চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়ায় দুই যুবকের উপর হামলা, মোটরসাইকেল ও মোবাইল লুট!
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়ায় কামরুল হাসান ও আবদুল হালিমের উপর হামলার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী সাইদুল আলম ছুট্টুর বিরুদ্ধে। এসময় কামরুল হাসানের জাপানি সুজুকি কোম্পানি কোম্পানির ১৫৫ সিসির মোটরসাইকেল এবং আব্দুল হালিমের ব্যক্তিগত এন্ড্রয়েড মোবাইল নিয়ে গেছে মাদক ব্যবসায়ীরা। গত সোমবার রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন একই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কামরুল হাসান। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত সোমবার সন্ধ্যার পর নানকরা রাস্তার মাথায় মাদক ব্যবসায়ী নানকরা গ্রামের আব্দুল লতিফের ছেলে ছ্ট্টু আমজাদের বাজার থেকে ইয়াবার চালান নিয়ে নানকরা রাস্তার মাথায় দোকানে রওনা দেন। ইয়াবার চালান নিয়ে দোকানের দিকে যাচ্ছেন ছ্ট্টু এমন তথ্য জানিয়ে চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পে ফোন করেন কামরুল হাসানসহ স্থানীয় কয়েকজন মাদকবিরোধী যুবক।
এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী ছুট্টু ১৫-২০জন সহযোগীসহ ধারালো দেশীয় বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়ে স্থানীয় যুবকদের উপর হামলা করে। হামলায় গুরুতর আহত হন ঢাকার ব্যবসায়ী ও পশ্চিম দুর্গাপুর গ্রামের কামরুল হাসান এবং একই গ্রামের আব্দুল হালিম। হামলাকারীরা মাদক ব্যবসায়ীরা কামরুল হাসানের মোটর সাইকেল এবং আব্দুল হালিমের মোবাইলটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আব্দুল হালিমকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান মঙ্গলবার বিকেলে জানান, হামলার ঘটনায় দুই যুবক আহত হয়েছে। এ ঘটনায় ছুট্টু ও মিজান নামে দুইজনকে অভিযুক্ত করে চৌদ্দগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন কামরুল হাসান নামে এক ব্যবসায়ী। তদন্ত স্বাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় হবে।