Tag Archives: বাংলাদেশের

অভিষেকেই ম্যাচসেরা

অভিষেকেই ম্যাচসেরা বাংলাদেশের হামজা

অভিষেকেই ম্যাচসেরা বাংলাদেশের হামজা

ডেস্ক রিপোর্ট:

লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেওয়ার পর হামজা চৌধুরীর অভিষেক হলো ইংলিশ চ্যাম্পিয়নশিপের মাঠে। বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিফেন্সিভ মিডফিল্ডার প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন এবং ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন।

শনিবার রাতে ডার্বি কাউন্টির প্রাইড পার্ক স্টেডিয়ামে শেফিল্ড ইউনাইটেড স্বাগতিক দলকে ১–০ ব্যবধানে পরাজিত করে। ৪৯ মিনিটে চিলির ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ জয়সূচক গোলটি করেন। এই জয়ের মাধ্যমে শেফিল্ড পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে। ইংলিশ চ্যাম্পিয়নশিপে শীর্ষ দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়। তাই, এই অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে শেফিল্ড ইউনাইটেড আবারও প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে।

হামজা চৌধুরী এই ম্যাচে পুরো ৯০ মিনিট দলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সতীর্থদের বলের জোগান দিয়ে কোচের আস্থার প্রতিদান দেন। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার তার অভিষেক ম্যাচে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন। ম্যাচে তিনি ৬১ বার বল স্পর্শ করেছেন, ড্রিবলে ১০০% সফলতা অর্জন করেছেন, ৮০% নিখুঁত পাস দিয়েছেন, চারবার লম্বা পাস সফলভাবে সম্পন্ন করেছেন, পাঁচবার গ্রাউন্ড ডুয়েলে জয়ী হয়েছেন, তিনবার প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন এবং দুবার ইন্টারসেপশন করেছেন। উল্লেখ্য, ডার্বি কাউন্টির কোনো খেলোয়াড়ই হামজাকে ট্যাকল বা ড্রিবল করতে পারেননি।

ম্যাচ শেষে শেফিল্ড ইউনাইটেডের এক্স পেজে ম্যাচসেরা খেলোয়াড় বেছে নেওয়ার জন্য ভোট চাওয়া হয়। সেখানে ৭০.৫০% ভোট পড়ে হামজা চৌধুরীর পক্ষে। শেফিল্ড ইউনাইটেডের অফিশিয়াল এক্স পেজে হামজার একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘অভিষেক ম্যাচেই প্লেয়ার অব দ্য ম্যাচ পারফরম্যান্স।’

কোচ ক্রিস ওয়াইল্ডারও হামজার প্রশংসা করে বলেন, ‘হামজা আজ হামজার মতোই খেলেছে। বেশ কিছুদিন ধরে সে কোনো ম্যাচ খেলেনি, কিন্তু আজ মাঠে তার পারফরম্যান্স ছিল চমৎকার। আমি ভেবেছিলাম ৭০ মিনিট পর তাকে বদলি করব, কিন্তু সে এত ভালো খেলছিল যে সেটা করা সম্ভব হয়নি।’

ইংলিশ চ্যাম্পিয়নশিপে ৩০ ম্যাচ শেষে শেফিল্ড ইউনাইটেডের পয়েন্ট ৬১, যা দলকে দ্বিতীয় স্থানে রাখে। শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের পয়েন্ট ৬৩। শেফিল্ডের পরের ম্যাচ আগামী শনিবার পোর্টসমাউথের বিপক্ষে।

আগামী মার্চে সব ঠিক থাকলে হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হতে পারে।

ফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপের জন্য

ফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

আগামী ১৮ জানুয়ারি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। বাংলাদেশের লক্ষ্য, টুর্নামেন্টের ফাইনালে পৌঁছানো।

বিশ্বকাপে খেলার আগে, শ্রীলংকার বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করবে বাংলাদেশ দল। এরপর তারা বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দেবে। বাংলাদেশ দলের প্রত্যাশা রয়েছে বড় কিছু অর্জনের, যা নারী দলের নির্বাচক সজল আহমেদ চৌধুরি জানিয়েছেন।

নিজের দলের প্রত্যাশা নিয়ে সজল বলেন, “আমরা দলের সব দিক বিবেচনা করেছি। ব্যাটিং এবং বোলিংয়ের ক্ষেত্রে বৈচিত্র্য আছে। বাঁহাতি স্পিনার, ফাস্ট বোলার, লেগ স্পিনার সব কিছুই রয়েছে। ভালো অলরাউন্ডারও আছে। দলের সব বিভাগ নিয়ে পরিকল্পনা করে দল সাজানো হয়েছে।”

সম্প্রতি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল খেলেছে এশিয়া কাপে। সেই স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। দুটি পরিবর্তন হয়েছে। মাহারুন নেছা ও আরভিন তানি বাদ পড়েছেন, এবং দলে ডাক পেয়েছেন লাকি খাতুন এবং সাদিয়া ইসলাম।

এশিয়া কাপ থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে সজল বলেন, “মেয়েরা আত্মবিশ্বাসী। বিশ্বকাপের আগে আমরা শ্রীলংকা যাচ্ছি, সেখানে চারটি প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে। আশা করি এই ম্যাচগুলো মেয়েদের আত্মবিশ্বাস বাড়াবে। একই কন্ডিশনে খেলার কারণে, তারা ভালো করবে বলেই বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “আমাদের দলের সবাই বিশেষ গুরুত্ব রাখে। পেস বোলিং ইউনিট খুব ভালো করছে। লেগ স্পিনারও ভালো পারফর্ম করছে। টপ-অর্ডার ব্যাটাররা রান পাচ্ছে। যদি মিডল অর্ডার আরও কিছুটা ছন্দে আসে, তবে সব দিক বিবেচনায় আমরা ফাইনাল খেলার প্রত্যাশা করি।”

১৬ দলের বিশ্বকাপে বাংলাদেশ ‘ডি’ গ্রুপে অবস্থান করছে। তাদের প্রথম ম্যাচ ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে, ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে তাদের খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল:

সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মৎ ইভা, ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার এবং সাদিয়া ইসলাম।

ভারতের অপতথ্য প্রচারে

ভারতের অপতথ্য প্রচারে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না: নৌপরিবহন উপদেষ্টা

ভারতের অপতথ্য প্রচারে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না: নৌপরিবহন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ভারতের অপতথ্য প্রচারে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে।”

সাখাওয়াত হোসেন আরও বলেন, “সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না।”

সাখাওয়াত বলেন, “আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোনো বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন। তাই কোনো ধরনের উসকানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ রইল, আমরা ঐতিহাসিকভাবে এক আছি।”

বেনাপোল বন্দর পরিদর্শনের সময় যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এশিয়া কাপের ফাইনালে

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে। আগামী ১১ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিততে মাঠে নামবে আজিজুল হাকিম তামিমের দল।

এদিকে, ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শুক্রবার (৬ ডিসেম্বর) নিজেদের সেমিফাইনালে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত।

বাংলাদেশও সমান ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। তবে বাংলাদেশের পেসারদের দাপটে পাকিস্তান শুরু থেকেই চাপে পড়ে। ৩৭.২ ওভারে সব উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস শেষ হয় ১১৬ রানে।

ফলে বাংলাদেশকে ফাইনালে পৌঁছানোর জন্য লক্ষ্য দাঁড়ায় ১১৭ রান। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে চাপে পড়লেও, অধিনায়ক আজিজুল হাকিম তামিমের দৃঢ় ব্যাটিংয়ে তারা ফাইনালে পৌঁছাতে সক্ষম হয়। তামিম ৭ চার ও ৩ ছক্কায় ৬১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

পাকিস্তানকে শুরু থেকেই চাপে ফেলে দেন বাংলাদেশের পেসাররা। মারুফ মৃধা প্রথম ওভারেই ওপেনার উসমান খানকে (০) আউট করেন। তারপর নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার শাহজাইব খানকেও শূন্য রানে ফিরিয়ে দেন তিনি।

অধিনায়ক সাদ বেগ এবং মোহাম্মদ রিয়াজুল্লাহ চেষ্টা করলেও তাদের আউট হন ইকবাল হোসেন ইমনের বলে। ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে পাকিস্তান বিপর্যয়ের মুখে পড়ে। এরপর ফারহান ইউসুফ (৩২) ছাড়া আর কেউ লড়াই করতে পারেনি। পাকিস্তান সব উইকেট হারিয়ে ১১৬ রানে শেষ হয়। টাইগার পেসার ইকবাল হোসেন ইমন ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন এবং মারুফ মৃধা ২৩ রানে ২ উইকেট শিকার করেন।

১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে কিছুটা চাপে পড়ে। দলীয় ২০ রানের মাথায় কামাল সিদ্দিকী শূন্য রানে আউট হয়ে যান। তারপর দলীয় ২৮ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে, জাওয়াদ আবরার ২৫ বলে ১৭ রান করে ফিরে যান। তবে, অধিনায়ক তামিম এবং শিহাব জেমসের মঞ্চে তারা জয়ের পথে এগিয়ে যায়। শিহাব ২৮ রানে আউট হলেও তামিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে দল জিতে ফাইনালে পৌঁছায়।

ভারত অহেতুক মিথ্যা বলে

ভারত অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

ভারত অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, ভারত অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তিনি মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, “আমাদের আগরতলা কনস্যুলেটে হামলা হয়েছে, কলকাতায় হামলা হয়েছে। আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে আগামীর সময় পার করতে হবে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে, সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করবে। পাশাপাশি, বর্তমানে যে কার্যকলাপ করছে তা বন্ধ করবে।”

শেখ হাসিনা সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। চিন্তা করা যায়, একটি দেশের সরকার তার দেশের সম্পদ এভাবে লুট করে নিয়ে যেতে পারে। এই লন্ডনেও সরকারের মাত্র এক ব্যক্তির ৩৬৫টি বাড়ি রয়েছে!”

বিএনপি মহাসচিব বলেন, “সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়েছে। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তিন তিনটি নির্বাচন জোর করে দখল করে নিয়েছিল।”

মির্জা ফখরুল আরও বলেন, “আমরা তারেক রহমানকে আর এখানে (লন্ডন) রাখতে চাই না। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে, বলছে- কবে তারেক রহমান আসবেন।”

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে: কুমিল্লায় আসিফ মাহমুদ

 

স্টাফ রিপোর্টার:

অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, যদি শেখ হাসিনার মত পরিনতি না চান তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের মেন্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে। আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে -ভারতের আশীর্বাদ ছাড়া মনে হয় বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। ফলে তারা যেভাবে বক্তব্য দিচ্ছে স্বাধীনতাক আমি মানুষের জন্য অত্যন্ত কলঙ্কজনক।

আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় আসা যায় না, তাহলে বলতে হয় শেখ হাসিনার চেয়ে বেশি তোর আশীর্বাদ ছিল না, সেই শেখ হাসিনার কি পরিণতি বাংলাদেশের জনগণ করেছে তা আপনার স্পষ্ট ভাবে দেখতে পারছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান বাংলাদেশের জনগণের মেন্ডেটকেই একমাত্র ক্ষমতায় আসার উপায় হিসেবে গ্রহণ করুন।

শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপদেষ্টা আসিফ মাহমুদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হতো। এই অঞ্চলের দাবি কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার আলোচনা করব এবং দ্রুততা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা নিব। আমিও বলব যদি এখানে বিভাগ হয় তাহলে কুমিল্লা নামেই হবে।

অনুষ্ঠানে কুমিল্লা ও অন্যান্য জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া কুমিল্লা জেলার বাসিন্দা মোট ৩৫ জন শহীদ কে অর্থ সহযোগিতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মুরাদনগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পিতা বিল্লাল হোসেন, বিএনপি নেতা শাহ মোফজ্জল হোসেন কায়বাদের ভাই কাজী জুন্নুন বসরী, জাহাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ কফিল উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মাহমুদ, সোনাকান্দা দরবার শরিফের প্রতিনিধি কামরুল হাসান, হেফাজতে ইসলামের প্রতিনিধি মুফতি সাদেকুল ইসলাম ,উপজেলা জামায়াতের আমির মাওলানা আ ন ম ইলিয়াস, সাবেক আমির মনসুর মিয়া, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মুরাদনগর উপজেলা সভপতি এমএম মনিরুল ইসলামসহ অন্যান্যরা।

সঞ্চালনা করেন সমন্বয়ক তরিকুল ইসলাম। এর আগে দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

তুরস্কে কোরআন প্রতিযোগিতায়

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ মুয়াজ

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ মুয়াজ

ডেস্ক রিপোর্ট:

তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছ থেকে তিনি সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।

বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বাদ জোহর তিনি পুরস্কার গ্রহণ করেন। ২০১৬ সালের পর তুরস্কে এই প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য এটি প্রথম শ্রেষ্ঠত্ব অর্জন।

গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বাছাইপর্বে দেশের অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে মুয়াজ মাহমুদ তুরস্কের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।

এছাড়াও চলতি বছরের ২১ আগস্ট মক্কায় অনুষ্ঠিত ৪৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করে। ওই সময় হাফেজ মুয়াজ মাহমুদ ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন।

হাফেজ মুয়াজ মাহমুদ ২০২৩ সালে ৪৬তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষায় নাহবেমির জামাতে অংশগ্রহণ করে মেধাতালিকায় স্থান অর্জন করেছিলেন।

উল্লেখ্য, তিনি ঢাকার মিরপুর-১ এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসার কিতাব বিভাগের ছাত্র এবং এখান থেকেই হাফেজ হয়েছেন। বর্তমানে তিনি কিতাব বিভাগে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের

বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ১০০ কোটি ডলারের ঋণ সহায়তার প্রতিশ্রুতি

বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ১০০ কোটি ডলারের ঋণ সহায়তার প্রতিশ্রুতি

ডেস্ক রিপোর্ট:

সরকার ব্যাংক খাতে তারল্য সংকট নিরসন ও আর্থিক খাত সংস্কারের লক্ষ্যে বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ সহায়তা চেয়েছে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এছাড়াও, বাজেট সহায়তা হিসেবে ঋণ চাওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক ম্যাথিও এ ভার্জিনসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশকে অর্থনৈতিক খাতের সংস্কার ও বাজেট সহায়তায় সহযোগিতা করবে। তবে, সবকিছুই সহজ এবং বাস্তবায়নযোগ্য হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণ সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ৭৫ কোটি ডলার পলিসি বেসড ঋণ হিসেবে এবং ২৫ কোটি ডলার ইনভেস্টমেন্ট ঋণ ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে দেওয়া হবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান দাতাগোষ্ঠী। তাদের সঙ্গে ঋণ সহায়তা নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু সহায়তা এ বছরই পাওয়া যাবে, বাকিটা নিয়ে আগামী বছর আলোচনা হবে।