All posts by jitu

চাঁদপুরে হজ্ব যাত্রীদের জন্য সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর দোয়া

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চলতি বছরের আগামী পবিত্র হজ্ব পালনের জন্য বাংলাদেশ ত্যাগ করে সৌদি আরব পৌঁছেছেন হাজারো হজ্ব যাত্রী। তারই অংশ হিসেবে ইতিমধ্যে নিবন্ধনকৃত বেসরকারি হজ্ব এজেন্সি সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ থেকে এবছর ৩৫০ জন হজ্ব যাত্রীর হজ্বে যাওয়ার সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৫ মে) সন্ধ্যা সোয়া ৭টায় চাঁদপুরের বাবুরহাট হাজী মোবারক শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এজেন্সির আঞ্চলিক অফিসে হাজীদের মাঝে তাদের টিকেট, ভিসা সহ সকল কাগজাদি হস্তান্তর করা হয়। সেই সাথে সকল হজ্ব যাত্রীদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর ডাইরেক্টর আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম কাউসারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খাইরুল ইসলাম নয়ন।

হাফেজ মোঃ আব্দুর রহমান নূর এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ২০২৪ সালের হজ্ব যাত্রীদের জন্য দোয়া পরিচালনা করেন বাবুরহাট বাজার জামে মসজিদের খতিব ও আল জামিয়াতুল ইসলামিয়া শামছুল উলূম মহামায়া মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মুফতি ফারুক আহমদ।

সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর ডাইরেক্টর আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম কাউসার জানান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ওমরাহ্ ও হজ্ব যাত্রীদের ভিসা এবং রিটার্ন এয়ার টিকেট, তিন বেলা সুস্বাদু বাংলাদেশী খাবারের ব্যবস্থা, হেলথ ইন্স্যুরেন্স, মক্কায় হারাম থেকে ও মদিনা মসজিদে নববী থেকে হাঁটার দূরত্বে নিকটবর্তী হোটেলে থাকার ব্যবস্থা, মক্কা মদিনা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শনের ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, আগামী জুলাই মাসের ২০ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে একটি ওমরা হজ্বের গ্রুপ সৌদি আরবের উদ্দেশ্য রওনা দিবেন। কেউ যদি উক্ত ওমরা হজ্ব গ্রুপে যুক্ত হতে চান তাহলে সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর আঞ্চলিক কার্যালয় বাবুরহাট হাজী মোবারক শপিং কমপ্লেক্সের ২য় তলায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বিস্তারিত জানতে ০১৮৪০৬২৭৩৮৯ এই নম্বরে যোগাযোগ করা যাবে।

ভারতে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা, অন্তত ১১ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

ভারতে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। গভীর রাতে দেশটির উত্তর প্রদেশে দাঁড়িয়ে থাকা একটি বাসের ওপর পাথরবোঝাই একটি ট্রাক উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

রোববার (২৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে উত্তরাখণ্ডের তীর্থযাত্রীদের বহনকারী বাসের ওপরে একটি ট্রাক উল্টে গেলে অন্তত ১১ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ বলছে, শনিবার রাতে গোলা বাইপাস রোডে শাহজাহানপুরের একটি ধাবায় দাঁড়িয়েছিল বেসরকারি একটি বাস। পূর্ণগিরি থেকে সীতাপুরে যাচ্ছিল বাসটি। আচমকাই সেখানে একটি পাথরবোঝাই ট্রাক এসে ধাক্কা মারে বাসটিকে। সঙ্গে বাসটি উল্টে যায়।

দ্রুত ঘটনাস্থলে হাজির হয় তদন্তকারী দল। প্রায় তিন ঘণ্টা চলে উদ্ধারকাজ। দেখা যায়, বহু তীর্থযাত্রী ট্রাকের তলায় এমনভাবে চাপা পড়েছেন, ক্রেনে তাদের নিথর মরদেহ বের করতে হচ্ছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে।

শাহজাহানপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট অশোক কুমার মীনা জানান, ‘আমরা রাত এগারোটার দিকে দুর্ঘটনার কথা জানতে পারি। মূলত কিছু মানুষ বাস থেকে নেমে ধাবায় খাবার খাচ্ছিলেন। বাকিরা বাসেই বসেছিলেন। ট্রাক এসে ধাক্কা দেওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। ১০ জন আহত হয়েছেন।’

তিনি আরও জানান, আহতদের সকলকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

রেমালের প্রভাবে ১২ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট:

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া রেমালের প্রভাবে ১৬ জেলায় ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে অতী ভারী বৃষ্টির ফলে ৫ জেলায় ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৬ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এছাড়া প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা/ঝোড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (২৮৯ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে জানয় সংস্থাটি।

এদিকে ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে দেশের পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাপবিদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আয়মান সাদিকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই : সাদিয়া আয়মান

ডেস্ক রিপোর্ট:

বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নাটক, ওটিটি প্লাটফর্মে ব্যস্ত সময় পার করছেন তিনি। ব্যক্তিজীবনে এখনও সিঙ্গেল এই তারকা। কারো সঙ্গে কোনো প্রেমের সম্পর্কেও নেই।

তবে নামের কারণে প্রায়শই বিড়ম্বনায় পড়তে হয় তাকে। সাদিয়া আয়মানের নামের সঙ্গে মিল রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ আয়মান সাদিকের নামের সঙ্গে। যে কারণে অনেকেই মনে করেন তাদের দু’জনের মাঝেও বোধ হয় কোনো সম্পর্ক রয়েছে।

বিষয়টি নিয়ে এবার গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন সাদিয়া। জানিয়েছেন, আয়মান সাদিকের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। নামটা হয়তো মিলে গেছে, তবে ভাই-বোন কিংবা পারিবারিকভাবেও আমাদের কোনো সম্পর্ক নেই।

সাদিয়া আয়মান বলেন, ‘আসলে আয়মান সাদিক ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। নামটা কাকতালীয়ভাবে মিলে গেছে। তবে আমাদের মধ্যে কোনো ভাই-বোন কিংবা আত্মীয়তারও সম্পর্ক নেই।’

ভক্তরা মনে করেন দুই আয়মানের মাঝে কোনো সম্পর্ক আছে। সেটা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, অনেক সময়ই আমি দেখিছি, আমার কোনো কাজ মুক্তি পেলে ফেসবুকে অনেকে কমেন্ট লেখেন- ‘আয়মান সাদিকের কাজ অনেক সুন্দর ছিল।’ বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং লাগে।

আয়মান সাদিকের বিয়ের ঘটনা উল্লেখ করে সাদিয়া বলেন, ‘ভাইয়া যেদিন বিয়ে করেন তাদের কাপল ছবিতে আমাকে ট্যাগ করে অনেকে শুভেচ্ছা জানিয়েছে। এটা হয়তো নামের ভুলেই হচ্ছে।’

শিক্ষকদের দাবিতে দায়সারা প্রতিবেদনের অভিযোগ; অনাস্থা কুবি শিক্ষক সমিতির

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ৭ দফা দাবিতে গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন দায়সারা ভাবে দেওয়া হয়েছে অভিযোগ তুলে ঐ প্রতিবেদনে অনাস্থা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দাবিসমূহের যৌক্তিকতা নিরুপণ না করে দুই কার্যদিবসে প্রতিবেদন দাখিল উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে এবং এতে করে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট আরো বেশি ঘনীভূত হবে বলে মন্তব্য করেছে শিক্ষক সমিতি।

শনিবার (২৫ শে) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়ম ও প্রথা অনুযায়ী যেকোনো তদন্ত কমিটি বা সভার কার্যক্রম শুরুর আগে কমিটি সংশ্লিষ্ট সকল সদস্য সহযোগে একটি নিয়মতান্ত্রিক সভায় মিলিত হয়ে উক্ত কমিটির টার্মস অফ রেফারেন্স (Terms of reference), কর্মপরিকল্পনা নির্ধারণ প্রভৃতি বাধ্যবাধকতা থাকলেও তা ন্যূনতম অনুসরণ করা হয়নি। কমিটির সদস্য আবদুন নূর মুহম্মদ আল-ফিরোজ শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে বদলি হওয়ার কারণে ২০ মে সভায় উপস্থিত ছিলেন না। দ্বিতীয় দিনে তাঁর স্থলে শিক্ষা মন্ত্রণালয়ের অন্য একজন অংশগ্রহণ করলেও পূর্ণাঙ্গ প্রতিবেদনের উপর পরিপূর্ণভাবে তাঁর পর্যবেক্ষণ ও মতামত প্রদানের সুযোগও সীমিত ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহ্বায়ক কমিটির সচিবের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির কোনোরূপ সভা ছাড়া মাত্র তিনজনকে সাক্ষাৎকারে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। যা অনিয়মতান্ত্রিক, অগণতান্ত্রিক, প্রকৃত সত্য উদ্‌ঘাটনে অপর্যাপ্ত, সর্বোপরি বেআইনি যার দায়ভার তিনি এড়াতে পারেন না। ওই তিন সদস্য হলেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসাম, কর্মকর্তা জাকির হোসেন, প্রক্টর জনাব কাজী ওমর সিদ্দিকী। তবে কীসের ভিত্তিতে ওই তিনজনকে ডাকা হয়েছে বিষয়টি স্পষ্ট নয়।

“শিক্ষক সমিতির প্রতিটি দাবি ও অনিয়মের সাথে উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন জড়িত থাকলেও কমিটি তাঁর কোনো সাক্ষাৎকার গ্রহণ করেননি, যা পুরো তদন্তকে প্রশ্নবিদ্ধ করেছে। নিয়োগ, পদোন্নতি ও স্থায়ীকরণে যে সকল শিক্ষক ক্ষতিগ্রস্ত, বঞ্চিত ও বৈষম্যের শিকার হয়েছেন তাদের সাক্ষাৎকারও গ্রহণ করা হয়নি। কিংবা তাদের আবেদন তথ্য কাগজপত্র যাচাই বাছাই করে দাবিসমূহের যৌক্তিকতা নিরূপণে কমিটি কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে দাবিসমূহ বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি হবে এবং এতে করে প্রকৃত ঘটনা আড়াল হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট আরো বেশি ঘনীভূত হবে।” বিজ্ঞপ্তিতে যুক্ত করেন।

খোঁজ নিয়ে জানা যায়, তদন্ত কমিটির সদস্যরা হলেন অধ্যাপক ড. মো. আবু তাহের ( আহবায়ক ও উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), সদস্য সচিব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের।

এদিকে গত ২৮ এপ্রিলের ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত কমিটির সদস্য প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিন্ডিকেট সদস্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর ব্যাপারে শিক্ষক সমিতি আপত্তি উত্থাপন করেছে।

বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রী সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সালাউদ্দিন সোহেল :

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রী সংসদের উদ্যোগে ও মেসার্স মোস্তফা মেডিসিন কর্নার -এর আয়োজনে শুক্রবারে বিকাল তিনটায় বিজয়পুর স্কুল মার্কেটের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় কুমিল্লার প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, মেডিসিন, সার্জারী, ডায়াবেটিস, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রায় ৪০০ রোগীকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়পুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের উপদেষ্টা ও ঢাকাস্থ কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাঃ মোঃ আবদুল হান্নান, বিজয়পুর উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী সংসদ এর উপদেষ্টা ও কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ বাহাদুর হোসেন,বিজয়পুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদ এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রুহুল আমিন,বিজয়পুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদ এর উপদেষ্টা ও সাবেক সভাপতি হুমায়ুন কবির,বিজয়পুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদ এর উপদেষ্টা ও লোলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট সোহরাব হোসেন পলাশ,বিজয়পুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন শিমুল সহ ছাত্র-ছাত্রী সংসদের আরিফুর রহমান, সাদ্দাম হোসেন, তোফাজ্জল হোসেন ফেরদৌস সদস্য বৃন্দ। এবং এলাকার গন্যমান্য সামাজিক ব্যাক্তিবর্গগন।

ফ্রী মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা দেয়া বিশেষজ্ঞ চিকিৎসকগন হলেন, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাঃ মোঃ আবদুল হান্নান, এফ সিপিএস(সার্জারি), এফসিপিএস (কার্ডিওভাস্কুলার সার্জারি), উপদেষ্টা বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান, কার্ডিও ভাসকুলার সার্জারী সেন্টার, সিএমএইচ ঢাকা। অধ্যাপক ডাঃ মোঃ ইজাজুল হক, এফসিপিএস, এমডি (হেপাটোলজি), বিভাগীয় প্রধান লিভার রোগ বিভাগ ও অধ্যক্ষ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক)। ডাঃ মোঃ আতাউর রহমান জসীম,
পরিচালক ও কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট, এন.এইচ.এন ডায়াবেটিক সেন্টার, বিষ্ণুপুর ও সাঃ সম্পাদক, বিএমএ কুমিল্লা।
ডাঃ হাসান শহীদ শামীম, ডিসিএইচ, কনসালটেন্ট নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ, কুমিল্লা।

অধ্যাপক ডাঃ সাহেলা নাজনীন, ডিজিও, এফসিপিএস, অধ্যক্ষ, চাঁদপুর মেডিকেল কলেজ ও প্রাক্তন বিভাগীয় প্রধান, গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগ, কুমেকহা। ডাঃ মোঃ দেলোয়ার হোসেন এফসিপিএস, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢামেকহা। ডাঃ খন্দকার আল মুনসুর হেলাল, ডি-কার্ড, সহকারী অধ্যাপক, কার্ডিওলজী, জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। ডাঃ মুহাম্মদ নাজমুল হাসান এমএস (শিশু সার্জারি), নবজাতক, শিশু ও কিশোর সার্জারি বিশেষজ্ঞ, কুমেকহা। ডাঃ এম এম অনন্যা রশীদ, ডিজিও, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্জন, কুমেকহা। ডাঃ জান্নাতুল ফেরদৌসী বীথি, সিনিয়র মেডিকেল অফিসার ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতাল, ধান্যদৌল, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।

এছাড়া মেডিসিন ক্লাব কুমেক ইউনিটের ডাক্তারগন কর্তৃক ব্লাডগ্রুপ, ব্লাড সুগার ও হেপাটাইটিস বি এর পরীক্ষা সহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

কুমিল্লায় বিভিন্ন আয়োজনে কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালন

শাহ ইমরান, কুমিল্লা:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি ধন্য কুমিল্লায় নানান কর্মসূচি পালিত হচ্ছে।

শনিবার বিকেলে কুমিল্লা জেলার শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে চেতনায় নজরুল স্মৃতি মুর‍্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে একটি বর্নাঢ্য র‍্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। এ সময় আরো উপস্থিত ছিলেন বেগম রোকেয়া পদক প্রাপ্ত নারীনেত্রী পাঁপড়ি বসু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাহমিদা মুস্তফাসহ অন্যান্যরা।

কবির জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা নগরীর চর্থায় শচীন দেব বর্মনের বাড়িতে “অসাম্প্রদায়িক চেতনা ও নজরুল” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এছাড়াও বিদ্রোহী কবিকে নিয়ে কবিতা গান ও আলোক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

কোরবানির ঈদে বাজারে মসলার দাম বাড়ানোর সুযোগ নেই : ভোক্তার ডিজি

ডেস্ক রিপোর্ট:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে মসলার দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। কারণ ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীরা তিন মাস আগ থেকেই দেশের বাজারে মসলা আমদানি করছেন।

শনিবার (২৫ মে) দুপুরে রাজশাহীতে অনুষ্ঠিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাজশাহীর একটি তারকা হোটেলের কনফারেন্স রুমে শনিবার (২৫ মে) সকালে ‘সিটিজেন ওয়ার্কশপ’-বিষয়ক এই কর্মশালার আয়োজন করে বিএসটিআই।

ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, মসলার বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা তিন মাস আগ থেকে এলসি খুলে বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত পরিমাণে মসলা আমদানি করেছেন। সেটি এখন বাজারে মজুত রয়েছে। তাই এখন ইচ্ছে করলেই এলসির অজুহাতে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। এরপরও যদি কেউ দাম বাড়ানোর চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ইভ্যালির প্রসঙ্গে ভোক্তার ডিজি সফিকুজামান বলেন, ইভ্যালির মালিক ২৭ মাস জেলে ছিলেন কিন্তু জেলে আটকে রাখলে টাকা পাওয়া সম্ভব নয়। সম্প্রতি ইভ্যালি ব্যবসা শুরু করার পর আমরা তাদের শোকজ করেছি। তারপর কিছু শর্ত সাপেক্ষে আলোচনার মাধ্যমেই টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত যারা নিয়ম মেনে ভোক্তাদের স্বার্থে ব্যবসা পরিচালনা করবে আমরা তাদের পাশে থাকব। ভোক্তার অধিকার রক্ষাই আমাদের মূল লক্ষ্য।

এমপি আজিমকে আগেও দুবার খুনের পরিকল্পনা হয়: ডিবিপ্রধান

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে এর আগেও দুবার খুনের পরিকল্পনা করা হয়েছিল। গত জাতীয় নির্বাচনের আগে এবং চলতি বছরের জানুয়ারিতে দেশে এ খুনের পরিকল্পনা করা হয়।

শনিবার রাজধানীর মিন্টো রোডের ডিবি পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন হারুন অর রশীদ।

তিনি বলেন, দুইবারের পরিকল্পনায় ব্যর্থ হয়ে তৃতীয়বারের পরিকল্পনায় কলকাতায় তাকে খুন করা হয়। এ ঘটনায় তার (হারুন অর রশীদ) নেতৃত্বে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কলকাতায় যাবেন। সেখানে তারা এ হত্যাকাণ্ড নিয়ে এখন পর্যন্ত পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই ও অনুসন্ধান করবেন।

হারুন অর রশীদ বলেন, মূল পরিকল্পনা ছিল সংসদ সদস্যকে হত্যা করা। তবে এর আগে তারা (খুনিরা) চেয়েছিল কলকাতার সেই ফ্ল্যাটে নিয়ে তাকে দুই দিন রেখে ব্ল্যাকমেল করে কিছু টাকা আদায় করতে। কিন্তু অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের কারণে চেতনা না-ফেরায় আগেই সংসদ সদস্যকে খুন করা হয়। এরপর খুনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সংসদ সদস্যের মুঠোফোন নিয়ে বিভিন্ন স্থানে গিয়ে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করে।

রাতেই মহাবিপদ সংকেত দেখানো হতে পারে: দুর্যোগ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘রেমালের’ ক্ষয়ক্ষতি এড়াতে আজ রাত থেকেই মহাবিপদ সংকেত দেখানো হতে পারে। শনিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আবহাওয়া অফিস, ভারতের আবহাওয়া অফিস, চীনের আবহাওয়া অফিস, জাপানের আবহাওয়া অফিস এবং পৃথিবীর অন্যান্য দেশের আবহাওয়া অফিসের সঙ্গে সমন্বয় রেখে পরিষ্কার বুঝতে পারছি ঘূর্ণিঝড়টি আসন্ন। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।’

মহিববুর রহমান বলেন, এখন পর্যন্ত ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত থাকলেও আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে সংকেত ৩-এ চলে যাবে। সন্ধ্যা নাগাদ বা রাতে ৪-এর ওপরে এবং রাতের বেলা বিপদের পর্যায়ে চলে যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পর্যালোচনা করে মনে হয়ছে ঘূর্ণিঝড় আসন্ন, সেটা মাথায় রেখে আমরা প্রস্তুতি সম্পন্ন করে আমাদের কাজকর্ম শুরু করে দিয়েছি।

তিনি বলেন, সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকাটি ইফেক্ট হওয়ার ঝুঁকি আছে। এখন ৫০০ থেকে ৬০০ কিলোমিটার দূরে এটি অবস্থান করছে। বিশেষ করে পায়রা ও মোংলা বন্দরের সরাসরি দক্ষিণে।

প্রতিমন্ত্রী বলেন, রোববার ভোর থেকে এটা প্রাথমিক আঘাত হানতে পারে। এরপর সন্ধ্যা নাগাত মূলটা আঘাত হানবে। পূর্বাভাসে আমরা এরকমই বুঝতে পারছি এবং আজকে রাত বারোটা-একটা থেকেই এটা ডেঞ্জার পয়েন্টে চলে যেতে পারে।