All posts by jitu

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে চাঁদপুর প্রেসক্লাবের শুভেচ্ছা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউরেটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরাকে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শনিবার (৩০ মে) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের আলগী পাঁচগাঁও এলাকায় পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহনকালে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

এ সময় উপস্থিত ছিলেন, প্রাক্তন অতিরিক্ত সচিব (অব:) রওশন আরা বেগম, যুগ্ম সচিব (অব:) মোস্তফা কামাল, চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ (অব:) ইসমাঈল তপাদার কাঞ্চন, সুপ্রীম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেনা সহ অন্যান্যরা।

কুমিল্লা-সিলেট মহাসড়কে গাছ উপড়ে পড়ে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়ে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ঈদ-পরবর্তী সময়ে কর্মস্থলমুখী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রবিবার সকাল ১০টার দিকে কুমিল্লার দেবীদ্বার থানা মসজিদের পশ্চিম পাশে মহাসড়কের ওপর গাছটি পড়ে যায়। ওই সময় কোনো ধরনের ঝড়-বৃষ্টি না থাকলেও হঠাৎ গাছটি উপড়ে পড়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীদ্বার থানা মসজিদের দক্ষিণ-পশ্চিম কোণে থাকা একটি বড় কৃষ্ণচূড়া গাছ সড়কের ওপর হেলে পড়ে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামগামী একটি লরির ওপর গাছটি পড়ে। তবে এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাছটি থানার পশ্চিম পাশের দেয়াল ভেঙে লরির মাঝামাঝি অংশে পড়ায় লরির সামান্য ক্ষতি হলেও চালক ও সহকারীরা অক্ষত থাকেন।

ঘটনার পর মহাসড়কের দুই পাশে দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে। কাঁচামাল পরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

পরে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি দল, থানা পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণের কাজ শুরু করেন। দুপুর ১টার দিকে গাছ সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, কৃষ্ণচূড়া গাছটি আগের ঝড়ের কারণে কিছুটা হেলে ছিল। ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাছটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। গাছটি থানার দেয়াল ভেঙে একটি লরির ওপর পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে দুই বাসের প্রতিযোগিতায় পথচারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ হারালেন এক দারোয়ান। রোববার (৩১ মে) সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে টোরাগড় মনির ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. বিল্লাল হোসেন (৫৫) ডক্টরস সিটিস্ক্যান ও ডায়াগনস্টিক সেন্টারের দারোয়ান ছিলেন। তিনি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁ গ্রামের মুন্সিবাড়ির বাসিন্দা।

স্থানীয় একটি সিসিটিভির ফুটেজে দেখা যায়, সকালে চাঁদপুর থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল আইদি পরিবহনের একটি বাস। এর পেছনে ছিল বোগদাদ পরিবহনের আরেকটি বাস। ওভারটেক করার জন্য আইদি বাসের বাম পাশে চলে যাওয়ার চেষ্টা করে বোগদাদের বাস। এ সময় সড়কের পাশে বসে থাকা দারোয়ান বিল্লাল হোসেন চাপা পড়েন।

হাজীগঞ্জ থানার ওসি মো. আব্দুল মান্নান জানান, বাস দুটি জব্দ ও লাশ পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমশার এলাকায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমশার এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রোববার সকাল ৭টায় এ মিছিল করা হয় ।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার নির্দেশনায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহেতাসামুল হাসান রুমির পৃষ্ঠপোষকতায় মিছিলটি আয়োজন করে বুড়িচং উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন।

জানা যায়, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ভোরবেলা থেকেই মিছিলটি করার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। তারপর সকাল ৭টার দিকে অর্ধশতাধিক নেতাকর্মী মোকাম ইউনিয়নের নিমসার ও কোরপাই এলাকায় মিছিলটি করে ।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী জানান, আওয়ামী লীগ গোপনে মিছিল করেছে। আমাদের সংসদ সদস্য জসিম উদ্দিন ভাই এবং বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেব। আর প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, তাদের কাছে জানতে চাইব।

বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান জানান, কোরপাই এলাকায় একত্রিত হওয়ার চেষ্টা করেছিল, পরে পুলিশ যাওয়ায় দৌড়ে পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমরা ব্যবস্থা নিচ্ছি।

জিয়াউর রহমান একসাথে পাঁচশত গার্মেন্টস এর লাইসেন্স দেন, আজ সে গুলো প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান: কামরুল হুদা

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মোঃ কামরুল হুদা বলেছেন, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। চৌদ্দগ্রাম নিয়ে অনেক মনোযোগী ছিলেন। কিন্তু অজ্ঞাত ষড়যন্ত্রের কারণে নির্বাচিত হতে দেয় নাই। চৌদ্দগ্রামে বিএনপির এমপি নির্বাচিত হয় নাই, চৌদ্দগ্রামের উন্নয়ন হবে না, সেটা মনে করার কোন কারন নাই।

উন্নয়ন হবে আমাদের মাধ্যমে, আমরা ইতোমধ্যে তালিকা করেছি, বিএনপির নেতৃত্বের মাধ্যমে চৌদ্দগ্রামে উন্নয়ন হবে। কেউ যদি এসে আগের মতো প্রভাব বিস্তার করতে চায়, নেতৃবৃন্দকে বলবো, এদের হাত ভেঙে দেন। এদের সাথে বাংলার মানুষ নাই। এদের সাথে পৃথিবীর কেউ নাই। এরা সন্ত্রাসী গোষ্ঠী, এরা কোন দল নয়। এরা সংখ্যালঘু একটা দল।

মোঃ কামরুল হুদা শনিবার বিকেলে চৌদ্দগ্রাম পৌর বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কামরুল হুদা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি চৌদ্দগ্রাম আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। তারা ষড়যন্ত্র ও মানুষের ভোট ডাকাতি করে নির্বাচিত হয়েছে। যিনি এ আসন থেকে মানুষের ভোট ডাকাতি করে নির্বাচিত হয়েছেন তারপর থেকে আজ পর্যন্ত তাকে এই এলাকার লোকজন দেখে নাই।

বিএনপির এই নেতা আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রথমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন দেশের উন্নয়নের জন্য এবং বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে একসাথে পাঁচশত গার্মেটন্সকে লাইসেন্স প্রদান করেন। আজকে সে গার্মেন্টসগুলোতে প্রায় ৪০ লক্ষের অধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তারই সুযোগ্য সন্তান তারেক রহমান আজকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনিও এ দেশের বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন।

পৌর বিএনপির সভাপতি জি এম তাহের পলাশীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ-সভাপতি প্রভাষক এয়াকুব আলী, কাজী জসিম, সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, মাইনুল আহসান মাসুদ, সাবেক কাউন্সিল মফিজুর রহমান, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, পৌর ছাত্রদল সভাপতি শাহরিয়ার বাঁধন, পৌরসভা শ্রমিকদলের সভাপতি মাহবুবুল হকসহ আরো অনেকে।

সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক কাউন্সিলর মোঃ হানিফ।

পরে একটি শোক র‌্যালী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার প্রদক্ষিণ করে।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে র‌্যালী আলোচনা সভা ও শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুড়িচংয়ে গৃহবধূ হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় গৃহবধূ লিপি আক্তার (৪০) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে বাংলাদেশ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি মো. সুমনকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১১ সূত্রে জানা গেছে, শনিবার (৩০ মে) ভোর ৩টা ৪৫ মিনিটে র‌্যাব-১১ সিপিসি-২ ও র‌্যাব-১ সিপিসি-১-এর যৌথ অভিযানে গাজীপুর সদর থানার ধীরাশ্রম বুড়ি বটতলা এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার শাহাগোদা গ্রামের বাসিন্দা। বর্তমানে গাজীপুরে ভাড়া বাসায় থাকতেন।

র‌্যাব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সুমন নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। লিপি আক্তার ছিলেন আসামির দ্বিতীয় স্ত্রী। সুমন ঘটনার রাতে লিপির বাসায় ছিলেন। পরদিন ভোরে সুমন লিপির মোবাইলফোন নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তিনি লিপিকে বিছানায় ফেলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান।

র‌্যাব জানান, গত ২৮ মে ঈদের দিন বুড়িচং উপজেলার নোয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় একা থাকা লিপি আক্তারের সঙ্গে তার মেয়ের দেখা হয়। বিকেলে মেয়ে শ্বশুরবাড়িতে ফিরে যান। পরদিন সকালে মুঠোফোনে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে খাটের ওপর তার মায়ের মরদেহ দেখতে পান।

এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে শুক্রবার (২৯ মে) বুড়িচং থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে র‌্যাব।

এ ছাড়া র‌্যাব জানায়, গ্রেফতার হওয়া সুমন মাদকাসক্ত। তার কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব-১১।

সামাজিক বন্ধনকে সুদৃঢ় করার যাত্রায় ‘ফ্রেন্ডস ইনফিনিটি অব চৌদ্দগ্রাম’

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘এসো মিলি প্রাণের টানে’-এই স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বন্ধু সংগঠন ‘ফ্রেন্ডস ইনফিনিটি অব চৌদ্দগ্রাম’।

গতকাল ভিটা ওয়ার্ল্ড রিসোর্টের অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

অনুষ্ঠানে আহ্বায়ক কাজী ইসরাফিলের সভাপতিত্বে এবং এমরান হোসেন ভুঁইয়া মাসুদের সঞ্চালনায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা মমতাজ উদ্দিন শামীম।

অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেলকে।

এছাড়াও সংগঠনের সভাপতি হিসেবে ঘোষণা করা হয় সাবেক ছাত্রনেতা মমতাজ উদ্দিন শামীমকে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পায় সাবেক ছাত্রনেতা এমরান হোসেন ভুঁইয়া মাসুদ।

সংগঠনের অন্যান্য উপদেষ্টারা হলেন; রবিউল করিম শামীম, সাখাওয়াত হোসেন শামীম, জোবায়ের হোসেন মাসুম, জাহাঙ্গীর হোসেন, ফরিদুজ্জামান রুবেল, কফিল উদ্দিন এবং লিয়াকত শিকদার।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সাবেক ছাত্রনেতাবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই সংগঠনটির সফলতা কামনা করেন এবং সামাজিক সম্প্রীতি, বন্ধুত্ব ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

কুমিল্লায় ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজছাত্র শিহাবের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় বন্ধুদের সাথে সাঁতরিয়ে ডাকাতিয়া নদী পার হওয়ার সময় গতকাল শুক্রবার দুপুরে নিখোঁজ হওয়া চট্রগ্রামের বিএন কলেজের একাদশ শ্রেণির ছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭ টার দিকে মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

গতকাল শুক্রবার দুপুর আনুমানিক ১টায় চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার সংযোগস্থল জাকজোর-নারান্দিয়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে নিখোঁজ হয় শিহাব।

শিহাব নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহির আহমেদ শিপনের ছেলে।

সিহাবের মামা আসিফ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে সিহাব তার অপর দুই বন্ধুকে নিয়ে নারান্দিয়া গ্রাম থেকে পার্শ্ববর্তী জাকজোর গ্রামে যায় তালের আঁটি খাওয়ার জন্য। জুম্মার নামাজের সময় হওয়ায় সেখান থেকে দ্রুত সাঁতার কেটে মসজিদে আসার জন্য নদীতে নামে তিন বন্ধু। এসময় অপর দুই বন্ধু সাঁতার কেটে নদী পার হলেও শিহাব নদীতে হারিয়ে যায়।

চাঁদপুর থেকে মোঃ আলীর নেতৃত্বে ডুবুরি টিম এসে বিকেল থেকে আনুমানিক এক ঘন্টা চেষ্টা করেও নিখোঁজ শিহাবকে উদ্ধার করতে পারেনি। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় নিখোঁজ কার্যক্রম স্থগিত রাখে তারা এবং আজ সকালে উদ্ধার কার্যক্রম আবারো শুরু করে নিখোঁজ সিহাবের মরদেহ তারা উদ্ধার করেন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাঁতরে জুমার নামাজে আসার সময় ডাকাতিয়া নদীতে কলেজ ছাত্র নিখোঁজ

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুদের সাথে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে মোহাম্মদ শিহাব (১৮) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।

শুক্রবার (২৯শে মে) দুপুর আনুমানিক এক ঘটিকায় চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার সংযোগস্থল জাকজোর-নারান্দিয়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিহাব পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের রোগের আহমেদ শিফনের ছেলে। সে চট্টগ্রাম বি.এন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

নিখোঁজ সিহাবের মামা আসিফ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে সিহাব তার অপর দুই বন্ধুকে নিয়ে নারান্দিয়া গ্রাম থেকে পার্শ্ববর্তী জাকজোর গ্রামে যায় তালের আঁটি খাওয়ার জন্য। জুমার নামাজের সময় হওয়ায় সেখান থেকে দ্রুত সাঁতার কেটে মসজিদে আসার জন্য নদীতে নামে তিন বন্ধু।

এ সময় অপর দুই বন্ধু সাঁতার কেটে নদী পার হলেও শিহাব নদীতে হারিয়ে যায়। এখনো শিহাবের সন্ধান পায়নি পরিবার।

চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল আলম জানান, আমরা দুপুর আনুমানিক ১.২৫ ঘটিকায় কলেজছাত্র শিপনের নিখোঁজ হওয়ার খবর পাই।

এ সময় আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোজ শিপনকে উদ্ধারের চেষ্টা করি। তাৎক্ষণিক আমরা চাঁদপুর থেকে ডুবুরি টিমকেও খবর পাঠাই।

মোহাম্মদ আলীর নেতৃত্বে চাঁদপুরের ডুবুরি টিম এসে বিকেল থেকে আনুমানিক এক ঘন্টা চেষ্টা করেও নিখোঁজ শিহাবকে উদ্ধার করতে পারেনি। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় নিখোঁজ কার্যক্রম স্থগিত রাখে তারা এবং আগামীকাল সকালে উদ্ধার কার্যক্রম আবারো শুরু করবে বলে জানায়।

নাঙ্গলকোটে দাম না পেয়ে পুঁতে ফেলেন চামড়া, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভ

নাঙ্গলকোট প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটে কোরবানি পশুর চামড়ার দাম না পেয়ে গর্ত করে পুঁতে ফেলার চিত্র দেখা গেছে। শুক্রবার উপজেলার গোমকোট ও তেজের  বাজারের পাশে গরুর চামড়া পুঁতে ফেলা হয়েছে। এনিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা লোকশান দিয়ে ফেসবুকে চামড়া দাফন করা হচ্ছে ভিডিও পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়,  ঈদুল আযহার দিন বিভিন্ন এলাকায় গরুর চামড়া সংগ্রহ করে একস্থানে জমাট করে অস্থায়ী কিছু ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী। ওইখান থেকে বড় ব্যবসায়ীরা এসে চামড়া কিনবেন এ আশা ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে। ব্যবসায়ীরা রাতে ঘুম না গিয়ে বসে বসে চামড়ার পাহারায় ছিলো। কিন্তু কোনো বড় পাইকার না আসায় ক্ষুব্ধ হয় তারা। মাঝে মাঝে অন্য উপজেলার ছোট পাইকার এসে ৫০-১শ টাকা দামে কিনে নেয়ার প্রস্তাব দিয়েছে। কোন বড় ব্যবসায়ী চামড়া ক্রয় করতে না আসায় অনেকে রাস্তার পাশে চামড়া রেখে চলে যায়। পরে শুক্রবার দুপুরের দিকে বিভিন্ন জায়গায় চামড়া পুঁতে ফেলা হয়।

উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে আরো জানা যায়, অস্থায়ী ব্যবসায়ীরা বাজার বা গ্রামের দোকানের সামনে চামড়া জমাট করে রাখে। এবার চামড়ার দাম একদম কম। বড় ব্যবসায়ীদের অপেক্ষায় রয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী। আবার অনেক লবণ দিয়ে চামড়া রেখে দেয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই চামড়ায় লেগে থাকা মাংস অপসারণের কাজও চলছে। অনেক এলাকার ব্যবসায়ীরা দিশেহারা হয়ে খালে বা ভেকু মেশিন দিয়ে পুঁতে ফেলেছে এবং আর কখনও গরুট চামড়া ব্যবসা করবেন না মন্তব্য করেন।

এবিষয়ে মোড্ডা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী জসিম জানান, নগদ টাকা দিয়ে গরুর চামড়া কিনে বিপাকে পড়েছি। কিছু ব্যবসায়ী এসে চামড়ার দাম ৫০-১শ টাকা বলেছে। শেষ পর্যন্ত চামড়া পুঁতে ফেলেছি।

অপরিদকে গোমকোট গ্রামের অস্থায়ী ব্যবসায়ী ওসমান বলেন, ভাই দাম পাওয়ার আশায় নগদ টাকা দিয়ে মানুষদের কাছ থেকে বাড়ী বাড়ী গিয়ে চামড়া সংগ্রহ করেছি। কিন্তু চামড়ার দাম ঠিকভাবে বলেনি। তাই চামড়া গর্ত করে পুঁতে ফেলছি। চামড়া ক্রয়ের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান করছি।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান বলেন, যারা জাতীয় সম্পদ নষ্ট করেছে ঠিক করেনি। আমরা প্রত্যেক মাদ্রাসায় লবণ পৌঁছে দিয়েছি চামড়া সংরক্ষণের জন্য। কেউ যদি আমাদেরকে অবগত করতো তাহলে দ্রুত লবন পৌঁছে দিতাম।