All posts by jitu

১৭ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

১৭ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান পেলো একুশে পদক

১৭ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান পেলো একুশে পদক

ডেস্ক রিপোর্ট:

বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সাফজয়ী নারী ফুটবল দলসহ ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ পদক তুলে দেওয়া হয়।

এবারের একুশে পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন: চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা। সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান।

এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী (দলগত), মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত) ও শাবাব মুস্তাফা (দলগত)। সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহিদুল হক) (মরণোত্তর)। সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহিদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

উল্লেখ্য, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করে থাকে। দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদান রাখা ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

অতীতের যে কোনো প্রজন্মের চেয়ে

অতীতের যে কোনো প্রজন্মের চেয়ে তরুণ প্রজন্মের স্বপ্ন দুঃসাহসী: প্রধান উপদেষ্টা

অতীতের যে কোনো প্রজন্মের চেয়ে তরুণ প্রজন্মের স্বপ্ন দুঃসাহসী: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যেকোনো প্রজন্মের চেয়ে বেশি দুঃসাহসী। তারা যেমন একটি নতুন বাংলাদেশ গড়তে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে একটি নতুন পৃথিবী গড়তে চায়। এই নতুন পৃথিবী গঠনে তারা নেতৃত্ব দিতে চায় এবং সে জন্য তারা পুরোপুরি প্রস্তুত। ছেলেরা প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে অমর একুশে-২০২৫ পদক বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা এখন একটি ঘুণে ধরা, আত্মবিনাশী সভ্যতার বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। এই নতুন সভ্যতার মূল লক্ষ্য হবে পৃথিবীর সব সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করা। এছাড়াও, মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে পৃথিবীর অস্তিত্ব ও পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং পৃথিবীতে বসবাসকারী সব প্রাণীর সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, আজ যারা একুশে পদকে ভূষিত হয়েছেন, দেশবাসীর পক্ষ থেকে তাদের প্রতি আমি আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের অবদানের জন্য জাতি চিরকৃতজ্ঞ। আপনারা জাতির পথপ্রদর্শক। আপনাদের অবদানে অনুপ্রাণিত হয়ে জাতি বিশ্বাস করে যে, আমরা আন্তর্জাতিক অঙ্গনে ক্রমাগত উন্নততর অবস্থানে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হব।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বিজয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। আজ এই পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশমাতৃকার জন্য যারা বিভিন্ন সংগ্রামে, বাহান্নর ভাষা আন্দোলনে, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এবং ‘২৪-এর গণঅভ্যুত্থানে প্রাণ বিসর্জন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের সকলকে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি, একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। আমাদের স্বাধিকার চেতনার প্রাণপ্রবাহ একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এই ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ছাত্রসমাজ। ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে তারা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই আমাদের স্বাধিকার চেতনার এক অবিশ্বাস্য জাগরণ ঘটেছিল।

তিনি বলেন, আমরা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল।

প্রধান উপদেষ্টা আরও বলেন, এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপনের স্মরণীয় দিনে আমরা তরুণদের এই স্বপ্নের দ্রুত বাস্তবায়ন কামনা করছি।

দেশের ভবিষ্যৎ গঠনে যারা পথপ্রদর্শকের ভূমিকা পালন করছেন এবং আজ জাতির পক্ষ থেকে স্বীকৃতি পেলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

কুবিতে রক্তদাতা সংগঠন

কুবিতে রক্তদাতা সংগঠন বন্ধু’র নতুন কমিটি ঘোষণা

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর নতুন কার্যনির্বাহী কমিটি – ২০২৫ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মহিউদ্দিন , সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল এবং হেলথ্ টিমের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী সোহানুল ইসলাম শাওন।

এছাড়াও অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ সভাপতি দীপু চক্রবর্তী, সহ সভাপতি আবু শামা। যুগ্ম সাধারণ সম্পাদক, চৌধুরী মাসাবীহ, যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন সুলতানা আঁখি। সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান ভূঁইয়া, সংগঠনিক সম্পাদক সাইবুর রহমান, সংগঠনিক সম্পাদক আব্দুর রহমান আস সাদী। দপ্তর সম্পাদক আল মাসুম হোসাইন, উপ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম শ্যামল। অর্থ সম্পাদকঃ ফারজানা হাফছা, উপ-অর্থ সম্পাদক রাসেল মিয়া। প্রচার ও প্রকাশনা সম্পাদক রোহান রাব্বি, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ আলী। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শফি আলম, উপ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহেল রানা। আপ্যায়ন বিষয়ক সম্পাদক শাহিন ইয়াসার, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইসমাইল কাজী।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল হুদা শাওন, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ মাহবুব হাসান। ক্রীড়া সম্পাদক সাইফুল মালেক আকাশ, উপ ক্রীড়া সম্পাদক মাহাবুর রহমান, উপ ক্রীড়া সম্পাদক নয়ন অধিকারী। ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদকঃ ইসরাত বিথী, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক খাইরুন নাহার কুমকুম।

কার্যকারী সদস্য – শাওন সূত্রদর অভ্র, মামুনুর রাশিদ, মোঃ তাওহীদুল ইসলাম, মাহিন উদ্দীন, ইকবাল হায়দার ইমন, মোরসালিনা আক্তার, হাসিবুর রহমান, শাহাবুল ইসলাম ভূঁইয়া, নাদিমুল ইসলাম, সাদিক।

হেলথ কমিটির যুগ্ম আহবায়ক যারিন তাসনিম, উম্মে এশা, আরিফুল ইসলাম রনি, সুমাইয়া আক্তার ফারিহা, ফাতেমা আক্তার সালমা

সদস্য – আলী আহসান মুজাহিদ, কামরুন নাহার কণিকা, জাকিয়া সুলতানা, মাসুম এলাহি সিয়াম, জেরিন সুলতানা স্মৃতি, মোঃ সুমন।

উল্লেখ্য, এই কমিটি ২০২৪-২৫ সেশনে এক বছরের জন্য অনুমোদিত হয়েছে।

শেষ হলো কুবি'র বিজয় ২৪ হলের

শেষ হলো কুবি’র বিজয় ২৪ হলের বার্ষিক ক্রীড়া সপ্তাহ

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) এর বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া সপ্তাহের পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘বিজয় ২৪ হলে’র প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খানের সভাপতিত্বে হলের ছাদে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মোতাসিম বিল্লাহ এবং বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষকগণ।

এ সময় বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, আমি দেখতে পেরেছি লাস্ট দুই সপ্তাহ তোমরা মিলেমিশে অনেক আনন্দ উদ্দীপনার সাথে খেলাধুলা করেছো এবং এতে তোমাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পেয়েছে তা আমি স্পষ্ট দেখেছি এবং আমার সাথেও অনেকের সম্পর্ক বৃদ্ধি পেয়েছে এই প্রোগ্রামের কারণে। এজন্য আমি সম্মানিত ভিসি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি ওনার পরামর্শ ও সার্বিক দিকনির্দেশনা এবং সহযোগিতার জন্য। এখন পর্যন্ত এখানে এসে যে সমস্যা গুলো নিয়ে গিয়েছি ভিসি স্যার ও ট্রেজারার স্যারের কাছে, উনারা খুব ভালোভাবে আমাকে রেসপন্স করেছেন ও সহযোগিতা করেছেন। সেই জায়গা থেকে আমি তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, বিজয়-২৪ হলের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমরা একটি পরিবার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ যারা স্টকহোল্ডার যারা আছি, তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করি, ভূমিকা রাখি। বিশেষ করে আমাদের একটি স্বপ্ন থাকে আমাদের নতুন প্রজন্মকে আগামী প্রজন্মের জন্য উপযোগী করে তোলা, যোগ্য করে তোলা। বিশ্ববিদ্যালয়ের অনেকটা সময় এই হলেই কাটানো হয়, তো এই ধরনের ইভেন্টগুলো আমাদের একে অপরের সাথে ভালো সম্পর্ক তৈরি করার সুযোগ করে দেয়। বিশ্ববিদ্যালয় একটা সার্বজনীন জায়গা, সেখান বিভিন্ন জায়গার মানুষ আসে, পরস্পরের সাথে সম্পর্ক তৈরি হয় এতে নিজেকে অনেক স্বয়ংসম্পূর্ণ মনে হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ হায়দার আলী বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ে গেইন করতে আসেন, ভ্যালু এড করতে আসেন। যখন আমাদের নলেজ গেইন হয়, আমরা অল্প শিক্ষিত থেকে উচ্চশিক্ষিত হই, সেইসাথে আমাদের অন্তরের উন্নতিও করতে হবে। অশিক্ষিত মানুষের আচরণ এবং শিক্ষিত মানুষের আচরণ এক নয়। শিক্ষা অর্জন করতে হবে আলোকিত মানুষ হওয়ার জন্যে। আপনারা শিক্ষা অর্জনের পাশাপাশি উচু মনের মানুষ হবেন। শিক্ষার সাথে সুপুরুষ হতে হবে, আলোকিত মানুষ হতে হবে। হলকে আলোকিত রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে এতে আপনাদের সহায়তা প্রয়োজন। আমি দোয়া করি, আপনারা ভালো মানুষ হবেন, ভালো শিক্ষিত হবেন। পৃথিবীর জন্য, দেশের জন্য ভালো এ্যাসেট হবেন।

চাকরি ফেরত পাচ্ছেন ২৭তম বিসিএসে

চাকরি ফেরত পাচ্ছেন ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জন

চাকরি ফেরত পাচ্ছেন ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জন

ডেস্ক রিপোর্ট:

২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ পৃথক তিনটি আপিল মঞ্জুর করে এ রায় ঘোষণা করেন।

আবেদনকারীদের পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন সাংবাদিকদের জানান, এই রায়ের ফলে প্রায় ১,২০০ জনের মধ্যে যারা চাকরিতে যোগ দিতে চান, তারা ২৭তম বিসিএস ব্যাচে ধারণাগত জ্যেষ্ঠতাসহ নিয়োগ পাবেন।

কতদিনের মধ্যে তাদের নিয়োগ দিতে হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হাইকোর্টের রায়ে ৯০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়েও সেই ৯০ দিনের সময়সীমা বহাল রাখা হয়েছে।

২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হন। তবে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকমিশন (পিএসসি) ওই বছরের ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে এবং দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীক্ষার্থীরা।

২০০৯ সালের ১১ নভেম্বর হাইকোর্ট দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করেন। এর আগে ওই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারপক্ষ লিভ টু আপিল করে। ২০১০ সালের ১১ জুলাই আপিল বিভাগ সেই লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেন।

আইনজীবী সালাহ উদ্দিন দোলন বলেন, ওয়ান ইলেভেন সরকারের সময় ২৭তম বিসিএসে দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। যখন এই ১,২০০ জন চূড়ান্ত সুপারিশের পর চাকরিতে যোগ দিতে যাচ্ছিলেন, তখন এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দ্বিতীয় মৌখিক পরীক্ষার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। হাইকোর্ট বিভাগে আবেদনকারীরা জয়লাভ করেন। কিন্তু আপিল বিভাগ লিভ টু আপিলে (সিপি) বলেছিলেন যে দ্বিতীয় মৌখিক পরীক্ষা সঠিক ছিল। আপিল বিভাগের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনকারীরা রিভিউ আবেদন করেন। ৭ নভেম্বর সেই রিভিউ মঞ্জুর করে আপিলের জন্য অনুমতি দেওয়া হয়।

চৌদ্দগ্রামে তাঁত, বস্ত্র ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লা চৌদ্দগ্রামের নোয়াবাজারস্থ হোটেল ফুড প্যালেসের সামনে তাঁত ও বস্ত্র কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ ও মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিন।

মেলার উদ্যোক্তা ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি মো: এমদাদ উল্যাহ, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, কার্যকরী সদস্য আনিছুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক শাখায়াত শাওন, মামুন মজুমদার। এ সময় বিভিন্ন স্থান থেকে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ যেকোনো দলকে হারাতে পারে, বলছেন শান্ত

বাংলাদেশ যেকোনো দলকে হারাতে পারে, বলছেন শান্ত

বাংলাদেশ যেকোনো দলকে হারাতে পারে, বলছেন শান্ত

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তান-নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচ দিয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির শুরু হয়েছে। বাংলাদেশের মিশন শুরু হবে আগামীকাল ভারতের বিপক্ষে। রোহিত শর্মা ও বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের বিপক্ষে দুবাইয়ে মাঠে নামার আগে নিজেদের সক্ষমতার কথা জানিয়েছেন বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, বাংলাদেশের কাছে সব দলকে হারানোর ক্ষমতা আছে। তিনি বলেন, “আমাদের সব বিভাগেই ভালো করতে হবে। আমাদের ওয়ানডে দলটি বেশ ভালো। দলটি ভারসাম্যপূর্ণ এবং আমরা যে কোনো দলকে হারাতে পারি। দলে অনেক অলরাউন্ডার রয়েছেন, যা আমাদের জন্য একটি বড় সুবিধা। আশা করি, আমরা ভালো করব। আমরা প্রতিপক্ষ নিয়ে অতিরিক্ত চিন্তা করি না। আমরা প্রস্তুত, এখন দেখার বাকি কী হয়।”

বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্স অন্য দুটি ফরম্যাটের তুলনায় কিছুটা ধারাবাহিক হলেও সাম্প্রতিক সময়ে তাদের ফলাফল খুবই নিম্নমুখী। সর্বশেষ টানা দুই সিরিজে বাংলাদেশ হেরেছে। শেষ ৬ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে দলটি। যদিও সাম্প্রতিক ফলাফল ভালো না হলেও, পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সফরে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগাতে চান শান্ত। তিনি আশা প্রকাশ করেন, আইসিসির এই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো পারফরম্যান্স দেখাবে।

বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ দুবাই ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। দুবাই ও রাওয়ালপিন্ডির পিচের অবস্থা সম্পর্কে শান্ত বলেন, “দুবাইয়ে তেমন বেশি রান হবে না, কিন্তু পাকিস্তানে রান বেশি হবে। আমরা রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্যাচ খেলেছি, যা আমাদের জন্য সহায়ক হবে। এই টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দলই মানসম্পন্ন। সাম্প্রতিক সময়ে আমরা দ্বিপক্ষীয় সিরিজে ভালো করেছি, আগামীকাল যদি ভালো খেলি তাহলে জিতব।”

ভারতের প্রধান পেসার জাসপ্রিত বুমরাহ এই টুর্নামেন্টে অনুপস্থিত। এতে বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে কিনা এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, “বুমরাহ বা কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে আমরা আলাদাভাবে চিন্তা করি না। তাদের দলে ম্যাচের ফলাফল নির্ধারণে সক্ষম এমন খেলোয়াড় আরও অনেক আছেন।”

সরকারে বসে সুযোগ-সুবিধা নিয়ে দল বানালে

সরকারে বসে সুযোগ-সুবিধা নিয়ে দল বানালে কখনোই মানবো না: ফখরুল

সরকারে বসে সুযোগ-সুবিধা নিয়ে দল বানালে কখনোই মানবো না: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের স্বার্থে ফ্যাসিবাদীদের জায়গা করে দেওয়া হলে বিএনপি তা মানবে না। তিনি আরও বলেন, সরকারের সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে জনগণ তা মেনে নেবে না।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছানো হলে জনগণ তা মেনে নেবে না। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে নতুন সরকারের প্রয়োজন হবে।

এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্তব্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিবাদীদেরও জায়গা করে দিতে চায়। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কতটা আন্তরিক, তা নিয়ে সন্দেহ রয়েছে।

ফ্যাসিবাদীরা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে চাইলে তারা অংশ নিতে পারবেন বলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের বক্তব্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তার কথাই প্রমাণিত হয়েছে যে তারা নিজেদের স্বার্থে ফ্যাসিবাদীদের জায়গা করে দিতে চায়।

এ সময় বিএনপি মহাসচিব উপস্থিত নেতাকর্মীদের প্রশ্ন করেন, ‘এটা কি আপনারা মেনে নিতে পারবেন? মানবেন?’ উপস্থিত নেতাকর্মীরা তখন ‘না, না’ বলে জবাব দেন।

মির্জা ফখরুল আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তিনি বলেন, তার এমন মন্তব্যের পর অনেকে বলেছিলেন যে বিএনপি আরেকটি ‘এক-এগারো’ চায়। কিন্তু তিনি বলেন, ‘এক-এগারো’র সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি। তাই তিনি সতর্ক করে বলেন, আবারও ‘এক-এগারো’র চেষ্টা বা চিন্তা করলে জনগণ তা কখনোই মেনে নেবে না।

দেশজুড়ে বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম চলছে। এর ধারাবাহিকতায় সকালে ঢাকা মহানগর ছাত্রদল সদস্য ফরম নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। ‘গণঅভ্যুত্থান পরবর্তী নতুন ধারার ছাত্র রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় ছাত্রদল ও ঢাকা মহানগর বিএনপির নেতারা বলেন, ফ্যাসিবাদের একটি অংশ বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

অন্যদিকে, বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেন, নির্বাচন বানচাল করতে দেশে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। তিনি বিশৃঙ্খলা বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান।

হাজীগঞ্জ-কচুয়া সড়কে ডাকাতের কবলে পড়ে

হাজীগঞ্জ-কচুয়া সড়কে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন আমেরিকা প্রবাসী

হাজীগঞ্জ-কচুয়া সড়কে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন আমেরিকা প্রবাসী

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন জাহাঙ্গীর আলম মিলন নামে প্রবাসফেরত এক যুবক। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ-কচুয়া সড়কের হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদ এলাকায় ডাকাত দলের কবলে পড়েন তিনি।

মিলনের বাড়ি লক্ষ্মীপুর সদরে। তিনি আমেরিকা থেকে মঙ্গলবার মাঝ রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখান থেকে একটি মাইক্রো ও একটি হায়েজ গাড়ি নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বুধবার সকাল সোয়া ৭টার দিকে মিলনকে বহনকারী গাড়িটি হাজীগঞ্জ-কচুয়া সড়কের কাজিরগাঁওস্থ উপজেলা মডেল মসজিদের উত্তর পাশে আসলে গতিরোধ করেন ডাকাত দল। মুখোশধারী অজ্ঞাত চারজন ব্যক্তি খোলা পিক-আপের নিয়ে পেছন থেকে এসে প্রবাসী মিলনের গাড়ি থামিয়ে তাকে সহ চালক ও তার মাকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে তারা।

এ সময় গাড়িতে থাকা মিলনের বিদেশী মুদ্রা, নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র লুটে নেয় ডাকাতরা। পরে তিনি ৯৯৯ নম্বরে কল দিলে ঘটনাস্থলে ছুটে আসেন হাজীগঞ্জ থানা পুলিশ। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম মিলন লক্ষ্মীপুর পৌর ১১নং ওয়ার্ডের দক্ষিণ মজুপুর কাজী বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ওই সড়কে একটি সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে অপরাধ করে আসছে। প্রায়ই বিদেশফেরত ব্যক্তিদের গাড়িতে ডাকাতি হচ্ছে। এরপরও পুলিশের তৎপরতা দেখা যায় না।

সাবেক আইজিপি শহীদুলের হাজার কোটি টাকার

সাবেক আইজিপি শহীদুলের হাজার কোটি টাকার আলামত জব্দ

সাবেক আইজিপি শহীদুলের হাজার কোটি টাকার আলামত জব্দ

ডেস্ক রিপোর্ট:

পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকের হাজার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের দুই বস্তা আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার রাতে শহীদুল হকের এক আত্মীয়ের বাসা থেকে এসব আলামত জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দপ্তর।

আজ বুধবার এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, গতকাল মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম শহীদুল হকের এক আত্মীয়ের বাসায় তল্লাশি চালায়। তল্লাশি চলাকালে দুটি বস্তায় মোট ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়। এসব আলামতের মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব অ্যাগ্রিমেন্ট, পাওয়ার অব অ্যাটর্নি, বন্ড, এফডিআর, সংঘ স্মারক, অফার লেটার, ব্যাংক হিসাব বিবরণী ইত্যাদি।

দুদক সূত্রে জানা যায়, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক অসাধু উপায়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান ছিল। অনুসন্ধান কার্যক্রমের একপর্যায়ে দুদক গোয়েন্দা তথ্য পায় যে, শহীদুল হক তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত নথিপত্র তার একজন নিকট আত্মীয়ের কাছে দুটি বস্তায় ভরে পাঠিয়ে রেখেছেন। গোয়েন্দা তথ্যে আরো জানা যায়, নথিপত্রগুলো গোপন রাখার জন্য এক আত্মীয়র কাছ থেকে অন্য এক আত্মীয়ের বাসায় পাঠিয়েছেন তিনি। এসব নথিপত্রে শহীদুল হকের বেআইনিভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে।

এর আগে, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও তার স্ত্রী-সন্তান এবং তাদের নিয়ন্ত্রণাধীন ফাউন্ডেশনের নামে ৭২টি ব্যাংক হিসাবে ৫৬০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পায় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। যার প্রতিবেদন দুদকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করা শহীদুল হক, তার স্ত্রী শামসুন্নাহার রহমান এবং তাদের তিন সন্তানের নামে ৭২টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তাদের নিয়ন্ত্রণাধীন মজিদ-জরিনা ফাউন্ডেশনের একাধিক হিসাবও অন্তর্ভুক্ত রয়েছে। এসব হিসাবে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৬০ কোটি ২৮ লাখ টাকা জমা হয়, যার মধ্যে ৫৫০ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। সর্বশেষ স্থিতি ছিল ১০ কোটি ২০ লাখ টাকা।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাতে শহীদুল হককে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।