All posts by jitu

২০২৫ সালের শেষের দিকে

২০২৫ সালের শেষের দিকে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা

২০২৫ সালের শেষের দিকে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যদি অল্প কিছু সংস্কার এবং নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করা হয়, তবে ২০২৫ সালের শেষের দিকে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হতে পারে।

তিনি আরও বলেন, প্রত্যাশিত মাত্রার সংস্কার যদি রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়ন করা হয়, তাহলে হয়তো আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগবে। সেক্ষেত্রে ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল ১০টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন ড. ইউনূস।

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে তিনি বলেন, এই সরকারের মেয়াদে প্রথমবারের মতো প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ নিশ্চিত করতে চাই। এ জন্য একটি নির্ভরযোগ্য ব্যবস্থা তৈরি করা জরুরি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ড. ইউনূস বলেন, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, যা এখন দেশে অস্থিরতা সৃষ্টি এবং জাতীয় সংহতি বিনষ্টের কাজে ব্যবহার করা হচ্ছে।

এই প্রেক্ষাপটে তিনি সবাইকে সচেতন থেকে জাতীয় ঐক্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন।

চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

হাবিবুর রহমান মুন্না:
কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কের গাছের সাথে বাসের ধাক্কায় দুর্ঘটনায়  তিনজন নিহত হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটির আরো দুই যাত্রীর  অবস্থা আশংকাজনক। সর্বমোট আহত হ‌য়ে‌ছেন ৮ জন যাত্রী।

রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কু‌মিল্লার  চৌদ্দগ্রা‌মের পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন জানান,সকা‌লে ঢাকামুখী হানিফ পরিবহরের একটি যাত্রীবাহী বাস পদুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় বাসটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পু‌লিশ ঘটনাস্থল থে‌কে দূর্ঘটনাতব‌লিত বাস উদ্ধার ক‌রে‌ছে।আহত‌দের চৌদ্দগ্রাম স্বাস্থ‌্য কম‌প্লেক্সে পাঠা‌নো হ‌য়েছে। গুরুতর আহত দুজন‌কে ঢাকা মে‌ডি‌কে‌ল কলেজ হাসপাতালে  প্রেরণ করা হ‌য়ে‌ছে।

দেশে বিরাজনীতিকরণের প্রয়াস

দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রুহুল কবির রিজভী

দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা সংস্কার নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি চেষ্টা।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “গতকাল একজন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তা পুরোপুরি মিথ্যা। তার মন্তব্য বিভ্রান্তিকর এবং ইতিহাসের বিপরীতে। বিশ্বজুড়ে যত সংস্কার হয়েছে, তা রাজনীতিবিদদের হাতেই হয়েছে। ব্রিটেন কিংবা আমেরিকা—সবখানেই পার্লামেন্টের মাধ্যমে সংস্কার বাস্তবায়িত হয়েছে। তাই সংস্কার নিয়ে রাজনীতিকদের দোষারোপ করা ইতিহাসের প্রতি অজ্ঞতার পরিচায়ক।”

তিনি আরও বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। প্রতিটি দেশের পরিস্থিতি ও চাহিদার ভিত্তিতে সময়ে সময়ে এ পরিবর্তন ঘটে, এবং এটি রাজনীতিবিদরাই সম্পন্ন করেন। একদিনে সমাজের অনিয়ম দূর হয় না, এর জন্য প্রয়োজন সবার সহযোগিতা।”

বর্তমান সরকারের অবস্থান প্রসঙ্গে রিজভী বলেন, “সরকার এখন রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে রয়েছে।”

দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি নেতা বলেন, “দেশের বিরুদ্ধে অপপ্রচার, অপতথ্য, এবং হুমকি জাতি কখনোই মেনে নেবে না। আমাদের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই দেশ কারও হুমকিতে মাথা নত করবে না। আমরা কারও দাসত্ব মেনে নেব না।”

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, এবং আরও অনেকে।

গুগল সার্চে ২০২৪ সালে শীর্ষে

গুগল সার্চে ২০২৪ সালে শীর্ষে মেসির দুটি দল

গুগল সার্চে ২০২৪ সালে শীর্ষে মেসির দুটি দল

ডেস্ক রিপোর্ট:

ফুটবলে বা পায়ের জাদুতে গোটা বিশ্বে খ্যাতি অর্জন করেছেন লিওনেল মেসি। বিশ্বের প্রায় সব প্রান্তেই তার অসংখ্য ভক্ত সমর্থক রয়েছে, যারা সবসময় তার প্রিয় তারকার খোঁজ রাখেন। মেসি কখনও তাদের হতাশ করেন না এবং তার দারুণ ফুটবল শৈলী দিয়ে নিত্য নতুন রেকর্ড ও অর্জনে সমৃদ্ধ করেন নিজের ক্যারিয়ার।

দীর্ঘ ক্যারিয়ারে মেসির পক্ষে প্রায় সব ধরনের অর্জনই রয়েছে। তিনি আটবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। এমন একজন তারকাকে নিয়ে তাই সমর্থকদের আগ্রহের শেষ নেই। মেসি যেখানে, তার সমর্থকরা সেখানেই। এর প্রমাণ পাওয়া যায় ২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা ফুটবল দলের তালিকা থেকে।

গুগলের সার্চ ইঞ্জিনে ২০২৪ সালে সবচেয়ে বেশি খোঁজা ফুটবল দলের তালিকায় প্রথম স্থানে রয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। সব ধরনের খেলা মিলিয়ে মায়ামি তিন নম্বরে রয়েছে।

এই তালিকায় মেসির দুটি দল রয়েছে। একটি হচ্ছে মেসির জাতীয় দল আর্জেন্টিনা, যারা ২০২৪ সালে কোপা আমেরিকা জয়ের পর ফুটবল দল হিসেবে তিন নম্বরে অবস্থান করছে, এবং সম্মিলিত তালিকায় আট নম্বরে রয়েছে।

গুগল সার্চের এই সম্মিলিত তালিকায় সবচেয়ে বেশি দাপট দেখানো দুটি দল হচ্ছে মেজর লিগ বেসবলের (এমএলবি) দুটি দল— নিউইয়র্ক ইয়াঙ্কিস ও লস অ্যাঞ্জেলেস ডজার্স। এ দুটি দলের পরেই অবস্থান করছে মায়ামি। গত মৌসুমে কিছুটা অম্লমধুর কাটানোর পর, মেসির কারণে মায়ামি পুরো বছরজুড়ে আলোচনায় ছিল। আর মেসির জন্যই মায়ামিকে গুগলে বারবার খোঁজা হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট মার্চে চালু করতে চায় সরকার: সালেহউদ্দিন আহমেদ

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট মার্চে চালু করতে চায় সরকার: সালেহউদ্দিন আহমেদ

ডেস্ক রিপোর্ট:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আন্তর্জাতিক নিরাপত্তার সব শর্ত মেনে নির্মিত হয়েছে বলে জানিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার চূড়ান্ত অনুমোদন এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে ২০২৫ সালের মার্চে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন উপদেষ্টা সালেহউদ্দিন।

এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলকে সঙ্গে নিয়ে তিনি রূপপুর প্রকল্প পরিদর্শন করেন।

রূপপুর প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “পরমাণু নিরাপত্তার সর্বাধুনিক পদ্ধতি অনুসরণ করেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। আমরা এ প্রকল্পের ইতিবাচক প্রভাব দ্রুত দেশের কাজে লাগাতে চাই।”

প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “বড় প্রকল্প হিসেবে মেয়াদ কিছুটা বাড়াটা স্বাভাবিক। ব্যয়ের ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সুদের বিষয়ে সমঝোতার সুযোগ রয়েছে।”

এ সময় তিনি বিগত সরকার কর্তৃক রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস হওয়ার কথা উল্লেখ করেন এবং সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোকাব্বির হোসেন, পাবনার জেলা প্রশাসক মফিজুল হক, পুলিশ সুপার মোর্তজা আলীসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে

আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে: মির্জা ফখরুল

আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা এবং গণহত্যা করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে তারা আজ এখানে উপস্থিত হতে পারেনি।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় আশাবাদী। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমরা তাদের সহযোগিতা করছি। আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এর মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের ঠিক আগে, পাক হানাদার বাহিনী বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক ও সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। এই দিনটি আমাদের জন্য শোকের। ১৯৭১ সালে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি।

জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা আজ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

বিএনপির মহাসচিব আরও বলেন, আজকের এই দিনে আমরা শপথ নিয়েছি, বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে যে কারণে যুদ্ধ করেছিল—একটি স্বাধীন, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন পূরণ করতে। এই যুদ্ধের সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে।

তিনি বলেন, ৩৬ জুলাই বা ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আমরা এই সুযোগকে সদ্ব্যবহার করে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে চাই। আমাদের লক্ষ্য একটি আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. মঈন খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল ইসলাম, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ

রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয়: উপদেষ্টা আসিফ

রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয়: উপদেষ্টা আসিফ

ডেস্ক রিপোর্ট:

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয়। এটাই সবার মূল প্রত্যয় হওয়া উচিত।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “শহিদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন, প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটার ধারাবাহিকতাই ছিল আমাদের জুলাই গণঅভ্যুত্থান। তরুণরা জীবনকে তুচ্ছজ্ঞান করে গণতন্ত্র প্রতিষ্ঠা, বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গঠনের জন্য লড়াই করেছে।”

ড. আসিফ নজরুল আরও বলেন, “১৯৭১ সালে শহিদ বুদ্ধিজীবীসহ অনেকের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তবে সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা ব্যর্থ হয়েছিলাম। একদলীয় মানসিকতা ও কিছু দলের ব্যর্থতার কারণে তা নষ্ট হওয়ার পথে ছিল। আজ আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত সেই ব্যর্থতার পুনরাবৃত্তি রোধ করা।”

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “শহিদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এবং আদর্শকে পুরোপুরি ধারণ করে অন্তর্বর্তী সরকার কাজ করছে।”

এর আগে সকাল ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ৭টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন।

‘পুষ্পা ২’ সিনেমার অভিনেতা

‘পুষ্পা ২’ সিনেমার অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার

‘পুষ্পা ২’ সিনেমার অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আল্লু অর্জুনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। শুক্রবার দুপুরে অভিনেতাকে গ্রেফতার করা হয়।

হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছানোর পর দর্শক ও অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ভিড়ের চাপে ভেঙে যায় প্রেক্ষাগৃহের মূল গেট। পদপিষ্ট হয়ে মারা যান এক নারী। গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই নারীর সন্তান।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ভক্তের নাম রেবতী। ঘটনার দিন রেবতীর সঙ্গে তার ৮ বছর বয়সী ছেলে শ্রীতেজ উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, অভিনেতার টিম কিংবা প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে যথাযথ তথ্য দেওয়া হয়নি। যার ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশ আগেই মোতায়েন করতে পারেনি।

হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, সন্ধ্যা থিয়েটারের কর্তৃপক্ষ, আল্লু অর্জুন এবং তার নিরাপত্তা দলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ও ১১৮(১) ধারায় মামলা করা হয়েছে। নিহত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতে চিক্কাদপল্লী থানায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনার দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দিয়েছে হায়দরাবাদ পুলিশ।

পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর পুলিশ একটি বিবৃতি দিয়ে দাবি করেছে, আল্লু অর্জুন কোথায় এবং কখন ছবির প্রিমিয়ারের জন্য যাবেন, সে সম্পর্কে পুলিশকে যথাযথ তথ্য দেয়া হয়নি তার টিমের পক্ষ থেকে। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষও পুলিশকে কিছু জানায়নি। ৪ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে আচমকা সন্ধ্যা থিয়েটারে পৌঁছান অর্জুন। তখন সেখানে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার উপলক্ষে ভিড় ছিল এবং অভিনেতা নিজে উপস্থিত হওয়ায় দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

ধর্ষণের মামলা থেকে মুক্তি পেলেন

ধর্ষণের মামলা থেকে মুক্তি পেলেন কিলিয়ান এমবাপে

ধর্ষণের মামলা থেকে মুক্তি পেলেন কিলিয়ান এমবাপে

ডেস্ক রিপোর্ট:

গত অক্টোবরে সুইডেনের স্টকহোমে দুই দিনের সফরে গিয়েছিলেন কিলিয়ান এমবাপে। তবে সেই সফরটি তার জন্য অনাকাঙ্ক্ষিত এক বিতর্কের জন্ম দেয়। স্টকহোমের একটি ঘটনায় ধর্ষণের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে যে অভিযোগটি ভিত্তিহীন।

এমবাপের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। কিন্তু তার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তদন্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা জানান, সুইডিশ রাজধানীর একটি হোটেলে ঘটে যাওয়া ঘটনাটির বিষয়ে তদন্তের জন্য যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

সিরাকোভা বলেন, “তদন্ত চলার সময় একজন সুপরিচিত ব্যক্তিকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দুটি ঘটনায় সন্দেহের তালিকায় রাখা হয়েছিল। তবে আমার মূল্যায়ন হচ্ছে, তদন্ত চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ আমাদের হাতে নেই। তাই এই তদন্ত বন্ধ করা হলো।”