All posts by jitu

কুমিল্লায় যৌথ অভিযানে হত্যা মামলার

কুমিল্লায় যৌথ অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শহরে যৌথ অভিযান চালিয়ে এক হত্যা মামলার আসামি জহুরুল ইসলাম মিঠুকে (৩০) গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল।

গ্রেপ্তার হওয়া মিঠু কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা।

শুক্রবার রাত সাড়ে ১০ টায় আদর্শ সদর ক্যাম্প থেকে সেনাবাহিনী ও পুলিশের একটি দল নিয়মিত টহলের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্ত মিঠু, যিনি হত্যা মামলা নং ৪-১৩-৮-২৪ / ৬-১৪-৮-২৪-এর অন্যতম আসামি, তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানাতে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এই সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে তাদের আস্থা পুনর্ব্যক্ত করেছেন।

কুমিল্লায় প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় কুমিল্লা প্রেস ক্লাব সভাপতি এনামুল হক ফারুক ও সম্পাদক জাহিদ হাসান,সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু অতিথি ও সদস্যদের স্বাগত জানান।

এ সময় কুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এম সাদেকের জন্য শোক প্রকাশ ও দোয়া কামনা হয়। এ ছাড়া দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

 

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার, কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালেক, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক কামারুজ্জামান সোহেল, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাবেক আহ্বায়ক নীতিশ সাহা, সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সহ-সভাপতি মাহবুব আলম বাবু, জাতীয় ক্রিকেট দলের সাবেক ম্যানেজার ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, কুমিল্লা সনাক এর সভাপতি আলহাজ্ব শাহ মুহাম্মদ আলমগীর খান, বিশিষ্ট আলোকচিত্রী শাহজাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সভাপতি আবু রায়হান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য তাজওয়ার ওহী, এটিএন বাংলা ও এটিএন নিউজের রিপোর্টার খাইরুল আহসান মানিক,দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক শাহজাদা এমরান, দৈনিক রূপসী বাংলার উপ সম্পাদক আরিফ তরুনাভ, বার্তা সম্পাদক আসিফ তরুণাভ, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মীর শাহ আলম, আর টিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শহীদুল্লাহ, সিনিয়র সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজী, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিলীপ মজুমদার, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মামশাদ কবির , সি টি ভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস, দৈনিক ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ, দৈনিক আমার দেশের দক্ষিণ জেলা প্রতিনিধি শাহ আলম শফি, কুমিল্লা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সী, নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন, জসিম উদ্দিন কণক প্রমূখ।

কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার ও কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মুহাম্মদ, কুমিল্লা মহানগর বিএনপি’র সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান।

 

কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মাদক বিরোধী সভা ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

“মাদক ছাড়ো, না হয় এলাকা ছাড়ো ” জীবন কে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই শ্লোগান কে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ডের সুজানগর ও নবগ্রাম বাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করা হয়।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর সুজানগর মিলন সমিতি এলাকায় স্থানীয় এলাকাবাসীরা এ মানববন্ধন করেন।

সুজানগর সমাজ উন্নয়ন কমিটির সভাপতি সাইফুল ইসলাম মাস্টার এর সভাপতিত্বে প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন নবগ্রাম এর সর্দার মহিউদ্দিন,সুজানগর মসজিদ কমিটির সেক্রেটারি শওকত শাহপুরী, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসার হাবিব উল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ, মহানগর সেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান হাবিব,সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল , মহানগর যুবদল নেতা মাসুদ আল হক জছি, আরিফুল ইসলাম শাওন, সাইফ বান্না, যুবদল নেতা কামরুল হাসান, আলি হাসান মুজাহিদ, ইকবাল, রিফাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগন।

মানববন্ধনে মাদক ব্যবসায়ী ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ়প্রতিজ্ঞা করে। মাদকের কারণে আজকে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন অন্যায় অপকর্মে জড়িয়ে পরছে। যুবকদের মাঝে যারা এই মাদক তুলে দিচ্ছে তাদেরকে আগে প্রতিহত করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, নবগ্রাম এলাকার মাদক ব্যবসায়ীরা বিগত ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের আমলে তারা দলীয় প্রভাব বিস্তারের কারনে সমাজের কোন কথা তারা কর্ণপাত করেনি। দিন দিন তাদের মাদক ব্যবসার প্রভাব বিস্তার করেই চলেছে। গেল ৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় সুজানগর যুব সমাজ কতৃক মাদক ব্যবসায়ীদের পূনরায় এলাকায় এ মাদক ব্যবসা থেকে বিরত থাকার আহব্বান জানাতে যায় স্থানীয় ছাত্র ও যুবকরা। এসময় মাদককারবারী স্থানীয় কিছু রাজনীতিবিদ ও প্রশাসনকে ম্যানেজ করেই এ ব্যবসা করে বলে হুমকি দেয়। কেই বাঁধা দিতে আসলে হাত পা ভেঙ্গে দিবে বলে হুমকি দেয়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ মিয়া ক্ষিপ্ত হয়ে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অর্তকিত হামলায় চালিয়ে ছাত্র ও যুবকদের আহত করে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ কামরুল হাসান বাদী হয়ে মঙ্গলবার রাতে কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলায় নবগ্রাম এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে মাদকের গড ফাদার মোঃ সোহাগ মিয়া (৪০), তার স্ত্রী মোসাঃ সুমি আক্তার (৩৫), সহযোগি পাথুরিয়া পাড়া এলাকার মোঃ আক্তার মিয়া (৪৫), বউবাজার এলাকার মোঃ সাইফুল (৩০), নবগ্রামের মো: রুবেল (৩৫)সহ অজ্ঞাতনামা আরো ৩/৪জনকে আসামী করা হয়। বক্তরা বলেন, থানায় অভিযোগ দিলেও পুলিশ এখনও তাদের গ্রেপ্তার করছেনা। অবিলম্ভে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

মাদক ব্যবসা না ছাড়লে এলাকা অবশ্যই ছাড়তে হবে। এলাকাকে কুলষিত হতে দেয়া যাবে না মর্মে মানববন্ধনে সবাই একমত হয়ে কাজ করার আহবান জানায় বক্তারা।

মানবতার ফেরিওয়ালা বন্ধু ফোরামের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ নং দ: ভারেল্লা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ( ছিকুটিয়া, ইসলামপুর, মজলিশপুর, গোবিন্দপুর) গ্রাম নিয়ে ঘটিত “মানবতার ফেরিওয়ালা বন্ধু ফোরাম” এর আয়োজনে এলাকার এতিম, বিধবা,অসহায়, অস্বচ্ছল ১৩০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

পবিত্র রমজান মাস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এই মানবিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার যুবকদের নিয়ে গঠিত এই মানবিক গ্রুপের মাধ্যমে প্রতিবছরের ন্যায় এবারও এই এলাকার প্রায় ১৩০ টি পরিবারের মাঝে ( ছোলা বুট -২ কেজি, খেসারি ডাল -১ কেজি, তেল -১ লিটার,খেজুর -১ কেজি, চিনি -১ কেজি,সেমাই -২ প্যাকেট, মুড়ি -১ কেজি,পেঁয়াজ -২ কেজি, চিড়া) এই ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

দেশ ও বিদেশে অবস্থানরত ভাইদের আর্থিক, মানুষিক ও শারীরিক সহযোগিতায় এই মানবিক কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, প্রতিষ্ঠাতা সদস্যরাসহ ,এলাকার যুবক ও স্কুলের ছাত্ররা।

সংগঠনটির উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য আবুল হোসেনের সভাপতিত্বে বিতরণ কার্যক্রম শুরু হয়।

সভাপতির বক্তব্যে তিনি এই মহৎ কাজের সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান ও দুআ কামনা করেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য আক্তার হোসেন ,কাজী সাইফুল ও ডাঃ রফিক বলেন, ২০২১ সালে এলাকার এতিম, অসহায় ও অসচ্ছল মানুষদের কল্যাণে এই সংঘটন কার্যক্রম শুরু করে, তারপর থেকে ধারাবাহিকভাবে প্রতিবছর অন্যান্য উদ্যোগের পাশাপাশি পবিত্র রমজান মাসেও ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করতে পারাটা অনেক আনন্দের ও সৌভাগ্যের বিষয়।এই কার্যক্রমের সাথে জড়িত সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।এই সময় আরো উপস্থিত ছিলেন ইঞ্জি: আজিম উদ্দিন,ইঞ্জি: মহিবুল্লাহ,মিজান,ময়নাল,ডা রফিক, ফারুক, মাসুদ,সাগর,জাকির, আরিফ, নাজমুল ,আক্তার,রাসেলসহ আরো অনেকে।
পরিশেষে সকলের সুস্থতা ও নেক হায়াত কামনা করে মহৎ এই কাজের সমাপ্তি ঘোষনা করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে নারী হেনস্তার প্রবণতা বিপজ্জনক

শিক্ষাপ্রতিষ্ঠানে নারী হেনস্তার প্রবণতা বিপজ্জনক: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

রাস্তাঘাটে ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্তা করার প্রবণতা বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দেশে নারী নির্যাতনসহ নারীদের বিভিন্নভাবে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতিসহ সকল ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন। শিক্ষা ক্ষেত্রেও নারীরা যে অগ্রগতি দেখাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের পাশাপাশি বিদেশেও নারীরা প্রশংসনীয় ভূমিকা রাখছে এবং দেশের সম্মান বৃদ্ধি করছে।

তবে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ছাত্রী, নারী শ্রমিকসহ বিভিন্ন পেশার নারীদের ইভটিজিং, শ্লীলতাহানি এবং হয়রানি করা হচ্ছে। এমনকি ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে নারীদের হত্যা করা হচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এ ধরনের ঘটনার ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগ সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি, এবং বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরো উৎসাহিত ও বেপরোয়া হয়ে উঠেছে। এই অবস্থা এখনও চলমান রয়েছে।

তিনি আরো বলেন, রাস্তাঘাটে এবং শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হয়রানি করার প্রবণতা বৃদ্ধি পাওয়া উদ্বেগজনক। এই ধরনের প্রবণতা সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক। এসব ঘটনার মাধ্যমে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। নারীদের সম্মান রক্ষা এবং নারী স্বাধীনতা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এটি নারীদের সংবিধান স্বীকৃত অধিকারও বটে।

তিনি আরো উল্লেখ করেন, নারী নির্যাতনসহ দেশের সার্বিক নৈরাজ্যকর পরিস্থিতিতে দেশের মানুষ এখন চরম উদ্বিগ্ন। বিএনপি এই ঘটনাগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সকলকে সচেতনভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে।

শেষে তিনি সরকারকে নারী নির্যাতনসহ সকল নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হস্তে দমন করে দেশে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

দাউদকান্দিতে চলাচলের পথ বন্ধ করে ঘর নির্মাণ; সড়কের আরসিসি ঢালাই উপরে ফেলার অভিযোগ

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দেখলে যে কেউ মনে করবে পরিত্যক্ত পুরনো কোন দালান বা সেতু ভাঙ্গা হচ্ছে! কিন্তু না, এটি একটি সড়ক উপড়ে ফেলা হচ্ছে। কারন সড়কটির একমাথা দখল করে ঘর তুলেছেন স্থানীয় প্রভাবশালী। তাই সড়কের আরেক মাথা উপড়ে ফেলা হচ্ছে যাতে কেউ দেখে বুঝতে না পারে এখানে কোন সড়ক ছিল। দাউদকান্দি উপজেলার বিটেস্বর ইউনিয়নের বীরবাগ গোয়ালী গ্রামে এ দৃশ্য দেখা যায়। সড়কটি ইউনিয়ন পরিষদের অর্থায়নে কয়েক বছর আগে নির্মান করা হয়েছে। এনিয়ে লিখিত অভিযোগ করেও কোন সুরাহা পাচ্ছেননা বলে জানান ভুক্তভোগীরা।

সরেজমিনে গিয়ে জানাযায়, উপজেলার বিটেস্বর ইউনিয়নের চরগোয়ালী-বিটেস্বর সড়কের বীরবাগ গোয়ালী হতে খলিলাপাড়া পর্যন্ত সড়কটি কয়েক বছর আগে ইউনিয়ন পরিষদের অর্থায়নে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পাকা করা হয়। স্থানীয় প্রভাবশালী সেলিম তালুকদার সড়কের একমাথা দখল কওে ঘর নির্মাণ করেন। সড়কটি আরেক মাথা ভেকু(স্কাভেটর) দিয়ে ভেঙে উপরে ফেলা হয়েছে। সাংবাদিকরা ছবি তুলতে গেলে চালক দ্রুত স্কাভেটর নিয়ে চলে যান।

ভুক্তভোগী ইঞ্জিনিয়ার বেনজির আহাম্মেদ বলেন, কয়েক বছর আগে স্থানীয় তিনজন চেয়ারম্যান মিলে দরবার করে সড়কটি পাকাকরণ করা হয়। সড়কের সাথেই আমার বাড়ীর ফটক। সেই সরকারী সড়কটি দখল করে আমার বাড়ীর ফটকের মুখে ঘর নির্মাণ করে বন্ধ করে দিয়েছে সেলিম তালুকদার। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছি। আরেক ভুক্তভোগী তানিয়া আক্তার বলেন, প্রায় আট বছর আগে আমাদের ১২ শতক জমির পাঁচ শতকের উপর দিয়ে জোর করে রাস্তা করা হয়। পরে আমার বাবার কাছ থেকে জোর করে নামমাত্র দামে রেজিষ্ট্রি করে নেয় সেলিম তালুকদার ও তার ভাইয়েরা। রেজিষ্ট্রি করা তিন মাস পর এই দুঃখে বাবা স্ট্রোক করে মারা যায়। এখন আবার আমাদের বাকি জমিটুকু বালু ফেলে দখল করে নিচ্ছে। আমরা গরীব মানুষ তাই আমাদের কথা কেউ শুনে না।

এব্যাপারে সেলিম তালুকদার বলেন, সড়কের উপর না মালিকানা জায়গায় মাদরাসার ঘর উঠানো হয়েছে বলে জানি। আর মাদরাসার কমিটি আছে। আমি কেউ না। আমার কোন সম্পৃক্ততা নেই।

মাদরাসার মুহতামিম নাদিম আহম্দে বলেন, মাদরাসার ঘরটি সড়কের দক্ষিন পাশে ছিল, এখন কি কারনে মাদরাসার ঘরটি সড়কের উপর উঠানো হয়েছে জানিনা, শুনেছি সড়কটি দক্ষিন পাশে নেয়া হবে।

বিটেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, সরকারী অনুদানে নির্মিত সড়ক ও নামফলক ভাঙ্গা ঠিক হয়নি। আবার চলাচলের পথ বন্ধ করে রাস্তায় ঘর নির্মান এাঁও ঠিক হয়নি। এসিল্যান্ড(উপজেলা সহকারী কমিশনার) মহোদয়কে বিষটি অবগত করেছি।

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রেদওয়ান ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদেরকে মিমাংসার জন্য দায়িত্ব দিয়েছি। তারা সমাধান করতে না পারলে পরবর্তী ব্যবস্থা নিবো। আর সরকারী সড়কটি ভাঙ্গার বেপারে তদন্ত চলছে।

নারী দিবসে সামনে রেখে সম্মিলিত

নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন

 

হাবিবুর রহমান মুন্না:

‘আমাকে ছাড়া আমার বিষয় কোনো সিদ্ধান্ত নয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় সম্মিলিত নারী ফোরাম সংবাদ সম্মেলন করেন।

শুক্রবার ( ৭ মার্চ) সকালে কুমিল্লা প্রেসক্লাবে বিশ্ব জুড়ে নারীর সম-অধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার নারী দিবস পালনে এই সংবাদ সম্মেলন করেন। এসময় আন্তর্জাতিক নারী দিবসের ঘোষণা পত্র ঘোষণা করা হয়।

ঘোষণাপত্রে করতে বলা হয়,নারীর মুক্তি, ক্ষমতায়ন ও অধিকার কেবল কাগজে, শ্লোগানে বা বক্তৃতায় থাকলে হবে না, এর প্রকৃত বাস্তবায়ন ঘটাতে হবে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ পারিবারিক, সামাজিক এবং জাতীয় -পর্যায়ের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণি, বয়স নির্বিশেষে সকল নারীর জন্য। নারীকে দিতে হবে একজন পরিপূর্ণ মানুষের সম্মান ও মর্যাদা। ঘরে, বাইরে, কর্মস্থলে, শিক্ষাপ্রতিষ্ঠানে, যানবাহনে, পথচলায়, উন্মুক্ত অনুষ্ঠানাদিতে নারীর সার্বিক সুরক্ষা দিতে হবে। তার স্বাস্থ্য, শিক্ষা ওকর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। নিরাপদ আবাসনের ব্যবস্থা থাকতে হবে। সম্পত্তির উত্তরাধিকার এবং নিজের ও সন্তানের অভিভাবকত্বে সমান অধিকার দিতে হবে। সর্বোপরি, নারীকে ছাড়া কোনভাবেই নারীর বিষয়ে কোনরকম সিদ্ধান্ত নেয়া যাবে না, অর্থাৎ তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে তার সম্পূর্ণ অংশগ্রহণ এবং স্বাধীন মতামত প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, এইড কুমিল্লা’র নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, প্রত্যায় উন্নয়ন সংস্থার নিবার্হী পরিচালক মাহমুদা আক্তার, পেইজ ডেভলপমেনন্ট সেন্টারের নির্বাহী পরিচালক মো.ইউনুস,দিয়ার নির্বাহী পরিচালক আবুল কাশেম,এড.শামীমা আক্তার জাহান,সৃষ্টির নির্বাহী পরিচালক সালমা আক্তার, ডাউপের নির্বাহী পরিচালক নাসরিন আক্তার,সেইভ দি চিল্ডরেনের ইনচার্জ (সেন্টার)পারভীন আক্তার, জিসার নির্বাহী পরিচালক মো.আলমগীর হোসেন,প্রত্যয় উন্নয়ন সংস্থার আফরোজা রহমান

কানাডা, মেক্সিকোর ওপর শুল্ক সাময়িকভাবে

কানাডা, মেক্সিকোর ওপর শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক এক মাসের জন্য স্থগিত করেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। এর ফলে আগামী ২ এপ্রিল পর্যন্ত কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে না। তবে এই শুল্ক ছাড় কেবল উত্তর আমেরিকান বাণিজ্য চুক্তি এর আওতাভুক্ত পণ্যগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানান, এই শুল্ক ছাড় আগামী ২ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া, ২০১৮ সালে হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদে মেক্সিকো ও কানাডার সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো মেক্সিকো থেকে পণ্য আমদানি করলে সেগুলোর ওপরও শুল্ক আরোপ করা হবে না। এর কয়েক ঘণ্টা পরে তিনি কানাডার ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তও পিছিয়ে দেন।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। তবে চীনের ওপর আরোপিত ২০ শতাংশ শুল্ক বহাল থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, কানাডা মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্ক কার্যকর রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

এই শুল্ক ছাড় আগামী ২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে, তবে অন্যান্য আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।

সূত্র: রয়টার্স

চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে কাজের মেয়ের উপর অমানুষিক নির্যাতনের দায়ে স্বামী-স্ত্রী দম্পতিকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৬ মার্চ) চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী মাদ্রাসা রোডে ইকবাল গার্ডেন ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, তাঁরা স্বামী-স্ত্রী দম্পতি মোঃ রুবেল (৪০) পেশায় ব্যাবসা করেন এবং স্ত্রী রোকেয়া বেগম (৩৫) গৃহিনী ইকবাল গার্ডেনের চতুর্থ তলায় থাকেন। তার‌ই আপন ভাগ্নী,(ভুক্তভোগী) রুজিনা আক্তার (১৬), পিতা- আহম্মদ ভূঁইয়া, মাতা- পারুল বেগম, চান্দ্রা চৌরাস্তা, মোল্লা বাড়ি, চাঁদপুর সদর।

নির্যাতিত রুজিনা আক্তার গণমাধ্যম কর্মীদের জানান, গত এক বছর যাবৎ তাকে এভাবে অমানুষিক নির্যাতন করে আসছেন তারা স্বামী-স্ত্রী দম্পতি। গত ৪ মাস আগে আসে এই বাসায়। এর আগে ঢাকায় ৮ মাসের মতো এদের সাথে ছিল, সেখানেও এইভাবেই মারধর করতো। পরবর্তীতে তাঁকে এখানে নিয়ে আসা হয়। রুজিনা জানান, দিনের পর দিন তাঁরা তাকে ঘরের মধ্যে আটকে রেখে নির্যাতন করতো। সে বয়সে ছোট এবং একটু আলাবোলা হ‌ওয়াতে তাদের সাথে কোনোকিছু করে উঠতে পারছিল না। তাঁদের নির্যাতনের কথা বলতে গিয়ে কান্না জড়িত কন্ঠে রুজিনা বলেন, আমার হাতের নখ, চোখে এবং পিঠসহ পুরো শরীরে আঘাত রয়েছে।

তাঁরা আমাকে খুন্তি দিয়ে ছেঁক দিতেন। যার কারণে শরীরে কালো স্পট পড়ে গেছে। মারাত্মকভাবে আমাকে মারধর করে তারা। পরে আজকে তাঁরা বাসায় ঢুকার আগেই আমি বাসা থেকে ভয়ে আগে থেকেই বের হয়ে গেছি। যার কারণে বেঁচে যাই।

এলাকাবাসী জানায়, মেয়েটির উপর এই অমানবিক নির্যাতন করার বিষয়টি আমরা জানতে পেরে সাথে সাথে পুলিশ ও সাংবাদিকদের খবর দেই। এরপর এলাকার সকল লোকজন জড় হয়ে তাঁদের স্বামী-স্ত্রী দম্পতিকে ঘরে আটকে রাখা হয়। এই ফাঁকে স্ত্রী রোকেয়া ঘর থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ এসে স্বামী (রুবেল) তাঁকে ঘর থেকে আটক করে থানায় নিয়ে যায়। পরে স্ত্রী রোকেয়া বেগম‌ও থানায় হাজির হলে চাঁদপুর মডেল থানা পুলিশ দুজনকেই আটক করে রাখেন।

এই বিষয়ে এলাকাবাসী জানায়, আমরা মেয়েটিকে নির্যাতনের উপযুক্ত শাস্তি দাবি করছি। যেন ভবিষ্যতে আর কেউ এই ধরনের কাজ না করে। আমরা তাঁদের স্বামী স্ত্রী দু’জনের উপযুক্ত শাস্তি চাই এবং সেই সাথে অসহায় মেয়েটিকে যেন চিকিৎসা করিয়ে সম্পূর্ণ সুস্থ্য করে তুলে সেই দাবি জানাচ্ছি।

এই বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, তাঁদেরকে যেহেতু আটক করা হয়েছে, সেহেতু এদের অভিভাবক আসুক,তারপর তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

হাবিবুর রহমান মুন্না:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যাগে যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৬ মার্চ) বিকাল ৪ টায় নগরীর গোল্ডেন স্পুন অডিটরিয়ামে মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড.আবরার আহমেদ।বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেন ড.মাসুদুল হক চৌধুরী,আড়াইবাড়ী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী আমিনুল ইসলাম।

কুমিল্লা মহানগরী জামায়াতে সেক্রেটারী মু.মাহবুবর রহমান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,মহানগর জামায়াতে নায়েবে আমীর যথাক্রমে মোহাম্মদ মোছলেহ উদ্দিন,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,মহানগর জামায়াতে কর্মপরিষদ সদস্য এড এয়াকুব আলী চৌধুরী,অধ্যাপক মজিবুর রহমান,কাজী নজীর আহম্মেদ,অধ্যাপক জাকির হোসেন,কাজী মোতাহের আলী দিলাল প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন,ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আল্লাহতাআলার আইন দিয়ে দেশ না চললে কেউ সুখ শান্তি পাবে না। এখানে চুরি, হত্যা রাহাজানিসহ যতধরনের অপকর্ম চলতে থাকবে। ইসলাম মানেই সুবিচার, ইসলাম মানলেই সুবিচার হবে। ইসলাম যতদিন না থাকবে কোথাও সুবিচার কায়েম হবে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে ইসলাম কায়েমের মাধ্যমেই সমাজের সকল স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যারা আল্লাহর বিধান অনুযায়ী সমাজ, রাষ্ট্র ও বিচার বিভাগ চালাবে না তারা কাফের, ফাসেক ও জালেম।

সেমিনার সম্মিলিত সকলের অংশগ্রহণে ইফতার করার মধ্য দিয়ে শেষ হয়।