বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লাইফ সাপোর্টে তামিম

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৪, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। তবে বুকে ব্যথা নিয়ে সাভারের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে তামিম ইকবাল বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে বিকেএসপির পাশে অবস্থিত ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের হার্ট অ্যাটাক হয়েছে। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার তরিকুল ইসলাম জানান, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে হেলিকপ্টারে তোলার মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, তামিম ইকবালের অবস্থা দেখতে ফজিলাতুন্নেছা হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক আকরাম খান ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। বিসিবি সূত্রে জানা গেছে, তামিমের অসুস্থতার কারণে বিসিবির জরুরি বোর্ড মিটিং বাতিল করা হয়েছে।

তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় অধিনায়ক। তার এই অসুস্থতার খবরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।