All posts by jitu

শিক্ষার্থীদের যুবদল নেতার হুমকি

শিক্ষার্থীদের যুবদল নেতার হুমকি, প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

শিক্ষার্থীদের যুবদল নেতার হুমকি, প্রতিবাদে ঢাকা—চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির বরকোটা স্কুল এন্ড কলেজকে সন্ত্রাস, অনিয়ম, দুর্নীতি ও দালালমুক্ত করার দাবীতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় কয়েক শতাধিক শিক্ষার্থী ব্যানার হাতে সড়কে বসে এ আন্দোলন করেন। শিক্ষার্থীরা স্থানীয় যুবদল নেতা রুহুল আমিনকে উদ্দেশ্য করে “ রুহুল আমিন তুই বাটপার, এই মুহুর্তে ক্যাম্পাস ছাড়” স্লোগান দেন।

এসময় মহাসড়কের ঢাকামুখী লেনের প্রায় তিন কিলোমিটার এবং কচুয়া সড়কের প্রায় এককিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে যৌথবাহিনীর বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের দাবিদাবা শোনেন। পরে শিক্ষার্থীদের আশ্বস্থ করা হলে ১ ঘন্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত ৫আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর স্থানীয় যুবদল নেতা রুহুল আমিন কলেজের অফিস সহকারী মো. আদিলকে পিটিয়ে আহত করেন। এ ছাড়া কলেজে নির্মিত পাঠাগারটি ভেঙে ফেলেন। কলেজের অফিস কক্ষে লুটপাট করে এবংপাঠাগারে থাকা কয়েক হাজার বই লুট করে নিয়ে যান। এখন ওই নেতা কলেজের সভাপতি হতে চান। এনিয়ে কলেজের বিভিন্ন শিক্ষার্থীদের হুমকি ধামকি দিচ্ছেন যুবদল নেতা রুহুল আমিন। কলেজ ক্যাম্পাসকে সন্ত্রাস, অনিয়ম, দুর্নীতি ও দালাল মুক্ত করার দাবীতে আমরা সড়কে নেমেছি।

বিক্ষোভকারীদের মধ্যে কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাব্বির আহাম্মেদন শুভ ও জুবায়ের বলেন, যুবদল নেতা রুহুল আমিন কলেজে গিয়ে শিক্ষার্থীদের হুমকি দেয়। বিভিন্ন অনিয়ম করে। তাকে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী জিহাদ ভূঁইয়া, ফয়সাল ও মিনহাজ বলেন, আমরা সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন চাই। আমরা লেখাপড়ার সুন্দর পরিবেশ চাই।

কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম বলেন, কলেজের দোকান নিয়ে স্থানীয় বিএনপি নেতা রুহুল আমিনের সাথে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছে। আগের অধ্যক্ষ২০২১ সালে দোকান ভেঙ্গে পাঠাগার নির্মাণ করেছিলেন। ৫আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর পাঠাগার ভেঙ্গে ফেলেন। তবে কে বা কারা ভেঙ্গেছে আমি বলতে পারবো না। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে আমি জানতাম না, শুনে আন্দোলনস্থলে এসেছি। পুলিশ প্রশাসনের সহযোগিতায় শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে গেছি।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে আস্বস্থ করেছি। কলেজে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চলতে দেয়া হবেনা। পরে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন।

দাউদকান্দি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রুহুর আমিন বলেন, আমার সম্মান নষ্টœ করার লক্ষ্যে চক্রান্ত করা হয়েছে। আমি স্কুলের সভাপতি প্রার্থী হয়েছি এটাই আমার অপরাধ। আমি আমি যাতে সভাপতি না হতে পারি এজন্য আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে।

উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শাহ আলম বলেন, রুহুল আমিনের বিষয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা, বিষয়টি আমি শুনেছি। দলীয় ফোরামে আলোচনা এবং সাংগঠনিকভাবে তদন্ত করা হবে। রুহুল আমি দোষী প্রমানিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। আমরা তাদেরকে আশ্বস্থ করেছি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। রুহুল আমিন নামের এক বিএনপি নেতার নাম এসেছে। আমরা এ ব্যাপারে বিএনপির স্থানীয় সিনিয়র নেতাদের অবহিত করবো। ওই ব্যক্তির নামে উঠা অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়াগুলো

বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়াগুলো মিথ্যা অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়াগুলো মিথ্যা অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তেমন কোনো উত্তেজনা নেই। তিনি বলেন, ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালালেও বিশ্ব মিডিয়ায় এর তেমন কোনো প্রভাব পড়ছে না।

তিনি এসব কথা বলেন বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৮৫ সালে প্রথম এ দিবসটি পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকের সংখ্যা ৫৪ হাজার ৩৪৮ জন। ভবিষ্যতে এর সংখ্যা ৬৫ হাজারের উন্নতি করার হবে। সকল দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা সর্বদা তৎপর থা‌কে। ফায়ার সার্ভিস সব সময় বন্ধুর মত মানুষের সেবা করে আসছে।

তিনি আরও বলেন, বন্যা ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব না, এ সময় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোপরি দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিসকে সব সময় প্রস্তুত আছে।

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন ফায়ার সার্ভিসের মহা-পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামালসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তারাবৃন্দ।

দেশবাসী দু-এক দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছে: জামায়াত আমির

 

ডেস্ক রিপোর্ট:

দেশবাসী আগামী দু-এক দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

সংলাপের বিষয়ে জামায়াতের আমির বলেন, ‘অপপ্রচার মোকাবিলায় আমরা সরকারের সঙ্গে কাজ করবো। আমরা কারও পাতা ফাঁদে পা দিব না, কারও কাছে মাথা নত করবো না, আবার সীমালঙ্ঘনও করবো না। দুই এক দিনের মধ্যে সুখবর পাবেন, আশা করি।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা ঐক্যবদ্ধ। সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয়, সেই জন্য আমরা সহযোগিতা করবো। তিনি আরো বলেন, ‘জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে, চলমান ষড়যন্ত্রও আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো। দেশি-বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াই করতে হবে।’

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিসিএসসহ সব সরকারি চাকরির

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ

ডেস্ক রিপোর্ট:

সরকার বিসিএসসহ সব সরকারি চাকরি আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করেছে। আজ বুধবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য নির্ধারিত ফি থেকে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া হবে না।

এর আগে, গত সোমবার বিসিএস পরীক্ষার আবেদন ফি এবং ভাইভা নম্বর কমানোর প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় বাংলাদেশ সরকারি কর্ম সার্ভিস কমিশন (পিএসসি)।

পিএসসির একজন কর্মকর্তা সেদিন সংবাদমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের দাবির পরিপ্রেক্ষিতে বিসিএস আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব করা হয়। এটি শুধু আন্দোলনকারীদের নয়, সাধারণ শিক্ষার্থীদেরও একটি দাবি ছিল। তাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে এই প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আরও জানান, বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষা (ভাইভা) ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর করার প্রস্তাব মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

ভারত অহেতুক মিথ্যা বলে

ভারত অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

ভারত অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, ভারত অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তিনি মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, “আমাদের আগরতলা কনস্যুলেটে হামলা হয়েছে, কলকাতায় হামলা হয়েছে। আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে আগামীর সময় পার করতে হবে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে, সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করবে। পাশাপাশি, বর্তমানে যে কার্যকলাপ করছে তা বন্ধ করবে।”

শেখ হাসিনা সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। চিন্তা করা যায়, একটি দেশের সরকার তার দেশের সম্পদ এভাবে লুট করে নিয়ে যেতে পারে। এই লন্ডনেও সরকারের মাত্র এক ব্যক্তির ৩৬৫টি বাড়ি রয়েছে!”

বিএনপি মহাসচিব বলেন, “সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়েছে। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তিন তিনটি নির্বাচন জোর করে দখল করে নিয়েছিল।”

মির্জা ফখরুল আরও বলেন, “আমরা তারেক রহমানকে আর এখানে (লন্ডন) রাখতে চাই না। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে, বলছে- কবে তারেক রহমান আসবেন।”

৮৬৬ ম্যাচের ক্যারিয়ারে

৮৬৬ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড পেলেন নয়্যার!

৮৬৬ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড পেলেন নয়্যার!

ডেস্ক রিপোর্ট:

পেশাদার ফুটবলে এখন পর্যন্ত ৮৬৬টি ম্যাচ খেলা জার্মানির বিশ্বকাপজয়ী গোলকিপার ম্যানুয়েল নয়্যারের জন্য একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখেছেন তিনি। জার্মান কাপে শেষ ষোলোর লড়াইয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ৩৮ বছর বয়সী এই গোলকিপারকে।

ম্যাচে নয়্যারের ক্লাব বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ছিল বায়ার লেভারকুসেন। ঘটনা ঘটে ম্যাচের শুরুর দিকে। ১৮ মিনিটে বক্স ছেড়ে বের হয়ে প্রতিপক্ষকে রুখে দেওয়ার জন্য এগিয়ে যান নয়্যার। তখনই ঘটে অঘটন।

প্রতিপক্ষ ডিফেন্ডার জেরেমি ফ্রিম্পংকে রুখতে গিয়ে তাকে আঘাত করেন নয়্যার। এই বাজে ফাউলের কারণে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান।

এটি ছিল ক্যারিয়ারে প্রথমবার সরাসরি লাল কার্ড পাওয়া নয়্যারের জন্য। এর আগে ২৩ বার হলুদ কার্ড দেখলেও এমন অভিজ্ঞতা হয়নি তার। এই ঘটনায় বিব্রত হয়ে মাঠ ছাড়ার সময় অনুতপ্ত ছিলেন তিনি এবং কোচকে ইঙ্গিত দিয়ে তার দুঃখ প্রকাশ করেন।

অবিশ্বাস্যভাবে, এই ঘটনার পর বায়ার্ন মিউনিখ হেরে যায়। লেভারকুসেন ১-০ গোলে জিতে ২০ বারের জার্মান কাপ জয়ী বায়ার্নকে পরাজিত করে।

কুমিল্লায় মাদক ব্যবসা নিয়ে

কুমিল্লায় মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লায় মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ রিপোর্টার:

মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে কুমিল্লায় ছুরিকাঘাতে সজিব হোসেন বাবু নামে এক যুবক খুন হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাতে নগরীর অশোকতলা এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সজিব।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা সজিব হোসেন বাবু নগরীর অশোকতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী নয়ন বন্ড ও তার সহযোগীদের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে বাবুর বিরোধ চলছিল। এই বিরোধের জেরে মঙ্গলবার রাতে নয়ন বন্ড ও তার সহযোগীরা সজিবকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর ঝাউতলা এলাকার মুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বুধবার বেলা ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

আগস্টে ক্ষমতার পালাবদলের পর থেকে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনকে রাজনৈতিক বিষয় বলে উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এ পরিস্থিতি বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, “ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনটি রাজনৈতিক। তবে এটি আমাদের বাণিজ্যে প্রভাব ফেলবে না। ব্যবসায়ীরা রাজনীতিবিদদের বক্তব্যে বিভ্রান্ত হন না। তারা পণ্য বেচাকেনা করেন। যেখান থেকে বাংলাদেশ সস্তায় পণ্য পাবে, সেখান থেকেই কিনবে।”

তিনি আরও জানান, ভারত, মিয়ানমার ও ভিয়েতনাম থেকে চাল আমদানি করা হচ্ছে। রমজানে পণ্যের কোনো সংকট হবে না। তবে বিশ্ববাজারে সয়াবিনের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে এর সরবরাহে কিছুটা প্রভাব পড়ছে।

রমজানের প্রস্তুতির অংশ হিসেবে খেজুর, তেল ও মসুর ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করা হচ্ছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। এসব পণ্যের ওপর ভ্যাট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাজারে জিনিসপত্রের দামে ইতিবাচক প্রভাব ফেলবে।

তবে তিনি বলেন, “জিনিসপত্রের দাম কমানোর পথে রাজনৈতিক চাঁদাবাজি একটি বড় বাধা। সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হচ্ছে না।”

কুমিল্লায় ব্যাগভর্তি টাকা

কুমিল্লায় ব্যাগভর্তি টাকা ও বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেফতার ২

কুমিল্লায় ব্যাগভর্তি টাকা ও বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় পুলিশের অভিযানে বিভিন্ন রকমের বিপুল পরিমান মাদকসহ নগদ ১০ লাখ ৮২ হাজার টাকা জব্দ করা হয়েছে। এইসময় ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের শাহাপুর পূর্বপাড়া এলাকার মোঃ শহীদ মিয়ার বসত বাড়িতে অভিযান পরিচালনা করে এসব মাদক ও টাকা জব্দ করা হয়।

বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) আরাফাত হোসেন।

গ্রেফতারকৃতরা সদর উপজেলার শাহাপুর গ্রামের মৃত আবদে আলীর ছেলে আবদুস সাত্তার (৫২) এবং সদর দক্ষিণ উপজেলার লালমাই দক্ষিন কাছার এলাকার আবদুল হাইয়ের মোঃ পারভেজ (১৫)।

প্রেস বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চকবাজার ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল।

এ সময় শাহাপুর এলাকায় শহীদ মিয়ার বাড়ি থেকে ৮৪ বিদেশী মদ, ৪৮ বোতল ফেন্সিডিল, ৯৩ বোতল স্কাফ সিরাপ, ৭৯ বোতল বিয়ার, ৭৭৫ পিস ইয়াবাহ নগদ ১০ লাখ ৮২ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় দুজনকে গ্রেফতার করা হয়।

চকবাজার ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মঈন উদ্দিন আসামীদেরকে বুধবার বিকেলে আসামীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

কর্মী সম্মেলনে সরগরম কুমিল্লা

কর্মী সম্মেলনে সরগরম কুমিল্লা, দেড় যুগ পর জামায়াতের কর্মী সম্মেলন

কর্মী সম্মেলনে সরগরম কুমিল্লা, দেড় যুগ পর জামায়াতের কর্মী সম্মেলন

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) সকালে কুমিল্লার কান্দিরপাড় টাউন হলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ কর্মী সম্মেলন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) কুমিল্লার ঐতিহাসিক টাউনহল মাঠ এবং কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “স্বাধীনতার পর থেকে ৫৩ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনও সঠিক পথে এগোতে পারেনি। স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ হওয়া বীরদের আমরা স্মরণ করছি। কিন্তু বর্তমান সরকার আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। প্রতিবেশী দেশ ভারতের অন্যায় আচরণেরও আমরা নিন্দা জানাই।”

তিনি আরও জানান, কর্মী সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন এবং এতে সাংবাদিকসহ প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। সম্মেলনের প্রচারণার জন্য নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানো হচ্ছে।

টাউনহল মাঠে মঞ্চ তৈরির পাশাপাশি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মহিলা নেতাকর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। টাউনহল মাঠের সঙ্গে ঈদগাহ মাঠের ডিজিটাল সংযোগও রাখা হবে।

কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান সোহেল বলেন, “২০০৫ সালের পর দীর্ঘ সময় কুমিল্লায় কোনো বড় কর্মী সম্মেলন হয়নি। এবার আমরা অন্তত ২৫ হাজার নেতাকর্মীর উপস্থিতি আশা করছি। এ সম্মেলন কর্মী সমাবেশ হলেও এটি বিশাল জনসভায় রূপ নিতে পারে।”

এ সময় আরো বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ,কুমিল্লা জেলা দক্ষিন জেলা আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট,উত্তর জেলা আমীর আব্দুল মতিন,মহানগরী জামায়াতের নায়েবে আমীর যথাক্রমে মো:মোছলেহ উদ্দিন,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,মহানগর জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান।

মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল এর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন,সহকারী সেক্রেটারী কাউন্সিলর মোশারফ হোসাইন,নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।

উল্লেখ্য, ৬ ডিসেম্বর কর্মী সম্মলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা.শফিকুর রহমান,ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম ও মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম,কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মুহাম্মদ আবদুর রব,চাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাড জসীম উদ্দিন সরকার।