কুবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ১লা জুলাই
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১লা জুলাই। ভর্তি কার্যক্রম চলবে ১৫ মে পর্যন্ত।
বৃহস্পতিবার (৮ মে ) বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে যে নিয়মে ভর্তি কার্যক্রম চলে আসছে এবারেও সেই অনুযায়ী ভর্তি কার্যক্রম চলবে। আগামী ১২ মে থেকে – ১৫ মে পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম এবং ক্লাস শুরু হবে ১লা জুলাই।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ১৯ এপ্রিল এবং ‘বি’ ইউনিটের ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি, গত ২৫ এপ্রিল থেকে ১লা মে পর্যন্ত চলেছে বিভাগ নির্বাচন কার্যক্রম।