আরাফার দিনের রোজা রাখলেন হামজা চৌধুরী
আজ পবিত্র হজের দিন। লাখো হাজির তালবিয়ার ধ্বনিতে মুখরিত সৌদি আরবের আরাফার ময়দান। এই পবিত্র দিনে বিশ্বজুড়ে মুসলিমরা নফল রোজা রাখেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীও আজ এই রোজা রেখেছেন।
গতকাল বুধবার ভুটানের বিপক্ষে ম্যাচে অংশ নিয়ে আজ দলের রিকভারি ডে থাকায় হামজা এই সুযোগ কাজে লাগিয়েছেন। বাংলাদেশের মাটিতে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ৬ মিনিটের মধ্যে গোলের দেখা পেয়েছিলেন তিনি। ম্যাচটি বাংলাদেশ ২-০ গোলে জয়লাভ করে।
আজ বৃহস্পতিবার দলটি কোনো অনুশীলন করেনি, শুধু রিকভারি সেশনে অংশ নিয়েছে। এছাড়া, দলটি নতুন সাদা হোম জার্সিতে টিম ফটোশুট করেছে। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে এই জার্সিতেই প্রথমবার মাঠে নামবে বাংলাদেশ।
হামজা চৌধুরী ইংল্যান্ডে জন্মগ্রহণ ও বেড়ে উঠলেও ব্যক্তিগত জীবনে তিনি ধর্মপ্রাণ। তিনি নিয়মিত সালাম দিয়ে কথা শুরু করেন, ম্যাচের আগে প্রার্থনা করেন এবং ধর্মীয় রীতিনীতি মেনে চলার চেষ্টা করেন। ফিলিস্তিন ইস্যুতে তার সমর্থনও সুবিদিত—২০২১ সালে এফএ কাপ জয়ের পর ওয়েম্বলি স্টেডিয়ামে তিনি ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন।
আজ আরাফার দিনের রোজায় হামজা একা নন, দলের টিম ম্যানেজার আমের খান ও টিম অ্যাটেনডেন্ট মোহাম্মদ মহসিনও রোজা রেখেছেন।
বাংলাদেশ দল আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। এর প্রস্তুতি শুরু হবে আগামীকাল শুক্রবার থেকে। ঈদের দিনও দলটিকে অনুশীলনে অংশ নিতে হতে পারে, তবে সম্ভাব্য সকালে ঈদ উদযাপন করে সন্ধ্যায় অনুশীলনে নামবে তারা।