All posts by jitu

কুমিল্লা ইজি ও ইজি জুনিয়র ফ্যাশনের ৮৭ ও ৮৮তম শাখার উদ্বোধন

 

শাহ ইমরান:

কুমিল্লায় পুলিশ লাইন ও কান্দিরপাড় সংলগ্ন রুপায়ন দেলোয়ার টাওয়ারের রুপায়ন কুমিল্লা ও জুনিয়র শাখার ইজি ফ্যাশন লিমিটেড এর ৮৭ ও ৮৮তম শাখার শুভ উদ্বোধন করা হয়।

রোববার দুপুরে শুভ উদ্বোধনে উপলক্ষে দোয়া মিলাদের আয়োজন করা হয় ।

উক্ত অনুষ্ঠানে পরিচালক তৌহিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কুমিল্লা৬ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহার উদ্দিন বাহার, ইজি ফ্যাশনের চেয়ারম্যান আসাদ চৌধুরী , ইজি ফ্যাশনের এমডি ইসাদ চৌধুরী এবং ইজি ফ্যাশনের জিএম আমজাদ চৌধুরীসহ ইজি ফ্যাশন লিমিটেড এর কুমিল্লা শাখার সকল কর্মচারী ও অন্যান্যগণ।

গরমে প্রস্রাবের সংক্রমণ: লক্ষণ ও প্রতিরোধে করণীয়

ডেস্ক রিপোর্ট:

দেশজুড়ে চলছে ভ্যাপসা গরম। এ সময় শরীর ঘেমে পানি ও লবণ বের হয়ে যায়। স্বাভাবিকভাবেই শরীরে পর্যাপ্ত পানি দরকার, তাঁর সঙ্গে লবণের ঘাটতিও পূরণ করা চাই। পানিশূন্যতার কারণে শরীর দুর্বল হওয়াসহ নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। আর এসব সমস্যার একটি হচ্ছে প্রস্রাবে জ্বালাপোড়া। এমন পরিস্থিতে ইউরিন ইনফেকশন বা প্রস্রাবে সংক্রমণ দেখা দিতে পারে।

মূত্রনালিতে সংক্রমণ আচমকাই ধরা পড়লেও এর লক্ষণগুলো এক দিনে তৈরি হয় না। দ্রুত ব্যবস্থা না নিলে বা সঠিক চিকিৎসা না হলে কিডনিতে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এর পরিণাম হতে পারে ভয়াবহ। সাধারণত নারীরা প্রস্রাবের সংক্রমণে বেশি ভুগে থাকেন। পানি কম খাওয়া, অতিরিক্ত ঘাম ও ঘরের বাইরে বেশি কাজ করার কারণে এটি বেশি হয়।

এ সমস্যায় আক্রান্ত হলে অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে কিছু ওষুধ ব্যবহার করেন, যা একেবারেই উচিত নয়।

প্রস্রাবের সংক্রমণের লক্ষণ

  • প্রস্রাবে সংক্রমণের কারণে জ্বর হলে তার সঙ্গে সর্দি-কাশি বা গলাব্যথার মতো উপসর্গ দেখা যায় না।
  • প্রস্রাবে জ্বালাপোড়া, ঘনঘন প্রস্রাবের বেগ, প্রস্রাবের রং হলুদ বা লালচে, প্রস্রাবের সঙ্গে রক্ত, দুর্গন্ধযুক্ত প্রস্রাব, নারীদের গোপনাঙ্গে ব্যথা, পুরুষদের মলদ্বারে ব্যথা ইত্যাদি।
  • বেশি সংকটাপন্ন হলে পেট ও কোমরের মাঝামাঝিতে ব্যথা অনুভব করা, শীত লাগা, জ্বর, বমি বমি ভাব, বমি ইত্যাদি হতে পারে।

প্রস্রাবের সংক্রমণে করণীয়

  • ইউরিন ইনফেকশন হলে অবশ্যই পানি খাওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে। প্রস্রাবে হলুদ ভাব দেখা দিলে দেরি না করে দিনে অন্তত আড়াই লিটার পানি খেতে হবে। সাধারণত প্রতি চার-পাঁচ ঘণ্টা পর পর প্রস্রাব হওয়া উচিত।
  • এর চেয়ে প্রস্রাব বেশি দেরিতে হলে পানির পরিমাণ আরও বাড়াতে হতে পারে। প্রস্রাব চেপে রাখা যাবে না। এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে।
  • রোগীরা খাদ্যতালিকায় অবশ্যই ভিটামিন সি রাখবেন। এতে প্রস্রাবের জ্বালাপোড়া কমবে। এছাড়া ভিটামিন সি ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতেও সাহায্য করে।
  • ভিটামিন সির চাহিদা পূরণ করার পাশাপাশি আনারস খেলেও উপকারিতা মিলবে। কারণ, এই ফলে আছে ব্রোমেলাইন নামক একটি উপকারী এনজাইম বা উৎসেচক।
  • এ সময় প্রোবায়োটিক-জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া উচিত। কারণ এই খাবার অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায়। ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয় ও সংক্রমণ কমায়। টকদই প্রোবায়োটিকের ভালো উৎস।

বেনজীর বিদেশে থাকলেও তার বিচার চলবে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

দুর্নীতিতে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ বিদেশে থাকলেও তার বিচার চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে। সরকার কোনো ছাড় দেবে না।

রোববার (২ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেনজীর আহমেদের ঘটনায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। তদন্ত, মামলা, গ্রেফতার সবকিছু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। সরকার এখানে দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে? সরকারের দুর্নীতিবিরোধী যেসব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলে তারও বিচার হবে।

সেতুমন্ত্রী বলেন, এদেশে ৭৫ পরবর্তীকালে কোনো শাসক ও সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎসাহস দেখাতে পারেনি। শেখ হাসিনার সরকার সেটা দেখিয়েছে। ব্যক্তি দুর্নীতি করতে পারে। দুর্নীতি করার পর সরকারের দৃষ্টিভঙ্গি কী সেটা দেখতে হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

সরকারের সহায়তায় বেনজীর আহমেদ বিদেশে পালিয়েছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, সরকারের কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে? কোন অথরিটি গিয়ে তাকে তুলে দিয়েছে? অন্ধকারে ঢিল ছুড়বেন না।

ওবায়দুল কাদের বলেন, এ দেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি ও অর্থনীতি শুরু হয়েছে বিএনপির আমল থেকে। ক্ষমতায় এলে বিএনপি নেতারা অবৈধভাবে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠে। এটা দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত সত্য। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায়। পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিএনপির দণ্ডিত পলাতক নেতা তারেক রহমান বিদেশে বিলাসী জীবনযাপন করছে।

সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, দুর্নীতি কোন দেশে হয় না এই দাবি কেউ করতে পারে না। আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী, সরকারপ্রধান তিনি কোনো প্রকার দুর্নীতি করেন বা দুর্নীতিকে প্রশ্রয় দেন এমন অভিযোগ তার বিরুদ্ধে দেশে-বিদেশে কেউ দিতে পারেনি। শেখ হাসিনা আপাদমস্তক সৎ রাজনীতিক, এটা বিশ্বের স্বীকৃত। তার জনপ্রিয়তার মূলে তিনি অত্যন্ত পরিশ্রম ও সৎ জীবনযাপন করেন।

তিনি বলেন, বিএনপির প্রধান নেতাই দণ্ডিত পলাতক তারেক রহমান চিহ্নিত অপরাধী। এমন লোক যে দলে নেতৃত্ব দেয় সেই দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না। জনগণের বিশ্বাসও রাখতে পারে না। তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পরপর পাঁচবার তারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয় দিতেই বিএনপির গঠনতন্ত্র থেকে হঠাৎ করেই ৭ ধারা বাদ দিয়েছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চোরের রাজা মহারাজা হচ্ছে বিএনপি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খানসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন দেশের সঙ্গে কার ঝগড়া তা বাংলাদেশের দেখার প্রয়োজন নাই। যারা উন্নয়নের সহযোগী হবে তাদের নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।

রোববার (২ জুন) ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটব্যাপী ভিডিওচিত্র প্রতিযোগিতায় নির্বাচিতদের সম্মাননা, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা সবসময় শান্তি চাই, যুদ্ধ চাই না। সবার সঙ্গে বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি।

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি, এ বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। ১৫ আগস্টের পর আমাদের যেভাবে ভিক্ষুক জাতিতে পরিণত করেছে আর যেন এটা না করতে পারে কেউ সেজন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে। দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, দেশের একটি পক্ষ সব উন্নয়ন প্রকল্পেরই বিরোধিতা করে। যদিও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে খুশি মনেই তা ব্যবহার করে।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতার সুফল যাতে সাধারণ মানুষের কাছে না পৌঁছায় সেজন্যই ‘৭৫-এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের পর থেকে ইতিহাসের বিকৃতি শুরু হয়। আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় ইতিহাস বিকৃতির সে কলঙ্ক আস্তে আস্তে মুছে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ হয়ে যায়। যে জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই জয় বাংলা স্লোগানটাও বাংলাদেশ থেকে মুছে ফেলা হয়।’

বঙ্গবন্ধুর স্বপ্নের ‘ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ’ গড়তে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরার আহ্বান জানান তিনি।

ভারতে শেষ দফার ভোটের দিন হিটস্ট্রোকে নিহত ৩৩ পোলিং স্টাফ

ডেস্ক রিপোর্ট:

ভারতে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের দিন এক রাজ্যেই হিটস্ট্রোকের কারণে কমপক্ষে ৩৩ জন পোলিং স্টাফ নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।ভারতের বেশিরভাগ রাজ্যেই এখন তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে।

তীব্র তাপপ্রবাহে বিভিন্ন রাজ্যেই মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেক জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের (১১৩ ডিগ্রি ফারেনহাইট) বেশি রেকর্ড হয়েছে। তবে একদিনেই এত কর্মীর মৃত্যুর বিষয়টা বেশ ভয়াবহ পরিস্থিতির দিকেই ইঙ্গিত দিচ্ছে।

এদিকে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, উত্তর প্রদেশের ঝাঁনসিতে তাপমাত্রা ৪৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস (১১৬ ফারেনহাইট) রেকর্ড হয়েছে।

উত্তর প্রদেশের প্রধান নির্বাচন কর্মকর্তা নভদীপ রিনওয়া জানিয়েছেন, সেখানে ৩৩ জন পোলিং স্টাফ প্রচণ্ড গরমের কারণে মারা গেছেন। শনিবার ওই রাজ্যে সপ্তম দফা অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের ভোট শেষ হয়েছে।

নভদীপ রিনওয়া জানান, নিহতদের পরিবারকে ১৫ লাখ রুপি সহায়তা প্রদান করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, যখন কোনো ব্যক্তির পানিশূণ্যতা দেখা দেয় তখন প্রচণ্ড তাপ রক্তকে ঘন করে ফেলে এবং দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। এতে মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হয়।

এদিকে তীব্র গরমে বালিয়া শহরে ভোট দেওয়ার সময়ে লাইনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

ভারতে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকার ঘটনা নতুন কিছু নয়। তবে চলতি বছর আগের সব রেকর্ড অতিক্রম করেছে। শুধু ভারত নয়, এশিয়ার বেশিরভাগ দেশেই এখন তাপমাত্রা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ দীর্ঘ, আরও ঘন ঘন এবং তীব্রতর হয়ে উঠছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো ভূমিধস জয়ের পথে রয়েছেন বলেই আশা করা হচ্ছে।

বিভিন্ন বুথফেরত জরিপ বলছে, বিরোধী ইন্ডিয়া জোটের চেয়ে বেশি আসন পেতে যাচ্ছে মোদীর এনডিএ জোট। যদিও লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হবে ৪ জুন। ভোটগ্রহণ প্রক্রিয়া শেষের এক্সিট পোল বা বুথফেরত জরিপ বলছে, ২০১৪ ও ২০১৯-এর মতোই অনেকটাই পিছনে বিরোধী জোট। রিপাবলিক-মাট্রিজের জরিপে এগিয়ে এনডিএ।

৩৫৩-৩৬৩টি আসন পেতে পারে এনডিএ। ইন্ডিয়া জোট পেতে পারে ১১৮-১৩৩ আসন। রিপাবলিক পি মার্কের জরিপে দেখা গেছে, এনডিএ পেতে পারে ৩৫৯টি আসন। ইন্ডিয়া পেতে পারে ১৫৪ আসন। জন কী বাতের জরিপে এনডিএ পেতে পারে ৩৬৩-৩৯২ আসন। ইন্ডিয়া পেতে পারে ১৪১-১৬১ আসন।

আরও বেশ কিছু বুথফেরত জরিপ প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, মোদীর এনডিএ জোট ইন্ডিয়ার থেকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। যদিও আসল ফলাফল জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।

অ্যারন জোন্সের ঝড়ে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট:

কানাডার ব্যাটিংয়ের পর যুক্তরাষ্ট্রের জন্য লক্ষ্যটা মনে হচ্ছিল বেশ দূরের পথ। এর আগে কখনোই এত রান তাড়া করেনি তারা, ভয় ছিল সেটিরও। কিন্তু সবকিছুকেই যেন দূরে ঠেলে দিলো অ্যারন জোন্সের ঝড়। এর সঙ্গে আন্দ্রিয়াস গউসের হাফ সেঞ্চুরিতে সহজ জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করে কানাডা। ওই রান তাড়া করতে নেমে ১৪ বল আগে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।

টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় কানাডা। দলটির দুই ওপেনার অ্যারন জনসন ও নাভনিত ধালিয়াল মিলে প্রথম পাঁচ ওভারে এনে দেন ৪৩ রান। পাওয়ার প্লের শেষ ওভারে গিয়ে উইকেটের দেখা পায় যুক্তরাষ্ট্র। হারমিত সিংয়ের বলে শরীরের ভারসম্য হারিয়ে খেলা শটে নিতিশ কুমারের হাতে ক্যাচ দেন জনসন। ১৬ বলে ৫ চারে ২৩ রান করে আউট হন তিনি।

তার বিদায়ের পর উইকেটে আসা প্রাগাত সিংও ইনিংস লম্বা করতে পারেননি। ৭ বলে ৫ রান করে রান আউট হয়ে যান তিনি। অল্প সময়ের ব্যবধানে দুই উইকেট হারিয়ে ফেলার পর ধালিয়ালের সঙ্গে দারুণ এক জুটি গড়ে তোলেন নিকোলাস কিরটোন। ৩৭ বলে দুজনের ৬২ রানের জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল কানাডা।

কিন্তু এবার যুক্তরাষ্ট্রের জন্য ত্রাতা হন নিউজিল্যান্ড ছেড়ে দেশটির ক্রিকেটে পাড়ি জমানো কোরি অ্যান্ডারসন। ১৫তম ওভারে নিজের প্রথম বলেই তিনি ফিরিয়ে দেন ওপেনার ধালিয়ালকে। অ্যান্ডারসনের বলে কিছুটা আগে শট খেলে ফেলায় লং অফে ক্যাচ দিয়ে ফিরতে হয় ৪৪ বলে ৬১ রান করা এই ব্যাটারকে।

অ্যান্ডারসনের এনে দেওয়া এই উইকেটের পরই রানের গতি কমে যায় কানাডার। এর মধ্যে আলি খানের বলে অ্যান্ডারসনের হাতেই ক্যাচ দিয়ে কিরটোন ফিরলে আরও চাপে পড়ে যায় তারা। ৩১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫১ রান করেছিলেন কিরটোন।

শেষদিকে আবার দলটিকে আশা জোগাচ্ছিলেন দিলপ্রিত বাজওয়া। অ্যান্ডারসনের করা ১৯তম ওভারে একটি চার ও ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। কিন্তু ওই ওভারের শেষ বলেই রান আউট হয়ে যান ৫ বলে ১১ রান করা বাজওয়া। শ্রেয়াস মোব্বার অবশ্য দুইশ ছোঁয়া সংগ্রহ এনে দেন কানাডাকে। ২ চার ও সমান ছক্কায় ১৬ বলে ৩২ রান করেন তিনি। যুক্তরাষ্ট্রের হয়ে ৩ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট নেন অ্যান্ডারসন।

রান তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে যায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বলেই স্টিভেন টেইলরকে এলবিডব্লিউ করেন কালিম সানা। এরপর আন্দ্রিয়াস গউসকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। পাওয়ার প্লের ছয় ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪১ রান করে যুক্তরাষ্ট্র।

তাদের আরেকটু চাপে ফেলে দেন সপ্তম ওভার করতে আসা দিলোন হেইলিগার। উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ১৬ বল খেলে ১৬ রান করেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক। কিন্তু তার বিদায়ের পরই বদলে যেতে থাকে ম্যাচের দৃশ্যপট।

উইকেটে এসে গউসকে একপ্রান্তে রেখে রীতিমতো ঝড় তোলেন অ্যারন জোন্স। স্রেফ ২২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেটি সবচেয়ে দ্রুততম। চার-ছক্কার বন্যায় দিশেহারা হয়ে পড়েন কানাডার বোলাররাও।

জোন্সের হাফ সেঞ্চুরির পর হাত খোলেন গউস। ২৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। এক বল পরই স্কয়ার লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন গউস। কিন্তু পরে দেখা যায় সেটি হয়েছে নো বল! জেরেমি গার্ডেনের করা ঘটনাবহুল ১৪তম ওভারে ৩৩ রান পায় যুক্তরাষ্ট্র। এই ওভারের আগে ৪২ বলে ৬৯ রান দরকার ছিল তাদের, পরে সেটি হয়ে যায় ৩৬ বলে ৩৬ রান।

গউস শেষ অবধি ফেরেন ১৬তম ওভারে গিয়ে। নিখিল দত্তের বলে লং অনের উপর দিয়ে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন তিনি। ৪৬ বল খেলে সাতটি চার ও ৩টি ছক্কায় ৬৫ রান আসে তার ব্যাট থেকে। ৫৮ বলে জোন্সের সঙ্গে গউসের ১৩১ রানের জুটির ইতি ঘটে।

কিন্তু আরেক প্রান্তে ঠিকই ঝড় চালিয়ে যান অ্যারন জোন্স। তার ব্যাটে টানা দুই ছক্কাতেই ১৪ বল আগেই ম্যাচ জিতে নেয় যুক্তরাষ্ট্র। ১০ ছক্কার ইনিংসে ৪০ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন জোন্স। বিশ্বকাপে অ্যাসোসিয়েট দেশ হিসেবে সবচেয়ে বড় সংগ্রহ গড়েও ম্যাচ জিততে পারেনি কানাডা। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এর আগে ১৬৪ রানের বেশি তাড়া করেনি যুক্তরাষ্ট্র, এখানেও রেকর্ড গড়ে তারা।

১৮ বছরের বিরতি ভাঙলেন শিল্পা

ডেস্ক রিপোর্ট:

ব্যক্তিজীবনের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে আবার অভিনয়ে মনোযোগী হচ্ছেন শিল্পা শেঠি। ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন শিল্পা শেঠি। এবার ১৮ বছর পর আরও একবার দক্ষিণী ছবির জগতে দেখা যাবে তাকে।

এরই মধ্যে ‘কে ডি : দ্য ডেভিল’ নামের একটি দক্ষিণী ভারতীয় সিনেমায় কাজ শুরু করেছেন। এতে শিল্পার সহশিল্পী হিসেবে আছেন দক্ষিণ ভারতের আলোচিত ধ্রুব সারজা। এ ছাড়া অভিনয়ে থাকছেন বলিউড সতীর্থ সঞ্জয় দত্ত ও নোরা ফাতেফি।

এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছরের বিরতি ভাঙতে যাচ্ছেন এ অভিনেত্রী। এই দীর্ঘ সময় শুধু বলিউডেই তিনি কাজ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ‘কে ডি : দ্য ডেভিল’ সিনেমাটি শিল্পাকে নতুন রূপে পর্দায় তুলে ধরতে যাচ্ছে। এতে তাকে দেখা যাবে ‘সত্যবতী’ নামের একটি চরিত্রে। যার প্রথম লুক এরই মধ্যে প্রকাশিত হয়েছে।

সেখানে অভিনেত্রীকে দেখা গেছে, ভিনটেজ গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে। তার পরনে রেট্রো শাড়ি। কাঁধ থেকে ঝুলছে লম্বা বেণী। চোখে পুরোনো আমলের পরিচিত সানগ্লাস। সত্তরের দশকে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে ধ্রুব সারজা অভিনয় করছেন গ্যাংস্টারের ভূমিকায়। প্রেম পরিচালিত বড় বাজেটের এ সিনেমা আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২০০৫ সালে এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল ডি রাজেন্দ্র বাবু পরিচালিত কন্নড় ভাষার ‘অটো শঙ্কর’ সিনেমাতে। এতে তার বিপরীতে ছিলেন অভিনেতা উপেন্দ্র। সাম্প্রতিক সময়ে বলিউডের সঙ্গে পাল্লা দিয়ে যখন দক্ষিণী সিনেমা দর্শক মনোযোগ কেড়ে নেওয়া শুরু করেছে, ঠিক সেই সময়ে শিল্পার এমন সিদ্ধান্ত নেওয়াকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

কুবি থেকে প্রথম উপজেলা চেয়ারম্যান অপি

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে সাধারণ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে ৪৩ হাজার ৬৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় মার্কেট বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আবু তৈয়ব অপি।

বুধবার (২৯ মার্চ) ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন অফিসার সুলতানা এলিন স্বাক্ষরিত এক বার্তা প্রেরণ শিট থেকে বিষয়টি জানা যায়। মোহাম্মদ আবু তৈয়বের নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহরাব খান চৌধুরী আনারস প্রতীক নিয়ে ৩১ হাজার ৪৭০ ভোট পেয়েছেন।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু তৈয়ব অপি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তিনিই প্রথম জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন। এর আগে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়াশোনা অবস্থায় ছাত্ররাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতৃত্বে ছিলেন।

ব্রা‏হ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ২০৮। এর মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ১৪২, মহিলা ভোটার ৮৯ হাজার ৬৫ এবং তৃতীয় লিঙ্গ ভোটার একজন। ভোট দিয়েছেন ৮৩ হাজার ৮৩৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ মার্চ ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মোহাম্মদ আবু তৈয়বের বাবা মুহাম্মদ আবু তাহের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর তিনি মারা যান। পরে একই বছরের ১০ ডিসেম্বর উপনির্বাচনে আবু তৈয়বের চাচা মোহাম্মদ আবু জাহের চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে মোহাম্মদ আবু জাহের কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রা‏ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য। বাবা এবং চাচার পর এবার তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

চৌদ্দগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মহিন উদ্দিন ওরফে গাউয়া (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১ জুন) ভোরে  ফজরের নামাযের পর উপজেলার  গুণবতী  ইউনিয়নের  চাঁপাচৌ ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহিন উদ্দিন উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবদুল কাদেরের ছেলে।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, ওই যুবকটি একটি বাড়িতে চুরি করতে গিয়েছিল। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে ধাওয়া করে। ওই সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুণী দেয়। পরে যুবকটির  অভিভাবক খবর পেয়ে এসে তাকে আহত অবস্থায় ফেনী হািসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোমতী নদীর বেড়িবাধে অবৈধ স্থাপনা অপসারণে পানি উন্নয়ন বোর্ডের নোটিশ

 

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লায়  বাপাউবো’র অধিগ্রহনকৃত ভূমি হতে অবৈধ স্থাপনা অপসারণে নোটিশ করা হয়েছে।

গত ২৯ মে  উচ্ছেদ নোটিশের মাধ্যমে আগামী ৭ দিনের মধ্যে  উক্ত অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিনা নোটিশে উক্ত অবৈধ স্থাপনা সমূহ উচ্ছেদ করা হবে। এ ক্ষেত্রে কোন ধরনের ওজর আপত্তি গ্রহণ করা হবে না।

উল্লেখ্য যে, কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতি নদীর বেড়িবাধ এলাকাগুলো হল  পালপাড়া, চানপুর, আড়াইওড়া, শ্রীপুর,টিক্কারচর ব্রিজ ,সংরাইশ,ঝাঁকুনিপাড়া,অরন্যপুর,গাজীপুর এলাকায় গোমতীর বেড়িবাধ । এসব বেড়িবাধ ও চর দখল করে গড়ে উঠেছে দোকানপাট, রেষ্টুরেন্ট, বাড়ি-ঘর । এগুলো অপসারণের জন্য নোটিশ করা হয়েছে।

এ বিষয়ে  কুমিল্লা পওর  বিভাগের নির্বাহী প্রকৌশলী খান  মোহাম্মদ  ওয়ালিউজ্জামান  নোটিশ প্রদান  করার বিষয়টি নিশ্চিত করেছেন।