All posts by jitu

বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে ইফতার করলেন

বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে ইফতার করলেন আবু রায়হান

 

স্টাফ রিপোর্টার:

সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে ইফতার করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আবু রায়হান।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে এতিম শিশু, রিক্সাচালক, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সদর দক্ষিণে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

সদর দক্ষিণে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণে র‌্যাবের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ মো. আরমান হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার চৌয়ারা ইউনিয়নের উলুরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়। কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২-এর অধিনায়ক মাহমুদুল হাসান বিকেল পৌনে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আরমান হোসেন উলুরচর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

র‌্যাব অধিনায়ক মাহমুদুল হাসান জানান, গোপন সূত্রের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামে একটি বিশেষ অভিযান চালিয়ে আরমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি পাইপ গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান হোসেন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন, সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাব কর্মকর্তা জানিয়েছেন।

দাউদকান্দিতে তুচ্ছ ঘটনার জেরে

দাউদকান্দিতে তুচ্ছ ঘটনার জেরে দোকানে হামলা, আহত ৪

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

তুচ্ছ ঘটনার জের ধরে দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নের কানাচোয়া বাজারে ব্যাবসায়ীর দোকানে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে এ হামলার ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতরা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, হারুন শিকারী(৬০), তাঁর ছেলে মোহন শিকারী, হেলাল শিকারী ও তাদের দোকানের কর্মচারী হৃদয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, হারুন শিকারী কানাচোয়া সিএনজি ষ্টেশনে যানজন নিরসনে প্রতিদিন দায়িত্ব পালন করেন। সোমবার সন্ধ্যায় একটি অটোরিকশা উল্টোপথে যাওয়ার চেষ্টা করে। বাঁধা না শোনায় চালককে থাপ্পড় মারেন হারুন শিকারী। চালকের পক্ষ নিয়ে আরো কয়েকজন আসলে তাদেরকেও ধাক্কা মারেন হারুন শিকারী ও তাঁর ছেলেরা। গতকালের ঘটনার রেশ ধরেই আজ মঙ্গলবার দুপুরে মোহন শিকারীর দোকানে হামলা চালায় বলে স্থানীয়রা জানান।

মোহন শিকারী বলেন, কানাচোয়া বাজারে আমার পুরনো মোটরসাইকেল কেনাবেচার দোকানে সাত আট জনের একটি গ্রুপ আচমকাই দোকানে ডুকে এলোপাতাড়ি হামলার শুরু করে। আমাকে আমার বাবা, ভাই ও দোকানের কর্মচারী হৃদয়কে এলোপাতাড়ি পিটিয়ে ক্যাশে থাকা টাকা ও মালামাল নিয়ে যায়। তিনি বলেন, হামলাকারীরা সবাই হেলাল ইসহাকের লোক।

দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেলাল ইসহাক বলেন, তারা উভয়েই আমার দলের লোক, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি নিয়ে আজকে দোকানে হামলার ঘটনাটি অবশ্যই নিন্দনিয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লা সাবেক এমপি ও তার স্ত্রীর ফ্ল্যাট জব্দ

কুমিল্লা সাবেক এমপি ও তার স্ত্রীর ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

 

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন ও তার স্ত্রী মেহেরুন্নেছার নামে ঢাকার উত্তরায় অবস্থিত দুটি ফ্ল্যাট এবং তাদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা চারটি হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে মোট ৩৯ লক্ষ ৯৫ হাজার ২৬৭ টাকা জমা রয়েছে।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, এদিন এসব স্থাবর সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক শাহ জালাল আদালতে আবেদন করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ২ কোটি ৩৭ লক্ষ ৪৯ হাজার ৪৭ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে দুদক একটি মামলা দায়ের করেছে। মামলাটির তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, আসামি তার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগেই এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে তা ক্ষতির কারণ হতে পারে। এ কারণে উল্লিখিত স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার আদেশ দেওয়া প্রয়োজন।

এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা

এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা

ডেস্ক রিপোর্ট:

রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর (২০২৩) সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়।

সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে সভায় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, ইসলামি শরিয়াহ মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনির- যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন।

গম ও আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’)। খেজুর, কিশমিশ, পনির ও যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রামের (এক সা’) মাধ্যমে সাদকাতুল ফিতর (ফিতরা) আদায় করতে হয়।

এসব পণ্যের বাজারমূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়।

মুফতি মাওলানা আবদুল মালেক জানান, উন্নতমানের আটা বা গমের ক্ষেত্রে ফিতরা এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’) বা এর বাজার মূল্য ১১০ টাকা (প্রতি কেজি ৬৫ টাকা ধরে)। যবের ক্ষেত্রে (এক সা’) ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৩০ টাকা ফিতরা দিতে হবে (প্রতি কেজি ১৬০ টাকা ধরে)।

এছাড়া প্রতি কেজি ৬০০ টাকা ধরে ৩ কেজি ৩০০ গ্রাম কিশমিশ বা এর বাজারমূল্য এক হাজার ৯৮০ টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে। খেজুরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য দুই হাজার ৩১০ টাকা (প্রতি কেজি ৬০০ টাকা ধরে) ও পনিরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৮০৫ টাকা (প্রতি কেজি ৮৫০ টাকা ধরে) দিয়ে ফিতরা আদায় করতে হবে বলে জানান কমিটির সভাপতি।

ফিতরার পণ্যের স্থানীয় খুচরা বাজারমূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় হবে বলেও জানান আবদুল মালেক।

কোনো ব্যক্তি (ঈদের দিন সুবহে সাদিকের সময়) নেছাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ) মালের মালিক হলে ঈদের দিন সকালে তার ওপর নিজের, নাবালক সন্তানসহ নির্ভরশীলদের সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

৮ম পর্ব ইর্ন্টার্নশিপের টাকা নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ

৮ম পর্ব ইর্ন্টার্নশিপের টাকা নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ

 

কুমিল্লা পলিটেকনিক সংবাদ দাতা:

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ৮ম পর্বের ইন্টার্নশিপের ১২৬০০ টাকা যথাসময়ে না পাওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

জানা যায়, পলিটেকনিক ইনস্টিটিউটের নিয়ম অনুসারে প্রতিটি ব্যাচের ৮ম সেমিস্টারের শেষ ব্যবহারিক পরীক্ষার দিন ইন্টার্নশিপের টাকা দেওয়া হয়। কিন্তু ৫৮ তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ চেষ হলেও এখনও টাকা পরিশোধ করেনি কারিগরি বোর্ড কর্তৃপক্ষ। এমনকি শিক্ষার্থীরা নিজ নিজ ডিপার্টমেন্টের প্রধানের কাছ থেকে জানতে চাইলেও বিভাগীয় প্রধান কোনো সঠিক সময় বা তথ্য দিতে পারেনি। তবে কেন টাকা দেওয়া হয় নি এমন কোন নোটিশও কারিগারি বোর্ড এবং প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়নি। যার কারণে শিক্ষার্থীরা ডিপ্লোমা সাটিফিকেট, এসএসসি মূল সাটিফিকেট তুলে নেওয়া সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ছে।

এই নিয়ে ৮ম পর্বের ছাত্র (নাম প্রকাশ অনিচ্ছুক) বলেন, আমি ৮ম পর্বের এক জন ছাত্র। আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর টাকা দেওয়া কথা ছিল ব্যবহারিক পরীক্ষা শেষে। কিন্তু ২ মাস অতিবাহিত হলেও টাকা দেওয়া হয়নি। এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্যারও এর কোন সুস্পষ্ট কোন জবাব দেয়নি। আমরা ৮ম শিক্ষার্থীরা টাকা পাওয়া নিয়ে উদ্বিগ্ন। আর কালবিলম্ব না করে আমাদের প্রাপ্প টাকা আমাদের বুঝিয়ে দেওয়া হোক।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাত্ররা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে যে আগামী ৫ দিনের মধ্যে ৮ম পর্বের টাকা না দেওয়া হলে ১৬ তারিখ ৮ম পর্বের ছাত্ররা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করবে।

এই ব্যাপারে প্রতিষ্ঠানের অধ্যক্ষ নোটিশ দিয়ে জানিয়েছেন যে এখনো নাকি বাজেট পাশ হয়নি বলে জানিয়েছেন।

শেখ হাসিনা জয় পুতুল রেহেনার

শেখ হাসিনা জয় পুতুল রেহেনার ১২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

ডেস্ক রিপোর্ট:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছোট বোন রেহানা সিদ্দিকসহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম এ আবেদনটি করেন।

আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তরা তাদের অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে উক্ত অ্যাকাউন্টগুলো অবিলম্বে ফ্রিজ করা জরুরি।

কুমিল্লায় ডাকাত দলের দুই সদস্য আটক, বিপুল অস্ত্র উদ্ধার

 

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লার দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি দেশীয় পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

গতকাল সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় দাউদকান্দির বিশ্বরোড এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের ডাকাতি প্রতিরোধ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন দাউদকান্দি উপজেলার দাউদকান্দি উত্তর চরচারুয়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে মো. মামুন (৩৭) ও চট্টগ্রামের ডবলমুড়িং থানার মৃত আলী আকবরের ছেলে মো. আরিফ (৩১)।

মঙ্গলবার (১১ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান।

কুমিল্লায় ডাকাত দলের দুই সদস্য আটক

 

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় মামুন দাউদকান্দির মোহন পাম্প এলাকায় অবস্থান করছে। পরে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে মামুন জানায়, তার বাড়ির বারান্দায় একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলিসহ, একটি দেশীয় পাইপগান ও দুটি কার্তুজ গুলি রয়েছে। ডিবি পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে। মামুনের স্বীকারোক্তি অনুযায়ী, পরে গৌরীপুর বাজার থেকে তার ভাগিনা মো. আরিফ (৩১)-কে গ্রেফতার করা হয়। আরিফের ভাড়া বাসা থেকে আরও একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মামুনের বিরুদ্ধে দাউদকান্দি থানায় ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ চারটি মামলা রয়েছে। সে রোড ডাকাতি দলের সক্রিয় সদস্য ও আরিফ নৌযান ডাকাতির সঙ্গে জড়িত ছিলো।

কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খানঁ বলেন, উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে এই দল একাধিক ডাকাতি ও সহিংস অপরাধের সঙ্গে জড়িত ছিল। জেলায় আমরা ১০ টি টিম সমন্বয় করে কাজ করছি। অপরাধ দমনে আমরা সর্বোচ্চ কাজ করার চেষ্টা করছি।

দেবিদ্বারে বিয়ের চাপ দেওয়ায় শাহনাজকে

দেবিদ্বারে বিয়ের চাপ দেওয়ায় শাহনাজকে হত্যা করে প্রেমিক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বারে বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূ শাহনাজ বেগমকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারই প্রেমিক মহিউদ্দিন। সোমবার বিকালে মহিউদ্দিন কুমিল্লার আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার উপজেলার ইউসুফপুর এলাকার একটি কালভার্টের নিচ থেকে শাহনাজ বেগমের লাশ উদ্ধার করা হয়। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে জানা যায়, তিনি মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকার শাহ আলমের স্ত্রী। পুলিশ ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, শাহনাজের স্বামী দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। এই সুযোগে মহিউদ্দিন (৩৫) নামের এক বাসচালকের সাথে শাহনাজের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জের ধরে শাহনাজ মহিউদ্দিনকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে মহিউদ্দিন ক্ষুব্ধ হয়ে শাহনাজকে মাথায় রড দিয়ে আঘাত করে শ্বাসরোধে হত্যা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শাহনাজ মহিউদ্দিনকে দ্রুত বিয়ে না করলে তার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিলেন। গত ৫ মার্চ রাতে মহিউদ্দিন শাহনাজকে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ডেকে নিয়ে যান এবং নিজের বাসে তুলে নেন। বাসের ভেতরেই বিয়ে নিয়ে তাদের মধ্যে তর্ক ও হাতাহাতি হয়। পরে মহিউদ্দিন শাহনাজকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের গোপালনগর গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে তার মাথায় আঘাত করেন, যার ফলে শাহনাজ অচেতন হয়ে পড়েন। এরপর মহিউদ্দিন শাহনাজের শাড়ি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। রাত সাড়ে ১২টার দিকে মহিউদ্দিন শাহনাজের হাত-পা বেঁধে ইউছুফপুর সেতুর নিচে লাশ ফেলে চলে যান।

তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার বিকালে কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে মহিউদ্দিনকে আটক করে দেবিদ্বার থানা পুলিশ। তার কাছ থেকে নিহত নারীর ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।

হত্যাকাণ্ডের পরদিন, অর্থাৎ ৬ মার্চ, মহিউদ্দিন রক্তমাখা বাসটি ধুয়ে পরিষ্কার করে হত্যার আলামত নষ্ট করেন। এই কাজে তাকে সহযোগিতা করেন তার হেলপার আবদুস সাত্তার। রোববার সন্ধ্যায় র‍্যাব-১১ আবদুস সাত্তারকে আটক করে এবং পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “ইউছুফপুর এলাকা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দেখে পরিচয় শনাক্ত করা হয়। এই ঘটনায় ৭ মার্চ নিহত নারীর বড় ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলাটি ছিল ক্লুলেস। পরবর্তীতে তদন্তের মাধ্যমে মূল আসামি ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়।”

ওসি আরও জানান, “দুই আসামির মধ্যে মহিউদ্দিন কুমিল্লার জ্যৈষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৪ নম্বর আমলি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”

কুবিতে প্রত্নতত্ত্ব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের অঙ্গ সংগঠন আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটি-এর উদ্যোগে ইফতার মাহফিল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহিদুল ইসলাম চৌধুরি, ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান, শারমিন রেজোয়ানা, নিয়ামুল হুদা, মশিউর রহমান ও মুতাসিম বিল্লাহ।

বিচারক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতন-এর সভাপতি মাসুম বিল্লাহ সহ আরও দুইজন বিচারক।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, “রমজানের এই পবিত্র সময়ে আমাদের উচিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখা, ভালো কাজ করা এবং অন্যের দোষ খোঁজা বা পরনিন্দা থেকে দূরে থাকা। এই ধরনের আয়োজন আমাদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ায়, যা আমাদের সমাজ ও শিক্ষাঙ্গনের জন্য ইতিবাচক ভূমিকা রাখে।”

আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির সহ সভাপতি মো. সাইফুল ইসলাম তাওহীদ বলেন, “আজকের এই ইফতার মাহফিলে আপনাদের উপস্থিতি সত্যিই আনন্দের ও সৌহার্দ্যের প্রতীক। রমজানের এই পবিত্র সময়ে আমরা একত্রিত হয়েছি ভ্রাতৃত্ব, সংযম ও কল্যাণের বার্তা নিয়ে। আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন এবং পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করুক।”