All posts by jitu

ছেলেকে ফিরে পেতে সমন্বয়ক নাহিদের মায়ের আকুতি

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মহানগর পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তাকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন তার মা মমতাজ বেগম।

রোববার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নাহিদের মা সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ আকুতি জানান।

মমতাজ বেগম বলেন, সবগুলো ছেলেকে যেন ছেড়ে দেয় তাদের পরিবারের কাছে। আমরা খুব চিন্তাই আছি। যদি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য হেফাজতে নেওয়ার প্রয়োজন ছিল, তাহলে তো পুলিশ হাসপাতালেই তাদের নিরাপত্তা দিতে পারতো। নাহিদকে হেফাজতে নেওয়ার পর এখন পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি। আমার ছেলেকে নিরাপত্তার জন্য এখানে আনা হয়েছে সেটি আমরা মানি না। আমি চাই আমার ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিক। আমরা চাই প্রতিটি সন্তানকে তাদের মা-বাবার কাছে ফিরিয়ে দিক৷

তিনি বলেন, এর আগে তুলে নিয়ে নাহিদকে নির্যাতন করা হয়েছে। এখন আবার তাকে তুলে নেওয়া হয়েছে। আমরা নাহিদের সঙ্গে দেখাও করতে পারিনি। চিকিৎসাধীন অবস্থায় নাহিদকে তুলে নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে আরও দুইজনকে তুলে আনা হয়েছে।

ডিবির পক্ষ থেকে বলা হয়েছে চিন্তামুক্ত থাকার জন্য। এ বিষয়ে নাহিদের মা বলেন, আমরা কীভাবে চিন্তামুক্ত থাকি? সন্তান ডিবির ভেতরে, আমি কীভাবে চিন্তামুক্ত থাকব? আমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে নিতে চাই। পাঁচজনকে যেন তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

নাহিদের পরিবার তাকে নিয়ে এখন কী আশঙ্কা করছে? এ প্রশ্নের জবাবে নাহিদের মা বলেন, আমার প্রশ্ন নাহিদকে এখানে কেন নিয়ে আসবে? নাহিদের শারীরিক অবস্থা ভালো না, অনেক খারাপ অবস্থা। এই অবস্থায় তাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে আসা হয়েছে।

এ সময় উপস্থিত নাহিদের এক ফুপু বলেন, সর্বশেষ আমি নাহিদকে হাসপাতালে দেখে এসেছিলাম। তখন নাহিদের পায়ের ক্ষতগুলো বাজে অবস্থায় ছিল। তখন আমরা নাহিদকে বাড়িতে নিতে চেয়েছিলাম। তখন চিকিৎসকরা বলল, কিছু দিন চিকিৎসার পরে বাড়িতে নিয়ে যাবেন। নাহিদকে যেদিন ডিবিতে নিয়ে আসা হয়, আমাদের পরিকল্পনা ছিল এর পরের দিন নাহিদকে বাসায় নিয়ে যাব। নাহিদের শারীরিক অবস্থা ভালো ছিল না। গায়ে জ্বর ও পায়ে প্রচণ্ড ব্যথা ছিল।

এর আগে, দুপুরে নিজ কার্যালয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, যাদের নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে এসেছি, তাদের পরিবারের কাছে অনুরোধ করব, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমরা মনে করি তাদের নিরাপত্তার বিষয়টি আমরা দেখছি। তাদের পরিবার যেন নিশ্চিন্ত থাকে, সেই বিষয়ে আমরা আশ্বস্ত করতে চাই।

প্রসঙ্গত, নিরাপত্তার স্বার্থে ডিবির হেফাজতে রয়েছেন কোটা সংস্কার আন্দোলনের পাঁচ সমন্বয়ক। তাদের মধ্যে অন্যতম নাহিদ ইসলাম। রাজধানীর মিন্টো রোডে তার সঙ্গে দেখা করতে এসেছিল পরিবার। কিন্তু নাহিদের পরিবারকে মিন্টো রোড থেকে ফিরিয়ে দেয় পুলিশ।

যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারলে বন্ধই থাকবে ফেসবুক-টিকটক : পলক

ডেস্ক রিপোর্ট:

সরকারের দেওয়া চিঠির যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারলে আপাতত ফেসবুক-টিকটকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধই থাকবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (২৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিন এ কথা বলেন। এর আগে, প্রতিমন্ত্রী সারাদেশে দ্রুত ফোর-জি মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপন প্রসঙ্গে এবং প্রবাসীদের বৈধপথে তাদের রেমিট্যান্স পাঠানোর বিষয়ে বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ (এমটব) এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক করেন।

তিনি বলেন, ফেসবুক, টিকটকসহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিরা যৌক্তিক ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত এসব খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনড় থাকবে সরকার।

সহিংসতার কনটেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ৩১ জুলাই ফেসবুক, টিকটকসহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক-টিকটকসহ সোশ্যাল মিডিয়া খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনড় থাকবে সরকার।

অবশ্য, গত ২৫ জুলাই আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইজিজি) অপারেটরদের ইন্টারনেটের গতি বাড়াতে গুগলের ক্যাশ সার্ভার চালুর নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে ইউটিউব চালানো সম্ভব হলেও ফেসবুক-টিকটকের পাশাপাশি ভিডিও শেয়ারিং এ প্লাটফর্মটিকেও তলব করেছে বিটিআরসি।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই থেকেই শুরু হয় মোবাইল ইন্টারনেটের ধীরগতি। এরপর সহিংসতা ও গুজব প্রতিরোধ করতে সরকারের মৌখিক নির্দেশে ১৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল থেকে বন্ধ হয়ে যায় মোবাইল অপারেটর কোম্পানির সিমে থ্রি-জি ও ফোর-জি পরিষেবা। আর মহাখালীর খাজা টাওয়ারের ডাটা সেন্টারে আগুনের ঘটনায় রাত থেকে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট। এর ফলে সারাদেশেই তৈরি হয় ইন্টারনেট ব্ল্যাকআউটের। সবশেষ পাঁচদিন পর গত ২৩ জুলাই পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট।

শ্রীলঙ্কান স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল: কাদের

ডেস্ক রিপোর্ট:

কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯ জুলাই রাতে কারফিউ জারি করার প্রেক্ষাপট বর্ণনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ওই রাতে শ্রীলঙ্কান স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল।

রোববার (২৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে ডাল ও লবণ এবং ১ লিটার তেল দেওয়া হয়।

তিনি বলেন, বিএনপির নৃশংসতা হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। ক্ষমতার জন্য লন্ডনে পলাতক তারেক রহমান গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কান স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল। যদি কারফিউ জারি না হতো এমন প্ল্যান তাদের ছিল। শ্রীলঙ্কান স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের ওপর রাইড করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত। এটাই তো তাদের পরিকল্পনা।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী, উন্নয়নবিরোধী অপশক্তি নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে। তাদের আহ্বানে দোসররা সাড়া দেবে এটাই স্বাভাবিক। মাথা যেদিকে যাবে লেজও সেদিকে অনুসরণ করবে; এতে নতুনত্ব কিছু নেই। তবে তাদের ঐক্য আগুন সন্ত্রাসের ঐক্য। দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য।

চলমান সহিংসতা নিয়ে বিদেশিদের বিবৃতি প্রসঙ্গে কাদের বলেন, বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন। অনেক সংস্থা, অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন। কারা সমন্বয় করছেন আমরা জানি। তাদের বলবো কারও প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়, বিআরটি’র ধ্বংসলীলা দেখুন। বিআরটিসির ৪৪টি গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে তা দেখুন। সাংবাদিক বন্ধুরাও আক্রান্ত হচ্ছেন। বিবৃতিযুদ্ধ চলছে দেশে-বিদেশে। যেখানে ওয়ান/ ইলেভেনের কুশীলব ড. ইউনূসও যোগ দিয়েছেন।

তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমরা আক্রান্ত, আক্রমণকারী না। এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে। আক্রমণকারী আমরা নয়।

ড. ইউনূস সরকারবিরোধী হিসেবে মাঠে নেমেছেন বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, অতীতে তিনি রাজনৈতিক দল খুলে ওয়ান ইলেভেনে সাড়া পাননি। যার বিরুদ্ধে মামলা চলমান। যিনি পদ্মা সেতু নির্মাণে বিরোধিতা করেছেন। তিনি আবার সক্রিয়। আগে গোপনে করেছেন। এবার তিনিও এসেছেন। বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। আমাদের বিবেক আমাদের চালাই। কোনো বিদেশি শক্তি নয়।

তিনি বলেন, আজ ইউনূস কত নির্লজ্জ, তিনি ভারতকে অনুরোধ করে শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রান্ত, আমক্রণকারী নয়। তাকে থামাবে কেন? আক্রমণকারীদের থামান। যাদের সঙ্গে আপনি আছেন। বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ড. ইউনূস। তিনি সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছেন।

প্রধানমন্ত্রীকে থামাতে ভারতের প্রতি অনুরোধ জানানোর বক্তব্য আপত্তিকর বলেও উল্লেখ করেন কাদের। তিনি বলেন, এই দেশ স্বাধীন। স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে বোঝানো! কি বোঝাতে তিনি ভারতকে বলেছেন। খোলাসা করে ইউনূস সাহেব বলবেন কি?

কোটা আন্দোলন, অগ্নিসন্ত্রাস, সাম্প্রতিক সহিংসতার সঙ্গে এই বিবৃতির সংযোগ আছে কি না তা ভেবে দেখা দরকার বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ড. ইউনূস দেশের সংস্কৃতি ও স্বাধীনতা লালন করেন না বলে জানিয়ে কাদের বলেন, তিনি আমাদের সঙ্গে নেই। আমরা তার সঙ্গে কেমন করে থাকবো। জাতির কোনো সংকট, সম্ভাবনায় তার ভূমিকা দেশের জনগণ দেখে না।

সেনাবাহিনী কোথাও গুলি করেনি দাবি করে কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কারফিউ দেওয়ার সিদ্ধান্ত দিলেন তখন সেনাবাহিনী নামলো। আমি চ্যালেঞ্জ করে বলছি, সেনাবাহিনী কোথাও একটা গুলিও ছুড়েনি। অথচ অপবাদ দেওয়া হচ্ছে আমরা হাজার হাজার মানুষ মেরে ফেলেছি।’

এসময় পুলিশ ও আওয়ামী লীগের নিহত এক নেতার নাম উল্লেখ করে তিনি বলেন, এগুলো করেছে আক্রমণকারীরা। আজ অনেকে অনেক কথা বলেন। ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে ১৫ জনকে। এসবের জন্য কারা দায়ী।

তিনি বলেন, শেখ হাসিনা দেখতে যাচ্ছেন বিবেকের টানে, হৃদয়ের টানে। আপনাদের মতো মায়াকান্না করতে নয়। বিবেক ও হৃদয়ের টানে তিনি হাসপাতালে যাচ্ছেন। বঙ্গবন্ধু মানুষের জন্য যা করতেন। তার কন্যাও সেই সহানুভূতি নিয়ে যাচ্ছেন।

মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু না থাকায় রাজধানীতে ভয়াবহ যানজট হচ্ছে বলে জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, আজ ঢাকা সিটিতে অসহনীয় যানজট। কেন এই যানজট? মেট্রোরেল নেই। যে ধ্বংসলীলা মেট্রোরেলের ১০ নম্বর স্টেশন, কাজীপাড়া স্টেশনে, আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা আগুনে কয়লা হয়ে গেছে। উত্তরা থেকে মানুষ আসা যাওয়া করতে পারছে না। সময়ও বাড়ছে, পরিবহন ব্যয়ও বাড়ছে। এই কষ্ট বহুকালের। শেখ হাসিনাই জনগণের কষ্ট লাঘবে এসব প্রকল্প নিয়েছেন। আমাদের বাস র‌্যাপিড ট্রানজিট গাজীপুর থেকে চালু হওয়ার কথা। ৩৪টি এক্সিলেটর পুড়িয়ে দেওয়া হয়েছে। কেমনে চালু করবো? এগুলো তো মানুষের জন্য করেছেন।

তিনি বলেন, জনগণ আজ উপলব্ধি করছে মেট্রোরেল, এলিভেটেড বন্ধ থাকলে তারা কত কষ্টে থাকেন। এই কষ্ট আমরা দেইনি। এটা দিয়েছে বিএনপি-জামায়াত। ক্ষমতার জন্য সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে, সহিংসতার পথ বেছে নিচ্ছে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

সূত্র: জাগোনিউজ

‘সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে’

ডেস্ক রিপোর্ট:

সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (২৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকারি শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ছিল, সেটি তারা জানিয়েছিলেন। এ কারণে তাদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়নি। নিরাপত্তা ঝুঁকিমুক্ত হওয়ার পরই তাদের ফিরিয়ে দেওয়ার কথা চিন্তা করা হবে।

তিনি বলেন, কখনো বলা হচ্ছে ৫০০ জনের মৃত্যু হয়েছে। আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ছাত্র কতজন এখনও বিস্তারিত জানা যায়নি। আরও যাচাই করে তথ্য জানানো হবে।

নিহতদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন সেটি নির্ণয়ের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন আসাদুজ্জামান খান।

তিনি বলেন, এ ধরনের হত্যাকাণ্ড, বর্বরোচিত আক্রমণ পৃথিবীর কোনো সভ্য দেশ দেখেছে বলে আমার মনে হয় না। আমরা এও দেখেছি তারা একটা হসপিটাল পর্যন্ত রেডি রেখেছে, কেউ ইট কিংবা লাঠির আঘাতে আহত হলে তাদের সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে আবার তাদের ভালো করে আরেক দল এসেছে। আগে থেকে একটা প্ল্যান ওয়েতে আক্রমণগুলো করেছে।

পুলিশ যখন পারছিল না, তখন সেনাবাহিনীকে ডাকা হয় এবং কারফিউ জারি করা হয় জানিয়ে মন্ত্রী বলেন, ক্রমে দেশ স্বাভাবিক হয়ে আসছে। ক্রমেই আমরা সান্ধ্য আইন শিথিল করছি, যখন আরও স্বাভাবিক হয়ে যাবে তখন আমরা কারফিউ উঠাতে সক্ষম হব।

নিহতের সংখ্যা নিয়ে অনেকে অনেক কিছু বলছেন জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, এ কয়দিনের আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের একটা তালিকা আমাদের কাছে আছে। এটি আমরা আরও যাচাই-বাছাই করছি। আরও যদি দু’একজনের খবর পাই তবে তা আমরা অন্তর্ভুক্ত করব।

তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত ১৪৭ জন মারা গেছে বলে আমাদের হিসাবে রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণির মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে।‌ বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছেন। বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা থেকে নিহতের এ সংখ্যা পাওয়া গেছে বলেও জানান মন্ত্রী।

‘নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কখনো বলা হচ্ছে ৫০০, কখনো বলা হচ্ছে ১০০০। সেজন্য আমাদের কাছে যে হিসাব সেটি আমরা দিলাম।’

আসাদুজ্জামান খান বলেন, দোষী ব্যক্তিদের আমরা অবশ্যই শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসব। আমরা কাউকে এখানে ছাড় দেব না।

ব্লক রেইড দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, শিশুদেরও গ্রেপ্তার করা হচ্ছে। সেক্ষেত্রে মানবাধিকারের লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে– জানতে চাইলে তিনি বলেন, শিশুদের গ্রেপ্তার করার কথা উদ্দেশ্যমূলকভাবে বলা হচ্ছে। এ কাজে (সহিংসতা) টাকার বিনিময়ে কিশোর গ্যাংদের কাজে লাগানোর তথ্য আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে যেভাবে পৈশাচিকভাবে মেরেছে। একইভাবে আমরা দেখেছি আত্মসমর্পণ করার পরও পুলিশকে গুলি করেছে।

দেখেছি গাড়ি থেকে লাশ টেনে হিঁচড়ে ফেলে দেওয়া হচ্ছে– এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, আমাদের পুলিশ ট্রেনিং দেওয়া পুলিশ। তাদের অযথা গুলির করার দরকার হয় না। প্রতিটি গুলির হিসাব তাকে দিতে হয়। প্রতিটি মৃত্যুর জবাবদিহি তাকে করতে হয়। পুলিশ অযথা গুলি করেছে, শিশুকে মেরে ফেলেছে। এগুলো সম্পূর্ণই গুজব, অপপ্রচার।

গণগ্রেপ্তারে নির্দোষ মানুষকেও গ্রেপ্তার করা হচ্ছে– এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনাদের কাছে তথ্য আছে? কাকে আমরা বিনা ইসে ধরেছি। আমাদের গোয়েন্দা বাহিনী পুলিশকে তালিকা করে দিয়েছে, প্রত্যেকটি গ্রেপ্তার ভিডিও ফুটেজ দেখে করা হচ্ছে।

উত্তরা-আজমপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪ জন

ডেস্ক রিপোর্ট:

কোটা বিরোধী আন্দোলনকারীরের পূর্বঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে উত্তরা-আজমপুর এলাকায় সড়ক অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিতে শিক্ষার্থী-পথচারীসহ চারজন নিহত হয়েছেন। একইসঙ্গে হাসপাতালটিতে আহত হয়ে আরও শতাধিক ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আহত হয়ে প্রায় অর্ধশত মানুষ আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন।

এদিকে উত্তরা-আজমপুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালেও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, সংঘর্ষে প্রায় ২০০ জনের বেশি গুলিবিদ্ধ হয়ে সেখানে গেছে এবং একজনের মৃত্যু হয়েছে। আহদের মধ্যে যারা গুরুতর, তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কোটা সংস্কারের পক্ষে নীতিগতভাবে একমত সরকার: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

কোটা সংস্কারের পক্ষে সরকার নীতিগতভাবে একমত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের টানেলে ব্রিফিংয়ে আইনমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

তিনি বলেন, আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার। আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ওরা চাইলে আমরা আজকেই আলোচনায় বসতে রাজি।

আইনমন্ত্রী আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গ্রহণ করা হয়েছে। হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে এই কমিটির দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

কুমিল্লা রণক্ষেত্র, শিক্ষার্থী-সাংবাদিক-পুলিশসহ অর্ধশতাধিক আহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় কোটা সংস্কার আন্দোলনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে শিক্ষার্থী, সাংবাদিক এবং পুলিশসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। এতে মহাসড়কের দুই লেনেই যানবাহন চলচলা বন্ধ হয়ে গেছে।

সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে মহাসড়কের কোটবাড়ী এলাকায় শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

সরেজমিনে দেখা গেছে, দুপুর ১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকার পশ্চিম পাশ থেকে বিশ্ববিদ্যালয়সহ আন্দোলনরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুলিশের দিকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দিতে অগ্রসর হন। এ সময় পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এতে কয়েকজন সাংবাদিকসহ অন্তত ৫০ জন শিক্ষার্থী ও পুলিশ আহত হন।

কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছাড়াও বিক্ষোভে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ, জেলার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার’ ‘দিয়েছিতো রক্ত, আরো দিবো রক্ত,’ ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না,’ আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,’ ‘মেধা না কোটা, মেধা মেধা,’ ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছি। সরকার ছাত্রলীগকে আমাদের উপর লেলিয়ে দিয়েছে। পুলিশ এবং ছাত্রলীগ মিলে অন্যায়ভাবে আমাদের ছয় ভাইকে গুলি করে হত্যা করেছে। আমরা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এর বিচার বাদী করছি।

তিনি আরও বলেন, ছাত্রসমাজের শান্তিপূর্ণ আন্দোলনের পরও সরকার কোটা সংস্কার সমাধানের চেষ্টা করেনি। আমরা এর চূড়ান্ত সমাধান চাই। আমরা চাই, অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম ৫ শতাংশে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।

রণক্ষেত্র যাত্রাবাড়ী, টোল প্লাজায় আবারও আগুন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় ফের আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে আগুন দেন তারা। এ সময় বিক্ষোভকারীদের তোপের মুখে পিছু হটে পুলিশ।

এর আগে বুধবার রাতে টোল প্লাজায় আগুন দেন আন্দোলনকারীরা।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে কাজলা এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে কাজলাসহ টোল প্লাজা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সরেজমিনে দেখা যায়, শত শত আন্দোলনকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে মুহুর্মুহু টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে। আন্দোলনকারীরাও পুলিশের দিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন। তাদের হাতে লাঠিসোঁটাও দেখা গেছে।

এ সময় আন্দোলনকারীরা ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’; ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’- এমন নানান ধরনের স্লোগান দিতে থাকেন।

সংঘর্ষ চলাকালে আন্দোলনকারীরা একজনকে ব্যাপক মারধর ধরেন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ১০৩ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কার্যালয় ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।

এর আগে এদিন সকাল থেকে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সকাল থেকেই সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

আন্দোলনকারীদের অবস্থানের কারণে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না। আবার কোনো যানবাহন ঢুকতেও পারছে না।

রণক্ষেত্র মেরুল বাড্ডা

ডেস্ক রিপোর্ট:

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন আন্দোলনকারীরা। এরই ধারাবহিকতায় সড়কে নেমেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।

পরিস্থিতি বুঝে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে : পলক

ডেস্ক রিপোর্ট:

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (১৮ জুলাই) এই তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বার্থান্বেষী মহলের নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এর জন্য পূর্বে কোনো ঘোষণা দেয়া হয়নি, পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পলক বলেন, ‘ফেসবুক, গুগল, ইউটিউব, টিকটকের সঙ্গে সরকারের যোগাযোগ হয়েছে। কিন্তু বিতর্কিত কনটেন্ট অপসারণ নিয়ে তাদের প্রাইভেসি পলিসি সন্তোষজনক না। এরপর তাদের কারণে যদি একটি প্রাণহানি ঘটে তাহলে এসব কোম্পানিকে ছাড় দেওয়া হবে না। তাদেরকে বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপন করে বাংলাদেশের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।’