Tag Archives: কুমিল্লা সিটি কর্পোরেশনের ড্রেনের উপর করা স্ল্যাপের গর্ত এখন মৃত্যুকূপ

কুমিল্লা সিটি কর্পোরেশনে এক লাখ ২২ হাজার শিশু কিশোর পাবে টাইফয়েড টিকা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) এক লাখ ২২ হাজার ৫৫ জন শিশু কিশোর পাচ্ছে টাইফয়েড টিকা ।

বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্রমোহন রায় মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটি কর্পোরেশনের টিকাদান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মারিয়া পারভীন।

তিনি জানায়, ১২ অক্টোবর থেকে ১৮ কার্যদিবস টিকা কার্যক্রম চলমান থাকবে। প্রথম ১০ দিন প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণি/সমমান শ্রেণির অধ্যয়নরত ছাত্র/ছাত্রী পরবর্তী আট দিন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী শিশু/কিশোর-কিশোরীদের বিনা মূল্যে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকা প্রদান করা হবে।

এবছর ৪৫টি ইপিআই টিকাদান কেন্দ্রে টিকার লক্ষ্যমাত্রা এক লাখ ২২ হাজার ৫৫ জন। যার মধ্যে প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণি/সমমান শ্রেণির অধ্যয়নরত ছাত্র/ছাত্রী ৮৮ হাজার ৫৫৬ জন। পরবর্তী আট দিন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী শিশু/কিশোর-কিশোরীদের টিকা প্রদান করা হবে। যার সংখ্যা ৩৩ হাজার ৪৯৯ জন। এখন পর্যন্ত ৪২ হাজার ১৯৫ জন টিকার রেজিস্ট্রেশন করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা আবু সায়েম ভূঁইয়া, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই জহিরুল ইসলাম, মেডিকেল অফিসার চন্দনা রানীসহ কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা।

কুমিল্লা সিটি কর্পোরেশনে উচ্ছেদ অভিযান

রকিবুল ইসলাম (ম্যাক রানা):

যানজট নিরসন এবং ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে কুমিল্লা সিটি কর্পোরেশনে আবারো উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন,সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সিটি কর্পোরেশনের সড়কের উপর থেকে সকল স্থাপনা নিরসন করা হচ্ছে।

সকাল থেকে উঠে অভিযানের নেতৃত্ব দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। এসময় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম মজুমদার।

উচ্ছেদ অভিযানের নগরীর কান্দিরপাড়, রামঘাট, মনোহরপুর, রাজগঞ্জ এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, নির্মান সামগ্রী অপসারন এবং বিদ্যুত ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর

কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বাবুল ও যুবলীগ নেতা রাসেল গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগের সক্রিয় নেতা মুহুরী জাহাঙ্গীর হোসেন বাবুল এবং ৬নং জগন্নাথপুর ইউনিয়নের যুবলীগ নেতা রাশেদুল বারী রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযান চালিয়ে গতকালসোমবার (২১ এপ্রিল) দিনে ও রাতে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল ১১টার দিকে নগরীর সংরাইশ এলাকা থেকে সাবেক কাউন্সিলর বাবুলকে গ্রেফতার করা হয়। একই দিন রাত ৮টার দিকে সদরের বারাপাড়া এলাকা থেকে যুবলীগ নেতা রাসেলকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, গত রোববার রাতে নগরীতে সংঘটিত এক ঝটিকা মিছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, “এই ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তের স্বার্থে তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।”

এদিকে, সাবেক কাউন্সিলর বাবুল দীর্ঘদিন ধরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে রাসেল স্থানীয় পর্যায়ে যুবলীগের একজন উদীয়মান নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাদের হঠাৎ গ্রেফতারকে ঘিরে বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তদন্তের স্বার্থে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

নগরবাসী ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই গ্রেফতারের ঘটনা আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক কর্মসূচিকে প্রভাবিত করতে পারে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের ভাগাড়ের দুর্গন্ধে নাকাল ২২ গ্রামের মানুষ

মো. লুৎফুর রহমান:

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) এলাকার হাটবাজার ও বাসাবাড়ির ময়লা, কঠিন, তরল, গ্যাসীয়, বিষাক্ত ও বিষহীন বিভিন্ন বর্জ্য ফেলার ভাগাড় থেকে (ডাম্পিং স্টেশন) দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণে নাকাল হয়ে পড়েছেন অন্তত ২২টি গ্রামের বাসিন্দা। ঐ ভাগাড়ে আগুনে পোড়ানো আবর্জনার ধোঁয়া ও পচা বর্জ্যের বিষাক্ত দুর্গন্ধে সেখানকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিকার চেয়ে এরই মধ্যে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। এদিকে পরিবেশের দূষণ রোধে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য রক্ষায় এসব আবর্জনা পরিবহন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, পুনর্ব্যবহার ও নিষ্কাশনের সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি বছরের পর বছর ঝুলে আছে। কুসিক কর্তৃপক্ষ বলছেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য ২৫৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তা বাস্তবায়ন করা গেলে এ সমস্যা কেটে যাবে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, কুসিকের ২৭টি ওয়ার্ডের বর্জ্য ফেলার ভাগাড়টির অবস্থান নগরীর বাইরে পূর্বদিকে ভারত সীমান্তের বিবিরবাজার স্থলবন্দর সড়কের আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর-ঝাঁকুনিপাড়া এলাকায়। সেখানে প্রতিদিন নগরীর অন্তত ১০০ মেট্রিক টন বর্জ্য ফেলা হয়। জানা যায়, ঐ বর্জ্য ভাগাড়ের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে—ঝাঁকুনিপাড়া, দৌলতপুর, জগন্নাথপুর, বালুতুপা, খামার কৃষ্ণপুর, অরণ্যপুর, বাজগড্ডা, বারপাড়া, তেতুইপাড়া, দাউদের খেরা, মনাগ্রাম, চাঁপাপুর (উত্তর ও দক্ষিণ), পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর ও নগরীর সংরাইশ এলাকার কিছু অংশ।

ঝাঁকুনিপাড়া গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেন, জহির উদ্দিন, গৃহিণী মনোয়ারা বেগমসহ অন্তত ১২ জন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কুমিল্লা শহরের হাটবাজার, বাসাবাড়ি, ফার্মেসি, হোটেল-রেস্তোরাঁর ময়লা-আবর্জনা ও মরা পশু-পাখি ফেলার এ স্থানটি অনেকটা কলঙ্কের তিলকের মতো। দুর্গন্ধময় এলাকা হওয়ায় মেহমান (অতিথি) বাড়ি এলে লজ্জায় পড়তে হয়। অনেকে আত্মীয়তা করতে চান না, কোনো কোনো আত্মীয় বেড়াতে আসতেও অনীহা প্রকাশ করেন, এমনকি জমি ক্রয়-বিক্রয়েও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।’

স্থানীয় জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ বলেন, ‘বর্জ্যের দুর্গন্ধ ও আগুনে পোড়ানো ধোঁয়ায় ভাগাড়স্থলের আশপাশের তিন-চার কিলোমিটার এলাকার প্রায় ২২টি গ্রামের পরিবেশ দূষিত হচ্ছে। এতে অন্তত অর্ধলক্ষাধিক মানুষ ময়লা-আবর্জনা ও বিষাক্ত ধোঁয়ার গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে। এলাকাবাসীর এমন দুর্ভোগ নিরসনের জন্য গত প্রায় ১০ বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। তবে এখানে আধুনিক পদ্ধতিতে বর্জ্য প্রক্রিয়াজাত করা যেতে পারে, অন্যথায় জনস্বার্থে তা সরিয়ে ফেলতে হবে। এটা এলাকাবাসীরও দীর্ঘদিনের দাবি।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সভাপতি ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘জনবসতির মধ্যে ময়লার স্তূপ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন দেশি-বিদেশি অনেক প্রযুক্তি বের হয়েছে, যার মাধ্যমে বর্জ্য প্রক্রিয়াজাত করে তা সম্পদে রূপ দেওয়া যায়, তৈরি করা যায় জৈব সার ও বিদ্যুত্। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হতে হবে।’

পরিবেশ অধিদপ্তর-কুমিল্লার উপপরিচালক শওকত আরা কলি বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি অনুসরণ করতে একাধিকবার কুসিক কর্তৃপক্ষকে অধিদপ্তরের বিভাগীয় অফিসে চিঠি দিয়ে তলব করা হয়। তারা সেখানে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। এ বিষয়ে সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।’

কুসিক মেয়র মো. মনিরুল হক বলেন, ‘এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে আলোচনাক্রমে তার পরামর্শে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় ২৫৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা একনেক বৈঠকে অনুমোদনের অপেক্ষায় আছে। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে জনদুর্ভোগ ও পরিবেশ দূষণ থাকবে না। এছাড়া বর্জ্যের গন্ধ আশপাশের এলাকায় ছড়িয়ে যেন জনস্বাস্থ্যের ক্ষতি না হয় সেজন্য ঐ স্থানের চারপাশে উঁচু সীমানাপ্রাচীর নির্মাণের জন্য পদক্ষেপ নেওয়া হবে।’

কুমিল্লা সিটি কর্পোরেশনের অবহেলায় সন্তান হারালেন এক মা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট ঠিকাদারের উদাসীনতায় ঢাকনাবিহীন ড্রেনে পড়ে রবিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কোটবাড়ী রোডের চাঙ্গিনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

রবিন (৬) জেলার চান্দিনা উপজেলার কেশেরা গ্রামের মো. সুমন মিয়ার ছেলে। সে ওই এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়রা জানান, শিশু রবিন তার মা রোজিনা বেগমের সঙ্গে চাঙ্গিনী হাইস্যার কলোনির মামাবাড়িতে বেড়াতে আসে। শনিবার বিকেলে খেলতে গিয়ে সবার অজান্তে সে কুসিকের সদ্য নির্মাণ করা ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যায়।

রবিনের মা রোজিনা বেগম জানান, রবিন অন্য শিশুদের সঙ্গে সড়কের পাশে খেলতে যায়। এ সময় সে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যায়। কিছু সময় পর খুঁজতে গিয়ে দেখি রবিনের মরদেহ ড্রেনের পানিতে ভাসছে।

রবিনের মামা শরিফসহ স্থানীয়রা জানান, সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডে সড়কের পাশে নির্মাণ করা ড্রেনের ওপরে অধিকাংশ স্থানে দীর্ঘদিন ঢাকনা (স্লাব) দেয়া হয়নি। আগেও ঢাকনাবিহীন এই ড্রেনের ওপর দিয়ে হাঁটতে গিয়ে অনেকেই নিচে পড়ে আহত হয়েছেন।

এ বিষয়ে কুসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল্লাহ মজুমদার রোববার সকালে জানান, বিষয়টি কেউ তাকে জানায়নি।

ঢাকনাবিহীন ড্রেন বিষয়ে তিনি বলেন, ঠিকাদার সময়মতো কাজ করছে না, এজন্য অনেক স্থানে স্লাব দেয়নি। এ নিয়ে একাধিকবার চিঠি দেয়া হয়েছে। তবে ড্রেনে পড়ে আর যেন কোনো প্রাণহানী না ঘটে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মহসিন জানান, ঢাকনা না থাকায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের দুই কাউন্সিলর করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার:

করোনার হটস্পট কুমিল্লায় আক্রান্ত বাড়ছেই। সোমবার বিকেল ৫টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মতে সিটিতে আক্রান্ত হয়েছেন কুসিকের ২ কাউন্সিলরসহ ৭৪ জন।

বিকেলে এ তথ্য জানান কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

আক্রান্ত দুই কাউন্সিলর হলেন জমির উদ্দিন খান জম্পি ও গোলাম কিবরিয়া ।

কুমিল্লা সিটি কর্পোরেশনের সামনে ও সদর দক্ষিণে দুটি করোনা টেস্টিং বুথ স্থাপন

 

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাসের সংক্রমণ নমুনা পরীক্ষা করার জন্য কুমিল্লা সিটি করপোরেশনের সামনে এবং সদর দক্ষিণে দুটি   করোনা টেস্টিং বুথ বসানো হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনের নিযুক্ত চিকিৎসক ড.চন্দনার সাথে পরামর্শ করে এখানে আসার জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ। প্রতিদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এখানে সেম্পল কালেক্ট করা হবে।  ড.চন্দনা – ০১৭৮৭৬১৯৭৬১ ।

এছাড়া  সদর দক্ষিণে একটি করোনা টেস্টিং বুথ বসানো হয়েছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনে করোনায় মোট আক্রান্ত ১০০, মৃত্যু ১ জনের

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সিটি কর্পোরেশনের এলাকাজুড়ে এই পর্যন্ত কারোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সর্বমোট ১০০ জন।করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের।

সিটি কর্পোরেশনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- রাজগঞ্জে ৫ জন, অশোকতলায় ৩ জন, নানুয়াদিঘীর পাড় ১ জন, ঠাকুরপাড়ায় ১ জন (ট্রমার ডাক্তার), হাউজিং স্টেটে ৩ জন, দক্ষিন চর্থায় ৩ জন, বিষ্ণপুরে ২ জন, ছোটরায় ২ জন, ঝাউতলায় ১ জন (৯ নং ওয়ার্ড কাউন্সিলর সচিব), নেউরায় ১ জন (চিকিৎসক এর বাবা), চকবাজারে ২ জন, মধ্যম আশ্রাফপুরে ১ জন, পুরাতন মৌলভী পাড়ায় ২ জন, সদর হাসপাতালের ৩ জন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, মেডিকেল কলেজের ডাক্তার ৩ জন, পিডিবির কর্মকর্তা ১ জন, শাসনগাছায় ২ জন, মহিলা কলেজ গেইট ১ জন, শাকতলায় ১ জন, নবাব বাড়ি চৌমুহনী ১ জন, উত্তর কালিয়াজুড়ি কোরের পাড় ১ জন, পুলিশ লাইনে ১ জন, খন্দকার বাড়ির ওয়ার্ডে ২৬ জন, উত্তর চর্থায় ১ জন, দৌলতপরে ১০ জন,
২৭নং ওয়ার্ড কমিশনার, ২১ নং ওয়ার্ড কমিশনার এবং সদর উপজেলা চেয়ারম্যান।

সিভিল সার্জন অফিসের বিগত তথ্য অনুযায়ী।

কুমিল্লা সিটি কর্পোরেশনের ড্রেনের উপর করা স্ল্যাপের গর্ত এখন মৃত্যুকূপ

আশিকুর রহমান আশিকঃ
কুমিল্লা জিলা স্কুলের প্রাচীরের বাইরের ড্রেনের উপর বড় বড় স্ল্যাপ বসিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আর এ স্ল্যাপগুলোর বড় বড় চার কোনাকার গর্তগুলো এখন পথচারি ও স্কুল শিক্ষার্থীদের জন্য মৃত্যুকূপে পরিণত হয়েছে। প্রায় স্ল্যাপগুলোর গর্তে পড়ে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

সম্প্রতি এসব বড় বড় গর্তে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে প্রায় ৯টি।

জিলা স্কুলের শিক্ষার্থী মাহতাব জানান, আমিসহ আরো ৩ জন এই গর্তে পড়েছি। পরে অন্য বন্ধুরা আমাদের বহু কষ্টে উদ্ধার করেছে। কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডের ফলে মানুষ দুঘর্টনার শিকার হচ্ছে । এ কেমন কাজের ধরন।

স্থানীয় সূত্র জানায়, এ বিষয়টি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের নির্মাণ কাজের গাফিলতির কারনে হচ্ছে। অচিরেই এর সুষ্ঠু ব্যবস্থা না নিলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কারণে আরো বড় বড় র্দুঘটনার শিকার হতে পারে পথচারিরা।