All posts by jitu

মেসিকে নিয়ে দুঃসংবাদ দিলেন মায়ামি কোচ

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপ ফাইনালের পর থেকেই চোটের কারোণে মাঠে অধারাবাহিক লিওনেল মেসি। সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর আর মাঠে ফিরতে পারেননি। তার ফেরার পথটা যেন ক্রমশই দীর্ঘ হচ্ছে। এখনই জানা যায়নি ঠিক কবে ফিরতে পারবেন এই আর্জেন্টাইন গ্রেট।

মেসিকে ছাড়া বিপাকে তার ক্লাব ইন্টার মায়ামিও। মেসির হাত ধরেই গত মৌসুমে লিগস কাপের শিরোপা জিতেছিল মায়ামি। আর এবার মেসিবিহীন মায়ামি দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছে।

মেসির চোট নিয়ে মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, ‘লিওর (মেসি) উন্নতি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে। কিন্তু কখন সে দলের যোগ দেবে, তার এখনই নির্দিষ্ট কোনো তারিখ বলা যাচ্ছে না। সে আলাদাভাবে কাজ চালিয়ে যাচ্ছে।’

মার্তিনোর এমন বক্তব্যের পর মেসির ফেরা নিয়ে এক পডকাস্টে কথা বলেছেন মায়ামি হেরাল্ডের প্রতিবেদক মিশেলে কাউফম্যান। যেখানে মেসিকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তিনি।

কাউফম্যান বলেছেন, ‘এক সপ্তাহ পর, ২৪ তারিখ তারা পরের ম্যাচটি খেলবে। কিন্তু মেসি এখনো মাঠে আসেনি। এখনো সে নিজে নিজে জিমে কাজ করে যাচ্ছে। এর আগে টাটা (মার্তিনো) বলেছিল আগস্ট শেষ হওয়ার আগেই তারা মেসিকে স্কোয়াডে পাবে। কিন্তু কলম্বাস ম্যাচের আগের দিন তার কথা বদলে যায়। তিনি বলেন, “মেসির ফেরার তারিখ আমরা বলতে পারছি না।” তার কথার এই পরিবর্তন নেতিবাচক বার্তাই দিচ্ছে।’

চৌদ্দগ্রামের কনকাপৈতে জামায়াতের বিশাল কর্মী সমাবেশ

 

স্টাফ রিপোর্টার:

বিডিআর বিদ্রোহ, হেফাজতের সমাবেশ ও ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যায় স্বেরাচারী শেখ হাসিনা বিচার দাবি করেছে জামায়াত। শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সমাবেশে নেতৃবৃন্দ এ দাবি জানান।

কনকাপৈত মাদরাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন।

কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসান মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, অধ্যাপক মোহাম্মদ আলী, জামাল উদ্দিন লিটন, জসিম উদ্দিন, মাওলানা মনসুর আহম্মেদ, শাহআলম, হোসাইন আহম্মেদ শাহাদাত, নজরুল ইসলাম, নাজমুল হক বাদল, নিজামুদ্দিন আজাদ, মাঈন উদ্দিন ফরাজী, ডা. মাহমুদুল হাসান। কনকাপৈত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী পেয়ার আহম্মেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিউদ্দিন ফরাজী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ইয়াছিন, জসিম উদ্দিন, মুজিবুল হক দুলাল, ইউসুফ মজুমদার, ইমাম উদ্দিন। সমাবেশে বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন শিল্পী ইমাম হোসেন।

এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পুলিশের গুলিতে আহত নোয়াখালীর আসিফ মারা গেছে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আহত আসিফ (২২) মারা গেছেন।

আজ শুক্রবার ভোর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আসিফ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারশিপুর ইউনিয়নের মিরআলীপুর গ্রামের আমির আলী মুন্সি বাড়ির মোরশেদ আলমের ছেলে। তিনি পেশায় একজন রঙ মিস্ত্রি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট জেলার সোনাইমুড়ী থানায় পুলিশের সাথে সংঘর্ষ চলাকালে আসিফ পুলিশের গুলিতে আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ঘটনার ১১ দিন পর আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার দিন বিকেল ৪টায় সোনাইমুড়ী থানায় আওয়ামী লীগ নেতাদের সাথে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিটিং করছে বলে একটি খবর ছড়িয়ে পড়ে। এ সময় জনতা থানায় গিয়ে আওয়ামী লীগ নেতাদের বের করে দেয়ার জন্য বলে। পুলিশ বলে এখানে কেউ নেই। পরে জনতা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ গুলি চালায়। এতে ঘটনাস্থলে একজন মারা যায় এবং আসিফসহ কয়েকজন আহত হয়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক বেগমগনজ ও মাইজদী থেকে ট্রাক ভর্তি কয়েক হাজার জনতা থানা ঘেরাও করে। এ সময় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)-সহ তিনজন ও আন্দোলনকারীদের তিনজন মারা যায়। এতে আহত হয় অর্ধশত। এ সময় জনতা থানায় আগুন ধরিয়ে দেয়।

নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দুলালপুর গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো উপজেলার দুলালপুর গ্রামের মুন্সি বাড়ির সাইফুল ইসলামের ছেলে মো.সাইমুন (৭) ও একই বাড়ির ইউসুফের ছেলে মো.ঈশান (৫)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশুর পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিল। ওই সময় দুই ভাই বাড়ির উঠানে খেলা করছিল। পরে কোনো এক সময় দুই ভাই পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে অন্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ঘণ্টাখানেক পর একে একে দুজনের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমদাদুল হক বলেন, নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেনি। তবে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বারে বিএনপি সমর্থককে কুপিয়ে হত্যা করলো সাবেক এমপি আজাদের নেতাকর্মীরা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিএনপির সমর্থক সিদ্দিকুর রহমানকে (৫০)  কুপিয়ে  হত্যা করেছে আওয়ামী লীগের  নেতাকর্মীরা। এ সময় অন্তত ১২ জন আহত হয়। হামলাকারিরা আওয়ামী লীগের নেতাকর্মীরা সাবেক স্বতন্ত্র এমপি আবুল কালাম আজাদের অনুসারি। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

শুক্রবার সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাঁইচাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান (৫০) উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাঁইচাপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। তিনি বিএনপির সমর্থক।

 

স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে শেখ হাসিনা ও সাবেক এমপি আবুল কালাম আজাদের ছবি নামানোকে কেন্দ্র করে  বাক-বিতণ্ডা হয়। পরে সমাধানের আশ্বাসে শুক্রবার সকাল ৯টায় সালিশী বৈঠকের আয়োজন করে স্থানীয়রা৷ ওই বৈঠকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও সাবেক এমপি আবুল কালাম আজাদের  ভাগ্নে  আমির হোসেনের নেতৃত্বে বিএনপির সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় সিদ্দিকুর ঘটনাস্থলেই নিহত হন৷ এ ঘটনায় আরো ১২ জন আহত হয়েছেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নয়ন মিয়া বলেন,  মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কুবি রোটার‍্যাক্ট ক্লাবের দায়িত্বে শাকিল-তালহা

 

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের রোটাবর্ষ ২০২৪-২৫ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোটা: শেখ শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোটাঃ মোঃ তালহা জুবায়ের।

আজ শনিবার (১৬ আগস্ট) সংগঠনের নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই কমিটি ঘোষণা করা হয়। প্রায় ১৫০ এর বেশি শিক্ষার্থীদের আবেদনের বিপরীতে যাচাই বাছাই করে ২৬ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ০১ জুলাই, ২০২৪ থেকে এ আগামী ২০২৪-২৫ রোটারি বর্ষের দায়িত্ব পালন করবেন।

২০২৪-২৫ রোটারি বর্ষের দায়িত্বপ্রাপ্তরা হলেন- রোটার‍্যাক্টর আবু হুরাইরা (ভাইস প্রেসিডেন্ট), রোটার‍্যাক্টর সৈয়দ মাহফুজুল করিম (জয়েন্ট সেক্রেটারি), রোটার‍্যাক্টর সাকিফ মাশরুর আহমেদ (ট্রেজারার), রোটার‍্যাক্টর নেয়ামতউল্লাহ (ইডিটর), রোটার‍্যাক্টর নাজমুল আলী (ইডিটর), রোটার‍্যাক্টর তানভীর আনজুম সাজন (ক্লাব সার্ভিস ডাইরেক্টর), রোটার‍্যাক্টর শাহানাজ আক্তার, রোটার‍্যাক্টর আল-আমিন (জয়েন্ট ক্লাব সার্ভিস ডাইরেক্টর), রোটার‍্যাক্টর মোঃ ইয়াকুব (কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর), রোটার‍্যাক্টর ইসরাত জাহান তামান্না, রোটার‍্যাক্টর ফেরদৌস হাসান জাফরী (জয়েন্ট কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর), রোটার‍্যাক্টর রেজাউল করিম সিয়াম (প্রফেশনাল সার্ভিস ডাইরেক্টর), রোটার‍্যাক্টর জুবায়েদ হোসেন, রোটার‍্যাক্টর মনিরা আক্তার শিলা (জয়েন্ট প্রফেশনাল সার্ভিস ডাইরেক্টর), রোটার‍্যাক্টর মেশকাত শরীফ (ফাইন্যান্সিয়াল সার্ভিস ডাইরেক্টর), রোটার‍্যাক্টর রায়হান আহমেদ, রোটার‍্যাক্টর মহিমা আক্তার (জয়েন্ট ফাইন্যান্সিয়াল সার্ভিস ডাইরেক্টর),রোটার‍্যাক্টর রোকেয়া সেলিম (পিআর এন্ড কমিউনিকেশন ডাইরেক্টর), রোটার‍্যাক্টর অর্পিতা দত্ত, রোটার‍্যাক্টর ফয়সাল মিয়া (জয়েন্ট পিআর এন্ড কমিউনিকেশন ডাইরেক্টর), রোটার‍্যাক্টর ফরহাদ হোসাইন (চিফ সার্জেন্ট এট আর্মস), রোটার‍্যাক্টর জিসান মাহমুদ, রোটার‍্যাক্টর মাহফুজুর রহমান ভুইঁয়া, রোটার‍্যাক্টর মোঃ হামিদুর রহমান (সার্জেন্ট এট আর্মস), রোটার‍্যাক্টর নিলয় সরকার, রোটার‍্যাক্টর বোরহান উদ্দিন বাসিম (এক্সিকিউটিভ মেম্বার)

সদ্য সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া শেখ শাকিল আহমেদ বলেন, “আমাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতির দায়িত্ব প্রদান করার জন্য এবং আমার উপর বিশ্বাস ও আস্থা রেখে এই পদের জন্য নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার লক্ষ্য হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এটিকে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে এলিট ক্লাবে রূপান্তরিত করা।আমাদের ক্লাবের সফলতা আমাদের সকল সদস্যের কঠোর পরিশ্রম এবং কমিটমেন্টের ফলাফল। আমি তাদের ধন্যবাদ জানাই এবং আশা করি আমরা একসাথে কাজ করে আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো। আমি সকলের সহযোগিতা কামনা করছি এবং আমাদের ক্লাবের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।”

এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া মোঃ তালহা জুবায়ের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, “রোটার‍্যাক্ট হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন যা ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীদের মাধ্যমে পরিচালিত। এর উদ্দেশ্য হলো, নিজ ব্যক্তিত্ব বিকাশে তরুন-তরুণীদের মধ্যে জ্ঞান ও কর্ম দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা এবং বন্ধুত্ব ও সেবার সাংগঠনিক কাঠামোর মাধ্যমে এক অপরের মধ্যে উন্নততর সম্পর্ক গড়ে তোলা। রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ে সামাজিক, সেচ্ছাসেবী এবং যুবকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে, এবং আগামীতে এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ”

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে ক্লাবের সদস্যদের দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম যেমন: বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা, গরিব দুস্থ মানুষকে আর্থিকভাবে সহায়তা, বিভিন্ন সসচেতনতামূলক কর্মসূচি, বৃক্ষরোপন, গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানা কার্যক্রম সফলতার সাথে করে আসছে।

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

নিউমার্কেট থানার হত্যা মামলায় অব্যাহতি পাওয়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার হয়েছেন।

শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। বিকালে তাকে গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফ করা হবে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার একদিন পর সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল করা হয়। এর অংশ হিসেবে গত ৬ আগস্ট এক বিজ্ঞপ্তিতে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (গোয়েন্দা) থাকাবস্থায় জিয়াউল আহসান বহুল পরিচিত ছিলেন। ওই সময় কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন তিনি। এ ছাড়া চাকরিচ্যুতের আগ পর্যন্ত সেনাবাহিনীর এই কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চান ভ্লাদিমির পুতিন

ডেস্ক রিপোর্ট:

উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় রাশিয়া। ১৫ আগস্ট দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় এ আকাঙ্ক্ষা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিনের এই আহ্বানে সাড়া দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনও। রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে কিম বলেন, “রাশিয়া এবং উত্তর কোরিয়ার জনগণ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যকার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। দুই দেশের শত্রুপক্ষ এক এবং এই শত্রুর বিরুদ্ধে রক্তাক্ত লড়াই এ বন্ধুত্বের ভিত্তি। এই বন্ধুত্বকে আমরা বিস্তৃত সহযোগিতা এবং অজেয় কমরেডশিপে নিয়ে যেতে চাই।”

গত বছর সেপ্টেম্বরে মস্কো সফরে যান কিম জং উন। তার সেই সফরের ৯ মাস পর, গত জুন মাসে পিয়ংইয়ং সফরে আসেন পুতিন। সেই সফরে ‘বিস্তারিত কৌশলগত অংশীদারিত্ব’র চুক্তি স্বাক্ষর হয় দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে। এই চুক্তির প্রতিরক্ষা সহযোগিতাও ছিল।

সম্প্রতি যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং উত্তর কোরিয়ার প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়া অভিযোগ করেছে যে মস্কোকে নিয়মিত রকেট এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে পিয়ংইয়ং। এই অভিযোগ নিয়ে পশ্চিমা বিশ্বের আলোচনার মধ্যেই উত্তর কোরিয়াকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তা পাঠালেন পুতিন।

অবিভক্ত কোরিয়া একসময় জাপানের উপনিবেশ ছিল। ১৯১০ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩৫ বছরের যুদ্ধে স্বাধীনতা লাভ করে কোরিয়া উপদ্বীপ; একই সঙ্গে জন্ম হয় উত্তর ও দক্ষিণ কোরিয়া নামের দু’টি পৃথক রাষ্ট্রের।

কোরিয়ার স্বাধীনতা যুদ্ধ চলমান অবস্থাতেই ১৯৩৯ সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সে সময় কোরিয়াকে সেনা, গোলাবারুদ এবং রসদ দিয়ে সহযোগিতা করেছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। স্বাধীনতার পর উত্তর কোরিয়া তৎকালীন সোভিয়েত ব্লকে প্রবেশ করে, আর দক্ষিণ কোরিয়া মিত্রতা স্থাপন করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সঙ্গে।

স্বাধীনতা যুদ্ধে যেসব রুশ সেনা শহীদ হয়েছিলেন, তাদের কবরস্থান রয়েছে উত্তর কোরিয়ায়। প্রতি বছর স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন করতে সেই কবরস্থানে যান কিম। এবারও গিয়েছিলেন।

সূত্র : রয়টার্স

অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘ সহযোগিতা দিতে প্রস্তুত

ডেস্ক রিপোর্ট:

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তী সরকারের জন্য জাতিসংঘের দরজা খোলা। সংস্থাটি নতুন সরকারের সঙ্গে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

বৃহস্পতিবার জাতিসংঘে সাধারণ পরিষদ অধিবেশনের বিভিন্ন ইস্যু নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র মনিকা গ্রেইল।

জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি- জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারীর এমন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন সংস্থাটির মুখপাত্র মনিকা গ্রেইলের কাছে জানতে চান- ড. ইউনূসকে নিজেদের অংশীদার মনে করে জাতিসংঘ। সেই প্রেক্ষিতে এই সরকারকে কীভাবে দেখছেন?

জবাবে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতির দরজা ড. ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারের জন্য খোলা। বাংলাদেশের জন্য তিনি (সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি) অব্যাহতভাবে কাজ করে যাবেন।

অপর এক প্রশ্নে এই প্রতিবেদক নিয়মিত ব্রিফিংয়ে যোগ দিয়ে জানতে চান, সাবেক স্বৈরাচার শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশের কারণে বাংলাদেশে ছাত্রদের বিক্ষোভে যে বর্বরতা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে তা তদন্তে আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছে জাতিসংঘের একটি তদন্ত দল। এ বিষয়ে মহাসচিবের অভিমত কী?

জবাবে জাতিসংঘ মহাসচিব আন্থোনিও গুতেরেসের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, তদন্ত দলটি কী কাজ হবে তা আমাদের লক্ষ্য রাখতে হবে।

পরে ইমেইলে পাঠানো এই প্রশ্নের বর্ধিত জবাবে ফারহান হক বলেন, মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং মুহাম্মদ ইউনূস আমাদের অফিস থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্ষমতা হস্তান্তরের জন্য যে সমর্থন দেওয়া যেতে পারে, সেই বিষয়ে ব্যাপক পরিসরে আলোচনা করেছেন, যার মধ্যে জবাবদিহিতার বিষয়গুলোও অন্তর্ভুক্ত। আগামী সপ্তাহ থেকে একটি দল ঢাকা সফর করবে যাতে সহায়তার ক্ষেত্র এবং সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের পদ্ধতি নিয়ে অগ্রসর হওয়া যায়। হাইকমিশনার অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের মানুষের একটি সফল ক্ষমতা হস্তান্তরের জন্য খুবই প্রতিশ্রুতিবদ্ধ, যা মানবাধিকার রক্ষার শক্তিশালীকরণে সহায়ক হবে।

মুশফিক তার দ্বিতীয় প্রশ্নে জানতে চান, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধানকে জাতিসংঘ তাদের একজন অংশীদার মনে করে- এমন বিবেচনায় বাংলাদেশের স্থিতিশীলতাকে সমর্থন দিতে দেশটির সঙ্গে আরও সম্পৃক্ততা বাড়াবেন কিনা মহাসচিব? এদিকে, ভারতে অবস্থান করে বাংলাদেশের সাবেক একনায়ক ও প্রধানমন্ত্রী বিকৃত তথ্য ছড়াচ্ছেন এবং সহিংসতাকে উস্কে দিচ্ছেন।

জবাবে মুখপাত্র ফারহান হক বলেন, আপনি বাংলাদেশকে সমর্থনের যে কথা বলেছেন সে বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারি যে, প্রয়োজন অনুসারে বাংলাদেশের সরকার এবং জনগণকে আমরা সহযোগিতা দিতে প্রস্তুত।

কুমিল্লায় আ.লীগের হামলায় গুলিবিদ্ধ আইনজীবীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের গুলিতে আহত বিএনপিপন্থি আইনজীবী আবুল কালাম আজাদ মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর ট্রমা সেন্টার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আবুল কালাম আজাদ কুমিল্লা বার ও জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সদস্য।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশের মতো কুমিল্লার সর্বস্তরের মানুষও আনন্দ উদযাপন করতে রাস্তায় নেমে আসেন। বিজয় উৎসব শেষ করে বাসায় ফিরছিলেন সিনিয়র আইনজীবী কাইমুল হক রিংকু, তার ছেলে শাফিউল হক আলভী, আরফানুল হক আবরিন এবং জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ ও কুমিল্লা বারের সদস্য আবুল কালাম আজাদ। এ সময় নগরীর মোগলটুলী এলাকায় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা
সৈয়দ রায়হান আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের লক্ষ্য করে গুলি এবং ককটেল ছুড়ে। এতে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ কোমরে গুলিবিদ্ধ হন। আর আইনজীবী কাইমুল হক রিংকু এবং তার দুই ছেলে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে আবুল কালাম আজাদ মারা যান।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় পাঁচজন এজাহার নামীয়সহ ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে কাউন্সিলর রায়হান আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।