All posts by jitu

বন্দরে জাহাজ প্রবেশে পাকিস্তান-ভারতের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট:

পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের অবনতি চলছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান এখন ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে তাদের সকল বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, ভারতের পাকিস্তানি জাহাজ ও পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান এই সিদ্ধান্ত নেয়।

ভারত শনিবার (৩ মে) পাকিস্তান থেকে সরাসরি বা তৃতীয় কোনো দেশের মাধ্যমে আসা সব পণ্য আমদানি নিষিদ্ধ করে। এছাড়া পাকিস্তানি জাহাজগুলোকে ভারতীয় বন্দরে প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় শিপিং ডিরেক্টরেট জেনারেলের বিবৃতিতে বলা হয়েছে, জনস্বার্থে, ভারতীয় সম্পদ, পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারতীয় শিপিংয়ের স্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয়ের পোর্টস অ্যান্ড শিপিং উইং একটি আদেশ জারি করে। সেখানে বলা হয়, প্রতিবেশী দেশের সঙ্গে সাম্প্রতিক সামুদ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাকিস্তান তার সমুদ্রসীমার সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষার্থে কিছু সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে—ভারতীয় পতাকাবাহী জাহাজ পাকিস্তানি বন্দরে প্রবেশ করতে পারবে না, কোনো পাকিস্তানি পতাকাবাহী জাহাজ ভারতীয় বন্দরে নোঙ্গর করতে যেতে পারবে না। তবে বিশেষ পরিস্থিতিতে কেস-বাই-কেস ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা হবে।

গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্ক তীব্র সংকটে পড়ে। এরপর থেকে উভয় দেশই কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে একে অপরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানি পণ্যে ২০০ শতাংশ শুল্ক বসালে সরাসরি আমদানি প্রায় বন্ধ হয়ে যায়। এবার তৃতীয় দেশের মাধ্যমে আসা পাকিস্তানি পণ্যও নিষিদ্ধ করেছে ভারত।

 

চৌদ্দগ্রামে তিন ভাইয়ের বিরোধের জেরে ফলজ ও বনজ গাছ ধ্বংশ, বসতঘর ভাংচুর

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে অন্তত ৩০/৩৫টি ফলজ, বনজ গাছ কর্তনের অভিযোগ উঠেছে আপন ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় মধ্যরাতে মারধর করে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয়া, গাছ কর্তনের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কাজী কামাল হোসেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার উত্তর শ্রীপুর গ্রামের কাজী বাড়িতে।

মামলায় উল্লেখ করা হয়, উত্তর শ্রীপুর গ্রামের কাজী বাড়ির কাজী কামাল হোসেন, কাজী হুমায়ন, কাজী কবির হোসেন ও কাজী জামাল উদ্দিন সুমন আপন ভাই। ২০১১ সালের ২২ ডিসেম্বর সকলের সম্মতিতে আমিন দ্বারা বাড়ির জায়গা সমবন্টন করা হয়। তখন কাজী হুমায়ন জায়গা বুঝে পেয়ে ব্যক্তিগত সমস্যার কারণে অল্প কিছুদিনের জন্য কাজী কামাল হোসেনের জায়গায় বসবাসের অনুমতি নেয়। কয়েক বছর আগে কাজী হুমায়নকে নিজের জায়গায় যেতে বললে টালবাহানা শুরু করে। এনিয়ে এলাকায় শালিশ বসলেও কাজী হুমায়ন উপস্থিত না হয়ে উল্টো ভাই কাজী কামাল হোসেনের পরিবারকে দেখে নেয়ার হুমকি প্রদান করে।

গত ২০ এপ্রিল রোববার রাত ১০টায় কাজী হুমায়ন মিথ্যা তথ্যে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বাড়িতে কাজী কামাল হোসেনের পরিবারকে হয়রানী করে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সত্যতা না পেয়ে চলে গেলে কাজী হুমায়ন গং ইট ও পাথর ছুড়ে কাজী কামাল হোসেনের পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আবারও কাজী হুমায়ন গং অনধিকার প্রবেশ করে ২০-২৫টি সুপারি গাছ, পেয়ারা গাছ, আমগাছ ও জলপাই গাছ কাটে। এ সময় কাজী কামাল হোসেন, তার স্ত্রী সাজেদা বেগম মনি ও ছেলে কাজী আবদুল্লাহ বাঁধা দিলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে কাজী হুমায়ন গং।

এক পর্যায়ে কাজী আবদুল্লাহকে তারা চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে। তাকে উদ্ধার করতে তার বোন সাদিয়াতুন মুনতাহা ও মা সাজেদা বেগম মনিসহ স্থানীয়রা এগিয়ে এলে তাদেরও শ্লীলতাহানি এবং শ্বাসরোধে হত্যা চেষ্টা করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। এ সময় কাজী হুমায়ন গং কাজী কামাল হোসেনের বাড়ির পিছনের গেইটের দরজা ভেঙে খুলে নিয়ে যায় এবং রাতের অন্ধকারে ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বের করে দেয়।

এ বিষয়ে মামলায় অভিযুক্ত কাজী কবির বলেন, আমি শিক্ষক, এসব অভিযোগ ভিত্তিহীন, ভুয়া।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন বলেন, মধ্যরাতে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। ‘তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

বুড়িচং প্রেসক্লাবের আয়োজনে ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তার’কে বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইউএনও সাহিদা আক্তার।

অনুষ্ঠোনে উপস্থিত বক্তারা বিদায়ী ইউএনও’র কর্মকালের প্রশংসা করে বলেন, “তিনি দক্ষতা, আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়েই উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে।”

বিদায়ী ইউএনও সাহিদা আক্তার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “বুড়িচংয়ে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা ও আন্তরিকতা আমার কর্মপথকে সহজ করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং এ সহযোগিতা আজীবন মনে রাখবো।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাফি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল্লাহ, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম, আলাউদ্দিন আহম্মেদ, কিবরিয়াসহ আরো অনেকে।

পরে প্রেস ক্লাবের পক্ষ থেকে ইউএনও’কে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এতে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সাকিব আল হাসানকে আ’লীগে যোগ দিতে

সাকিব আল হাসানকে আ’লীগে যোগ দিতে নিষেধ করেছিলেন মেজর হাফিজ

ডেস্ক রিপোর্ট:

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার খুব কাছের হিসেবে পরিচিত ও আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসানকে খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগে যোগ দিতেও নিষেধ করেছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

শনিবার ঢাকা জাতীয় স্টেডিয়াম লাগোয়া এনএসসি টাওয়ারে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে কথা বলতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং এক সময়ের তুখোড় ক্রীড়াবিদ, দেশবরেণ্য ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ কথা প্রসঙ্গে সাকিবের ইস্যু টেনে আনেন।

মেজর (অব.) হাফিজ জানান, ‘সাকিবকে আমি উপদেশ দিয়েছিলাম- যাই করো না করো, আওয়ামী লীগে যেও না। ও তখন আমার কথা শুনলে আজ এই অবস্থায় পড়তে হতো না। এখন তো বাড়িতেই আসতে পারবে না।’

রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি তিনি উল্লেখ করেন, সাকিবের জনপ্রিয়তা এমন পর্যায়ে ছিল যে, তার রাজনীতিতে না আসলেও চলত। ‘বলেছিলাম, তোমার অনেক নাম হয়েছে, এখন রাজনীতি করো না। কারণ, এই দলটি (আওয়ামী লীগ) আর বেশি দিন নেই। তাতে সে রক্ষা পেত,’ বলেন হাফিজ।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ক্রিকেটের আরেক পরিচিত মুখ তামিম ইকবালকেও উপদেশ দিতে ভুল করেননি হাফিজ। মঞ্চে বসে থাকা তামিমের দিকে তাকিয়ে বলেন, ‘তোমাকেও বলছি- এই পথ থেকে সাবধান থাকো।’

উল্লেখ্য, মূলত জাতীয়তাবাদী ঘরানার ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি দেশের ক্রীড়াঙ্গনে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করার দাবি নিয়ে আত্মপ্রকাশ করল।

এর আগে ১৯ মার্চ এক সংবাদ সম্মেলনে বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা মেজর (অব.) হাফিজ ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে ভাইরাল হওয়া ছবি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ছবিটি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কয়েকটি সংবাদপত্র মনের মাধুরী মিশিয়ে নানা ধরনের সংবাদ প্রকাশ করছে।

হাফিজ জানান, সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা বিএনএম গঠন করে (দ্বাদশ নির্বাচনের আগে) আমাকে সেখানে যোগ দেওয়ার অনুরোধ জানায় এবং তারাই সাকিব আল হাসানকে নিয়ে আসে। সাকিব আমার কাছে এসে রাজনীতিতে যোগদানের ইচ্ছা জানায়। কিন্তু আমার কাছ থেকে উৎসাহ না পেয়ে সে চলে যায়। হাফিজের দাবি, তিনি এমন কিছু করেননি যার জন্য লজ্জিত হতে হবে।

সন্ধ্যার মধ্যে কুমিল্লা ১৪ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

সন্ধ্যার মধ্যে কুমিল্লা ১৪ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

ডেস্ক রিপোর্ট:

দেশের ১৪টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্কসংকেত জারি করতে বলা হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বা ঝড়সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

গত ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে সংস্থাটি জানায়, এ সময় ফেনীতে সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া কক্সবাজার, চট্টগ্রাম, বগুড়া ও পটুয়াখালীতে স্বল্প পরিমাণে বৃষ্টি হয়েছে।

ড. ইউনূসকে আমরা ক্ষমতায় বসিয়েছি: হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে আমরা ক্ষমতায় বসিয়েছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

শনিবার (৩ এপ্রিল) নারী অধিকার সংস্কারবিষয়ক কমিশনের প্রস্তাব বাতিলের দাবিসহ চারদফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের আয়োজিত মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নারী সংস্কার কমিশনকে উল্লেখ করে ড. ইউনূসের উদ্দেশ্যে এনসিপির এই নেতা জানান, অপ্রয়োজনীয় সংস্কারগুলোকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যেসব সংস্কার রয়েছে, সেগুলোর মাধ্যমে যদি নারীদের অধিকার নিশ্চিত হয়, নারীদের সম্মান নিশ্চিত হয় সেগুলো আপনি করুন।

হাসনাত জানায়, ‘হাসিনা ও আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি বাংলাদেশের মানুষ রেডকার্ড দেখিয়ে দিয়েছেন ৫ আগস্ট। সেদিনই আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না।’

তিনি বলেন, অতন্ত্য পরিতাপের বিষয় আট মাস পরে এসে অনেক রাজনৈতিক দল, রাজনীতিবিদ আমাদের বারবার মনে করিয়ে দেয় আওয়ামী লীগ রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নাকি তাদের নাই। ড. ইউনূস কয়েকদিন আগে বলেছেন- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি না এ সিদ্ধান্ত আওয়ামী লীগের। ড. ইউনূস ভুলে যাবেন না আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি।

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আসবে কি আসবে না- এ সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশ আর জানাজা হয়েছে দিল্লিতে। আমার ভাই আবরার, আবু সাইদির রক্তের ওপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশ আসবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার। এখানে কিন্তু-যদি-অথবা নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। স্বাধীনতার পর বাকশাল কায়েম করে শেখ মুজিবুর গণতন্ত্রকে হত্যা করেন। সে সময়ে জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল এই দল।

মঞ্চে উপস্থিত হেফাজতের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ২০১৩ সালে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, আজকে এখান থেকে আপনারা শহিদদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন। হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সবাই আন্দোলন চালিয়ে যাব।

সূত্র: যুগান্তর

জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: আলী রীয়াজ

ডেস্ক রিপোর্ট:

জাতীয় ঐকমত্য কমিশন কারও বিরোধী নয় বলে মন্তব্য করেছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে এক সংলাপে তিনি এ কথা জানান।

সংলাপ শুরুর আগে ড. রীয়াজ বলেন, “দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতেই পারে। তবে নেতা-কর্মীদের জাতীয় স্বার্থে নিজেদের অবস্থান থেকে কথা বলার পাশাপাশি আপোসের মানসিকতাও রাখতে হবে।”

তিনি উল্লেখ করেন যে সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছানো যাবে। সহ-সভাপতি বলেন, “ঐকমত্য কমিশনের কোনো নির্দিষ্ট ভূমিকা নেই। আমরা কারও প্রতিপক্ষ নই। আমাদের মূল লক্ষ্য একটি সুনির্দিষ্ট জাতীয় সনদ প্রণয়ন।”

প্রসঙ্গত, জাতীয়তাবাদী সমমনা জোট সংস্কার কমিশনের ১১২টি প্রস্তাবে সম্মতি দিয়েছে, ২৬টিতে মতবিরোধ রয়েছে এবং দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবের সঙ্গে তারা একমত পোষণ করেছে।

দাউদকান্দিতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে পেন্নাই -মতলব সড়কের দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কবিচন্দ্রদি শেখ বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মতলব থেকে গৌরীপুরগামী একটি মোটরসাইকেল কবিচন্দ্রদি শেখ বাড়ির সামনে পৌঁছালে বিপরীতগামী দ্রুতগতির একটি ট্রাকের সাথে সামনাসামনি সংঘর্ষে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে।

এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামের সরকার বাড়ির বাবু সরকারের ছেলে মোঃ রায়হান ওরফে রিহান (১৮) মারা যায়।

একই এলাকার আহত মোটরসাইকেল চালক মোঃ সায়েম (২০) কে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুরে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়। এদিকে দূর্ঘটনার পরপরই ট্রাকসহ চালক পালিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী জানান, এবিষয়ে পুলিশ অবগত রয়েছে।

চৌদ্দগ্রামে রোহিঙ্গা জন্মসনদ জালিয়াতি, চেয়ারম্যান আবু তাহের বরখাস্ত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে রোহিঙ্গা নারীকে জন্ম সনদ প্রদান করার অভিযোগে উপজেলার ১১ নং চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের কে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। তথ্যটি শুক্রবার নিশ্চিত করেছেন, উপজেলার নির্বাজী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।

তিনি জানান, ২৯ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রনালয়ের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহি স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই বহিস্কার আদেশ প্রদান করা হয়।

তৌহিদ এলাহি তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করেন, চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (নিবন্ধক) মোঃ আবু তাহেরের বিরুদ্ধে রোহিঙ্গার অনুকূলে জন্ম নিবন্ধন সনদ ইস্যুকরন ও নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির নিকট হস্তান্তর, সচেতনতার অভাব, দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯- এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী রেজিস্টার জেনারেল, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহেরের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমিচন নয় মর্মে সরকার মনে করে।

চেয়ারম্যান আবু তাহের কর্তৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদ সহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী চেয়ারম্যান আবু তাহের কে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১১ জুন ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে ভিয়েতনাম যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ হুমায়রা ও শারিমন আক্তার নামে দুইজনই রোহিঙ্গা নারীকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে ১৫ জনু কুমিল্লার ডিএসবি’র উপ পরিদর্শন ইমাম হোসেন বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই ২৭ জনু থানা পুলিশ হুমায়রা ও শারমিন আক্তারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান।

এর পরই জানা যায় এই দুই রোহিঙ্গা নারী উপজেলার ১১ নং চিওড়া ইউনিয়ন পরিষদের ডিমাতলী গ্রামের মরহুম কাজী শামছুল হকের ছেলে কাজী খবির উদ্দিন এই দুই নারীর পিতা সেজে ঐ ইউনিয়ন থেকে দুইটি জন্ম সনদ তৈরি করে। পরে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি করে ভিয়েতনাম পাড়ি দেওয়ার চেষ্টা করে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, রোহিঙ্গা নারী হুমায়রার পিতা শামসুল আলম জন্ম ২০১০ সালের ১ জানুয়ারি। আর শারমিনের পিতার নাম নুর কামাল জন্ম ২০০৬ সালের ১ জানুয়ারি। তাদের কতৃত পিতা খবির উদ্দিন এই দুই নারীকে নিজের সন্তান পরিচয় দিয়ে জন্ম সনদগুলো তৈরি করেছে।

এ বিষয়ে চেয়ারম্যান আবু তাহের বলেন, রোহিঙ্গা ইস্যুর ঘটনাটি জন্ম নিবন্ধন শাখার রেজিস্টার জেনারেল আমাকে কারন দর্শানোর নোটিশ করলে আমি তার সঠিক জবাব প্রদান করি। এ ছাড়াও জন্ম সনদ গ্রহীতার কতৃত পিতা কাজী খবির উদ্দিনের বিরুদ্ধে ডিএসবি মামলা দায়ের করেছিলো। সেই মামলায় পুলিশ তাকে অভিযুক্ত করেন আদালতে সার্চ শিট প্রদান করেন।

পুলিশ সার্চ শিটে আমাকে স্বাক্ষী করেন। তারপরও আমাকে স্থানীয় সরকার ইউপি শাখা থেকে বরখাস্ত করা হয়েছে।

সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

মদিনায় হজ পালন করতে গিয়ে খলিলুর রহমান (৭০) নামের এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। চলতি বছরে এটি প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু বলে নিশ্চিত করেছে হজ মিশনের হেল্পডেস্ক।

শুক্রবার (২ মে) হজসংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়। তাতে জানানো হয়, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় খলিলুর রহমানের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নিশ্চিত করেছে এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের সংশ্লিষ্ট সূত্র।

২০২৫ সালের (হিজরি ১৪৪৬) পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ১৩ হাজার ১৯১ জন হজযাত্রী। এবারের হজে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হাজি সৌদি আরবে যাবেন। এর মধ্যে পাঁচ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

তিনটি এয়ারলাইনস—বিমান বাংলাদেশ, সাউদিয়া এবং ফ্লাইনাস—মোট ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ ১১৮টি ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৫৩ জন হজযাত্রী নিয়ে যাবে।

হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।