All posts by jitu

দাউদকান্দি পৌরসভায় অনলাইন সনদ বিতরণ

দাউদকান্দি পৌরসভায় অনলাইন সনদ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

নাগরিক সেবায় দুর্ভোগ লাগবে এবং গতিশীলতা আনয়নের জন্য বিভিন্ন প্রকার সনদ অনলাইনে প্রদানের একটি প্লাটফর্মের আজ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে দাউদকান্দি পৌরসভার এই সেবার প্লাটফর্ম উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়সার, দাউদকান্দি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, পৌর প্রশাসকের দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম, পৌরসভার কর্মচারীবৃন্দ ও অন্যান্যরা।

দাউদকান্দি পৌরসভা থেকে বিতরনকৃত নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ, জাতীয়তা সনদ, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন প্রকারের সনদ এতোদিন অফলাইনে বিতরন করা হতো। ফলে অনলাইন ভেরিফিকেশনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল দাউদকান্দি পৌরসভার নাগরিকরা । নতুন এই সেবা ব্যবস্থার মাধ্যমে যাবতীয় সনদ অনলাইনে ভেরিফিকেশন সম্ভব হবে।

সনদ বিতরন অনুষ্ঠানে উপস্থিত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের হাত থেকে এসময় উপকারভোগীগণ সনদ গ্রহণ করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ এসময় নাগরিক সেবা ত্বরান্বিত করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন।

পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি জানান প্রাথমিকভাবে নাগরিক সনদে কিউআর কোড সংযোজন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সেবাসমূহও এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে। এই সেবার মাধ্যমে সনদ জালিয়াতি রোধ ও স্বচ্ছতা আনয়ন সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

ইসরাইলি বিমান হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন

ইসরাইলি বিমান হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনি সাংবাদিক

ডেস্ক রিপোর্ট:

খান ইউনিস শহরে ইসরাইলি বিমান হামলায় আহত হয়ে সাংবাদিক আহমেদ মানসুর মঙ্গলবার মৃত্যুবরণ করেছেন। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের খবরে জানা যায়, হামলার পর তাকে জীবন্ত আগুনে জ্বলতে দেখা যায়।

আহমেদ মানসুর প্যালেস্টাইন টুডে নিউজ এজেন্সির প্রতিবেদক ছিলেন। সোমবার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের তাবুতে এই হামলা চালানো হয়। হামলার ভিডিওতে দেখা যায়, মানসুর আগুনে পুড়ছেন।

ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার সকালে মানসুর মারা যান। এই হামলায় এখন পর্যন্ত দুই সাংবাদিক নিহত ও আটজন আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তাদের লক্ষ্য ছিলেন সাংবাদিক হাসান এলসালাইয়েহ, যাকে তারা হামাস সদস্য বলে দাবি করে। হামলায় এলসালাইয়েহ আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের গাজা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ২১১ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। গত ১৮ মার্চ থেকে গাজায় ইসরাইলের হামলা তীব্র হয়েছে, যাতে প্রায় ১,৪০০ জন নিহত ও ৩,৪০০ জনের বেশি আহত হয়েছেন। এতে জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিও ভেঙে গেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, গাজায় হামলা আরও বাড়বে। বিশ্লেষকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পরিকল্পনার ইঙ্গিত রয়েছে এতে।

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় ৫০,৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া, আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।

দাউদকান্দিতে মৎস্য প্রকল্প নির্মান কাজে বাধা ও চাদাবাজির অভিযোগ

দাউদকান্দিতে মৎস্য প্রকল্প নির্মান কাজে বাধা ও চাদাবাজির অভিযোগ

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামে মৎস্য প্রকল্প নির্মানে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রামবাসী দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এদিকে আজ মঙ্গলবার দুপুরে চাদাবাজির প্রতিবাদে আউটবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে সাতটি গ্রামের জমির মালিকদের সমন্বয়ে ২৭বছর আগে এশিয়া মৎস্য প্রকল্প করা হয়। বিগতদিনে প্রকল্প কমিটিতে যারাই ছিলেন কৃষকদেও ন্যায্য পাওনা না দিয়ে লীজের নামে লুটেপুটে খেয়েছেন। জমির মালিকরা কিছুই পায়নি। আউটবাগ গ্রামের সাধারণ কৃষক ন্যায্য পাওনা চাইতে গেলেই নানান অত্যাচার ও নির্যাতনের স্বীকার হয়েছে। তাই আউটবাগ গ্রামের সাধারণ কৃষক ও সর্বস্তরের সাধারণ জনগণ মিলে এশিয়া মৎস্য প্রকল্প হতে আউটবাগ গ্রামের কৃষকদের জমি নিয়ে আলাদা হয়ে “একতা মৎস্য প্রকল্প” নামে জমির পাড় বাধার কাজ শুরু করে।

সোমবার ইউনিয়নের বিএনপিনেতা তৈয়ব আলী, যুবদল নেতা মিজানসহ ১০-১২ জন প্রকল্পের ভেকুর ড্রাইভারকে পিস্তল দেখিয়ে হুমকি দিয়ে ভেকুর চাবি নিয়ে যায়। আর বলে যায় প্রতিদিন তাদেরকে বিশ হাজার টাকা না দিলে কোনরকম কাজ করতে দেয়া হবে না।

মঙ্গলবার দুপুরে আউটবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে ওয়ালি উল্লাহ, আব্দুল মতিন মাষ্টার ও দেলোয়ার বলেন, ২৫/২৬ বছর আগে এগার’শ বিঘা জমি নিয়ে এশিয়া মৎস্য প্রকল্প করা হয়েছিল। আমাদেও আউটবাগ গ্রামের জমির মালিকরা ন্যায্য হিসাব থেকে বঞ্চিত। আলাদা প্রজেক্ট করা জন্য আউটবাগ গ্রামের সকল জমির মালিকের স্বাক্ষরিত একটি আবেদন আমরা উপজেলা প্রশাসনের নিকট দিয়েছি। এখন শুকনো মৌসমে আমরা আমাদের দু’শ বিঘা জমি নিয়ে আলাদা প্রজেক্ট করা শুরু করেছি। তাই সিঙ্গুলা এলাকার মিজান, মোতালেব, তৈয়ব আলী ও শাহ আলমসহ ১০/১২জন এসে আমাদের প্রকল্পের কাজের ভেকু মেশিনের চাবি নিয়ে চালককে হুমকি দিয়ে যায়।

ভ্যাকুর চালক আলী মিয়া বলেন, সোমবার বিকালে ১০/১২ জন মোটর সাইকেলে করে এসে আমার কাছে চাবি চায়। দিতে না চাইলে আমাকে পিস্তল দেখালে ভয়ে আমি চাবি দিয়ে দেই।

সিঙ্গুলা গ্রামের মিজান অভিযোগ অস্বিকার করে বলেন, আমি ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। আমাকেসহ মোতালেব, তৈয়ব আলী ও শাহ আলমের নামে আউটবাগ গ্রামবাসী মানববন্ধন করে যে অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আর যারা মানববন্দন করেছে তারা বিগত আওয়ামী ফ্যাসিস্টের পদধারী লোক।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, আউটবাগ গ্রামের একটি অভিযোগ পাইছি। তদন্ত সাপেক্ষে ব্যস্থা নেয়া হবে।

গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য করা শিক্ষিকা মেহেরুন্নেসাকে লাল কার্ড প্রদর্শন

স্টাফ রিপোর্টার:

বিতর্কিত বক্তব্য দেওয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষিকা মেহেরুন্নেসাকে লাল কার্ড প্রদর্শন করেছে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

আগামীকালও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের সকল ক্লাস এবং পরিক্ষা বর্জন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও হিজাব নিয়ে কটুক্তি এবং সম্প্রতি গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মানববন্ধন ও রেড কার্ড প্রদর্শন করা হয়।

শিক্ষার্থীরা কয়েকটি দাবী করে। তা হল- গা*জা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আগামী ১২ ঘন্টার মধ্যে ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর কাছে ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

তিনি বিভাগের শিক্ষার্থীদের কাছে শিক্ষক হিসেবে নৈতিক সর্মথন হারিয়েছেন। তাই তিনি আর কোনদিন এই বিভাগে আসতে পারবে না এবং একাডেমিক কোন কার্যক্রমে অংশ নিতে পারবে না। তিনি স্ব-সম্মানে পদত্যাগ করে এই বিভাগ থেকে বিদায় নিতে হবে।

ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে পরিবর্তনের পক্ষে ভোট দিবে জনগণ: রাশেদ

স্টাফ রিপোর্টার:

দেশব্যাপী জাতীয় পরিচয়পত্র তথা ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমে অংশ নিতে তরুণ-তরুণীরা সকাল থেকেই ভিড় করেন সংশ্লিষ্ট দপ্তরে।

এই বিশেষ দিনে কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের নতুন ভোটারদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান।

এই সময় ভোটারদের চোখে-মুখে উচ্ছাস ও পরিবর্তনের পক্ষে কথা বলতে দেখা গিয়েছে। বিগত ১৭ বছরে যে ভোটাধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছে সেটাও জনমানুষের কণ্ঠে উঠে এসে।

সদস্য সচিব রাশেদ বলেন, “মানুষ পরিবর্তন চায়। ফ্যাসিবাদের পতনের পর একটা জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এখন আর মানুষ প্রতীক দেখে নয় বরং মানুষ দেখে ভোট দিবে। নীতি-নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ করবে না। আমরা আশা করি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পরিবর্তনের পক্ষে ভোট দিবে জনগণ।

এসময় উপস্থিত নতুন ভোটাররাও এমন আন্তরিক শুভেচ্ছায় আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সঠিক নেতৃত্ব নির্বাচনে সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

রাশেদ আরও বলেন, “আমরা চাই এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবে, নিরপেক্ষভাবে মানুষ ভোট দিতে পারবে। দেশে এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। আমরা বিশ্বাস করি এই সরকার কাজ করছে। সংস্কার প্রক্রিয়ার শেষে, ফ্যাসিস্টের বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধকরণের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।”

বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি

বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি: মিজানুর রহমান আজহারী

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংসতার বিরুদ্ধে রাজধানীসহ সারাদেশে সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেছে। এ সময় ইসরায়েলি পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে বাটা, কেএফসি-সহ বিভিন্ন শোরুমে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) ফেসবুক পেজের পোস্টে আজহারি লেখেন, ‘বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা এ গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ।

এরা যেকোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়। কোন একটি স্মার্ট মুভকে মূহুর্তেই পন্ড করে দেয়। মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। মুমিনের আচরণ কখনোই এমন নয়। প্রতিবাদের প্রতিটি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত।’

এর আগে সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আজহারি জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আগামী ১২ এপ্রিল (শনিবার) ঢাকায় সশরীরে বিক্ষোভ করবেন।

ভিডিও বার্তায় তিনি বলেছেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে।

আগামী ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউয়েতে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন।

তিনি আরও বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে দল-মত-জাতি-পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

তিতাসে বিদেশি অস্ত্রসহ একাধিক মামলা আসামি গ্রেফতার

তিতাসে বিদেশি অস্ত্রসহ একাধিক মামলা আসামি গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি মোঃ রিপন মিয়া (৪৮) গ্রেফতার হয়েছে।

সোমবার ( ৭ এপ্রিল) রাত ১১ টায় উপজেলার শাহপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার হওয়া মোঃ রিপন মিয়া তিতাস উপজেলার মন্তাজ বেপারীর ছেলে। তিনি ডাকাতি ও চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামী বলে যৌথবাহিনী সূত্র জানায়।

তাকে উপজেলার শাহপুরের নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড পিস্তল এ্যামোঃ উদ্ধার করা হয়।

আটক হওয়া ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউএনও জামাল হোসেনের প্রচেষ্টায় সরছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বর্জ্যের ভাগাড়

স্টাফ রিপোর্টার:

দেশের অর্থনীতির লাইফ লাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ডিভাইডার ও দুই পাশেই বর্জ্য স্তুপ করে ফেলে রাখে পৌরসভার কর্তৃপক্ষ ও বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা। সড়কের কয়েকটি স্থান যেন মরা পশু, মরা হাঁস-মুরগি আর ময়লা-আবর্জনা ফেলার ভাগাড় হয়ে উঠেছে।

বর্জ্য পরিশোধানাগর ব্যবস্থা না থাকায় মারাত্মক পরিবেশ দূষণসহ জনজীবন দূর্বিষহ হয়ে পড়েছে। হুমকির মুখে জীব বৈচিত্র্য। পরিবেশ দূষণ রোধ ও জীব বৈচিত্র্য রক্ষায় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে মহাসড়ক থেকে সরছে বালুজুড়ি খাল সংলগ্ন সেই ভাগাড়।

সোমবার পৌর এলাকার নাটাপাড়া মৌজায় ভাগাড়ের জন্য জায়গা নির্দিষ্ট করা হয়েছে। পৌর প্রশাসকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

জানা গেছে, বর্জ্য পদার্থের আধুনিক ও নিরাপদ অপসারণ ব্যবস্থার অপ্রতুলতা বাংলাদেশের অন্যতম পরিবেশগত সমস্যা। পৃথিবীর অষ্টম জনবহুল ও দশম ঘনবসতিপূর্ণ বাংলাদেশে বর্ধিত জনসংখ্যার সঙ্গে সমান তালে বেড়ে চলেছে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাও। বর্তমানে বাংলদেশে বর্জ্য সৃষ্টির পরিমাণ প্রতি বছর প্রায় ২২.৪ মিলিয়ন টন, অর্থাৎ মাথাপিছু ১৫০ কিলোগ্রাম। এ হার ক্রমাগত বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে ২০২৫ সালে দৈনিক প্রায় ৪৭ হাজার ৬৪ টন বর্জ্য উৎপন্ন হবে।

এতে করে মাথাপিছু হার বেড়ে দাঁড়াবে ২২০ কিলোগ্রাম। এছাড়া অপরিকল্পিত নগরায়ন প্রক্রিয়ায় বিক্ষিপ্তভাবে গড়ে উঠেছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্পকারখানা। এসব অবকাঠামোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে বর্জ্য নিষ্কাশনের আধুনিক ও বিজ্ঞানসম্মত সুষ্ঠু ব্যবস্থা নেই। ফলে অসংখ্য মানুষের বাসগৃহ থেকে প্রচুর পরিমাণ গৃহস্থালি বর্জ্য প্রতিদিন যত্রতত্র নিক্ষিপ্ত হচ্ছে। কঠিন বর্জ্য অপসারণের ব্যবস্থাও অত্যন্ত নাজুক এবং সেকেলে। বর্জ্য পদার্থকে রাস্তার পাশে এখানে-সেখানে স্তূপ করে রাখা হয় এবং তা পঁচে-গলে বাতাসকে মারাত্মক দূষিত করে।

মহাসড়কের চৌদ্দগ্রাম অংশ সরেজমিন ঘুরে দেখা গেছে, চৌদ্দগ্রামের বালুজুড়ি ও মিয়াবাজারে মহাসড়কের ভিাইডার ও দুই পাশে কাঁচাবাজারের ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার কারণে স্তূপ তৈরি হয়েছে। এসব স্তূপে প্রতিনিয়ত মহাসড়কের দুই পাশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অধিকাংশ হোটেল রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য, পঁচা শাক-সবজি, হাঁস-মুরগির বিষ্ঠাসহ নানা ধরনের বর্জ্য ফেলা হচ্ছে। আবার কোথাও রাস্তার পিচের ওপর আবর্জনা ফেলা হচ্ছে।

এসব ময়লার ভাগাড়ে পশু-পাখি ও কুকুর-বিড়াল খাবারের উচ্ছিষ্ট ভক্ষণ করার সময় এলোমেলো করে মহাসড়কে ছড়িয়ে ফেলছে। সড়কের ওপরের এসব ময়লা-আবর্জনা যানবাহনের চাকায় পিষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এসব ময়লা ধুলায় পরিণত হয়ে বাতাসে উড়ছে। বিশেষ করে বাতাসে ময়লা-আবর্জনা ও বিষাক্ত ধুলা উড়ে আশপাশের বাড়িঘরসহ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছে। দুর্গন্ধে মহাসড়কে চলাচলকারী হাজার হাজার যানবাহনের চালক, যাত্রী ও পথচারীরা সমস্যায় পড়ছেন। সড়কের পাশের এলাকার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। মহাসড়কের এসব স্থান দিয়ে চলার সময় নাকে রুমাল চেপে চলতে হয়। এক কথায়-মানুষের পরিবেশ ও স্বাস্থ্য অধিকার ঝুঁকির মুখে পড়ছে।

সার্বিক পরিস্থিতিতে বিশ্বের উন্নত দেশগুলোর মত বাংলাদেশেরও বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা উচিত। বর্জ্য বা অপদ্রব্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বর্জ্য সংরক্ষণ, নিরপেক্ষায়ন, নিষ্ক্রিয়করণ অথবা প্রক্রিয়াজাতকরণ করে ব্যবহারের উপযোগী বিভিন্ন নতুন জিনিস বানানো উচিত। এতে যেমন পরিবেশ লাভবান হবে, তেমনি অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশের মানুষ।

চৌদ্দগ্রাম পলিট্যাকনিকেল কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে ময়লার ভাগাড়টি সরানোর জন্য ইতোপূর্বে বেশ কয়েকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু সরাবে বলে আর কার্যকরী ব্যবস্থা নেয়নি কেউ। বর্তমান ইউএনও ময়লার ভাগাড়টি সরানোর ব্যবস্থা করায় সকলের উপকার হবে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহনে দেশের বিভিন্নস্থান ও বিদেশের মানুষও যাতায়াত করে। মহাসড়ক ও পলিট্যাকনিকেল শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ময়লার ভাগাড় হওয়ায় মানুষ দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ময়লার ভাগাড় সরাতে সুশীল সমাজের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সোমবার পৌর এলাকার নাটাপাড়ায় সরকারি জায়গায় নির্দিষ্ট করা হয়েছে। শিগগিরই মহাসড়কের পাশ থেকে ময়লা সরানো হবে।

কুমিল্লায় অবৈধভাবে ভরাটকৃত শতবর্ষী পুরোনো পুকুর পুনরুদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুরে অবৈধভাবে ভরাট করা একটি শতবর্ষী পুরোনো পুকুর পুনরুদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুকুরটি খনন করে এর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে।

সোমবার দুপুরে অবৈধভাবে ভরাটকৃত পুকুর থেকে উত্তোলিত প্রায় একলাখ ২০ হাজার ঘনফুট বালু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়। এ অভিযান পরিচালনা করেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জগন্নাথপুরের শতবর্ষী বালুতোপা পুকুর (স্থানীয় নাম কারকুইন্না পুকুর) অবৈধভাবে ভরাট করা হচ্ছিল—এমন অভিযোগে স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। এরপর জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার উপজেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

২৫ মার্চ সহকারী কমিশনার তানজিনা জাহান সরেজমিনে পরিদর্শন করে পুকুর ভরাট বন্ধের আদেশ দেন। কিন্তু ২৬ মার্চ অভিযুক্তরা পুনরায় পুকুর ভরাট শুরু করলে ২৭ মার্চ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর ইয়াছিন মজুমদার ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। অবশেষে পুকুরটি পুনরুদ্ধার করা সম্ভব হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা জানান, এক একর ৭২ শতাংশ আয়তনের এই পুকুরের মালিক ফেরদৌস আরা বেগম দুই বছর আগে ইয়াছিন মজুমদার ও বনেশ পোদ্দার গংকে আমোক্তানামা দেন। তারা পুকুরের প্রায় অর্ধেক বালু দিয়ে ভরাট করে ফেলেন।

সহকারী কমিশনার তানজিনা জাহান বলেন, “শতবর্ষের ঐতিহ্যবাহী এই পুকুরটি পুনরুদ্ধারের জন্য অবৈধভাবে ভরাটকৃত বালু সরানো হয়েছে। এটি খনন করে আগের রূপে ফিরিয়ে আনা হবে।”

ইসরাইলি বর্বরতার প্রতিবাদে চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল

 

স্টাফ রিপোর্টার:

দখলদার ইসরাইলি বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্থিন ও গাজাবাসীর উপর বর্বর হামলা, নারী, শিশুসহ হত্যাযজ্ঞের প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে বিশাল মিছিলটি চৌদ্দগ্রাম নজুমিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে শেষ হয়।

মিছিল পূর্ব প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম সরকারী কলেজের সাবেক ভি.পি শাহাবুদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন, পৌর জামায়াতের আমীর মাওলানা মো. ইব্রাহিম, উপজেলা জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, কাজী ইয়াছিন, উপজেলা শিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল।

সভায় বক্তারা ইসরাইলি বর্বরতার প্রতিবাদ জানান এবং ইসরাইলকে নিষিদ্ধসহ তাদের বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ^কে সোচ্ছার হওয়ার আহবান জানান।