All posts by jitu

‘স্বাক্ষী’ বানাবেন বলে দুই মিস্ত্রীকে তুলে নিয়ে মাদক মামলায় গ্রেফতার দেখানোর অভিযোগ র‍্যাবের বিরুদ্ধে

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের গোমারবাড়ি থেকে প্রায় তিনশত কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার দেখিয়েছে র‌্যাব। এরমধ্যে ‘স্বাক্ষী’ বানাবে বলে গাড়িতে উঠিয়ে দুই মিস্ত্রীকেও আসামী করা হয়েছে।

শনিবার বিকেলে মুজিবুল হক ও সিয়াম নামে দুই মিস্ত্রীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। মানববন্ধনে গ্রামের সর্বস্তরের মানুষ অংশগ্রহন করে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার এ.আর.এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় ‘নিউ দাউদকান্দি এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসে যাত্রী বেশে গাঁজা বহনকালে সিনথিয়া ইসলাম ও রাবিয়া বেগম নামের দুই নারীকে আটক করে।

পরে তাদের নিকট সুকৌশলে রক্ষিত লাগেজের ভিতর স্কসটেপে মোড়ানো অবস্থায় ১৩ কেজি গাঁজা, ১ বোতল বিদেশি মদ ও ৬ বোতল বিয়ার উদ্ধার করে। তাদের তথ্যের ভিত্তিতে র‌্যাবের অভিযানিক টিম চৌদ্দগ্রাম পৌরসভার ভারত সীমান্তবর্তী গোমারবাড়ি পূর্বপাড়া এলাকায় প্রবেশ করে মুজিবুল হক ও সিয়ামকে আটক করে এবং তাদের গোয়াল ঘর থেকে ২৭৬ কেজি গাঁজা উদ্ধার করে।

সরেজমিন পরিদর্শনকালে আটককৃত দুই মিস্ত্রীর প্রতিবেশী ও মানববন্ধনে গ্রামবাসী বলেন, র‌্যাব পূর্বপাড়ায় প্রবেশের সময় ‘দেইড় পুকুর’ পাড়ে বসে মোবাইলে লুডু খেলারত অবস্থায় এসএস পাইপ মিস্ত্রী মুজিবুল হক ও রাজমিস্ত্রী মোঃ সিয়ামকে মাদক ব্যবসায়ী মোঃ নাছিরের গোয়ালঘর ও রবিউলের বসতঘর-গোসলখানা দেখানোর কথা বলে সাথে নিয়ে যায়।

পরবর্তীতে অসংখ্য মানুষের উপস্থিতিতে মাদক ব্যবসায়ী নাছিরের গোয়ালঘর ও রবিউলের বসতঘর-গোসলখানা থেকে গাঁজা উদ্ধার করে র‌্যাব। অভিযান শেষে মিস্ত্রী মুজিবুল হক ও সিয়ামকে স্বাক্ষী বানাবে বলে র‌্যাব তাদের গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পরদিন শুক্রবার বিকেলে মুজিবুল হক ও সিয়ামকে আসামী করে র‌্যাব চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা করে।

কিন্তু র‌্যাবের মামলা ও মিডিয়ায় পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে মুজিবুল হক ও সিয়ামের গোয়ালঘর থেকে মাদক উদ্ধারের ঘটনা উল্লেখ করলেও তাদের দুইজনের পরিবারের ‘গোয়ালঘর’ নেই। দুই পরিবার গরু পালন করে না।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ নয়ন, মোঃ ইউসুফ, জসিম উদ্দিন, বেলাল হোসেন, মারুফ হোসেন ও মোঃ দিপু। উপস্থিত ছিলেন গ্রামের বিভিন্ন শ্রেণী ও পেশার দেড় শতাধিক মানুষ।

বক্তারা বলেন, প্রশাসনসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি, আপনারা সরেজমিন পরিদর্শন করে দেখুন মুজিবুল হক ও সিয়ামের পরিবার গরু পালন করে কিনা, গোয়ালঘর আছে কিনা? তারা মূলত, খেটে খাওয়া সাধারন মানুষ ও অসহায় পরিবারের সদস্য। হয়রানীর উদ্দেশ্যে র‌্যাব প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করে নিরপরাধ দুই মিস্ত্রীকে মাদক মামলায় ফাঁসিয়েছে। আমরা এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও নিরপরাধ দুই মিস্ত্রীর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক নূর নবী শনিবার বিকেলে বলেন, ‘র‌্যাবের অভিযানে ২৭৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটকের ঘটনায় মাদক মামলা হয়েছে। তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে’।

কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো প্রশাসন

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজার যাওয়ার পথে কুমিল্লার একটি রেস্টুরেন্টে নাস্তা করতে গিয়ে ভুলবশত নিজেদের শিশুকন্যাকে রেখে চলে যায় পাকিস্তান থেকে বাংলাদেশে বেড়াতে আসা একটি পরিবার। পরে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ, পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার (২৭ জুন) বিকেল পৌনে ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় পাকিস্তানি শিশুকন্যা নাফিসাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রশাসন জানিয়েছে, শিশুটির নাম নাফিসা। পাকিস্তানের কাশ্মীর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে বাংলাদেশ ভ্রমণে এসে তারা সড়কপথে কক্সবাজার যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পরিবারের প্রায় ১৫ সদস্য দুটি গাড়িতে করে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডের মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্টুরেন্টে নাস্তা করতে যান। নাস্তা শেষে তাড়াহুড়ার মধ্যে সবাই গাড়িতে উঠলেও ভুলবশত শিশু নাফিসা রেস্টুরেন্টেই থেকে যায়।

জাইতুন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানায়, পরিবারের সদস্যরা চলে যাওয়ার পর রেস্টুরেন্টে শিশুটিকে দেখতে পেয়ে তারা তাকে নিজেদের হেফাজতে নেন এবং বিষয়টি সদর দক্ষিণ থানাকে অবহিত করেন। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে প্রশাসনের সহযোগিতায় পরিবারের কাছে পৌঁছে দেয়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফিরে আসেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইউএনও সুজন চন্দ্র রায় জানায়, শুরুতে ধারণা করা হয়েছিল পরিবারটি কাশ্মীরের বাসিন্দা। পরে তারা শিশুটিকে নিতে এলে জানা যায়, তারা পাকিস্তানের নাগরিক এবং সপরিবারে বাংলাদেশ ভ্রমণে এসেছেন।

তিনি বলেন, পরিবারের একটি গাড়িতে ছিলেন শিশুটির বাবা-মা এবং অন্য গাড়িতে ছিলেন দাদা-দাদি। বাবা-মা ভেবেছিলেন নাফিসা দাদা-দাদির সঙ্গে রয়েছে, আর দাদা-দাদি মনে করেছিলেন সে বাবা-মায়ের গাড়িতে উঠেছে। এই ভুল বোঝাবুঝির কারণেই শিশুটি রেস্টুরেন্টে থেকে যায়।

ইউএনও আরও জানায়, চট্টগ্রামের কর্ণফুলী টানেল এলাকায় পৌঁছে শিশুটিকে না দেখে পরিবারটি বিষয়টি বুঝতে পারে এবং দ্রুত কুমিল্লার দিকে ফিরে আসে। এর মধ্যে উপজেলা সমাজসেবা অফিস তাদের সঙ্গে যোগাযোগ করে শিশুটির নিরাপদ অবস্থানের বিষয়টি নিশ্চিত করে। পরে পরিবারটি জাইতুন রেস্টুরেন্টে এসে নাফিসাকে নিয়ে পুনরায় কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে।

সমীকরণ মিললে ফাইনালের আগেই ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখির সম্ভাবনা

সমীকরণ মিললে ফাইনালের আগেই ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখির সম্ভাবনা

 

ডেস্ক রিপোর্টঃ

২০২৫ সালের ৫ ডিসেম্বর ফুটবল বিশ্বকাপের সূচি প্রকাশের পর থেকেই টুর্নামেন্টকে ঘিরে আলোচনা তুঙ্গে ওঠে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সবচেয়ে বেশি আগ্রহ বরাবরই ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে। বিশ্বকাপের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সম্ভাব্য মুখোমুখি লড়াই মানেই সমর্থকদের উন্মাদনা, কথার লড়াই আর উৎসবের আবহ। এবারের আসরেও সেই রোমাঞ্চকর দ্বৈরথের সম্ভাবনা দেখা দিয়েছে।

ফিফা গত বছরের ডিসেম্বরে বিশ্বকাপের সূচি প্রকাশ করার পর থেকেই ধারণা করা হচ্ছিল, নকআউট পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে। নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করে পরের পর্বে ওঠার ফলে সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। শেষ বত্রিশ থেকে ধারাবাহিকভাবে জয় পেলে বিশ্বকাপের দ্বিতীয় অর্ধসমাপনীতে মুখোমুখি হতে পারে লাতিন আমেরিকার দুই পরাশক্তি। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে সম্ভাব্য এই মহারণ।

মায়ামিতে গতকাল স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষও নির্ধারিত হয়েছে। আগামী ২৯ জুন হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় জাপানের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচ খেলবে সেলেসাওরা।

অন্যদিকে, আর্জেন্টিনার গ্রুপ পর্বের একটি ম্যাচ এখনও বাকি রয়েছে। পরশু ডালাসে বাংলাদেশ সময় সকাল ৮টায় জর্ডানের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয় পাওয়ায় ‘জে’ গ্রুপের শীর্ষস্থান ইতোমধ্যেই নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

শেষ বত্রিশে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় স্থান অর্জনকারী দল। স্পেন-উরুগুয়ে এবং কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচের ফলাফলের দিকে তাই বিশেষ নজর থাকবে আর্জেন্টিনা সমর্থকদের। এই পর্ব পেরোতে পারলে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া কিংবা বেলজিয়াম। আর শেষ আটে উঠলে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করতে পারে পর্তুগাল। ফলে বিশ্বকাপের শেষ আসরে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর আরেকটি স্মরণীয় লড়াইও দেখা যেতে পারে।

অন্যদিকে, ব্রাজিলের পথও মোটেই সহজ নয়। প্রথমে জাপানের বাধা পেরোতে হবে। এরপর শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নরওয়ে, ফ্রান্স কিংবা অন্য কোনো শক্তিশালী দল। কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে অপেক্ষা করতে পারে ইংল্যান্ড। তবে দুই দলই যদি নিজেদের প্রথম তিনটি নকআউট ম্যাচে জয় তুলে নিতে পারে, তাহলে অর্ধসমাপনীতে দেখা মিলতে পারে বহু প্রতীক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের।

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ব্রাজিল। তারা জিতেছে দুটি ম্যাচ, আর্জেন্টিনা জিতেছে একটি এবং একটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। সবশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে দুই দলের লড়াইয়ে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

কুমিল্লায় ফোন করে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লালমাই উপজেলায় ফোন করে ডেকে নেওয়ার পর বাহার নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাহার (৩০) ওই এলাকার রশিদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে প্রতিবেশী রাসেলের স্ত্রী ঝুমু মোবাইল ফোনে বাহারকে ডেকে নেন। পরে তিনি নির্ধারিত স্থানে গেলে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিছুক্ষণ পর ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে বাহারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে লালমাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন দিক বিবেচনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত সংগ্রহ এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে হত্যার নেপথ্যের কারণ উদঘাটনের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেনীতে যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ফেনীর ছাগলনাইয়ায় জোবায়ের হোসেন পারভেজ (৩৫) নামে এক যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২৭ জুন) সকালে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহাম্মদ মাস্টারবাড়ি সামনে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জোবায়ের হোসেন পারভেজ ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়।

নিহতের বাবা আবু তাহের জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সর্বশেষ তিনি ছেলে জোবায়ের হোসেন পারভেজকে দেখেন। পরদিন শনিবার সকালে নিজ বাড়ির সামনে তার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহতের ছোট ভাই সাব্বির হোসেন অভিযোগ করেন, একই গ্রামের সাদেক মিয়ার ছেলে শাহাদাত হোসেন ও মামুনুর রশিদ মামুনের সঙ্গে দোকান সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি পারভেজের ঝগড়া ও হাতাহাতি হয়েছিল। সেই বিরোধ মিটমাট হয়ে গেলেও এর জেরেই তাকে হত্যা করা হয়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং নিহতের স্বজনদের অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন কুমিল্লা-৭ আসনের পলাতক সাবেক এমপি

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে পাঠদান করছেন বলে জানা গেছে। কলেজটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।

শনিবার (২৭ জুন) সকালে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক স্টাফ নার্স বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডা. প্রাণ গোপাল দত্ত ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। তবে কতদিন ধরে তিনি সেখানে পাঠদান করছেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানাতে পারেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত। তার পেছনের ডিজিটাল বোর্ডে চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদর্শিত হচ্ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি নাক-কান-গলা (ইএনটি) সম্পর্কিত একটি বিষয়ে ক্লাস নিচ্ছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যের মতো ডা. প্রাণ গোপাল দত্তও আত্মগোপনে যান। দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে বলে জানা যায়। দীর্ঘদিন তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য না মিললেও, সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত নাক-কান-গলা রোগের বিশেষজ্ঞ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়)-এর সাবেক উপাচার্য। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য ২০১২ সালে স্বাধীনতা পদক পান। পরে তিনি রাজনীতিতে যুক্ত হয়ে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ, গ্রেফতার ১

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত ওষুধ, ওষুধ তৈরির কেমিক্যাল ও উৎপাদন মেশিন জব্দ করা হয়েছে। এ সময় নকল ওষুধ উৎপাদন ও সরবরাহ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পদুয়ার বাজার বিশ্বরোডসংলগ্ন শ্রীবল্লভপুর এলাকায় একটি পিকআপ ভ্যানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পিকআপ থেকে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি অননুমোদিত নকল ক্যাপসুল, ট্যাবলেট ও সিরাপসহ মোট ১৮ হাজার ৬৬০ পিস ওষুধ জব্দ করা হয়। এছাড়া প্রায় ১০০ কেজি ওষুধ তৈরির কেমিক্যাল পাউডার, ৭ লিটার তরল কেমিক্যাল, প্রায় ২০ হাজার ওষুধের লেবেল, ১৫ কেজি ফয়েল পেপার এবং নকল ওষুধ উৎপাদনে ব্যবহৃত তিনটি মেশিন উদ্ধার করা হয়।

এ সময় নকল ওষুধ উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সদর দক্ষিণ উপজেলার শ্রীনিবাস এলাকার বাসিন্দা জুনায়েদ ইসলামকে গ্রেফতার করা হয়।

অভিযান শেষে জব্দকৃত মালামাল সদর দক্ষিণ মডেল থানায় নিয়ে যাওয়া হয়। পরে সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনারের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক ফখরুল ইসলামের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক ফখরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হবে।

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলা জেলার ওসমাননগর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সিয়াম (৩০) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজনগর গ্রামের মনজুরুল ইসলামের ছেলে খলিলুর রহমান মেম্বার (৬৫)।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত খলিলুর রহমানের ভাতিজ ও ট্রাকে থাকা লিটন সরকার জানায়, শুক্রবার সন্ধ্যায় খলিলুর রহমান, ফুল মিয়া ও মুসলিম উদ্দিন মুরাদনগরের রামচন্দ্রপুর এলাকা থেকে ধনিয়া ও সরিষাবোঝাই একটি ট্রাকে চট্টগ্রামের খাতুনগঞ্জের উদ্দেশে রওনা দেন। রাত ১২টার দিকে কালিকাপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার সিয়াম নিহত হন। ট্রাকচালকসহ চারজন আহত হন।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খলিলুর রহমানের মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম চৌধুরী জানান, দুর্ঘটনায় আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মনির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা নগরীতে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় মামলা, গ্রেফতার ১

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে টিফিন কিনতে গিয়ে স্কুলছাত্র ইথান আহমেদ (১২) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ শিশুটির বাবা ইউনুস মিয়া বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এই মামলাটি করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, এই ঘটনায় জড়িত সন্দেহে শ্রাবণ (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথানকে গুলির সময় শ্রাবণ ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। তবে মামলার এজাহারে তার নাম না থাকায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতে পাঠানো হচ্ছে.

গুলিবিদ্ধ ইথান আহমেদ কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান জানান, শিক্ষার্থীর পিঠে বিদ্ধ হওয়া গুলিটি তার ফুসফুসে গিয়ে আঘাত করেছে. সেখানে আইসিইউ শয্যা খালি না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার মামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না, তবে আসামিদের প্রায় সবাই কাটাবিল এলাকার চিহ্নিত মাদক কারবারি। ঘটনার পর থেকে তারা এলাকা ছেড়ে পালিয়েছে. তাদের ধরতে পুলিশ ও ডিবির একাধিক টিম মাঠে কাজ করছে।

বিয়ের প্রলোভন ও পর্নোগ্রাফি আইনের অভিযোগে বরুড়ায় আটক ১

বরুড়া প্রতিনিধি:

বিয়ের প্রলোভন দিয়ে সম্পর্ক গড়ে তোলা এবং ব্যক্তিগত ছবি-ভিডিও অপব্যবহারের অভিযোগে কুমিল্লার বরুড়ায় গোলাম মোস্তফা মামুন (৪২) কে আটক করেছে পুলিশ। আটকৃত মামুন বরুড়া পূর্বপাড়া (মৌলভী বাজার) এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গারারান এলাকার এক ৩৮ বছর বয়সী প্রবাসী নারী অভিযোগ করেন, পরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের আশ্বাস দেন। অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংরক্ষণ করে সেগুলো স্বামীসহ আত্মীয়-স্বজনদের কাছে পাঠানো হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গোলাম মোস্তফা মামুন (৪২) নামের এক ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ি থেকে আটক করে।

ভুক্তভোগীর বক্তব্য: ভুক্তভোগী অভিযোগ করেন, বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হয় এবং পরবর্তীতে ব্যক্তিগত ছবি ও ভিডিও অপব্যবহার করে মানসিকভাবে হেনস্তা করা হয় বলে তিনি দাবি করেছেন।

অভিযুক্ত মামুনের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে, তার বাবা আবুল কালামের সাথে যোগাযোগ করলে তিনি বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন।

বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত অভিযোগগুলো তদন্তাধীন হিসেবেই বিবেচিত হবে।