All posts by jitu

মেসিকে ছাড়াই আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে খেলবে

ডেস্ক রিপোর্ট:

কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। এরপর আর মাঠে ফিরতে পারেননি। তার ফেরার পথটা যেন ক্রমশই দীর্ঘ হচ্ছে। এখনও জানা যায়নি ঠিক কবে ফিরতে পারবেন এই আর্জেন্টাইন গ্রেট। যে কারণে আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দু’টি ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি মেসির। ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি।

৬ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলি এবং পাঁচ দিন পর কলম্বিয়ার মাঠে ম্যাচ দুটি খেলবে আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের বাছাইয়ে ছয় ম্যাচে পাঁচটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়নরা।

মেসি ছাড়াও স্কোয়াডে জায়গা পাননি মার্কোস আকুইনা ও ফ্রাংকো আরমানি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনে।
তবে এবারও সুযোগ মেলেনি পাওলো দিবালার।

কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ের বিরুদ্ধে আরও একটি মামলা

 

স্টাফ রিপোর্টার:

ছাত্র আন্দোলনের সময় কুমিল্লা নগরীর তালতলা চৌমুহনীতে ছাত্র-জনতার মিছিলে সশস্ত্র হামলা চালিয়ে আহত করার অভিযোগে কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে, অপসারিত কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহারসহ প্রায় ৪০০ জনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) তালতলা এলাকার কাশেম মিয়ার ছেলে ছোটন মিয়া বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানায়, গত ১৯ জুলাই বিকেল সাড়ে তিনটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার লক্ষ্যে ছাত্র-জনতা মিছিল সহকারে কান্দিরপাড় মোড়ে যাওয়ার জন্য দক্ষিণ চর্থা তালতলা চৌমুহনী সৈয়দ বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় সমবেত হয়। এ সময় সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তাহসিন বাহার সূচনার হুকুমে আসামিরা দেশীয় অস্ত্র-সস্ত্রসহ আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা সৃষ্টি করে নিরস্ত্র ছাত্রজনতার ওপর অতর্কিত হামলা করে। এতে বাদির ডান পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ হয় এবং কোপের আঘাতে গুরুতর জখম হন। এ ছাড়া সাক্ষী রোমান হাসান, রিপন, সাবিক, ইসমাইল, কাজী সুমন, ইসমাইল হোসেন গুলিবিদ্ধ ও জখম এবং স্প্লিন্টার বিদ্ধ হন।

মামলায় সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাহসিন বাহার সূচনা ছাড়াও আরও ২২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, ছাত্রজনতাকে হত্যার উদ্দেশ্যে আসামিদের এলোপাথাড়ি গুলি, রামদার কোপ, লাঠির আঘাতে বাদী ডান পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ ও হাঁটুর নিচে একাধিক কোপের আঘাতে গুরুতর জখম হন।

এ ঘটনায় সাক্ষী রোমান হাসানের বাম চোখে গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়, মো. রিপনের পেটে গুলিবিদ্ধ হয়ে পেছন দিক দিয়ে বের হয়ে যায়, সাক্ষী মো. সাকিবের মুখেসহ সমস্ত শরীরে গুলির অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়, ইসমাইল হোসেনের ডান হাতে হাড়ভাঙা জখম হয় এবং বাম পায়ে গুলির স্প্লিন্টার বিদ্ধ হয় ও কাজী সুমন এর ডান হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখমপ্রাপ্ত হন।

এর আগে রোববার (১৮ আগস্ট) রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সদর আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে তাহসিন বাহারসহ ৬২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ মোট ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃষ্টির পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে কুমিল্লায় তরুণ আইনজীবীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর সালাউদ্দিন মোড়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ নামে এক তরুণ আইনজীবী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাগের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে। তিনি নোয়াব মিয়া সর্দারের ছেলে।

নিহত সোহাগের ভাগিনা ইকরাম জানায়, তার মামা দুপুরে স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য কুমিল্লায় আসেন। নগরীর ঝাউতলা কে আলী হাসপাতালে ডাক্তার দেখানো শেষে পরীক্ষার জন্য সালাউদ্দিন মোড় এলাকায় মেডিনোভা রোগ নির্ণয় কেন্দ্রে যায়।

সেখানে স্ত্রীকে রোগ নির্ণয়ের জন্য দিয়ে নিচে এলে সড়কের জলাবদ্ধতার কারণে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ইকরাম আরও জানায়, মোবাইল ফোনে খবর পেয়ে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সোহাগের মরদেহ দেখতে পান। পরে মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন।

দাউদকান্দিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দাউদকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলে আয়োজনে সোমবার বিকাল ৫টায় উপজেলার গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা করা হয়।

এরপর জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আল এমরানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্নআহবায়ক আবুল হাসেম।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন হাজারীর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম।

পরে বর্ণাঢ্য র‌্যালি গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সর্বস্থরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

চৌদ্দগ্রামে শহীদ জামশেদুর রহমানের স্মৃতি রক্ষার আর্জি পরিবারের

স্টাফ রিপোর্টার :

কুমিল্লা চৌদ্দগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একমাত্র শহীদ জামসেদুর রহমান মিয়াজী জুয়েল। গত ‌৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে হাজার হাজার জনতার সাথে জামশেদুর রহমানও নেমে পড়ে। ছাত্রজনতার মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ।

সেদিন বিকালে বিজয় মিছিলের একটি দল স্থানীয় থানা ঘেরাও করলে পুলিশের গুলিতে নিহত হন জামসেদ।

জামশেদ উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের কৃতিসন্তান। পিতা জালাল আহম্মেদ মিয়াজী। জামশেদ কুমিল্লা সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। চৌদ্দগ্রামের স্বনামধন্য পাঠাগার বিলকিছ আলম পাঠাগারের উদ্যোগে তার কবর জেয়ারত ও বাড়ি পরিদর্শনকালে কথা হয় জামসেদের মায়ের সঙ্গে।

তিনি বলেন, আমার ছেলে এই আন্দোলনের শুরু থেকেই কুমিল্লা শহরে যুক্ত ছিল। মানুষের অধিকারের কথা ভেবে প্রতিদিন বেরিয়ে যেত। না করলেও শুনতো না। সে ছোটবেলা থেকেই অনেক মেধাবী ও মানুষের জন্য নিবেদিত ছিল। শহরের আন্দোলনে নিজেকে বাচাতে পারলেও নিজ এলাকায় বিজয়ের দিনে আমার ছেলে।শহীদ হয়। এখন তার স্মৃতি যেন সবাই ধরে তাই প্রত্যাশা।

তার বাবা জালাল আহম্মেদ বলেন, অনেক কিছু দিলেও আমার ছেলে ত আর আসবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চৌদ্দগ্রামে একমাত্র শহীদ জামসেদুর রহমান। তার স্মৃতি সমাজের দেশের প্রয়োজনে রক্ষা করবে কিনা দেশবাসী জানেন। তারপরও এলাকায় বা উপজেলায় একটা পাবলিক লাইব্রেরি করার দাবী করছি। তাহলে প্রজন্মের শিক্ষার্থীরা তাকে জানবে, প্রেরণা পাবে বৈষম্যবিরোধী যে কাজে।

বিলকিছ আলম পাঠাগারের সভাপতি কবি ইমরান মাহফুজ বলেন, জামসেদ আমাদের প্রেরণা, চৌদ্দগ্রামবাসীর গর্ব। সারাদেশে সাঈদ, মুগ্ধকে চিনলেও জামসেদের মতো শতশত তরুণদের অনেকে জানে না। সবাই জানা ও শহীদের মর্যাদা দেওয়া উচিৎ। মনে রাখতে হবে যুদ্ধের ময়দানে সবাই সমানতালে মর্যাদা সম্মান পাবার দাবীদার। তাই উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে দাবী জানাই এতো বড়ো অর্জন উপজেলায় স্মরণীয় রাখতে তার নামে একটা পাবলিক লাইব্রেরি করার আন্তরিক দাবী জানাচ্ছি।

দাবী সমর্থন ও এতে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক চৌদ্দগ্রামের নির্বাহী সম্পাদক এমদাদ উল্লাহ, যায়যায়দিন চৌদ্দগ্রাম প্রতিনিধি বেলাল হোসেন, কাজী মাঈন উদ্দিন, ইমাম হোসেন, ছাত্রনেতা শাহ রিয়াজ আলম শাওন প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খুন

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীর পাড় থেকে সুশান্ত সরকার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ আগষ্ট) সকালে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবক নাসিরাবাদ গ্রামের নিতাই সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরাবাদ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নিতাই চন্দ্র সরকারের ছেলে সুশান্ত সরকারের সঙ্গে একই গ্রামের তাহের মিয়ার ছেলে আশিক মিয়ার বন্ধুত্ব ছিলো। ঘটনার দিন গত রবিবার রাতে আশিক তার দলবলসহ সুশান্তের বাড়িতে আসে। এরপর আশিক সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে চলে যায়। সুশান্তের মা রূপালী সরকার জানান, আমার ছেলে সুশান্ত একটি পুরনো মোটরসাইকেল আশিকের নিকট বিক্রি করেছিলে। কিন্তু আশিক সেই টাকা পরিশোধ না করায় তাদের মধ্যে একাধিক বার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এরই জের ধরে আশিক গত রবিবার রাতে তার দলবল নিয়ে এসে সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে মেঘনা নদীর পাড়ে আমার ছেলের লাশ ফেলে রেখে যায়।

তিনি আরো বলেন, আমার ছেলের এক মামের বাচ্চা রয়েছে। এখন আমি কিভাবে নাতি ও ছেলের বউডারে লইয়া কি করুম। কার কাছে এর বিচার চাইমু? এই খুনের বিচার কি আমরা গীরব মানুষ পাইমু?

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নৌ থানাধীন হওয়ায় সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি তার লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। এজাহার পেলে মামলা প্রস্তুত করে সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়িতে দেওয়া হবে।

তাহসিন বাহার সূচনাসহ ১২ সিটির মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ

ডেস্ক রিপোর্ট:

দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অপসারিত মেয়ররা হলেন— ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি কর্পোরেশনের তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি কর্পোরেশনের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি কর্পোরেশনের আবুল খায়ের আব্দুল্লাহ, রংপুর সিটি কর্পোরেশনের মোস্তাফিজার রহমান মোস্তফা, সিলেট সিটি কর্পোরেশনের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটি কর্পোরেশনের তাহসিন বাহার সূচনা, গাজীপুর সিটি কর্পোরেশনের জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

অপসারণের প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ১৩ক প্রয়োগ করে বাংলাদেশের এসব সিটি কর্পোরেশনের মেয়রদেরকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।

দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মহ. শের আলীকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, খুলনার বিভাগীয় কমিশনারকে খুলনা সিটি কর্পোরেশন, রাজশাহীর বিভাগীয় কমিশনারকে রাজশাহী সিটি কর্পোরেশন, সিলেটের বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি কর্পোরেশন, বরিশাল বিভাগীয় কমিশনারকে বরিশাল সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মহাপরিচালককে (অতিরিক্ত সচিব) কুমিল্লা সিটি কর্পোরেশন, রংপুরের বিভাগীয় কমিশনারকে রংপুর সিটি কর্পোরেশন, গাজীপুরের বিভাগীয় কমিশনারকে গাজীপুর সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫(ক) এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাকে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো

এর আগে রোববার (১৮ আগস্ট) ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা চেয়ারম্যান এবং ৩২৩ জন পৌর মেয়র রয়েছেন।

মৃত্যুজনিত কারণে নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। খালি হওয়া ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ৪৯৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া ৭টি পৌরসভার প্রশাসককে দায়িত্ব থেকে সরানো হয়েছে।

গত ১৬ আগস্ট ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরদিন ১৭ আগস্ট এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।

ওই সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার।

এই অধ্যাদেশ অনুযায়ী সারা দেশের জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

ব্রাহ্মণপাড়ার ভাইস চেয়ারম্যান শরীফের বিরুদ্ধে হত্যা মামলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার কোটবাড়ি নন্দনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাসুম মিয়া নামে এক যুবক নিহতের ঘটনায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় আব্দুল হান্নান নামের এক ব্যক্তি এই মামলা দায়ের করেন। মামলায় ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফকেও আসামি করা হয়। নিহত মাসুম মিয়া কুমিল্লা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর এলাকার বাসিন্দা শাহিন মিয়ার ছেলে।

জানা গেছে, আন্দোলনে কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি নন্দনপুরে গত ৪ আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত হন মাসুম মিয়া। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই মনির হোসেন নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠান। ময়নাতদন্ত শেষে নিহতের পরিচয় না পাওয়ায় তাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের ছবি দেখে মামলার বাদী ও নিহতের স্বজনরা মাসুম মিয়াকে শনাক্ত করেন।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া জানান, মাসুম মিয়া হত্যার ঘটনায় রোববার রাতে কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৬২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

তিনি জানায়, মামলায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফের নামও রয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে আসামিদের আইনের আওতায় আনতে কাজ করছি।

দাউদকান্দিতে মোহাম্মদ আলী ও সেইনসহ পৌনে ৪’শ জনের নামে হত্যা মামলা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিতে নিহত শিক্ষার্থী রিফাত হোসেন ও দিন মজুর বাবুর স্বজনরা দাউদকান্দি মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেছেন।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমনকে দু’টি মামলায় প্রধান আসামি করে ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়েছে।

মামলার এজহারের বরাতে ওসি(তদন্ত) মোঃ শহিদুল্লাহ জানান, নিহত শিক্ষার্থী রিফাত হোসেনের মামা আব্দুর রাজ্জাক ফকির বাদী হয়ে রবিবার বিকালে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

অপরদিকে একইদিন থানায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহত দিনমজুর বাবুর প্রতিবেশি লিটন আহম্মেদ পাভেল বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, দু’টি হত্যা মামলায় দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়রসহ আরও জনপ্রতিনিধির নাম রয়েছে। যাদের মধ্যে পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে।

উল্লেখ্য, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় সুন্দলপুর হাইস্কুলের দশম শ্রেনীর ছাত্র রিফাত(১৬) বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন । ওদিন রাতেই রিফাত মারা যায়। রিফাত বারপাড়া ইউনিয়নের সুকিপুর গ্রামের মৃত মৃত আব্দুল হামিদের ছেলে। পরদিন সোমবার(৫আগষ্ট) শেখ হাসিনা পদত্যাগ করার পর বিকেলে দাউদকান্দি মডেল থানার সামনে তুজারভাঙ্গা গ্রামের মো.বাবু মিয়া(২৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত বাবু ওই গ্রামের অটোরিকশা চালক আব্দুল মান্নানের ছেলে। বাবু দিনমজুরের কাজ করতেন।

৬০ জেলা পরিষদ ও ৪৯৩টি উপজেলা চেয়ারম্যানদের অপসারণ

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত দেশের ৩২৩ পৌরসভার মেয়র, ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান ও ৪৯৩টি উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপনও জারি করা হয়েছে৷

দেশের ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, এতদ্বারা স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ-২০২৪ এর ধারা ৩২ (ক) প্রয়োগ করে, বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রগণকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।

এছাড়াও ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে। আবার ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে আলাদা আলাদা প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

১৬ আগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার।

এমন বিধান রেখে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’–এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।