All posts by jitu

কুমিল্লায় বিজিবির অভিযানে

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৭৫০ কেজি ভারতীয় চিনি ও ট্রাক জব্দ

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৭৫০ কেজি ভারতীয় চিনি ও ট্রাক জব্দ

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৭৫০ কেজি ভারতীয় চিনি এবং একটি বাংলাদেশি ট্রাক জব্দ করেছে।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৫ লক্ষ ৮০ হাজার টাকা।

রোববার (১৬ নভেম্বর) ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর কটকবাজার পোষ্টের টহলদল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ২০৮০/এম থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে এই চিনি ও ট্রাক আটক করা হয়।

আটককৃত মালামাল ও যানবাহন পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুমিল্লা ব্যাটালিয়ন মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

কুমিল্লা শাসনগাছায়

কুমিল্লা শাসনগাছায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে ৩টি দোকানকে জরিমানা

কুমিল্লা শাসনগাছায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে ৩টি দোকানকে জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা শহরের শাসনগাছায় অবস্থিত বাদশা মিয়া বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) এ অভিযানে ৩টি দোকানকে ৩টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শ্রী রতন কুমার দত্ত।

এ ছাড়া, পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস এবং পরিদর্শক জোবায়ের হোসেন প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানে উপস্থিত ছিলেন উক্ত কার্যালয়ের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার এবং জেলা পুলিশের সদস্যরা।

পরিবেশ সুরক্ষার জন্য এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।

স্পষ্টভাবে জানি না কবে নাগাদ

স্পষ্টভাবে জানি না কবে নাগাদ নির্বাচন দেয়া সম্ভব হবে: পররাষ্ট্র উপদেষ্টা

স্পষ্টভাবে জানি না কবে নাগাদ নির্বাচন দেয়া সম্ভব হবে: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে সরে যেতে চাই। তবে আমরা স্পষ্টভাবে জানি না কবে নাগাদ নির্বাচন দেয়া সম্ভব হবে। কারণ, কিছু কমিশন কাজ করছে এবং তাদের প্রতিবেদন পেলে আমরা বুঝতে পারব কত দ্রুত এই কাজটি করতে সক্ষম হব।”

রোববার (১৭ নভেম্বর) ব্রিটিশ ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের আগ্রহ রয়েছে। তারা জানাতে চেয়েছে, অন্তর্বর্তী সরকারকে কীভাবে সহায়তা করতে পারে।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জানার কিছু নেই। তবে আমরা তাকে ভিসা সংক্রান্ত সহায়তা প্রদান করছি এবং চাই যে তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে পারেন।”

ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ঢাকায় কোনো বার্তা নিয়ে এসেছেন কিনা— এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের কাছে তিনি কোনো বার্তা দেননি।”

বৈঠকে আলোচনার বিষয়ে উপদেষ্টা জানান, তারা দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা করেছেন। অবৈধ অভিবাসীদের ফেরানোর বিষয়ে তাদের সঙ্গে একটি প্রক্রিয়া রয়েছে। যুক্তরাজ্য বলেছে, তারা যেন তাদের ফেরত নেয়, এবং আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করছি। তবে ইতালি নিয়ে আমাদের কিছু সমস্যা রয়েছে। পশ্চিমা দেশগুলো অভিবাসন বিষয়ে যে বার্তা দিচ্ছে, তার সঙ্গে আমাদের একমত না হয়ে উপায় নেই।

২০২৫ সালের বিশ্ব ইজতেমার তারিখ

২০২৫ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

২০২৫ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

আগামী বছর দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ ও কাদের অধীনে হবে তা চূড়ান্ত হয়েছে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি শুরায়ী নেজামের অধীনে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি সাদপন্থীদের অধীনে। রোববার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন যে, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশ্ব ইজতেমা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের বিশ্ব ইজতেমার আয়োজন আরও সুন্দর ও মহিমান্বিত করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারী, শুরায়ী নেজাম) আয়োজিত হবে, এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদের অনুসারী) আয়োজন করবে।

বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তরের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্বের আয়োজকরা তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ বিভাগীয় কমিশনার ঢাকার নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে ৪ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে বুঝিয়ে দেবেন। দ্বিতীয় পর্বের আয়োজকরা ৪ ফেব্রুয়ারি বিকেলে উক্ত কমিটি থেকে ইজতেমার মাঠ বুঝে নিবেন এবং ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি দুপুরে কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন।

এছাড়া বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক কার্যক্রম তদারকি সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সহকারী শিক্ষকদের দশম গ্রেড

সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা

সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

সহকারী শিক্ষকদের জন্য দশম গ্রেড প্রস্তাব বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তবে তিনি বলেছেন, এই প্রস্তাবকে পুরোপুরি অযৌক্তিক বলা যায় না।

রোববার (১৭ নভেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান, ডিআইজি মো. মুশফেকুর রহমান এবং পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।

উপদেষ্টা বলেন, দেশের প্রশাসনিক কাঠামো যথেষ্ট দক্ষ এবং নির্ভরযোগ্য। গত জুলাই-আগস্টে কঠিন পরিস্থিতিতেও প্রশাসন কার্যক্রমে কোনো ছন্দপতন হয়নি। তিনি প্রশাসনের প্রতি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার এবং ট্যাক্সদাতাদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা সঠিকভাবে পরিচালিত না হলে গোড়াতেই গলদ থেকে যায়। প্রাথমিক শিক্ষার উন্নয়নে এলজিইডি ও প্রশাসনের সহযোগিতার উপর জোর দেন তিনি।

তিনি আরও জানান, একটি গবেষণায় দেখা গেছে ময়মনসিংহ অঞ্চলের তুলনায় সিলেট অঞ্চলের প্রাথমিক শিক্ষা পিছিয়ে আছে। দেশের বিপুল জনশক্তিকে সম্পদে পরিণত করতে যথাযথ উদ্যোগ প্রয়োজন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, জানুয়ারিতে প্রাথমিক স্তরের পাঠ্যবই বিতরণের জন্য প্রস্তুতি চলছে। ইতোমধ্যে বই ছাপানোর ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে।

সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে তারা ১৩তম গ্রেডে আছেন। তবে দশম গ্রেড পাওয়ার জন্য আরও সময় লাগবে। কারণ, প্রধান শিক্ষকরাও এখনো দশম গ্রেড পাননি। সহকারী প্রধান শিক্ষকের ৯,৫৭২টি নতুন পদ সৃষ্টির প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি মিলেছে। এতে সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতির সুযোগ থাকবে।

পরে উপদেষ্টা সিলেটের গ্র্যান্ড হোটেলে “ওয়ার্কশপ অন ডিজাইনিং ফর দ্য নেক্সট সেক্টর প্রোগ্রাম (পিইডিপি-৫)” অনুষ্ঠানে বক্তব্য দেন এবং সিলেট পিটিআই পরিদর্শন করেন।

প্রয়োজনের চেয়ে একদিনও বেশি

প্রয়োজনের চেয়ে একদিনও বেশি আমরা থাকতে চাই না: ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রয়োজনের চেয়ে একদিনও বেশি আমরা থাকতে চাই না: ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণিসম্পদ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এ সরকারের জন্য প্রয়োজনীয় সময়টুকুই যথেষ্ট, এর বেশি থাকার কোনো ইচ্ছা নেই। তিনি বলেন, “পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়, প্রয়োজনের চেয়ে একদিনও বেশি আমরা থাকতে চাই না। আগামী ডিসেম্বর মাস শেষ হতে দিন, কারণ এই সময়ের মধ্যে বেশ কিছু সংস্কারের প্রতিবেদন আসবে। তখন পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা সম্ভব হবে।”

রোববার (১৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ নীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে, সেটি যেন পূর্বের অবস্থায় ফিরে না যায়। অতীতের অনিয়ম, দুর্নীতি এবং অন্যায়গুলো আমরা পুরোপুরি ঠিক করতে পারব না, তবে অন্তত কিছুটা পরিবর্তন আনতে পারি। আমাদের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে জনগণের ইচ্ছা অনুযায়ী সঠিকভাবে নির্বাচিত একটি সরকার আসতে পারে।”

ফরিদা আখতার বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গঠিত। এটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। আমরা হেলাফেলা করার সুযোগ নেই। আমাদের দায়িত্ব হলো একটি ভাল সরকারের জন্য পরিবেশ তৈরি করা, প্রয়োজনীয় সংস্কার করা এবং জনগণের প্রত্যাশা পূরণের পথ সুগম করা। নিজেদের ইচ্ছামতো কিছু করার জন্য আমরা এখানে নেই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি তৌফিকুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

র‌্যাব-পুলিশের ৫৩ কর্মকর্তার বিরুদ্ধে

র‌্যাব-পুলিশের ৫৩ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

র‌্যাব-পুলিশের ৫৩ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

ডেস্ক রিপোর্ট:

বিভিন্ন সময়ে নির্যাতন ও গুমের শিকার হয়ে র‌্যাব ও পুলিশের নির্যাতনে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়া ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাতজন নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথকভাবে এসব অভিযোগ দাখিল করা হয়। এখনও একজন নিখোঁজ রয়েছেন, তার পক্ষে তার ভাই লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

ভুক্তভোগী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ড. আমানুল্লাহ আল জিহাদী (আদীব) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুম, নির্যাতন ও পঙ্গুত্বসহ অমানবিক এবং বর্বোচিত ঘটনার সঙ্গে জড়িত র‌্যাব ও পুলিশের ৫৩ জন কর্মকর্তার নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করা হয়েছে।

ট্রাইব্যুনাল ও ভুক্তভোগী বাদী পক্ষের আইনজীবীরা জানান, অভিযোগকারীরা হলেন- পা হারানো রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের আবাসিক শাখার কর্মী ও মতিহার থানাধীন বিনোদপুর বাজারের বাসিন্দা মো. জনি ইসলাম, চট্টগ্রাম বাঁশখালীর ছাত্রশিবিরের কর্মী মো. আব্দুল করিম, পঙ্গু হয়ে যাওয়া বগুড়া শেরেপুরের শিবিরের সাবেক কর্মী আলমগীর হোসেন, নির্যাতনে চোখ হারানো নোয়াখালীর দেলোয়ার হোসেন মিশু, পঙ্গু হয়ে যাওয়া চট্টগ্রাম রাঙ্গুনিয়ার সাইফুল ইসলাম তারেক, গুলশান ভাটারা থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরুল আমিন এবং ঝিনাইদহের রতনহাট উপজেলার একটি ইউনিয়নের ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. কামারুজ্জামান।

১০০ দিনে ৮৬ হাজার ২শ' ৭৭ জনের

১০০ দিনে ৮৬ হাজার ২শ’ ৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার

১০০ দিনে ৮৬ হাজার ২শ’ ৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকার গত ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৭ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই কর্মসংস্থানের মধ্যে ২ হাজার ৪৬৮ জনকে রাজস্ব খাতে এবং ৮৩ হাজার ৮০৯ জনকে প্রকল্প খাতে (আত্মকর্মী ও উদ্যোক্তা হিসেবে) নিয়োগ দেওয়া হয়েছে। কর্মসংস্থানের এই উদ্যোগ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, যার মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এছাড়া, ২০২৪-২৫ অর্থবছরে ২ লাখ ৬৪ হাজার ৮০ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে গত ১০০ দিনে ১৯ হাজার ৪৫২ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং বর্তমানে ৫২ হাজার ১১৫ জন প্রশিক্ষণরত রয়েছেন।

এছাড়া, ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে ৭১০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ২৩১ জনকে ট্রাফিক সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সরকার আগামী দুই বছরে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানান যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

বলিউডে নতুন চমক

বলিউডে নতুন চমক! অজয়ের পরিচালিত ছবিতে নায়কের ভূমিকায় অক্ষয়

বলিউডে নতুন চমক! অজয়ের পরিচালিত ছবিতে নায়কের ভূমিকায় অক্ষয়

ডেস্ক রিপোর্ট:

ক্যামেরার সামনে অভিনেতার রোল থেকে অনেক আগেই পরিচালক হিসেবে পরিণত হয়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। ক্যামেরার পেছনের কারিগরি এবং খুঁটিনাটি বিদ্যাটা তিনি ভালোভাবেই জানেন। এর আগে তিনি চারটি সিনেমা পরিচালনা করেছেন, প্রতিটিতেই নিজেই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তবে এবার কিছুটা ভিন্ন পথে হাঁটলেন অজয়। তার পরিচালিত সিনেমার মুখ্য চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে।

এমন সময়, যখন খিলাড়ি কুমার বক্স অফিসে ফ্লপের মুখে পড়েছিলেন, ঠিক তখনই পরিচালক তথা সহকর্মী অজয় দেবগণ অক্ষয়ের প্রতি ভরসা রাখলেন। এটি হবে প্রথমবার, যখন অজয় পরিচালিত ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার।

এই বড় খবরটি শনিবার সন্ধ্যায় হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চে ঘোষণা করেন অজয় দেবগণ। তিনি বলেন, “আমি আর অক্ষয় একসঙ্গে একটি কাজ করছি, যেখানে পরিচালক হিসেবে আমি এবং অক্ষয় মুখ্য চরিত্রে অভিনয় করবেন।”

গল্পটি কি ধরনের হবে—অ্যাকশন না কমেডি? এমন প্রশ্নের উত্তরে দুই তারকাই জানিয়েছেন, “এখনই এত বিস্তারিত বলা যাবে না।” এর আগে অজয় দেবগণ পরিচালনা করেছেন ‘ইউ মি অউর হাম’, ‘শিবায়’, ‘রানওয়ে ৩৪’, এবং ‘ভোলা’—এই চারটি সিনেমা।

সম্প্রতি রোহিত শেট্টির তারকাখচিত ‘সিংহম এগেইন’ সিনেমায় একসাথে স্ক্রিন শেয়ার করেছেন অক্ষয় কুমার এবং অজয় দেবগণ, যেটি বক্স অফিসে বেশ সফল। এখন, সহ-অভিনেতাকে পাশে রেখে নতুন ছবির খবর দিলেন অজয়। বর্তমানে অক্ষয় ব্যস্ত রয়েছেন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার শুটিং নিয়ে, এবং পরবর্তী বছর শুরু করবেন ‘হেরা ফেরি ৩’ ছবির কাজ।