Tag Archives: আসিফ মাহমুদ

শুধুমাত্র একটি নির্বাচনের জন্য

শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি: উপদেষ্টা আসিফ মাহমুদ

শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি: উপদেষ্টা আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধ্বংস করে যাওয়া দেশের সব প্রতিষ্ঠান সংস্কারের কাজ শেষ করেই নির্বাচনের পথে অগ্রসর হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, শুধুমাত্র একটি নির্বাচন বা ভোটের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি।

বুধবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। পরে তিনি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

আসিফ মাহমুদ বলেন, আন্দোলনে প্রায় ২ হাজারের বেশি শহীদ এবং ২০ হাজারের বেশি আহত হয়েছেন। শহীদ ও আহতদের পরিবার সংস্কার কার্যক্রমের দাবি জানাচ্ছে। অন্তর্বর্তী সরকারের স্পষ্ট ম্যান্ডেট হলো এই সংস্কারগুলো সম্পন্ন করা। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের কমিশনগুলো তিন মাসের মধ্যে প্রস্তাবনা জমা দেবে। এরপর স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কারের কাজ সম্পন্ন হবে এবং তারপরই নির্বাচন হবে।

উত্তরবঙ্গের জেলাগুলোর উন্নয়ন বরাদ্দে বৈষম্য দূর করার প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় মান অনুযায়ী অন্যান্য এলাকায় ৪০ শতাংশ পাকা রাস্তা রয়েছে, অথচ বালিয়াডাঙ্গীতে এই হার মাত্র ৩১ শতাংশ। এই বৈষম্য দূর করে দ্রুত বালিয়াডাঙ্গীকে জাতীয় মানে উন্নীত করা হবে।

তিনি শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব আরোপ করে স্কুল-কলেজগুলোর ভবন নির্মাণ এবং বালিয়াডাঙ্গীতে একটি উন্নত মানের লাইব্রেরি নির্মাণের জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দেন।

আসিফ মাহমুদ আরও বলেন, বিগত সরকারের সময়ে যেসব জেলাগুলো উন্নয়নে পিছিয়ে ছিল, সেগুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পাশাপাশি কিছু দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, যাতে এই সরকারের মেয়াদ শেষ হওয়ার পরও সাধারণ মানুষ প্রকল্পগুলোর সুফল পায়।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিম্নমানের মালামাল সরবরাহ এবং অনিয়মের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যার সমাধানে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কিছু পৌরসভা ক্যাটাগরি পূরণ না করেই অনুমোদন পেয়েছে উল্লেখ করে তিনি জানান, এসব পৌরসভাগুলোর মধ্য থেকে কিছু বাতিল এবং নতুন কিছু পৌরসভা গঠনের কাজ চলছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম এবং ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস।

এর আগে সকালে তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় দুওসুও এবং বড়পলাশবাড়ী ইউনিয়নের সংযোগের জন্য ১২০ মিটার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন।

ভারতের সাথে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনছে অন্তর্বর্তীকালীন সরকার: কুমিল্লায় আসিফ মাহমুদ

ভারতের সাথে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনছে অন্তর্বর্তীকালীন সরকার: কুমিল্লায় আসিফ মাহমুদ

 

স্টাফ রিপোর্টার:

জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারতের সাথে নতুন ধারার পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অতীতের নতজানু সম্পর্কের ইতি টেনে জাতীয় স্বার্থকে আপস না করেই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি আরও জানান, সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের জন্য ভারত সরকার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তিনি এ ঘটনাকে দুই দেশের ভবিষ্যৎ সুসম্পর্কের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

আজ কুমিল্লার বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড)-এর আয়োজনে “আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ রূপান্তর” শীর্ষক দুই সপ্তাহব্যাপী আফ্রিকান-এশিয়ান প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বার্ড-এর মহাপরিচালক এবং বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (আর্ডো)-এর গবেষণা বিভাগের প্রধান ড. খুশনুদ আলী।

শ্রীলঙ্কা, মিশর, ভারত, ঘানা, জাম্বিয়া, নামিবিয়া, গাম্বিয়া, পাকিস্তান, ওমান, মালয়েশিয়া, কেনিয়া এবং বাংলাদেশের ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) আলোকে পল্লী অঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি করাই ছিল দুই সপ্তাহব্যাপী এ কর্মশালার মূল উদ্দেশ্য। আর্ডো-এর সদস্য রাষ্ট্রসমূহের নীতিনির্ধারক এবং আর্থিক সেবা প্রদানকারী কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা উন্নয়নশীল দেশগুলোর অভিজ্ঞতা ভাগাভাগি করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে: কুমিল্লায় আসিফ মাহমুদ

 

স্টাফ রিপোর্টার:

অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, যদি শেখ হাসিনার মত পরিনতি না চান তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের মেন্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে। আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে -ভারতের আশীর্বাদ ছাড়া মনে হয় বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। ফলে তারা যেভাবে বক্তব্য দিচ্ছে স্বাধীনতাক আমি মানুষের জন্য অত্যন্ত কলঙ্কজনক।

আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় আসা যায় না, তাহলে বলতে হয় শেখ হাসিনার চেয়ে বেশি তোর আশীর্বাদ ছিল না, সেই শেখ হাসিনার কি পরিণতি বাংলাদেশের জনগণ করেছে তা আপনার স্পষ্ট ভাবে দেখতে পারছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান বাংলাদেশের জনগণের মেন্ডেটকেই একমাত্র ক্ষমতায় আসার উপায় হিসেবে গ্রহণ করুন।

শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপদেষ্টা আসিফ মাহমুদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হতো। এই অঞ্চলের দাবি কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার আলোচনা করব এবং দ্রুততা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা নিব। আমিও বলব যদি এখানে বিভাগ হয় তাহলে কুমিল্লা নামেই হবে।

অনুষ্ঠানে কুমিল্লা ও অন্যান্য জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া কুমিল্লা জেলার বাসিন্দা মোট ৩৫ জন শহীদ কে অর্থ সহযোগিতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মুরাদনগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পিতা বিল্লাল হোসেন, বিএনপি নেতা শাহ মোফজ্জল হোসেন কায়বাদের ভাই কাজী জুন্নুন বসরী, জাহাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ কফিল উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মাহমুদ, সোনাকান্দা দরবার শরিফের প্রতিনিধি কামরুল হাসান, হেফাজতে ইসলামের প্রতিনিধি মুফতি সাদেকুল ইসলাম ,উপজেলা জামায়াতের আমির মাওলানা আ ন ম ইলিয়াস, সাবেক আমির মনসুর মিয়া, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মুরাদনগর উপজেলা সভপতি এমএম মনিরুল ইসলামসহ অন্যান্যরা।

সঞ্চালনা করেন সমন্বয়ক তরিকুল ইসলাম। এর আগে দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

ভারতের সঙ্গে কথা হবে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়: কুমিল্লায় আসিফ মাহমুদ

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়: কুমিল্লায় আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়। কথা হবে মাথা উঁচু করে। কথা বলতে হবে সমুন্নত সম্মান দিয়ে। ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে। কিন্তু এখন আর তা হবে না। এ দেশের জনগণ পররাষ্ট্রের নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি রাষ্ট্র বাস্তবায়ন করবে। সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে বাংলাদেশকে পেছনে ফেলার যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসেছে সেখান থেকে সরে আসতে হবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে চায়। বাংলাদেশের মানুষ বিলাসিতা চায় না। যে মৌলিক অধিকার রয়েছে, সেগুলো নিশ্চিত হয়ে সুখে-শান্তিতে বসবাস করতে চায়। কিন্তু একটি দীর্ঘ ফ্যাসিবাদের শাসনের যাত্রার ফলে আমরা এমনভাবে পিষ্ট হয়েছি যে ফেসবুকে একটি পোস্ট দিতে গেলেও দশবার ভাবা লাগত। গান গেয়ে অনেককে জেল খাটতে হয়েছে। কবিতা লিখে জেল খাটতে হয়েছে। আজ আমরা এতটুকু স্বস্তিতে অন্তত আছি। এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। কেউ আমাদের আজ বিরক্ত করছে না। র‍্যাব, পুলিশ, ডিবি বলে আমাদের দরজায় কড়া নাড়ছে না।

তিনি আরও বলেছেন, শুধু ১৬ বছর নয়, গত ৫৩ বছর ধরে এ দেশের ওপর শুধু জঞ্জাল জমা হয়েছে। আমরা খুব দ্রুত সেগুলো সমাধান করার চেষ্টা করছি। কিন্তু ৫৩ বছরের জঞ্জাল একদিনে বা এক মাসে কীভাবে সমাধান করা যায় তা আমাদের জানা নেই। কিন্তু ইতোমধ্যে আমরা কিছু পরিবর্তন দেখতে পেরেছি।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আপনারা বিগত ৫৩ বছরে এমন কোনো বন্যা দেখাতে পারবেন না যেখানে ত্রাণ চুরির ঘটনা ঘটেনি। এবার কিন্তু এরকম একটি ঘটনাও ঘটেনি। চাল চুরি করে, ত্রাণ চুরি করে, খাটে লুকিয়ে রাখার ঘটনা একটিও ঘটেনি। এয়ারপোর্টে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের অর্থনীতিকে সচল রেখেছেন, তাদের কীভাবে লাঞ্ছিত করা হত, তাদের লাগেজে আটকে রেখে তাদেরকে কীভাবে কষ্ট দেওয়া হত। এখন কি সেটা আছে? এখন আর সেটা নেই।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন বিআরটিএসহ অনেক সরকারি অফিসে জনগণকে ঘুরাতো, কষ্ট দিত, ঘুরিয়ে তাদের কাছ থেকে ঘুষ আদায় করত। এখন আর কেউ কি সেই সাহস দেখাচ্ছে? সেটি যেন আর কেউ ভবিষ্যতে সাহস না দেখায় আমরা সেই সংস্কারের কথা বলছি। সেই কাঠামোগত সংস্কার কীভাবে হবে সেটি আমরা ২১ জন যারা সরকারে বসেছি আমরা ঠিক করব না, সেটি নির্ধারণ করবেন আপনারা। সেটি নির্ধারণ করবে এ দেশের জনগণ।

আসিফ মাহমুদ বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে তা শোনার জন্যই আমরা এখানে এসেছি। শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই নয় অন্যান্য সংগঠন যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, সবার কথা আমরা শুনব। তারপর একটি রূপরেখা দেব। তৈরি হবে আগামীর বাংলাদেশ।

তিনি আরও বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে শহীদদের তালিকা করা হচ্ছে। আপনারা জানেন অনেককেই বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। ৫ আগস্টের পর অনেক প্রমাণ লোপাট করা হয়েছিল, তা আমাদের খুঁজে পেতে একটু সময় লাগছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যতজন শহীদ হয়েছে সবার তালিকা করা। আমরা আরেকটি কথা স্পষ্ট করে বলতে দিতে চাই। সকল মানুষ তো আর সমান না। যদি সকল মানুষ সমান হতো তাহলে এই ফ্যাসিবাদ কখনোই তৈরি হতো না। এখনো আমরা দেখতে পাচ্ছি একই মনোভাবাপন্ন লোকেরা কিন্তু রয়ে গেছে। আমরা তাদের স্পষ্ট একটি কথা বলতে চাই, আওয়ামী লীগ সরকারের এই পতন তা কিন্তু দীর্ঘদিন তাদের যে চাঁদাবাজি, দখলদারিত্ব, মানুষের ওপর অন্যায়-অবিচার তার একটি চূড়ান্ত ফসল। আপনারাও যদি একই পথে হাঁটেন আপনাদের পরিণতিও সেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মতোই হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, সুমাইয়া আক্তার, হামযা মাহবুব, জিয়া উদ্দিন আয়ান, আলী আহমেদ আরাফ, আবু রায়হান, তাছনিয়া নাওরিন, মহিদুল ইসলাম রিন্তু, ফারিয়া রহমান, খালেদ হাসান এবং নাঈম আবেদিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।