All posts by jitu

সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

ডেস্ক রিপোর্ট:

বিভিন্ন দুর্নীতির অভিযোগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৬ এপ্রিল) দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সাকিব আল হাসান দুদকের বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে কি না—এ বিষয়ে সাংবাদিকরা দুদক চেয়ারম্যানের কাছে জানতে চান।

জবাবে তিনি বলেন, “আমাদের আশঙ্কা, সাকিব আল হাসান দুদকের আসামি হতে পারেন।”

কেন এমন আশঙ্কা করা হচ্ছে—এ প্রশ্নের উত্তরে দুদক চেয়ারম্যান বলেন, “এটি এখনো অনুসন্ধান পর্যায়ে আছে। অনুসন্ধান শেষেই সবকিছু স্পষ্ট হবে।”

উল্লেখ্য, ২০১৮ সালে দুদক সাকিব আল হাসানকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয়। এছাড়াও, হটলাইন-১০৬ এর উদ্বোধনী কার্যক্রমেও তার সঙ্গে কাজ করে সংস্থাটি। তবে, বিভিন্ন অনিয়মের অভিযোগের পর ২০২২ সালে দুদক তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে অব্যাহতি দেয়।

এপ্রিলে বাড়েনি এলপি গ্যাসের দাম

এপ্রিলে বাড়েনি এলপি গ্যাসের দাম

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রেখেছে। রবিবার (৬ এপ্রিল) এক ঘোষণায় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১,৪৫০ টাকায় স্থির রাখা হয়েছে। নতুন দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক বাজার ও অন্যান্য বিষয় বিবেচনা করে এপ্রিল মাসে এলপিজির মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। গত মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমানো হয়েছিল, যা ১,৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগে ফেব্রুয়ারি মাসে দাম ১৯ টাকা বাড়িয়ে ১,৪৭৮ টাকা করা হয়েছিল।

জানুয়ারি মাসের শুরুতে এলপিজির দাম অপরিবর্তিত থাকলেও মাসের মাঝামাঝি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১,৪৫৯ টাকা করা হয়েছিল।

এদিকে, এপ্রিল মাসে অটোগ্যাসের দাম সামান্য কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের মূল্য বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিল মাসে প্রোপেনের দাম প্রতি মেট্রিক টন ৬১৫ মার্কিন ডলার এবং বিউটেনের দাম ৬০৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এ দুটির গড় মূল্য ৬০৮.৫০ ডলার ধরে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।

 

মনোহরগঞ্জে “বরল্লা উচ্চ বিদ্যালয়ের” রজত জয়ন্তী উদযাপন

 

মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ:

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উদযাপন করেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নস্থ বরল্লা উচ্চ বিদ্যালয়।

শনিবার (৫ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গনে এ উৎসবের আয়োজন করা হয়।

রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী।

তিনি বলেন, পাঠ্যপুস্তক থেকে জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষা প্রদান করা জরুরি। শিক্ষার্থীরা যেন যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারে তার জন্য শারীরিক ও মানসিক শক্তি অর্জন করা ও দরকার।

এ সময়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং সাবেক সকল কৃতি শিক্ষার্থীদের প্রতি ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও রজতজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার এ কে এম সালেহ আহমেদের সভাপতিত্বে ও রজতজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব, বিশিষ্ট সমাজসেবক মো. দিদারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম মিন্টু।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের জনপ্রসাশন মন্ত্রালয়ের সাবেক (অবঃ) সচিব ড. এ কে এম জাহাঙ্গীর, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সম্পাদক এ টি এম সিরাজুল হক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারী, প্রফেসর ডা. এম মোশারফ হুসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ সুলতান খোকন, যুগ্ম আহবায়ক মাসুদুল আলম বাচ্চু, কুমিল্লা জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাওলানা নুরুল হক, ঢাকা সুপ্রীম কোর্টের আইনজীবী এড. নুরুল ইসলাম, লাকসাম জেনারেল হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন, উপজেলা বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া, লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ছানা উল্লাহ বশারী, উপজেলা বিএনপি নেতা আবদুল কুদ্দুস হিলালী, বরল্লা উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী ডা. মো. মমিনুল হক, মো.আনিসুর রহমান, হাবীবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিম উদ্দিন, সাবেক শিক্ষার্থী ওমর ফারুক ও মাস্টার মহিন উদ্দিন।

অনুষ্ঠান কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, বর্ণাঢ্য আনন্দ র‍্যালী, বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা পুরুস্কার প্রদান, ব্যাচ ভিত্তিক ফটোসেশন, দুপুরের খাওয়া, ব্যাচ ভিত্তিক শিক্ষার্থীদের ও সাবেক শিক্ষকদের সৃতিচারণ, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, শিক্ষার্থী ও দেশের খ্যাতিমান শিল্পীদের যৌথ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের ২৫ বছরের যাত্রায় সহকর্মীদের নিরলস অবদানের প্রসঙ্গ উল্লেখ করেন প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। তিনি বলেন, ‘এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। সেভাবেই তাদের গড়ে তোলা হচ্ছে।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে দেখতে হাসপাতালে নাজিমুদ্দিন মোল্লা

বিশেষ প্রতিনিধি:

কুমিল্লা -২ (হোমনা -মেঘনা) সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ঢাকা মহানগর( উত্তর) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় সূরা সদস্য নাজিমুদ্দিন মোল্লা একই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,বিএনপির সাংগঠনিক সম্পাদক( কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুইয়াকে দেখতে হাসপাতালে যান।

শনিবার রাতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে স্ব-শরীরে হাজির হয়ে অধ্যক্ষ সেলিম ভুইয়ার শারিরীক খোঁজ খবর নেন এ নেতা। এ নিয়ে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহলে ইতিবাচক মনোভাব দেখা গেছে।

স্থানীয়রা মনে করেন, সারাদেশে যখন রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা গেছে ঠিক সেই মুহূর্তে দুই নেতার সৌহার্দ্য পূর্ণ সাক্ষাৎ সম্প্রীতির বার্তা ও প্রতিহিংসা নয় প্রতিযোগিতা থাকবে এই বার্তা বহন করে।

উল্লেখ্য, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া শনিবার সকালে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। এই খবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দোয়া চেয়ে নেতাকর্মীরা পোস্ট করেন।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বোন নারী নেতৃ ফাতেমা আক্তার খানম শারিরীক  অবস্থা সম্পর্কে দৈনিক আজকের কুমিল্লাকে বলেন আগের চেয়ে অনেকটা ভালো, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছেনা, এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

ইউপি চেয়ারম্যান কর্তৃক ওয়ারিশ সনদ প্রতারণার শিকার হয়ে যুবকের জীবন অন্ধকারে

 

বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দড়িকান্দি এলাকার মরহুম মোজাম্মেল হক শিকদার, বিয়ের পর সন্তান না হওয়ায় অনুমান দেড় থেকে দুই বছর বয়সী শিশুকে দত্তক এনে লালন পালন করেন। তার নাম হালিম শিকদার। হালিম স্যার নামে এলাকায় পরিচিত। লেখা পড়া শেষে সাবালক করে বিয়ে করান।

মোজাম্মেল হক শিকদারের সন্তান হিসেবেই বড় হয়। জন্ম নিবন্ধন, একাডেমিক সনদ, ভোটার আইডিসহ সবকিছুতেই পিতার নাম মোজাম্মেল হক শিকদার। একমাত্র সন্তান হিসেবে যথেষ্ট আদর যত্নে বড় করেন। ভাগ্যের নির্মম পরিহাস একটা পর্যায়ে স্বজন ক্যুর শিকার হয় সে। একটা সময় মোজাম্মেল হক শিকদার মারা যান। নেমে আসে জীবনে অমানিশার অন্ধকার। সম্পত্তি নিয়ে শুরু হয় মৌণ বিরোধ। বাপের জমিজমা নিজ নামে আনতে হবে। এই চিন্তায় আধাপাগলের মত জীবন যাপন করে। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান, গোবিন্দ পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, মাঈনুদ্দিন মুন্সি তপন ওয়ারিশ সনদ প্রদান করে। সে সনদ দেখিয়ে জমি খারিজ করেন। এর মধ্যে অনেক টাকা খরচ করে দেনাদার হয়ে গেছে। শুরু হয় পরিবারে অশান্তি। জমি বিক্রি করতে গেলে চাচাত বোনেরা সেই চেয়ারম্যানের কাছ থেকেই প্রত্যয়ন পত্র নিয়ে ভুমি অফিসে খারিজের বিরুদ্ধে মামলা করেন। পরিশেষে খারিজ বাদ হয়ে যায়।

পেশায় ছিলেন শিক্ষক, বর্তমানে দিনমজুরি করে সংসার চালান হালিম। একদিকে জমি বিক্রি করেও রেজিষ্ট্রেশন করতে না পারায় দেনা পরিশোধ করতে পারছেনা অন্যদিকে জমি রক্ষায় আদালতে মামলা করেন। এখন সবাই কোর্টে দৌড়ায়। এলাকাবাসী বলেন, চেয়ারম্যান জনসাধারণের খেদমত করবেন, সেবা দিবেন এটাই অঙ্গিকার। তা না করে পালিত সন্তান যেনেও মোটা অংকের টাকার বিনিময়ে ওয়ারিশ সনদ প্রদান করেন। যার সূত্র ধরেই খারিজ সহ জমি বিক্রি পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে আবার প্রত্যয়ন পত্র দিয়ে বাতিল করে দেয় খারিজ।ভোগ দখলে থাকলেও ওয়ারিশ সনদে প্রতারিত হয়ে মামলা পর্যন্ত গড়ায়। তাও আবার চাচাতো বোনদের সাথে।

নিয়ম বহির্ভূতভাবে কোন আইনে জেনেশুনে ওয়ারিশ সনদ প্রদান করে আবার একই চেয়ারম্যান প্রত্যয়ন প্রদান করে এ নিয়ে সচেতন মহল যথাযথ কর্তৃপক্ষের নিকট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

হালিম শিকদার জানান,  আমার জীবনে এমন পরিস্থিতিতে পরতে হবে কখনো ভাবিনি, পৃথিবীতে জন্ম নেওয়া টাই কি আমার অভিশাপ? কান্নাজড়িত কন্ঠে বলেন আমি আমার পিতৃ পরিচয় চাই। মরহুম মোজাম্মেল হক শিকদারই আমার বাবা এটাই সত্য। গত কয়েক মাস পূর্বে এ বিষয়ে গোবিন্দ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সি তপন বলেন সার্টিফিকেট দেখে ওয়ারিশ সনদ দেওয়া হয়েছে তবে পরবর্তীতে যখন জানতে পারি সে পালিত সন্তান তার চাচাতো বোনদের প্রত্যয়ন পত্র প্রদান করি। সচেতন মহল যথাযথ কর্তৃপক্ষের নিকট বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেছেন। এমনটা করতে পারেন কিনা ইউপি চেয়ারম্যান?

 

আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও প্রীতি ক্রিকেট ম্যাচ

স্টাফ রিপোর্টার:

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে।

রবিবার ( ৬ এপ্রিল) সকালে কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই দিবসের উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, সাবেক কোষাধ্যক্ষ শেখ সোহরাব উদ্দিন রাজিব, আল-আমিন সরকার, কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা ন্যান্সি মোকলেসুর রহমান আবু, কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস প্রমূখ।

উদ্বোধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে এ দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের বাড়িতে দুর্বৃত্তের হামলা, ভাংচুর

 

স্টাফ রিপোর্টার:

পলাতক সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের বাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এবং যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্যটি নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হিলাল উদ্দিন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে একদল দুর্বৃত্ত মজিবুল হকের বাড়িতে প্রবেশ করে। এসময় বিলাসবহুল বাড়িটির কাঁচের জানালা, চেয়ার টেবিল, লেপ তোশক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এবং বাইরে পড়ে থাকা একটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ করে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হিলাল উদ্দিন জানান, সাবেক এমপির বাড়িতে হামলা ও ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি কে বা কারা এই ঘটনার সাথে জড়িত।

নাম প্রকাশে অনিচ্ছুক মজিবুল হকের পাশের বাড়ির এক যুবক জানান, শনিবার আছরের নামাজের পর একদল যুবক মজিবুক হকের বাড়িতে প্রবেশ করে। এরপরই তাঁরা ভবনের নিচতলার চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। পুনরায় তারা চিৎকার করতে করতে বের হয়ে যায়।

মনোহরগঞ্জের ঝলম উওর ইউনিয়নে দলীয় কার্যালয় উদ্বোধন

 

মোঃ আবুল খায়ের মনোহরগঞ্জ:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম উওর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় কার্যালয় ঝলম উওর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মোঃ শাহ আলম মেম্বারের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব মোঃ আমান উল্লাহ চৌধুরী, ঝলম উওর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম, দক্ষিণ ঝলম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল খায়ের, ঝলম উওর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মানিক,সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক মোঃ কামরুল হাসান, ঝলম দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, ঝলম উওর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জলিল মৃধা, যুবদল নেতা সাইফুল ইসলাম সোহাগ,স্বেচ্ছাসেবক দলনেতা সাফায়েত হোসেন, উপজেহলা ছাএদলের যুগ্নআহবায়ক ইঞ্জিনিয়র মোরশেদ আলম, সৌরভ মৃধা,এ সময় উপস্থিত ছিলেন ঝলম উওর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাএদলের নেতৃবৃন্দ।

উৎসবমুখর পরিবেশে কুমিল্লা আড়াইওরা কালী বাড়ি ও মহাশ্মশানে অষ্টমী স্নানোৎসবে লক্ষাধিক ভক্ত পূণ্যার্থীর ঢল

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর উপজেলাধীন দূর্গাপুর ইউনিয়নের আড়াইওরা সার্বজনীন কালী বাড়ি ও মহাশ্মশানে শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে শুক্র ও শনিবার (৪ ও ৫ এপ্রিল) দুই দিনব্যাপী শ্মশান ঘাট সংলগ্ন গোমতী নদীতে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নজরদারিতে উৎসব মুখর পরিবেশে অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়।

জানা যায়- পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় গত শুক্রবার (৪ এপ্রিল) বিকেল হতে জেলার বিভিন্ন উপজেলাসহ পাশ্ববর্তী রাষ্ট্র ত্রিপুরা থেকে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ স্নানোৎসবে যোগ দিতে জড়ো হন শ্মশান ঘাটে। স্নানোৎসবে যোগ দেওয়া পুণ্যার্থীদের পদচারণার সাথে ঢাক, ঢোল আর কাঁসার বাড়িতে মুখরিত হয়ে ওঠে আড়াইওরা কালী বাড়ি ও শ্মশান ঘাট।

আরও জানা যায়- পাপ থেকে মুক্তি, পুণ্য লাভ ও মঙ্গল প্রার্থনা কামনায় মন্দিরে পূজা-অর্চনা শেষে গোমতী নদীতে স্নান করে “হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, আমার পাপ হরণ করো”- এই মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান-দুর্বা, হরিতকী, আমপাতা, কাঁচা আম, ডাব ও কলা ইত্যাদি পিতৃকুলের উদ্দেশ্য তর্পণ করেন। যেসব ভক্তরা পূর্ণতীর্থভূমি লাঙ্গলবন্দ যেতে পারেননি সেসব ভক্তরা গোমতী নদীতে স্নান করে পাপ মোচনের জন্য সমাগম হয়। ব্যাপক উচ্ছ্বাস প্রত্যক্ষ করা যায় ভক্তদের মধ্যে। কেউ কেউ মন্দির প্রাঙ্গণে মোমবাতি, ধূপ কঠি জ্বালিয়ে ও প্রদীপ প্রজ্জ্বলন করে মনস্কামনা পূরণ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। দূর দুরান্ত হতে এসেছে বহু সাধু-সন্ন্যাসীরা।

নবযুগ ডাইরেক্টর পঞ্জিকা অনুসারে গত শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত-রাত ০২টা ৭ মিনিট ৪৫ সেকেন্ড গতে অষ্টমীর স্নানোৎসবের লগ্ন আরম্ভ আর লগ্ন শেষ শনিবার (৫ এপ্রিল) দিবাগত-রাত ১২টা ৫১ মিনিট ৫০ সেকেন্ডে বিহীত পূজার মাধ্যমে। লগ্ন শুরুর পরই শ্মশান ঘাটে পুণ্যার্থীর ঢল নামে। ওই অষ্টমী স্নানে ভক্ত ও পুণ্যার্থীর উপস্থিতি রূপ নেয় জনসমুদ্রে।

স্নানোৎসবকে ঘিরে মন্দিরের দুপাশে মেলা বসেছে। মেলায় কারুপণ্য, মৃৎশিল্প ও বাহারি খাবারের দোকানসহ বিভিন্ন জিনিসের পসরা বসে। মেলায় সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

কুমিল্লা আড়াইওরা সার্বজনীন কালী বাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক অসিত কুমার পাল বলেন- গত শুক্রবার বিকেল থেকেই সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ স্নানোৎসবে যোগ দিতে জড়ো হন স্নান ঘাটে।

ওই অনুষ্ঠানে প্রায় লক্ষাধিক সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও সাধু সন্ন্যাসীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আড়াইওরা কালী বাড়ি ও শ্মশান ঘাট।

চান্দিনা ডুমুরিয়া থেকে আসা প্রদীপ কুমার মজুমদার বলেন- ‘স্নান উৎসবে যোগ দেয়ার ইচ্ছে বহুদিনের। কিন্তু সুযোগ হয়ে ওঠে না। এবার সুযোগ পেলাম তাই পরিবার-পরিজন নিয়ে স্নান করতে এসেছি। এখানে স্নানের মাধ্যমে আমাদের ধর্মীয় আচার পালন করব। এর মাধ্যমে সৃষ্টিকর্তা আমাদের পাপ মোচন করে দেবেন বলে আমরা আশা করি।’

গৌরীপুর-হোমনা সড়কের শুকনো গাছ এখন মরণ ফাঁদে পরিণত

জাকির হোসেন হাজারী,দাউদকান্দি:

গৌরীপুর-হোমনা সড়কের কয়েকটি স্থানের শুকনো গাছ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে গাছগুলো পথচারীদের যাতায়াতের সময় ছায়া প্রদান করত তার নিচ দিয়ে এখন যানবাহন ও পথচারীরা আতঙ্কের মধ্য দিয়ে চলাচল করছে। কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির কারণে প্রতিনিয়ত ঘটেছে ছোটবড় দুর্ঘটনা।

জানা যায়, উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে গৌরীপুর বাজার এবং তিতাস হয়ে হোমনা উপজেলা পর্যন্ত ১৮ কিলোমিটার রাস্তার দুপাশে কড়ইসহ বিভিন্ন গাছ রোপণ করে একটি সংস্থা। সেই গাছগুলো ধীর ধীরে বড় হয়। কিন্তু কয়েকবছর আগে গৌরীপুর মোড় থেকে বাজার পর্যন্ত সড়কটি প্রসস্ত করা হয়। এতে বেশকিছু গাছের মূলসহশিকড় পাকা ঢালাইয়ে পড়ে। এতে অধিকাংশ গাছের মূল শিকড় নষ্ট হয়ে প্রায় গাছই মরে গেছে। যখন-তখন মরা গাছগুলোর ডালা পথচারীদের মাথার ওপর উপড়ে পড়তে পারে। তাই পথচারীদের জীবন-প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হচ্ছ।

আক্ষেপ করে ফরিদুল ইসলাম নামের স্থানীয় স্কুল শিক্ষক এবং নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম এই সড়কে প্রতিদিন দাউদকান্দি, তিতাস, মেঘনা, হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলা থেকে হাজার হাজার কর্মজীবী নারী-পুরুষ রাজধানী এবং জেলা শহর কুমিল্লায় যাতায়াত করেন। এমনকি এ সড়ক দিয়ে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা যাতায়াত করে। তাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অতি দ্রুত রাস্তার দু’পাশের নষ্ট গাছগুলো অপসারণ করার দাবি জানাচ্ছি। তা না হলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয় অটোরিকশা চালক নুর আলম, সাইফুল ও রকিব উদ্দিনসহ কয়েকজন জানান, প্রতিদিন গৌরীপুর মোড় থেকে বাজারে যাত্রী নিয়ে আসা যাওয়া করি। মাঝে মাঝে গাছের বড় বড় শুকনা ডাল ভেঙে পড়ে। যেকোনো সময় মাথার ওপর গাছ ভেঙে পড়তে পারে। যত তাড়াতাড়ি সম্ভব এ গাছগুলো রাস্তার পাশ থেকে সরিয়ে ফেলার দাবি জানান তাঁরা।

সমাজকর্মী ডাঃ মোজাম্মেল হোসেন বলেন, গৌরীপুর বাসস্ট্যান্ড হতে বাজার পর্যন্ত এক কিলোমিটার অংশে ১০/১২টি মরা শুকনো গাছ রয়েছে। কয়েক দিন আগে আঙ্গাউড়া মসজিদের সামনে একটি যাত্রীবাহী অটোরিকশার ওপর শুকনো গাছের ডালা ভেঙে পড়ে। তবে এ দুর্ঘটনায় কেউ আহত না হলেও সামনে ঝড় বৃষ্টির দিনে বড় দুর্ঘটনার সম্ভাবনা রযেছে। যত দ্রুত সম্ভব মরা গাছগুলো অপসারণ করতে সংশিষ্ট কতৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, গাছগুলো যেহেতু সড়ক ও জনপথের জায়গায় পড়েছে, আর গাছ কাটার বিষয়েও নিয়িমনীতি মানতে হয়, তাই বন বিভাগ এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা বলে জনসাধারণের জন্য যেটা সুবিধা হয় আমরা সে ব্যবস্থাই নিব।