All posts by jitu

দুই ভারতীয় নাগরিককে আটক করেছে ৬০ বিজিবি

 

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তে অভিযান পরিচালনা করে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে ৬০ বিজিবি সদস্যরা।

১৬ মার্চ সকাল সাড়ে ৮ টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলাধীন সীমান্ত পিলার ২০৫৫/এম হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৈখলা নামক স্থানে ভারতীয় নাগরিক সঞ্জিত দেব বর্মা (৩০) ও বিমল দেব বর্মাকে (২৩) আটক করা হয়।

আটক হওয়া দুজন ভারতের সিপাহীজলা জেলার মধুপুর থানার কোনাবন গ্রামের বাসিন্দা। তারা পাসপোর্ট বিহীন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।

তাদেরকে কসবা থানায় সোপর্দ করা হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান অভিযানে বিষয়টি নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রামে মাদকসহ আটক স্বেচ্ছাসেবকদল নেতা বহিঃস্কার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসহ আটক হওয়া উপজেলার বাতিসা ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ১নং যুগ্ম আহবায়ক হেদায়েত উল্লাহ সবুজকে বহিঃস্কার করেছে উপজেলা স্বেচ্ছাসেবকদল।

সবুজ বাতিসা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের তৈয়ব উল্লাহর ছেলে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোববার বিকেলে দলীয় প্যাডে লিখিতভাবে তাকে বহিঃস্কার করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান খাঁন।

বহিঃস্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে হেদায়েত উল্লাহ সবুজকে ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিঃস্কার করা হয়েছে। তাকে দলের যে কোন সভা, সমাবেশসহ সকল কর্মকান্ড থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দিয়েছেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম ও সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড।

উল্লেখ্য, শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবকদল নেতা হেদায়েত উল্লাহ সবুজকে আটক করেছে র‌্যাব। এ সময় তার নারী সহযোগীসহ ২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

৬ বছরের শিশুকে যৌন নির্যাতন, গ্রাম্য সালিশে রফাদফা

 

* সালিশে অভিযুক্তর কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে ৫ হাজার টাকা দেয়া হয় ভুক্তভোগীর পরিবারকে। বাকি ৫ হাজার টাকা বন্টন করে নেন ইউপি সদস্য সহ ৬ জন মাতব্বর।

* নির্যাতনের ঘটনায় থানা পুলিশ করলে গ্রাম থেকে তাড়িয়ে দেয়ার হুমকি ভুক্তভোগীর পরিবারকে।

মাহবুব আলম আরিফ, মুরাদনগর প্রতিনিধি:

ছয় বছরের এক কন্যা শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ৪৭ বছর বয়সি বাবুল মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে গ্রাম্য মাতব্বররা ভুক্তভোগীর বাড়িতেই বসায় সালিশি বৈঠক। সালিশে ওই অভিযুক্তকে করা হয় জুতাপেটা এবং ৫ হাজার টাকা জরিমানা। জরিমানার ৫ হাজার টাকা শিশুটির পরিবারকে জোরপূর্বক হাতে ধরিয়ে দেন মাতব্বররা। সালিশে আরও জানানো হয় মাতব্বরদের সিদ্ধান্ত না মেনে থানা পুলিশ করলে শিশুটির পরিবারকে ছাড়তে হবে নিজ বসতভিটা।
ঘটনাটি কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের।
আরো জানা যায় সালিশের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্তর কাছ থেকে স্থানীয় ইউপি সদস্য সহ ৬ জন মাতব্বরের জন্য নেয়া হয় ৫ হাজার টাকা। সেই ৫ হাজার টাকা ছয় জন মাতব্বরদের মধ্যে বন্টনে ঘটে আপত্তি। চারজন মাতব্বর নেন ১ হাজার টাকা করে এবং দুইজনকে দেয়া হয় ৫’শ টাকা করে। টাকার সঠিক বন্টন না পেয়ে মাতব্বররা এখন একে অপরের বিরুদ্ধে তুলছেন অভিযোগ।
অভিযুক্ত বাবুল মিয়া (৫০) মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবদুল বারেকের ছেলে।

ভুক্তভোগী শিশুটির নানী জানান, আমার স্বামী বেঁচে নেই। আমার মেয়ে তার স্বামীর সাথে ঢাকায় বসবাস করে। সেই সুবাদে তার ৬ বছরের কন্যা শিশুটি আমার কাছেই থাকে। গত জানুয়ারি মাসের ৫ তারিখ রোজ রবিবার আবদুল বারেকের ছেলে বাবুল মিয়া আমার নাতনির হাতে ১০ টাকা দিয়ে বলে চলো তোমাকে মজা কিনে দিবো। সে সরল বিশ্বাসে বাবুলের সাথে যায়। বাবুল একপর্যায়ে তাকে একটি ঘরের চিপায় নিয়ে যৌন নির্যাতন করে। তাৎক্ষণিক আমার নাতনি বাড়িতে এসে কান্না করতে করতে ঘটনাটি জানায়। এই ঘটনার পর চার দিন খুব অসুস্থ ছিল সে। বিষয়টি গ্রামের মাতবরদের কাছে জানালে তারা আমাকে পরামর্শ দেয় গ্রাম্য সালিশ ডাকার জন্য। আর যদি মাতব্বরদের কথা অমান্য করে থানা পুলিশ করি তাহলে আমার খুব ক্ষতি হতে পারে। এই ভয়ে ঘটনার ১৫ দিন পর আমি গ্রাম্য সালিশ ডাকি। সালিশে মাতব্বররা অপরাধীকে বাঁচানোর জন্য কোন সাক্ষী প্রমাণ হাজির হতে দেয়নি। বিচারের রায় দেয়া হয় অভিযুক্ত বাবুলকে ৬ টি জুতার বাড়ি এবং ৫ হাজার টাকা জরিমান। বর্তমানে আমি শিশু সন্তানটি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। প্রতিনিয়ত বাবুলের পরিবার থেকে আমাকে হুমকি দেয়া হচ্ছে যদি মুখ খুলি তাহলে আমাকে গ্রাম ছাড়া করবে।

ওই সালিশে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক মাতব্বর বলেন, স্থানীয় ইউপি সদস্য শাহীনকে নির্বাচনে বিজয়ী করতে কাজ করেছে অভিযুক্ত বাবুল মিয়ার পরিবার। সেই সুবাদে তাকে বাঁচানোর জন্য গ্রাম্য সালিশ ডেকে নামমাত্র জরিমানা করে ঘটনাটি ধামাচাপা দেয়া হয়। সালিশের পরে আবার অভিযুক্তর কাছ থেকে ইউপি সদস্য শাহীন সহ ৬ জন মাতব্বরের জন্য নেয়া হয় ৫ হাজার টাকা। সেই ৫ হাজার টাকা থেকে ইউপি সদস্য শাহিন, জাফর আলীর ছেলে বাবুল, সৈয়দ আলীর ছেলে বাবুল, শাহজালাল নেন ১ হাজার টাকা করে ৪ হাজার টাকা। আর বাকি ১ হাজার টাকা দেয়া হয় কবির ও সাগর কে। যতদূর শুনেছি ওই মহিলাকে সালিশের পরে বলা হয়েছে যদি থানা পুলিশ করে তাহলে গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেয়া হবে। এই ঘটনাটির সঠিক তদন্ত সাপেক্ষে বিচার হওয়া উচিত।

ইউপি সদস্য শাহিন বলেন, বিচারে আমি উপস্থিত ছিলাম আর বিচারের জুড়ি বোর্ডের রায়ে সম্মতি প্রদান করেছি মাত্র। বিচার পরিচালনা করেছে গ্রামের মুরুব্বীরা আর সালিশি জুরি বোর্ড পরিচালনা করেছেন ছন্দু মিয়া, রেনু মিয়া, সাগর, রাজু ও কবির। পরে বিচারের রায় অনুযায়ী অভিযুক্ত বাবুল মিয়াকে তার বড় ভাই তাহের মিয়া জুতাপেটা করে এবং জরিমানার ৫ হাজার টাকা শিশুটির নানীর হাতে বুঝিয়ে দেয়া হয়।

তিন সংগঠনের যৌথ উদ্যোগ: রোজাদারদের পাশে আমরা

 

স্টাফ রিপোর্টার:

পবিত্র রমজান মাসের বরকতময় সময়ে অসহায় ও পথচারী রোজাদারদের পাশে দাঁড়াতে স্বপ্নজোড়া সামাজিক সংগঠন, ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ (YCSBD) এবং ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ (FOHB) যৌথভাবে আয়োজন করে “রোজাদারের পাশে আমরা” শীর্ষক বিশেষ ইফতার কার্যক্রম।

কুমিল্লা রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রায় ১৫০ এর অধিক রোজাদারের মাঝে ইফতার পরিবেশন করা হয়। পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষদের ইফতার করানোর মাধ্যমে রমজানের সত্যিকারের শিক্ষা—সহমর্মিতা ও মানবতার সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তিনটি সংগঠন।

 

কর্তৃপক্ষরা জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্য গুলো হলো-

পথচারী ও অসহায় রোজাদারদের জন্য ইফতার সরবরাহ । সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া । সমাজের সকল শ্রেণির মানুষকে ইফতারের আনন্দ ভাগাভাগি করতে উৎসাহিত করা

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের চেয়ারম্যান শাহরিয়া ইসলাম সাইফ বলেন,
“রমজান শুধু সংযমের মাস নয়, এটি মানবতার শিক্ষা দেয়। আমরা চাই, এই উদ্যোগের মাধ্যমে সমাজের সকল শ্রেণির মানুষ একে অপরের পাশে দাঁড়াক।”

ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ (YCSBD)-এর মোঃ তাহসিনুল ইসলাম বলেন,
“যৌথ প্রচেষ্টায় এমন আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতেও আমরা একসঙ্গে মানবতার সেবায় কাজ করে যেতে চাই।”

ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ (FOHB)-এর ইরশাদ শাহরিয়া বলেন,
“এই আয়োজনের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি যে, সমাজের জন্য কাজ করা মানেই ভালোবাসার বন্ধন তৈরি করা। ইনশাআল্লাহ, আমরা মানবতার সেবায় আরও বড় পরিসরে এগিয়ে যাবো।”

আমার লোক পরিচয়ে কোন প্রতিষ্ঠানে তদবির- চাঁদাবাজি করলে ছাড় দেয়া হবে না: আবু রায়হান

আমার লোক পরিচয়ে কোন প্রতিষ্ঠানে তদবির- চাঁদাবাজি করলে ছাড় দেয়া হবে না: আবু রায়হান

 

স্টাফ রিপোর্টার:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আবু রায়হান বলেছেন, আমার আত্মীয় স্বজন, বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই পরিচয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তদবির ও বিভিন্ন স্তরের মানুষদের কাছ থেকে আর্থিক সুবিধা নিচ্ছেন কিছু সুবিধে বাদি লোকজন। এমন অনেক অভিযোগ আমি পেয়েছি। তাদের বিষয়ে কোন ছাড় নেই।

রোববার (১৬ মার্চ) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের মিলনায়তনে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আবু রায়হান বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করার জন্য আমাদের ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়েছেন। এই রক্ত দেয়ার পিছনে একটাই লক্ষ্য ছিল, সেটা হল- দেশের বিভিন্ন স্তরে চলমান বৈষম্য ও দুর্নীতির লাগাম টেনে ধরা। এখনো দেশের বিভিন্ন স্তরে স্বৈরাচারী শেখ হাসিনার প্রেতাত্মারা অবস্থান করছেন। আমরা এখনো তাদের শনাক্ত ও অপসারণ করার জন্য আন্দোলন করা যাচ্ছি। প্রতিনিয়ত আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছি। আমাদের এই কার্যক্রম চলাকালে কিছু অশুভ শক্তি ও সুবিধাবাদী লোকজন আমাদের নাম ভাঙিয়ে বিশেষ করে আমার লোক, কখনো আমার ভাই, কখনো আমার আত্মীয় পরিচয় দিয়ে , কখনো সরাসরি কিংবা মুঠোফোনে আমার নাম ভাঙ্গিয়ে ভুক্তভোগী কিংবা দুর্নীতিবাজ লোকজনের কাছ থেকে আর্থিক সুবিধা নিচ্ছেন। এমন কিছু রেকর্ড আমার কাছে রয়েছে। কখনো আমার ভাই পরিচয় দিচ্ছেন, কিংবা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই পরিচয় দিয়ে এমন অনৈতিক কাজ করছেন। সুবিধেবাদী গোষ্ঠীর এহেন নেতিবাচক কর্মকাণ্ড আমাদের ইতিবাচক কর্মকাণ্ডকে বিতর্কিত করছে। ছাত্র জনতার এই বিশাল অবদানকে কলঙ্কিত করার জন্য একটি সুবিধাবাদী গোষ্ঠী মাঠে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে তৎপর রয়েছে।

তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, কোম্পানি, পরিবহন, বালুমহাল, বিভিন্ন থানায় আমার নাম ভাঙ্গিয়ে আর্থিক সুবিধা নিচ্ছেন। কখনো কাউকে মামলায় নাম জড়িয়ে দিচ্ছেন, আবার কখনো মামলা থেকে নাম প্রত্যাহারের জন্য তদবির করছেন। আজ আমি আপনাদের কাছে আমার অবস্থান স্পষ্ট করার জন্য উপস্থিত হয়েছি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার বিভিন্ন স্থানে সামনে নেতৃত্ব দিয়েছি দেশের মানুষের কল্যাণের জন্য। দেশের মানুষ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে শরিক হয়েছেন। আমরা সফল হয়েছি। এর চেয়ে বড় পাওয়া আর কি আছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সমাজের কিংবা প্রশাসনের রন্ধে রন্ধে যেসব দুর্নীতিবাজ অপশক্তি লুকিয়ে আছে তাদের সনাক্ত করতে, সেজন্যই আমরা কাজ করে যাচ্ছি। তার মানে এই নয় আমি আর্থিক সুবিধা নিয়ে কোনো অনৈতিক কাজ করব। আমার লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার, যতদিন বাঁচবো দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করব। আমার কর্মকাণ্ডে কোন নেতিবাচক বিষয় থাকবে না, থাকবে না কোন আর্থিক লেনদেন ও অনিয়ম। আমার নাম ভাঙিয়ে কিংবা আমার আত্মীয় পরিচয়ে যেকোনো চাঁদাবাজি কিংবা আর্থিক অনিয়মে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা যেন নেয়া হয়। আমি কোন অনৈতিক কর্মকাণ্ডের সুবিধা ভোগি নই। তাই কোন অনিয়ম আমি সহ্য করব না। আর্থিক লেনদেনে জড়িত এসব সুবিধাবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

এ সময় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য তাজওয়ার ওহীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন আবু রায়হান।

জামায়াত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়- চৌদ্দগ্রামে ডাঃ তাহের

 

স্টাফ রিপোর্টার :

জামায়াত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, মুসলমানদের সৃষ্টি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। মুসলমানরা যদি মানুষের কল্যাণ করে, সে সমাজটা ভালো হবে। বাংলাদেশে গত পনের বছরে একজনেই ২৩৫ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। ইসলাম টাকা লুটপাট ও অসততা সমর্থন করে না। রাষ্ট্রপ্রধান যদি সৎ হতো, তাহলে এ ২৩৫ বিলিয়ন ডলার জনগণের জন্য খরচ হতো।

এ টাকা জনগণের জন্য খরচ হলে চাল-ডালের ডাম কমে যেত, রাস্তাঘাট উন্নত হতো, ইন্ডাষ্ট্রি হতো, মানুষের কর্মসংস্থান হতো। যাকাত প্রথার মাধ্যমে মাত্র সাত বছরে দেশ অর্থনৈতিকভাবে এত সমৃদ্ধ হতো, যাকাত খাওয়ার মানুষ খুঁজে পাওয়া যেত না। যেমনিভাবে সৌদিআরবে যাকাত খাওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। আমরা জাতিসংঘকে বলেছি, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এখানে সকল মত ও রাজনৈতিক দলের অধিকার থাকতে হবে।

জামায়াত মানুষের কল্যাণে কাজ করতে চায়। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তিনি রোববার বিকেলে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে পৌর জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রমজানের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন। চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাঃ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওপেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, মোস্তফা নুরুজ্জামান খোকন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ এয়াছিন ও ৬নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মফিজুর রহমান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহীদ সাহাব উদ্দিন পাটোয়ারীর পিতা মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারী। অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শিক্ষাবীদ ও রাজনীতিবীদসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কুমিল্লা সদরে জমি বিরোধের জেরে হামলা

কুমিল্লা সদরে জমি বিরোধের জেরে হামলা ও প্রাণনাশের হুমকি, ন্যায়বিচারের অপেক্ষায় এক পরিবার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর উপজেলার মোস্তফাপুর কাচার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর ভয়াবহ হামলা চালানো হয়েছে ।

ভুক্তভোগী আক্তার হোসেন অভিযোগ করেন, প্রতিপক্ষ মোঃ ইব্রাহিম ও মোঃ দেলোয়ার গং দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় ৯ মার্চ সন্ধ্যায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

আক্তার হোসেনের দাবি, তার পিতা আলী আশরাফ বৈধভাবে ৬ শতাংশ জমি ক্রয় করে বসবাস করে আসছিলেন। কিন্তু প্রতিপক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “১৯৯৫ সালে আমার বাবাকে হত্যা করা হয়। এরপর থেকে তারা আমাদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। সর্বশেষ ৯ মার্চ তারা আমার ও আমার মেয়ের ওপর হামলা চালায়, যার ফলে আমরা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হই।”

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা প্রায় ১৫-২০ জন ছিল এবং তারা ধারালো অস্ত্র ব্যবহার করে ভুক্তভোগীদের ওপর চড়াও হয়। আক্তার হোসেন ও তার মেয়ে আঁখি আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী পরিবার জানান, হামলার পর তারা থানায় অভিযোগ করলেও পুলিশের পক্ষ থেকে তেমন সহযোগিতা মেলেনি। বরং এ এস আই আলমগীর তাদের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করেন। এই ঘটনায় হতাশ হয়ে আক্তার হোসেন আত্মহত্যার চেষ্টা করেন এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে আক্তার হোসেন ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা জানান, হামলার পরও প্রতিপক্ষ বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি তার স্ত্রী, মেয়ে ও ভাইয়ের পরিবারও সন্ত্রাসীদের হুমকির শিকার।

ভুক্তভোগী পরিবার দ্রুত আইনি সহায়তা ও ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে প্রশাসনের ভূমিকা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

পাপন ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, তার স্ত্রী রোকসানা হাসান, মেয়ে সুনেয়া রহমান ও রুশমিলা রহমান, ছেলে রাফসান হাসান এবং জামাতা রাকীন আল-মাহমুদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়াও, তাদের নামে থাকা ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ৩৩ কোটি ৭৪ লাখ ৩২ হাজার টাকা রয়েছে।

রোববার (১৬ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুর্নীতির অভিযোগ থাকায় দুদকের পক্ষে উপ-পরিচালক সাইদুজ্জামান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, নাজমুল হাসান পাপন ও অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, নাজমুল হাসান পাপন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে (কিশোরগঞ্জ, গাজীপুর, ঢাকা ছাড়াও অন্যান্য এলাকায়) এবং দেশের বাইরে- যুক্তরাষ্ট্র, কানাডাসহ অন্যান্য দেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্টরা তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা আবশ্যক।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিসিবির সাবেক সভাপতি এবং সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপন এবং তার পরিবারের আরও ৫ সদস্যের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।

পদুয়ার বাজার ফ্লাইওভারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট: ৮৪,৫০০ টাকা জরিমানা, ৪ মোটরসাইকেল জব্দ

 

স্টাফ রিপোর্টার:

আজ রবিবার সকালে সমাজসেবা আর্মি ক্যাম্পের একটি টহল দল স্থানীয় পুলিশের সহযোগিতায় পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করে।

চেকপোস্টটি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলমান ছিল।

চেকপোস্ট পরিচালনার সময় মোটরসাইকেল চলাচলের নিয়ম লঙ্ঘনের কারণে ২০টি মামলা করা হয় এবং মোট ৮৪,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমতি না থাকার কারণে ৪টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তবে, এই অভিযানে কোনো ব্যক্তিকে আটক করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সেনাবাহিনী ও পুলিশের এই ধরনের যৌথ অভিযান সড়কে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়রা মনে করেন।

কুমিল্লার লাকসামে যৌথ বাহিনীর

কুমিল্লার লাকসামে যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, দুটি চাপাতি, একটি ছেনি (ধারালো অস্ত্র), একটি কাঁচি, একটি নোটবুক, পাঁচটি মোবাইল ফোন এবং পাঁচটি গ্যাস লাইট উদ্ধার করা হয়।

শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে এই আটককাজ সম্পন্ন হয়। আটককৃতরা হলেন— লাকসাম পৌরসভার সাতবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র মো. খোরশেদ আলম, গুনতি গ্রামের মৃত আনু মিয়ার পুত্র মো. বিল্লাল হোসেন অন্তর, কাদ্রা গ্রামের মৃত আব্দুল বারেকের পুত্র মো. সাফায়ত উল্লাহ, একই গ্রামের মো. আব্দুল আজিজের পুত্র মো. সুজন মিয়া এবং উত্তর সাতবাড়িয়া গ্রামের মো. আব্দুল মজিদের পুত্র হুমায়ুন ফরিদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারা দেশে যৌথ বাহিনীর ‘ডেভিল হান্ট’ অপারেশন চলছে। এরই ধারাবাহিকতায় লাকসামেও এই অভিযান চালানো হয়। শনিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এই বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় লাকসাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাদরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কঠোর পদক্ষেপ নিলে প্রতিটি এলাকা সন্ত্রাস ও মাদকমুক্ত হবে।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে থানায় কোনো পূর্ববর্তী মামলা না থাকলেও তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযানের নেতৃত্বে থাকা মেজর তাহসিন ফয়সাল জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।