বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: আদালতে শাজাহান খান

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৫, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর আদালত থেকে নামানোর সময় সাবেক নৌমন্ত্রী শাজাহান খান মজাক করে বলেন, ‘কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।’

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৫ মার্চ) যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।

বুধবার সকাল ১০টা ৬ মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয় শাজাহান খান, আনিসুল হক, কামাল মজুমদার, আতিকুল ইসলাম, সোলায়মান সেলিমসহ অন্য আসামিদের। এসময় এক সাংবাদিক তার কুশলাদি জিজ্ঞেস করলে উত্তরে তিনি বলেন, ‘আছি তোমাদের দোয়ায়।’ সাংবাদিক জিজ্ঞেস করেন, ‘কি দোয়া করব?’ উত্তরে সাবেক নৌমন্ত্রী বলেন, ‘দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি, এ সমস্ত কারণে দোয়া করবা।’

এসময় ওই সাংবাদিক আবার বলেন, ‘সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন।’ উত্তরে শাজাহান খান বলেন, ‘আমরা বারোটা বাজিয়েছি না, কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে।’

এরপর তাদের কাঠগড়ায় উঠানো হয়। এসময় তাদের হাতের হ্যান্ডকাফ এবং মাথার হেলমেট খুলে দেওয়া হয়। এরপর ১০টা ১৫ মিনিটে বিচারক এজলাসে উঠলে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। পরে আদালত এক এক করে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এরপর তাদের আদালত থেকে নামিয়ে কারাগারের উদ্দেশ্যে নেওয়া হয়। এসময় আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন, ‘আপনি এত হাসেন কেন?’ উত্তরে শাজাহান খান বলেন, ‘আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকবো।’ সাংবাদিক আবার জিজ্ঞেস করেন, ‘কারাগারে কেমন আছেন?’ উত্তরে তিনি বলেন, ‘খুব ভালো আছি। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।’