All posts by jitu

সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের মাটিতে পুঁতে ফেলার

সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের মাটিতে পুঁতে ফেলার হুমকি এরদোয়ানের

ডেস্ক রিপোর্ট:

চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর তুরস্ক-সমর্থিত সিরিয়ার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক বৈরীতা তৈরি হয়েছে। এর মধ্যে সিরিয়ায় কুর্দিপন্থী যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, কুর্দি যোদ্ধারা যদি অস্ত্র সমর্পণ না করেন, তবে তাদের মাটিতে পুঁতে ফেলা হবে।

আসাদের পালিয়ে যাওয়ার পর থেকে আঙ্কারা বারবার জোর দিয়ে বলেছে, কুর্দিপন্থী ওয়াইপিজি মিলিশিয়া গোষ্ঠীকে অবশ্যই বিলুপ্ত করতে হবে। তুরস্ক দাবি করেছে, সিরিয়ার ভবিষ্যতে এই গোষ্ঠীর কোনও স্থান নেই। সিরিয়ায় নেতৃত্বের পরিবর্তন ঘটায় দেশটির কুর্দিপন্থী প্রধান উপদলগুলো কিছুটা আড়ালে চলে গেছে।

বুধবার তুরস্কের সংসদে একে পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশে এরদোয়ান বলেন, ‘‘বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবে, নয়তো তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা সেই সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করব, যারা আমাদের এবং কুর্দি ভাইবোনদের মাঝে রক্তের প্রাচীর তৈরি করার চেষ্টা করছে।’’

সিরিয়ার কুর্দিপন্থী ওয়াইপিজি মিলিশিয়া গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সম্প্রসারিত গোষ্ঠী হিসেবে দেখে তুরস্ক। এই গোষ্ঠীটি ১৯৮৪ সাল থেকে তুরস্ক রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। ওয়াইপিজির প্রতি যুক্তরাষ্ট্রের মিত্র সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) সমর্থন রয়েছে।

তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে পিকেকে। আঙ্কারা বারবার তার ন্যাটো মিত্র ওয়াশিংটন এবং অন্যদের প্রতি ওয়াইপিজির প্রতি সমর্থন প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে।

এর আগে, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর সিরিয়া এবং ইরাকে হামলা চালিয়ে ওয়াইপিজি-পিকেকের অন্তত ২১ সদস্যকে হত্যা করেছে তুরস্কের সামরিক বাহিনী। গত সপ্তাহে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসডিএফের কমান্ডার মাজলুম আবদি সিরিয়ায় প্রথমবারের মতো পিকেকে যোদ্ধাদের উপস্থিতির কথা স্বীকার করেন।

তিনি বলেন, পিকেকে যোদ্ধারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করেছে। তুরস্কের সঙ্গে সম্পূর্ণ যুদ্ধবিরতিতে পৌঁছালে পিকেকে যোদ্ধারা দেশে ফিরে যাবে। তবে পিকেকের সঙ্গে এসডিএফের সাংগঠনিক সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেন তিনি।

সূত্র: রয়টার্স

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

৪৪তম বিসিএসের আগের মৌখিক পরীক্ষা বাতিল করে নতুন করে ভাইভার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদগুলোর জন্য মোট ৫ হাজার ৮৬২ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৮৯০ জনের মৌখিক পরীক্ষা ৫ জানুয়ারি শুরু হবে। পরীক্ষা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায়। প্রতিদিন ১০৫ জন প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। বাকি প্রার্থীদের পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে, গত ২৫ আগস্ট এই পরীক্ষা স্থগিত করা হয়। পরে, ৮ অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করলে আগের কমিশনের নেওয়া ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করা হয়।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাবে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায়ে ৮ জন, রেলওয়ে পরিবহণ ও বাণিজ্যিক ৭ জন, তথ্যে ১০ জন, ডাকে ২৩ জন, বাণিজ্যে ৬ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন, খাদ্যে ৩ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

শুধুমাত্র একটি নির্বাচনের জন্য

শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি: উপদেষ্টা আসিফ মাহমুদ

শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি: উপদেষ্টা আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধ্বংস করে যাওয়া দেশের সব প্রতিষ্ঠান সংস্কারের কাজ শেষ করেই নির্বাচনের পথে অগ্রসর হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, শুধুমাত্র একটি নির্বাচন বা ভোটের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি।

বুধবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। পরে তিনি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

আসিফ মাহমুদ বলেন, আন্দোলনে প্রায় ২ হাজারের বেশি শহীদ এবং ২০ হাজারের বেশি আহত হয়েছেন। শহীদ ও আহতদের পরিবার সংস্কার কার্যক্রমের দাবি জানাচ্ছে। অন্তর্বর্তী সরকারের স্পষ্ট ম্যান্ডেট হলো এই সংস্কারগুলো সম্পন্ন করা। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের কমিশনগুলো তিন মাসের মধ্যে প্রস্তাবনা জমা দেবে। এরপর স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কারের কাজ সম্পন্ন হবে এবং তারপরই নির্বাচন হবে।

উত্তরবঙ্গের জেলাগুলোর উন্নয়ন বরাদ্দে বৈষম্য দূর করার প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় মান অনুযায়ী অন্যান্য এলাকায় ৪০ শতাংশ পাকা রাস্তা রয়েছে, অথচ বালিয়াডাঙ্গীতে এই হার মাত্র ৩১ শতাংশ। এই বৈষম্য দূর করে দ্রুত বালিয়াডাঙ্গীকে জাতীয় মানে উন্নীত করা হবে।

তিনি শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব আরোপ করে স্কুল-কলেজগুলোর ভবন নির্মাণ এবং বালিয়াডাঙ্গীতে একটি উন্নত মানের লাইব্রেরি নির্মাণের জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দেন।

আসিফ মাহমুদ আরও বলেন, বিগত সরকারের সময়ে যেসব জেলাগুলো উন্নয়নে পিছিয়ে ছিল, সেগুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পাশাপাশি কিছু দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, যাতে এই সরকারের মেয়াদ শেষ হওয়ার পরও সাধারণ মানুষ প্রকল্পগুলোর সুফল পায়।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিম্নমানের মালামাল সরবরাহ এবং অনিয়মের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যার সমাধানে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কিছু পৌরসভা ক্যাটাগরি পূরণ না করেই অনুমোদন পেয়েছে উল্লেখ করে তিনি জানান, এসব পৌরসভাগুলোর মধ্য থেকে কিছু বাতিল এবং নতুন কিছু পৌরসভা গঠনের কাজ চলছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম এবং ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস।

এর আগে সকালে তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় দুওসুও এবং বড়পলাশবাড়ী ইউনিয়নের সংযোগের জন্য ১২০ মিটার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন।

চাদঁপুরে জাহাজে ৭ খুনের রহস্য উন্মোচন

চাদঁপুরে জাহাজে ৭ খুনের রহস্য উন্মোচন , ঘাতক গ্রেফতার

চাদঁপুরে জাহাজে ৭ খুনের রহস্য উন্মোচন , ঘাতক গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি-আল বাখেরা জাহাজে সংঘটিত সাত খুনের ঘটনার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ ঘটনার মূলহোতা আকাশ মন্ডলকে (২৬) গ্রেফতার করেছে র্যা ব।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে আকাশ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। দেশজুড়ে আলোড়ন তোলা এ হত্যাকাণ্ডের ঘটনার মূলহোতা আকাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

গ্রেফতার হওয়া আকাশ মন্ডল বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জগদীশ মন্ডল ও মনিকা রানীর ছেলে। আকাশ পেশায় জাহাজের লস্কর। আট মাস ধরে সে এমভি-আল বাখেরা জাহাজে চাকরি করছিলেন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে কুমিল্লা নগরীর শাকতলা র্যা ব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান র্যা ব ১১ সিপিসি ২ এর উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন।

মেজর সাকিব জানান, আকাশ মন্ডল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে। সে জানায়, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়ার দুর্ব্যবহার, বেতন-বোনাসে অনিয়ম এবং কর্মচারীদের প্রতি অবহেলা তাকে ক্ষুব্ধ করে তোলে। এ থেকেই আকাশ প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। পরে পরিকল্পনা অনুযায়ী ১৮ ডিসেম্বর সে তিন পাতা ঘুমের ওষুধ কিনে রাখেন। পরে ঘটনার দিন ২২ ডিসেম্বর রাতে আকাশ তরকারির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে অচেতন করেন। রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে মাস্টারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। পরে অন্যরা টের পেয়ে যেতে পারে—এমন আশঙ্কায় সে একে একে ছয়জনকে হত্যা করেন। আকাশের স্বীকারোক্তি অনুযায়ী, হত্যাকাণ্ডের পর সে নিজেই জাহাজ চালিয়ে মাঝিরচরে পৌঁছান। পরদিন সকালে ট্রলারে করে পালিয়ে যান এবং বাগেরহাটের চিতলমারিতে আত্মগোপন করেন।

র‌্যাব আরো জানায়, আকাশের কাছ থেকে রক্তমাখা জিন্স, মোবাইল ফোন, ঘুমের ওষুধের খালি পাতা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো সহযোগী ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর রাতে চাঁদপুরের হাইমচরে এমভি-আল বাখেরা জাহাজে সাতজনকে নৃশংসভাবে হত্যা এবং একজনকে গুরুতর আহত করে৷

এ ঘটনায় চাঁদপুরের হাইমচর থানায় একটি মামলা দায়ের করা হয়।

নিহতরা হলেন, গোলাম কিবরিয়া (৬০), শেখ সবুজ (৩৫), মোঃ সজীবুল ইসলাম (২৯), মাজেদুল ইসলাম (১৭), আমিনুর মুন্সি (৪১), সালাউদ্দিন (৪০) এবং রানা কাজী। আহত জুয়েল চিকিৎসাধীন রয়েছেন।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এর সময়সূচি প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অফিসিয়ালভাবে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর সময়সূচি প্রকাশ করেছে। বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) হাইব্রিড মডেলে। ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ৮টি দল, যারা দুই গ্রুপে বিভক্ত।

গ্রুপ বিভাজন:
গ্রুপ এ:
🇵🇰 পাকিস্তান
🇮🇳 ভারত
🇳🇿 নিউজিল্যান্ড
🇧🇩 বাংলাদেশ

গ্রুপ বি:
🇿🇦 দক্ষিণ আফ্রিকা
🇦🇺 অস্ট্রেলিয়া
🇦🇫 আফগানিস্তান
🏴 ইংল্যান্ড

পূর্ণাঙ্গ সময়সূচি:
গ্রুপ স্টেজ:

১৯ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, করাচি
২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ভারত, দুবাই
২১ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি
২২ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, লাহোর
২৩ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম ভারত, দুবাই
২৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি
২৬ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম ইংল্যান্ড, লাহোর
২৭ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম বাংলাদেশ, রাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, লাহোর
১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, করাচি
২ মার্চ: নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই

নকআউট পর্ব:

৪ মার্চ: সেমিফাইনাল ১, দুবাই
৫ মার্চ: সেমিফাইনাল ২, লাহোর
৯ মার্চ: ফাইনাল, লাহোর
(যদি ভারত ফাইনালে পৌঁছায়, ম্যাচটি দুবাইতে স্থানান্তরিত হবে)
১০ মার্চ: রিজার্ভ ডে

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ বিশ্ব ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন উত্তেজনা নিয়ে আসতে চলেছে। ভারত-পাকিস্তান ম্যাচগুলোর প্রতি থাকছে বিশেষ নজর, যা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।

কালবেলার কুমিল্লা ব্যুরো দিলীপ মজুমদারের মা আর নেই

স্টাফ রিপোর্টার:

জনপ্রিয় দৈনিক কালবেলার কুমিল্লা ব্যুরো প্রধান ও কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি  দিলীপ মজুমদারের মা বকুল রানী মজুমদার মারা গেছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুরে নিজ বাড়িতে মারা যান তিনি।

দিলীপ মজুমদার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বকুল রানী চার ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

বসুন্ধরা আই হসপিটালের সহযোগিতায়

বসুন্ধরা আই হসপিটালের সহযোগিতায় চিকিৎসা পেলেন শিবচরের ৫ শতাধিক মানুষ

ডেস্ক রিপোর্ট:

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ শতাধিক চক্ষুরোগীকে নিখরচায় চিকিৎসাসেবা দিয়েছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।

উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের সলেনামা বাজিতপুর গ্রামের সানকিরচর এলাকায় চর শেখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডা. কেয়ামুদ্দিন মাস্টার ও জাহানারা বেগম স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসাসেবা দেওয়া হয়।

এতে সার্বিক সহায়তায় ছিল ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে পাঁচ শতাধিক রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্যাম্প অর্গানাইজার অ্যাডমিনিস্ট্রেশন মোহাম্মদ আবু তোয়েবের তত্ত্বাবধানে ডা. কাজী আদনান, ডা. নুসরাত লুবনা, ডা. তাসরুবা শাহনাজসহ আটজনের একটি দল চিকিৎসাসেবা দেন।

বসুন্ধরা আই হসপিটালের ক্যাম্প অর্গানাইজার মো. আবু তোয়াব জানান, সকাল ৯টা থেকে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়। ব্যাপক সাড়া পড়েছে প্রত্যন্ত এ এলাকায়। বিকেল ৪টা পর্যন্ত পাঁচ শতাধিক রোগীকে সেবা দেওয়া সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে চোখ পরীক্ষা করে চশমা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। এর মধ্যে যাদের চোখে ছানি বা অন্য কোনো সমস্যা রয়েছে, তাদের বিনামূল্যে অপারেশনের জন্য ঢাকায় বসুন্ধরা আই হসপিটালে নিয়ে যাওয়া হবে।

চরশেখপুর গ্রাম প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত। সাধারণ মানুষ নিজেদের হাতের নাগালে বিনামূল্যে চক্ষু চিকিৎসার সুযোগ পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন। ঘরের পাশে সেবা পাওয়ার পাশাপাশি ঢাকায় গিয়ে বিনামূল্যে অপারেশনের খবরে তারা আনন্দিত।

চিকিৎসা নিতে আসা একাধিক রোগী বলেন, বসুন্ধরা চক্ষু হাসপাতালের ডাক্তাররা আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিয়েছেন। আমরা খুবই খুশি ঘরের কাছে বিনামূল্যে এতো ভালো সেবা পেয়ে।

ডা. কেয়ামুদ্দিন মাস্টার ও জাহানারা বেগম স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক হাবিবুর রহমান বলেন, বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সার্বিক সহযোগিতায় নিজ এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করতে পেরে আমি আনন্দিত। অসংখ্য রোগী এসেছেন চিকিৎসা নিতে। বসুন্ধরা গ্রুপের হাসপাতালের চিকিৎসকরা খুবই যত্ন সহকারে রোগীদের চিকিৎসা দিয়েছেন। রোগীরাও খুশি। আমরা চেষ্টা করব ভবিষ্যতে আবার এ ধরনের আয়োজন করতে।

এদিন ৯০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। চশমা দেওয়া হয়েছে ১৫০ জনকে।

কুমিল্লার লাকসামে বিএনপির দুই গ্রুপের

কুমিল্লার লাকসামে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি, ককটেল বিস্ফোরণ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসামে যুবদলের প্রতিনিধি সভা ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা সদরের দৌলতগঞ্জ বাজারে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা ছাড়িয়ে পড়ে।এতে বাজারের ব্যবসায়ী ও পথচারীরা আতঙ্কে পড়েন। তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল গিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, লাকসামে বিএনপি’র রাজনীতি দু’টি গ্রুপে বিভক্ত। এক গ্রুপের নেতৃত্বে আছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) আনোয়ার উল আজিম। অন্য গ্রুপের নেতৃত্বে আছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। দীর্ঘদিন থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপে পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে।

এতে দলীয় নেতা-কর্মীরা দুই ধারায় বিভক্ত।

মঙ্গলবার কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের একটি সাংগঠনিক টিম লাকসামে প্রতিনিধি সভায় অংশগ্রহণ করার কথা জেনে অন্য গ্রুপও তাদের সভায় যোগদানের অনুরোধ করেন। প্রথমে জেলা যুবদলের সাংগঠনিক টিম পৃথক সভায় উপস্থিত থাকার আশ্বাস দিলেও পরে কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিমের গ্রুপের নেতা-কর্মীদের তাদের সভায় উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দেন। দুপুরে জেলা যুবদলের সাংগঠনিক টিমের নেতৃত্বে আবুল কালাম গ্রুপের কার্যালয়ে যুবদলের প্রতিনিধি সভা শুরু হয়।

এ সময় কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম গ্রুপের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা দৌলতগঞ্জ বাজারে মিছিল বের করেন। মিছিলটি দৌলতগঞ্জ উত্তর বাজার প্রদক্ষিণকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে দোকানপাট বন্ধ করে দেন।

বড় ধরনের কোনো সংঘাতের আগেই সেনাবাহনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আবুল কালাম গ্রুপের উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক জানান, আমাদের কার্যালয়ে যুবদলের প্রতিনিধি সভা চলাকালে অন্যগ্রুপ মিছিল বের করে। এসময় উত্তেজনা দেখা দেয়। আমরা আমাদের গ্রুপের কর্মী, সমর্থকদের সংঘাত পরিহার করতে অনুরোধ করলে তারা ফিরে আসে।

কর্নেল (অব.) এম. আনোয়ার উল আজিম গ্রুপের উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু এ বিষয়ে কোনো মন্তব্য না করে সিনিয়রদের সঙ্গে পরামর্শ করে মতামত জানানোর কথা বলেন।

লাকসাম থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, উত্তেজনার খবর শুনে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

চৌদ্দগ্রামে কেন্দ্রীয় কৃষকলীগ নেতা

চৌদ্দগ্রামে কেন্দ্রীয় কৃষকলীগ নেতা মুক্তিযোদ্ধা কানুকে লাঞ্চিতের ঘটনায় আটক ৫

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আবদুল হাই ভুঁইয়া কানুকে লাঞ্চিত করার ঘটনায় পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান। আটককৃতরা হলো; উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের ইসমাইল হোসেন মজুমদার, জামাল উদ্দিন মজুমদার, ইলিয়াছ ভুঁইয়া, মসজিদের ইমাম নাঙ্গলকোটের রায়কোট এলাকার আবুল কালাম আজাদ ও চাঁদপুর সদর উপজেলার মইশাদী গ্রামের ইমতিয়াজ আবদুল্লাহ সাজ্জাদ।

কৃষকলীগের কেন্দ্রীয় নেতা ও মুক্তিযোদ্ধা আবদুল হাই ভুঁইয়া কানুর বিরুদ্ধে হত্যা, তথ্য প্রযুক্তি, মারামারি ও রাজনৈতিক মামলাসহ একাধিক মামলা রয়েছে। মামলাগুলোতে অভিযুক্ত হয়ে তিনি জেল খেটেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান উল্লেখ করেন, গত রোববার দুপুরে বাতিসা ইউনিয়নের পাতড্ডা এলাকায় মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুঁইয়া কানুকে কিছু লোকজন বিব্রতকর কথাবার্তা ও কর্মকান্ডের মাধ্যমে লাঞ্চিত করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্য থেকে বিষয়টি মোবাইল ফোনে ধারন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনা সম্পর্কে অবগত হয়ে তাৎক্ষণিকভাবে জাতীয় বীরশ্রেষ্ঠ সন্তানের লাঞ্চিত করার বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ ও ভিডিও ফুটেজে থাকা ব্যক্তিদের সনাক্ত করে আটক করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা জানান, ভিকটিম মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুঁইয়া কানুর সাথে একই এলাকার আবুল হাশেম মজুমদারের দীর্ঘদিন যাবৎ সামাজিকভাবে পূর্ব বিরোধ চলে আসছে। ২০০৮ সালে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুঁইয়া কানু ভোট কেন্দ্র থেকে আবুল হাশেম মজুমদারের বড় ভাই আব্দুল হালিমকে মারধর করাসহ কলার ধরে টেনে পানিতে ফেলে দিয়ে অপমান অপদস্ত করেন। আব্দুল হালিম চলতি বছর মৃত্যুবরণ করেন। ভাইয়ের এই অপমানকে কেন্দ্র করে রোববার দুপুরে আবুল হাশেম পাতড্ডা বাজার থেকে মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুঁইয়া কানুকে ধরে কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়। সেখানে এলাকার লোকজন জমায়েত হলে তাদের কাছে আবুল হাশেম মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুঁইয়া কানুর কি বিচার করা যায় জিজ্ঞাসা করেন এবং সেখানে অবস্থানরত নয়ন মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুঁইয়া কানুকে গ্রামের সকল মানুষের কাছে মাপ চাইতে বলেন এবং এলাকা থেকে চলে যেতে বলেন। এমনকি কুমিল্লা জেলা আউট হয়ে যাওয়ার জন্য বলেন। তিনি বাড়িতে যেতে চাইলে অপমানকারীরা তাকে বাড়িতে যেতে বারন করেন। এ সময় উপস্থিত লোকজন আরো বলেন, আমরা বিগত দিনে বাড়িতে থাকতে পারি নাই।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, গত রোববার দুপুর অনুমান ১২ ঘটিকার সময় কৃষকলীগের কেন্দ্রীয় নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুঁইয়া কানু এলাকায় প্রবেশ করলে আবুল হাশেমের সামনে পড়ে অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফুটেজ দেখার পর থানা পুলিশ ভূক্তভোগী মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে তার নিকট হতে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করে। কিন্তু তাকে এলাকাতে পাওয়া না গেলেও তিনি বর্তমানে নিরাপদ জায়গায় অবস্থান করছেন বলে তার ঘনিষ্ঠ লোকজন জানান। এছাড়া মুক্তিযোদ্ধার সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি নাম্বারসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সংঘটিত হওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে কোন কিছু বলতে রাজি হননি। এছাড়া অভিযুক্তদের সম্পর্কেও কোন তথ্য প্রকাশ করেননি। ভূক্তভোগী বীর মুক্তিযোদ্ধাকে আইনগত সকল সহযোগিতার আশ্বাস প্রদান করা হলেও তিনি কোন ধরনের অভিযোগ করতে অস্বীকৃতি জানান। মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। ভিডিও ফুটেজের মাধ্যমে অন্যদের সনাক্ত ও আটকের অভিযান অব্যাহত রয়েছে।

প্রেমে বাধা দেওয়ায়

প্রেমে বাধা দেওয়ায় মাথা কেটে গর্তে ঢুকিয়ে প্রেমিকার মাকে পুড়িয়ে হত্যা

প্রেমে বাধা দেওয়ায় মাথা কেটে গর্তে ঢুকিয়ে প্রেমিকার মাকে পুড়িয়ে হত্যা

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেমে বাধা দেওয়ায় মাথা কেটে গর্তে ঢুকিয়ে প্রেমিকার মাকে পুড়িয়ে হত্যা করলো ফারহান ভূঁইয়া রনি নামের এক যুবক।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

নিহত নারীর নাম হরলুজা (৫০)। তিনি একই ইউনিয়নের হিরাপুর কলোনি এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় ফারহান ভূঁইয়া রনিকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ। রনি ওই এলাকার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়া শানুর ছেলে। সে এলাকার চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রহিমপুর গ্রামের এক প্রবাসী ব্যক্তির বাড়ি থেকে চুরি হওয়া রাজহাঁস খুঁজতে গিয়ে মঙ্গলবার সকাল সাতটার দিকে যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়ির একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেখানে বসে থাকা রনি জানায় সে পাতা পুড়তে দিয়েছে। এ কথা বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল, রোমান ও তাদের চাচাতো ভাই উবাদুল ঘরের ভিতর দেখতে চান। এ সময় রনি ক্ষুব্ধ হয়ে তাদের মারার জন্য হুমকি দেন। এতে সন্দেহ আরও বাড়লে তারাসহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পান।

এ বিষয়ে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি প্রেমে বাধা দেয়ায় ওই নারীকে তার দেহ থেকে মাথা আলাদা করে হত্যা করা হয়। এসময় মরদেহ পুড়িয়ে গুম করার চেষ্টার করছিলেন ওই যুবক।