All posts by jitu

জনগণ আ. লীগকে ক্ষমা করলে

জনগণ আ. লীগকে ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই: রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে আলোচনা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আর জনগণ যদি ক্ষমা করে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই।

শুক্রবার (২১ মার্চ) সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদরাসা সংলগ্ন মাঠে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত ছিলেন, তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের যারা অপরাধী, তাদের বিচার নিশ্চিত হওয়ার পর জনগণ যদি রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে আমাদের কিছু বলার নেই।

এসময় উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের একটি গোষ্ঠী ৫ আগস্টের পর সংস্কারের কথা বলছেন। কিন্তু গত ছয় মাসে দৃশ্যমান কোনো সংস্কার দেখা যায়নি। দেশের কোথাও স্থিতিশীলতা নেই। স্বৈরাচার শেখ হাসিনা থেকে মুক্তি পেলেও স্বৈরাচার মুক্ত হয়নি।

তিনি আরও বলেন, এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এর জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

চৌদ্দগ্রামে অবৈধ অস্ত্র, গুলি ও মাদকসহ ২ জন আটক

চৌদ্দগ্রামে অবৈধ অস্ত্র, গুলি ও মাদকসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গুলি, মাদক ও নগদ অর্থসহ ২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ ) সকাল ১০ টায় সেনাবাহিনী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে জগমোহনপুর এলাকায় এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে উজিরপুর ইউনিয়নের একটি তিনতলা ভবনে তল্লাশি চালায় এবং দুইজনকে আটক করে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের মোকবুল আহমেদের ছেলে মোঃ লোকমান হোসেন (৪৩) ও একই এলাকার মোহাম্মদ মানিক মিয়ার ছেলে মোঃ মুশারফ হোসেন সৈকত (২২)।

অভিযান পরিচালনাকালে তল্লাশি করে লোকমান হোসেনের বাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৭৫০ মি.লি. সিগনেচার বিদেশি মদ, ৫ রাউন্ড রাইফেলের গুলি, ৩ রাউন্ড শটগানের কার্তুজ, ২,৭৫৯ পিস ইয়াবা, ৩ বোতল ফেনসিডিল, ১২টি মোবাইল ফোন, ১টি আইপ্যাড, ২৩টি সিম কার্ড, নগদ ৩০,৫০০ টাকা ও ৩টি শীশা ফ্লেভার প্যাকেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রী চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড

আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, ওপেন করার কোনোই অবকাশ নেই: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। শুক্রবার (২১ মার্চ) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই।

জামায়াত আমির আরও বলেন, আল্লাহ তাআলার একান্ত মেহেরবাণীতে আমরা পবিত্র রমজানুল মোবারক অতিক্রম করছি। বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ২৪-এর ৩৬ জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবাণীতে উপহার হিসেবে পেয়েছি। এজন্য মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি।

তিনি আরও উল্লেখ করেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভিতরে এবং বাইরে নানান ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের দাবি, গণহত্যাকারীদের বিচার, ২৪-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা। এছাড়া একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৫ বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা।

তিনি বলেন, এসময় জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচার দেখতে চায়। এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই। আমরা সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই।

এসময় তিনি এ পরিস্থিতি থেকে উত্তরণে আল্লাহর কাছে দোয়া ও সাহায্য কামনা করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ৩৬ জুলাই ক্লোজড হয়ে গিয়েছে। নতুন করে এটি খোলার কোনো অবকাশ নেই।

কুমিল্লায় অ্যাডভোকেট আবুল কালাম হত্যার প্রধান আসামি শূটার রাজীব গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ অনুসন্ধানের পর কুমিল্লার আদর্শ সদর থেকে অ্যাডভোকেট আবুল কালাম হত্যা মামলার প্রধান আসামি, ওয়ার্ড যুবলীগ সভাপতি ফয়সাল হাসান রাজীব ওরফে শুটার রাজীবকে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। গতকাল গভীর রাতে মোগলটুলি এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সেনা-পুলিশ যৌথ টহল দল, সফলভাবে কুখ্যাত এই আসামিকে আইনের আওতায় নিয়ে আসে। গ্রেফতারের পর শুটার রাজীবকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট ২০২৪ সালে ছাত্র আন্দোলনের সময় অ্যাডভোকেট আবুল কালামকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত শুটার রাজীব পলাতক ছিল। তার গ্রেফতারকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সফল অভিযানে কুমিল্লা ও আশপাশের এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সাধারণ জনগণ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং অপরাধ দমনে সেনাবাহিনী ও পুলিশের কার্যক্রমের প্রশংসা করেছে।

মুরাদনগরে কবরস্থানের মালিকানা নিয়ে

মুরাদনগরে কবরস্থানের মালিকানা নিয়ে ধস্তাধস্তি ও কিলঘুষিতে আ.লীগ নেতার মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের ধস্তাধস্তি ও কিলঘুষিতে আওয়ামী লীগ নেতা কাহারুল মুন্সী (৫৫) নিহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানার চাপিতলা গ্রামে এ ঘটনা ঘটে।

কাহারুল মুন্সী চাপিতলা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে এবং চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সী পরিবারের পারিবারিক কবরস্থান নিয়ে কাহারুল মুন্সীর সঙ্গে তাঁর চাচা জীবন মুন্সী ও জাহাঙ্গীর মুন্সীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কবরস্থানের পাশে এলজিইডির খাল কাটার কাজ চলাকালীন কবরস্থানে কিছু মাটি দেওয়ার জন্য কাহারুল মুন্সী ভেকুর চালক ও ঠিকাদারকে অনুরোধ করেন। এ খবর পেয়ে জীবন মুন্সী, জাহাঙ্গীর মুন্সী ও তাঁর ছেলে আবদুল্লাহ কবরস্থানের কাছে এলে কাহারুল মুন্সীর সঙ্গে তাদের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি বাধে। এ সময় কাহারুল মুন্সী মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মিড এসাইনমেন্ট না নিয়েই সেমিস্টার নিয়েছিলেন প্রশ্নফাঁসে অভিযুক্ত সেই কুবি শিক্ষক!

 

কুবি প্রতিনিধি:

চূড়ান্ত পরীক্ষা পূর্ববর্তী শর্ত পূরণ না করেই নিয়মবহির্ভূত উপায়ে সেমিস্টার পরীক্ষা নিয়েছেন নারী শিক্ষার্থীকে উত্তরসহ প্রশ্নপত্র সরবরাহ কাণ্ডে অভিযুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম আনিছুল ইসলাম। শিক্ষার্থীদের অভিযোগ, পছন্দের শিক্ষার্থীদেরকে বাড়তি সুবিধা দিতেই ইনকোর্স ছাড়াই কোর্স কার্যক্রম শেষ করেছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি কোর্সের ১০০ নম্বরের মধ্যে ৪০ শতাংশই চূড়ান্ত পরীক্ষা পূর্ববর্তী মিডটার্ম, কুইজ, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন ও উপস্থিতি হারের ওপর মূল্যায়ন করা হয়। এরমধ্যে ন্যূনতম দুইটি মিড পরীক্ষা নেয়ার কথা রয়েছে। আর এই ৪০ শতাংশ ক্রমাগত মূল্যায়ন ও চূড়ান্ত পরীক্ষার মাঝখানে অন্তত ১৪ দিনের ব্যবধান থাকতে হয়। ওই ১৪ দিন আগেই ইনকোর্সের ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে সংযুক্ত করা ও বিভাগের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু এই নিয়ম লঙ্ঘন করেই চূড়ান্ত পরীক্ষা নিয়েছেন কাজী আনিছ।

খোঁজ নিয়ে জানা যায়, বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুটি কোর্স পড়াতেন কাজী এম আনিছুল ইসলাম। এর মধ্যে কোয়ালিটেটিভ রিসার্চ মেথডলজি-এমসিজে ৩০৬ কোর্সের দুইটি মিডের মধ্যে একটি মিড নেওয়া হয়। নিয়মানুযায়ী অন্তত দু’টি মিড, একটি করে অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন নেয়ার কথা থাকলেও কাজী আনিছ শুধুমাত্র ১০ নম্বরের একটি মিডটার্ম ও ৫ নম্বরের উপস্থিতি হারের ফলাফল দিয়েই ওই কোর্সের চূড়ান্ত পরীক্ষা নিয়েছেন। বাকি ২৫ নম্বরের কোর্স কার্যক্রম এখনো শেষ হয়নি। এছাড়াও অন্যান্য ব্যাচেও বিভিন্ন কোর্সে ইনকোর্সের ফলাফল না দিয়েই সেমিস্টার পরীক্ষা নেওয়ায় অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিষয়টি স্বীকার করে কাজী এম আনিছুল ইসলাম বলেন, তাদের ইনকোর্সের ৪০ নাম্বারের মধ্যে ২৫ নাম্বারের পরীক্ষা নেওয়া হয়নি এটা সত্য। যেহেতু এটা রিসার্চের ইস্যু, তাদের রিসার্চ করতে হয়। একটা রিসার্চের ডাটা কালেকশনের পূর্ব পর্যন্ত যে কাজগুলো করতে হয়, তা তাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়ার কথা বলা হয়েছিল। তবে তারা দিতে পারেনি। পরে শিক্ষার্থীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এমনটা করা হয় হয়েছিল।

ইনকোর্সের ৪০ মার্কস জমা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা জমা দেওয়া হয়নি।
নিয়মানুযায়ী চূড়ান্ত পরীক্ষা রূটিন ঘোষণার আগে পরীক্ষা পূর্ববর্তী ইনকোর্সসহ সব কার্যক্রম বুঝে নেয়ার কথা রয়েছে পরীক্ষা কমিটির। তবে শিক্ষক সংকটে অতিরিক্ত কাজের চাপে বিষয়টি দৃষ্টিগোচর হয়নি বলে দাবি করেছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটির সভাপতি জাকিয়া জাহান মুক্তা। তিনি বলেন, তখন আমরা এই আইন জানতাম না, কিন্তু এবার থেকে স্ট্রিক্টলি ফলো করা হবে। এছাড়াও আমাদের বিভাগে চরম শিক্ষক সংকটের কারণে ওয়ার্ক লোড অনেক বেশি ছিল। ওই নির্দিষ্ট কোর্সের বিফোর ফাইনালের রেজাল্ট সাম হাউ আমার দৃষ্টিগোচর হয়নি। অবশ্যই আমি এটার দায় এড়াতে পারি না। তবে পরীক্ষা নিয়ন্ত্রক সেমিস্টার ফাইনাল পরীক্ষার চূড়ান্ত রুটিন প্রকাশ করে, যদি পূর্বশর্ত ফিলআপ না হয় তাহলে তিনি চাইলে পরীক্ষা স্থগিত করে দিতে পারেন। এখানে দায় শুধু আমার না। পরিক্ষা নিয়ন্ত্রক দপ্তরেরও আছে।

চূড়ান্ত পরীক্ষা পূর্ববর্তী ইনকোর্স জমা না নিয়েই পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে কীভাবে রুটিন প্রকাশ করা হয়েছে—বিষয়টি জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. নুরুল করীম চৌধুরী বলেন, ‘‌বিষয়টি আমার দেখতে হবে।’

এদিকে শিক্ষার্থীরা বলছেন, চূড়ান্ত পরীক্ষার ফলাফল বিবেচনা করে ইনকোর্সের ফলাফলে কারসাজি করে পছন্দের শিক্ষার্থীদেরকে বাড়তি সুবিধা দিতেই অনিয়মের আশ্রয় নিয়েছেন কাজী আনিছ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যাচের এক শিক্ষার্থী বলেন, তিনি চূড়ান্ত পরীক্ষার উত্তরপত্র যাচাই করতে স্বজনপ্রীতি করেন। পছন্দের কোনো শিক্ষার্থী উত্তরপত্রে কোনোকিছু কম লিখলে তাকে ফোন দিয়েও সে বিষয়ে জানতে চান। উত্তর নয়, পছন্দ-অপছন্দের ভিত্তিতেই শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করেন তিনি। অনুগত শিক্ষার্থীদের তিনি সবসময়ই বাড়তি সুবিধা দেন।

এ বিষয়ে কাজী আনিছ বলেন, আমার কোর্সে অনেকেই ভালো মার্কস পায়, তাদের প্রত্যেকের প্রতি আমার পছন্দের বা অপছন্দের কিছু নেই। এটা নিয়ে কেউ যদি অভিযোগ করে সেটা দুঃখজনক।

প্রসঙ্গত, গত বুধবার (১২ মার্চ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে উত্তরসহ প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ আসে একটি উড়ো মেইলের মাধ্যমে। ওই মেইলে অভিযোগের যথেষ্ট তথ্যপ্রমাণাদিও যুক্ত করা হয়। এ ঘটনায় বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয় এবং তদন্তের স্বার্থে অভিযুক্ত শিক্ষককে তদন্তচলাকালীন সময়ে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এরপরও অভিযোগের প্রমাণাদি নষ্ট করা হচ্ছে অভিযোগ উঠে কাজী আনিছের বিরুদ্ধে। সেজন্য পরীক্ষার পূর্বেই তদন্তের অগ্রগতি নিয়ে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিলের দাবিসহ ৫টি দাবি জানান শিক্ষার্থীরা। এরপর বিভাগে কাজী আনিছের কক্ষটি সিলগালা করে রেজিস্ট্রার দপ্তর।

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

 

স্টাফ রিপোর্টার:

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

বৃহস্পতিবার(২০মার্চ) দুপুর ২টায় কুমিল্লা নগরীর টাউন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এ কে এমদাদুল হক মামুন, মহানগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান এবং সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন ও নাসির আহমেদ মোল্লা।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি ইউসুফ ইসলাম, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী মোতাহের আলী দিলাল, কাজী নজির আহমেদ, মোহাম্মদ হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ ও শাহাদাত হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এ হামলা বন্ধের দাবি করেন। তারা বিশ্ব মুসলিম উম্মাহ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেনাবাহিনীর চেকপোস্ট: ৮ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা, ৪টি জব্দ

 

স্টাফ রিপোর্টার:

সেনাবাহিনীর প্যাট্রলের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্টে যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

এছাড়া, ৪টি মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় মোট ৩৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং এসব মোটরসাইকেল জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।

বোলিং অ‍্যাকশনের দায় থেকে মুক্তি সাকিবের

ডেস্ক রিপোর্ট:

অবশেষে সুসংবাদ পেলেন সাকিব আল হাসান। তাকে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। এখন যেকোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে আর কোনো বাধা নেই এই অলরাউন্ডারের।

গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যেকোনো পর্যায়ের ক্রিকেটে তার বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে প্রথম পরীক্ষা দিয়েও সাকিব অকৃতকার্য হন। পরে চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষায়ও একই ফল আসে। তবে এবার লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আবার পরীক্ষা দিয়ে তিনি সুসংবাদ পেয়েছেন।

লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সাকিবের সর্বশেষ পরীক্ষাটি হয়েছিল ৯ মার্চ, যার ফলাফল তিনি জেনেছেন গতকাল। এই পরীক্ষায় তার বোলিং অ্যাকশন এখন সম্পূর্ণ বৈধ বলে ঘোষণা করা হয়েছে। পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত ছিল।

এখন থেকে সাকিব আল হাসান আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞামুক্ত হয়ে স্বাধীনভাবে বোলিং করতে পারবেন। এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় সুখবর।

কুবিতে শরীয়তপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

 

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শরীয়তপুর জেলার আঞ্চলিক সামাজিক সংগঠন শরীয়তপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর আয়োজনে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেনসহ উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হুমায়রা তাজরিন লামিয়াহ্, মহিউদ্দিন নাইম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসাইন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম, অর্থ বিষয়ক সম্পাদক মেরিনা আক্তার, উপ-অর্থ বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার, জাকিয়া সুলতানা, দপ্তর সম্পাদক শিশির আহমেদ সৈকত, প্রচার সম্পাদক সুমন মৃধা, আইন বিষয়ক সম্পাদক মো. সুমন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাকিল আহমেদ, উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান হৃদয়, প্রকাশনা বিষয়ক সম্পাদক আসিফ আজম। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ছিলেন রেজওয়ানুল আমিন সিয়াম, ইসমতআরা মিমি, মো. সাকিব আল হাসান ও সৈকত হাসান জয় প্রমুখ।

মো. তোফাজ্জল হোসেন বলেন, “সামাজিক সংগঠনগুলো আমাদের একে অপরের প্রতি সহযোগিতামূলক মনোভাব ও ভ্রাতৃত্ব বন্ধন বজায় রাখতে কাজ করে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সময়েও একে অপরকের সঙ্গে সম্পৃক্ত থাকতে সাহায্য করে। তাইতো আজকের এই ইফতার অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকলেই একত্রিত হয়েছি। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”