর অভিনেত্রীর সঙ্গে কীভাবে প্রেম হয়েছিল, সেই গল্প জানালেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক এই উপদেষ্টা।

তিনি জানায়, কুমিল্লায় একটি নাটকের শুটিং করতে গিয়ে তিশার সঙ্গে তার প্রেমের গভীরতা তৈরি হয়েছিল।

রবিবার (২৫ মে) কুমিল্লায় অনুষ্ঠিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। এদিন কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে নিজের প্রেমের স্মৃতিচারণ করেন ফারুকী।

জাতীয় কবির প্রেমের স্মৃতি নিয়ে কথা বলতে গিয়েই মূলত নিজের প্রেমের ব্যাপারে কথা বলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা। তিনি জানান, ‘কুমিল্লার সঙ্গে আমার গভীর প্রেম। আপনারা জানেন, কুমিল্লায় আমি বহুবার শুটিং করতে এসেছি। আমার প্রেম, মানে যাকে বিয়ে করেছি পরে, তিশা; আমার প্রেমের গভীরতা কিন্তু কুমিল্লাতে শুরু হয়। “ক্যারাম” নামে একটি প্রোডাকশন করতে এসে। কুমিল্লায় যে শুধু নজরুলের প্রেমের স্মৃতি রয়েছে, তা কিন্তু নয়, নজরুলের ছোট ভাইদেরও প্রেমের স্মৃতি রয়েছে।’

সংস্কৃতি উপদেষ্টা আরও জানান, ‘কুমিল্লায় যখনই শুটিং করতে আসতাম, কোন কোন জায়গায় নজরুলের স্মৃতি রয়েছে, তা নিয়ে আলোচনা হতো আমাদের মধ্যে।’

প্রসঙ্গত, কবি নজরুলের জন্মবার্ষিকী এবার জাতীয়ভাবে কুমিল্লায় উদযাপিত হচ্ছে। ‘চব্বিশের গণঅভ্যুত্থান, নজরুলের উত্তরাধিকার’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠান ব্যবস্থাপনায় রয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।

সূত্র: আমাদের সময়

পুশইনের সংখ্যা বাড়লেও নিরাপত্তার কোন ঘাটতি নেই: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

সীমান্তে পুশইনের সংখ্যা বাড়লেও নিরাপত্তার কোন ঘাটতি নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার রাজশাহীতে অনুষ্ঠিত নবীন রিক্রুট ১৪ তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২ তম ব্যাচ কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি জানান, সীমান্তের নিরাপত্তার কোন ঘাটতি নেই। সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। সীমান্তে পুশইনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

তিনি কারারক্ষীদের বুনিয়াদি কোর্সের প্রশংসা করে বলেন, প্রশিক্ষণে অর্জিত পেশাগত জ্ঞান, সততা, দেশপ্রেমের মাধ্যমে তারা দেশ জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রশিক্ষণ কোর্সে মোট ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাস ও ৫০৮ জন কারারক্ষী ছয় মাসব্যাপী তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন ক্ষেত্রে সেরা ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের সম্মাননা প্রধান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সূত্র: চ্যানেল২৪

‘সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই’

ডেস্ক রিপোর্ট:

সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো ধরনের বিরোধ বা মুখোমুখি অবস্থান নেই বলে জানিয়েছেন সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ দৌলা। তিনি বলেন, রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে।

সোমবার (২৬ মে) ঢাকা সেনানিবাসে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য প্রচারিত হচ্ছে, তা সত্য নয়।’

ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ দৌলা আরও বলেন, ‘সেনাবাহিনী সব সময় দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে এবং আমরা সমন্বিতভাবে কাজ করছি।’

বন্দর-করিডর নিয়ে প্রশ্নের জবাবে নাজিম উদ দৌলা বলেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো বিষয়ে সেনাবাহিনী কখনোই সম্পৃক্ত হবে না। দেশের স্বার্থের বাইরে গিয়ে সেনাবাহিনী কোনো সিদ্ধান্ত নেয় না।

এদিকে নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনা সদরের কর্নেল শফিকুল ইসলাম বলেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে—এমন গুজবের কোনো ভিত্তি নেই। সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নেই, এমনকি এ বিষয়ে আমাদের অভ্যন্তরেও কোনো আলোচনা হয়নি।’

সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর এই কর্মকর্তারা মাসজুড়ে মাঠে সেনাবাহিনীর নানা কার্যক্রমে কথা উল্লেখ করেন।

বুড়িচংয়ে গাড়ি চাপায় অজ্ঞাত এক যুবক নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে গাড়ি চাপায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় ধরে মরদেহ সড়কে পড়ে থাকায় একাধিক গাড়ির চাপায় দেহটি ছিন্ন ভিন্ন হয়ে যায়।

সোমবার (২৬ মে) ভোররাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর কুমিল্লা স্পিনিং মিলস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার এ এস আই চন্দন দাস।

তিনি জানান, ভোর পাঁচটার কিছু পরে অজ্ঞাত কোন গাড়ির চাপায় ৩৫ বছর বয়সী এক যুবক নিহত হয়। খবর পেয়ে সকালে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের সময় তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন ছিলো। ফলে চেহারা দেখে পরিচয় সনাক্ত করতে না পেরে পিবিআইকে খবর দেয়া হয়।

কুমিল্লা থেকে পিবিআই এর একটি দল ঘটনাস্থলে এসে মরদেহের আঙ্গুলের ছাপ নিয়েও পরিচয় সনাক্ত করতে পারেনি। পরে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর রাতের কোন এক সময় গাড়ির চাপায় এই যুবক নিহত হয়েছে। দীর্ঘক্ষণ সড়কে মরদেহটি পড়ে থাকায় একাধিক গাড়ির চাপায় দেহটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।