All posts by jitu

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলাদা সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছে।

আজ শনিবার ভোরে উপজেলার হারিসদ্দার শিরিষ ফ্যাক্টরি এলাকায় এবং সকাল ৭টার দিকে পৌরসভার ডাকবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম আহমেদ।

নিহতরা হলেন- উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্র গ্রামের মো. দিদারের স্ত্রী পান্না বেগম (৩৫) এবং অজ্ঞাত পরিচয়ের এক ভবঘুরে যুবক (প্রায় ৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে শিরিষ ফ্যাক্টরির শ্রমিক পান্না বেগম কাজে যোগ দিতে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে সকাল ৭টার দিকে পৌরসভার ডাকবাংলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতপরিচয়ের এক ভবঘুরে যুবককে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুর ইসলাম মিলন জানায়, সড়ক দুর্ঘটনায় আহত নারী ও পুরুষকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম আহমেদ জানান, আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ভবঘুরে যুবকের মরদেহ ফাঁড়ি থানায় রাখা হয়েছে। পান্না বেগমের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন।

কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ মোঃ আবু সাঈদ (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ লক্ষীপুর পোস্টের টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দুর্লভপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ আবু সাঈদকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আবু সাঈদের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ সূর্যনগর গ্রামে। তার পিতার নাম মৃত আবুল কালাম।

বিজিবি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে কুমিল্লার জমিন পরিবারের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার:

ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে কুমিল্লার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কুমিল্লার জমিন পরিবার’। শনিবার (২৩ মে) সকালে সংগঠনটির নেতৃবৃন্দ কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিটি গ্রহণ করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান।

স্মারকলিপিতে সংগঠনটির নেতারা উল্লেখ করেন, শিশু রামিসাকে নির্মমভাবে হত্যা করার ঘটনা শুধু একটি পরিবারের নয়, সমগ্র সমাজ ও মানবতার জন্য গভীর বেদনা ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু কুমিল্লাসহ সারাদেশের মানুষকে শোকাহত করেছে বলেও তারা উল্লেখ করেন। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে ভয়, আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। তারা আরও বলেন, এমন দৃষ্টান্তমূলক বিচার প্রতিষ্ঠা করা গেলে ভবিষ্যতে এ ধরনের ভয়াবহ অপরাধ অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে।

স্মারকলিপিতে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানেরও দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতারা।

স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ‘কুমিল্লার জমিন পরিবার’-এর সভাপতি জামিল আহমেদ খন্দকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, প্রকল্প সংগঠক সৈয়দ আহাম্মদ লাভলু, অর্থ সম্পাদক শাহানা হক, নির্বাহী সদস্য অধ্যক্ষ নার্গিস আক্তার, মাহমুদুল হাসান সজিব,শাহজালাল সরকার আবির, প্রকল্প দলনেতা (পরিবেশ) সুশান্ত পাল, সদস্য শামসুল আলম রাজন, জাহিদ হাসান নাইম ,দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরান প্রমুখ।

স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেতৃবৃন্দ বলেন, সরকারের আন্তরিক ও কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত হলে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা আরও শক্তিশালী হবে এবং জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে।“শিশু রামিসার রক্ত যেন আর কোনো নিষ্পাপ শিশুর ভাগ্যে না জোটে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন কুমিল্লার জমিন পরিবার।

উল্লেখ্য, গত ১৯ মে ঢাকার পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হলে পরে পুলিশ তাদের গ্রেফতার করে।

চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীতে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ! স্থানীয়দের বাঁধা!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরী উন্নয়ন প্রকল্পে ভাউন্ডারী দেয়াল নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কারচুপির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আশ-পাশের মানুষ ও শিল্প মালিকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিন তদন্ত করেও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বিসিক শিল্প মালিকদের।

জানা গেছে, চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীর উন্নয়নে রাস্তা, ড্রেন ও ভাউন্ডারী দেয়াল নির্মাণে গত ১৫ জানুয়ারি ১ কোটি ৫৬ লক্ষ ৯৭ হাজার ৫৫০ টাকায় নির্মাণকাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান আসিফ এন্টারপ্রাইজ।

২ ফেব্রুয়ারী ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরু করে দীর্ঘ ৪ মাসেও শেষ করেনি। নির্মাণকাজ চলাকালিন ভাউন্ডারী দেয়ালের পিলার নির্মাণে পরিমানমত রড, সিমেন্ট ও বালি ব্যবহার না করায় স্থানীয়রা বিসিক কর্মকর্তা জাফর আহমেদের কাছে অভিযোগ করেন। ৬ ফিটের একটি পিলার নির্মাণে ছয় ইঞ্চি পরপর একটি রিং রডসহ মোট তেরটি রিং রড দেয়ার নিয়ম থাকলেও দেয়া হয়েছে মাত্র তিনটি।

এভাবে অর্ধশতাধিক পিলার নির্মাণে রিং রড কম দেয়া হয়েছে। মৌখিক অভিযোগ পেয়ে গত মঙ্গলবার বিসিক কর্মকর্তা জাফর আহমেদ ঠিকাদার আরিফুর রহমানকে অবহিত করেন। ঠিকাদার বিষয়টি জেনে রাতেই গোপনে শ্রমিক পাঠিয়ে সেই পিলারটি মেরামতকালে স্থানীয় লোকজন চার শ্রমিককে আটক করে।

খবর পেয়ে বিসিক চট্টগ্রাম আঞ্চলিক কর্মকর্তা খালেদ মাহমুদ ঘটনার সত্যতা যাচাই করার জন্য বুধবার দুপুরে সরেজমিন পরিদর্শন করেন।

অভিযোগ উঠেছে, বুধবার দুপুরে হোটেল গ্রীণ ভিউতে ঠিকাদার আরিফুর রহমান, বিসিক চট্টগ্রাম আঞ্চলিক কর্মকর্তা খালেদ মাহমুদ, চৌদ্দগ্রাম বিসিক কর্মকর্তা জাফর আহমেদ, বিসিক শিল্পনগরী প্লট মালিক সমিতির সভাপতি নুর হোসেন মিয়াজী, সেক্রেটারী কাজী সেলিম একসাথে দুপুরের খাবার খান। এ কারণেই বিসিক চট্টগ্রাম আঞ্চলিক কর্মকর্তা খালেদ মাহমুদ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

নাম প্রকাশ না করা শর্তে বিসিকের একটি ফ্যাক্টরীর কয়েকজন শ্রমিক বলেন, সরকার বিসিকের উন্নয়নের লক্ষ্যে ভাউন্ডরী দেয়াল, ড্রেন ও রাস্তা নির্মাণ শুরু করছে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার ও রড কম দিয়ে ভাউন্ডারী পিলার নির্মাণ করছে। যা বেশি দিন টিকবে না।

ইতোমধ্যে নির্মাণকাজে অনিয়ম সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমরা চাই, সঠিকভাবে বিসিকের সকল নির্মাণ কাজ শেষ হউক। এজন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবি জানাচ্ছি।

চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরী প্লট মালিক সমিতির সভাপতি নুর হোসেন মিয়াজী বলেন, উন্নয়ন কাজের অনিয়মের বিষয়ে কয়েকবার বিসিক উর্ধ্বতন কর্তৃপক্ষ ও ঠিকাদারকে অবহিত করা হয়েছে। কিন্তু কোন সাড়া না দিয়ে নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

ঠিকাদার আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, শ্রমিকরা নির্মাণকাজে ভুল করেছে। আমি সেটা ঠিক করে দিচ্ছি। কিন্তু হোটেল গ্রীণ ভিউতে বুধবার দুপুরে উর্ধ্বতন কর্মকর্তাসহ একসাথে খাওয়ার পর তাঁর বক্তব্য পাল্টে যায়।

এরপর মুঠোফোনে সাংবাদিকদের বলেন, আমি নিয়ম অনুযায়ী নির্মাণ কাজ করেছি। কোন অনিয়ম হয়নি।

চৌদ্দগ্রাম বিসিক কর্মকর্তা জাফর আহমেদ বলেন, নির্মাণ কাজে অনিয়মের বিষয়টি জানতে পেরে ঠিকাদার ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিসিক চট্টগ্রাম আঞ্চলিক কর্মকর্তা খালেদ মাহমুদ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষ অনিয়মের সত্যতা পেলে ঠিকাদারের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নিবে।

পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের বিসিক চট্টগ্রাম আঞ্চলিক কর্মকর্তা খালেদ মাহমুদ বলেন, এখানে পিলার নির্মাণে কিছুটা অনিয়ম হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধর্মঘট প্রত্যাহার, কুমিল্লা-চাঁদপুর সড়কে বাস চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট:

১৮ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাসমালিক, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন।

জানা যায়, বৈঠকে চাঁদপুরের হাজীগঞ্জ বলাখালে বাস স্টপেজ নিয়ে সড়ক অবরোধ, হামলা, ভাংচুরের ঘটনা তদন্তসাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, হামলার ঘটনায় ইন্ধনদাতাদের খুঁজতে তদন্ত কমিটি গঠন করা হবে। ঈদ উপলক্ষে মানুষকে কষ্ট না দিয়ে বাস চালু রাখা হবে। ঘটনাগুলোর তদন্ত সাপেক্ষ মামলা, আহতদের সরকারিভাবে চিকিৎসা দেওয়া হবে। মালিক সমিতিসহ শিক্ষক ও সংশ্লিষ্টদের নিয়ে ঈদের পর বৈঠকে স্টপেজ প্রসঙ্গে সিদ্ধান্ত হবে।

এর আগে, বুধবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বলখাল বাজারে সড়ক অবরোধ করে বোগদাদ ও আইদি পরিবহনের বাস আটকে রাখা হয়। পরে সন্ধ্যায় আটক বাসগুলোতে ভাঙচুর ও হামলা করা হয়। এ ঘটনায় ৩৩টি বাস ভাঙচুর এবং ২০ জন শ্রমিক আহত হন।

চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলাসহ দুই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ।
পরে তাকে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঢাকা থেকে চৌদ্দগ্রাম থানায় এনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

কাজী এমদাদ উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের আবুল হাশেম ডিলারের ছেলে। বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন।

জানা গেছে, ২০০৬ সালের সেপ্টেম্বর, ২০২১ সালের ডিসেম্বর, ২০২২ সালের জানুয়ারি ও ২০২৩ সালের আগস্টে পুলিশের উপর হামলা, সন্ত্রাস বিরোধী ও তথ্য প্রযুক্তি আইনে চারটি মামলা রয়েছে উপজেলা যুবলীগ নেতা নেতা কাজী এমদাদের বিরুদ্ধে। আদালত দুই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন কাজী এমদাদ প্রবাসে পলাতক ছিল।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৪ সালের আগস্ট মাসের আগে তাঁর মতের বিরোধী আ’লীগ নেতাদের বিরুদ্ধে কুৎসা রটিয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তবর্তী সরকারের বিরুদ্ধে ছড়িয়েছে মিথ্যা প্রপাগন্ডা। বুধবার কাজী এমদাদ প্রবাস থেকে দেশে পৌঁছানোর পর বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট যুবলীগ নেতা কাজী এমদাদকে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে মামলায় কাজী এমদাদকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন বলেন, ‘গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কাজী এমদাদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজট

ডেস্ক রিপোর্ট:

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এবং টোল প্লাজার ধীরগতির কারণে বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে বাড়ি ফেরা সাধারণ মানুষ।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদযাত্রা সামনে রেখে তিন দিন ধরেই মহাসড়কের এই অংশে যান চলাচলে ধীরগতি দেখা দিচ্ছে। বৃহস্পতিবার হওয়ার কারণে সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের ভিড় আরও বাড়তে শুরু করে। ফলে দাউদকান্দির ইলিওটগঞ্জের পুটিয়া এলাকা থেকে শুরু করে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী ট্রাকের অতিরিক্ত চাপের কারণে একপর্যায়ে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।

মহাসড়কে আটকে থাকা সাধারণ যাত্রীদের অভিযোগ, কয়েক দিন ধরেই রাতে তীব্র যানজটের খবর পাচ্ছিলেন তারা। তাই জটলা এড়াতে ভোরবেলা রওনা দিয়েছিলেন অনেকেই। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে গাড়ি আটকে থাকায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানায়, আজ সকালে মহাসড়কে একটি দুর্ঘটনাকবলিত ট্রাক ছিল, যা দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। তবে টোল প্লাজায় গাড়ি ছাড়তে কিছুটা ধীরগতি এবং অতিরিক্ত গাড়ির চাপের কারণেই মূলত এই যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে নিরলস কাজ করে যাচ্ছে।

এ দিকে ইলিওটগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানায়, সকালে অতিরিক্ত যানবাহনের আকস্মিক চাপ থাকায় মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নেওয়ার পর থেকে ধীরে ধীরে যান চলাচল সচল হতে শুরু করেছে। তবে যানবাহনের তীব্র চাপের কারণে এখনো ধীরগতিতে গাড়ি চলছে। দ্রুতই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কুমিল্লায় ৩ কোটি টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।

বিজিবি জানান, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২০ মে) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় অবৈধ নেশাজাতীয় ১ লাখ ২৩ হাজার ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে বিজিবি। জব্দকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।

৬০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

কুমিল্লায় হাম উপসর্গে ৮ মাসের এক শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় হাম উপসর্গে সামিয়া আক্তার নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার, ২০ মে বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে এ শিশুটি মারা যায়।

সামিয়া আক্তার জেলার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ জানায়, বুধবার বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাম আইসোলেশন ইউনিটে’ শিশুটির মৃত্যু হয়। চলতি বছরে সামিয়াসহ এ পর্যন্ত দশ শিশুর মৃত্যু হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মিয়া মনজুর আহমেদ জানায়, শিশুটির ৫ থেকে ৬ দিন জ্বরে আক্রান্ত ছিলো। সংকটাপন্ন অবস্থায় তাকে গতকাল বেলা ১২টা ৩৫ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬: চ্যাম্পিয়ন ১৭ পদাতিক ডিভিশন ও রানারআপ প্যারা কমান্ডো ব্রিগেড

ইমতিয়াজ আহমেদ জিতু:

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে ) সকালে কুমিল্লা সেনানিবাসে
ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিং এ দক্ষতা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন, যা সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর সেনাবাহিনীর এই ফায়ারিং প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্খিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি মত প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই ফায়ারিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশন, লজিস্টিকস্ এরিয়া, ৫টি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ সর্বমোট ১৭টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। উক্ত প্রতিযোগিতায় ……………, ……. শ্রেষ্ঠ ফায়ারার, …………, ……. দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার এবং ……….., …… শ্রেষ্ঠ মহিলা ফায়ারার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও); কমান্ড্যান্ট, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি; জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া; জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া; সেনাসদর ও ফরমেশনসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।