All posts by jitu

চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর অতর্কিত হামলা ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এর প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে কুমিল্লা-চাঁদপুর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিকরা।

বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা বৃহস্পতিবার সকাল থেকে চরম দুর্ভোগে পড়েছেন। গন্তব্যে পৌঁছাতে তাদের অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হবে।

পরিবহন শ্রমিকদের দাবি, অজ্ঞাতনামা দুর্বৃত্তদের অতর্কিত হামলায় তাদের ১৫টি বাস ভাঙচুরের শিকার হয়েছে এবং অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। তবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহত অবস্থায় ১২ জন চিকিৎসা নিয়েছেন। যাদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন শ্রমিকরা জানায়, স্কুল মাঠে রাখা বাসগুলোতে থাকা শ্রমিকদের উপর হঠাৎ অন্ধকারের মধ্যে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাস ভাঙচুর করা হয়।

এ দিকে হামলার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে বিচার না হওয়া পর্যন্ত কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বোগদাদ ও আইদি পরিবহনের সকল বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলেও জানায় তিনি।

দেশকে অগ্রসর করতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে: খন্দকার মোশাররফ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড বন্ধ করতে হবে ।

অতীতে চাঁদাবাজি করে জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমাদের সমাজ এবং দেশকে অগ্রসর ও সমৃদ্ধ করতে হলে চুরি ডাকাতি, চাঁদাবাজি, ঘুষসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

বুধবার(২০ মে) বিকাল সাড়ে তিনটায় দাউদকান্দি উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরও বলেন, আগে যেসবঅপরাধমূলক কর্মকাণ্ড ছিল সেগুলো মুক্ত করে সমাজটাকে সুন্দর সুস্থ্য ও সুদ্ধভাবে সমাজটাকে প্রতিষ্টিত করে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে, যেভাবে দেশটাকে অগ্রসর করতে চাচ্ছি, সেভাবে আমরা পারছি না।

সারাদেশের দায়িত্ব নিয়ে সমস্যাগুলোর সমাধান করতে হয়তো পারবো না, তবে আমরা দাউদকান্দিকে অপরাধমুক্ত করতে আমরা যারা দাউদকান্দির সন্তান, জনপ্রতিনিধি, সাধারণ সচেতন, সুশীল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসন সবাই মিলে দাউদকান্দিকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সুন্দর সমাজ করবো ইনশাআল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সঞ্চালনায় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র নেতা মুক্তিযোদ্ধা আবুল হাসেম চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভুইয়া, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ আব্দুল বারী বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মী বক্তব্য দেন।

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় ৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চারজনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২০ মে) সোয়া চারটার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের।

ওসি জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ জানায়, খবব পেয়ে মরদেহ উদ্ধারে কাজ শুরু করেছে সরাইল দমকল বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে গ্যাস জমে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত ছাড়া কিছু এখনই বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করা হবে।

মধ্যরাতে কুমিল্লাসহ ৪ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট:

দেশের চার অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২০ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, টাংগাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

লাকসামে হাসনাত আবদুল্লাহর পদযাত্রা ও এনসিপিতে যোগদান অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে পদযাত্রা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) বিকেলে উপজেলার এলাইচ বাজার সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতাউল্লাহ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন সিএফ, যুগ্ম সদস্য সচিব, জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, নাভিদ নওরোজ শাহ্, যুগ্ম মুখ্য সমন্বয়ক, তারিকুল ইসলাম, আহ্বায়ক, জাতীয় যুবশক্তি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক, জাতীয় যুবশক্তি হাসিবুল, সিনিয়র সহ-সভাপতি, জাতীয় ছাত্রশক্তি আশিকুল ইসলাম, যুগ্ম সমন্বয়ক, এনসিপি লাকসাম উপজেলা এবং আল মাহমুদ ফজলে রাব্বী, প্রধান সমন্বয়ক, এনসিপি লাকসাম উপজেলা।

অনুষ্ঠানে জাহিদুল হক, তারেক, ইয়াছিন মিয়া, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, ডা. হিমেল, ফারুক রাফি, এমদাত ও মাহিন ফারাজিসহ বিভিন্ন ব্যক্তি এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

পদযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও গণমুখী রাষ্ট্র গঠনে এনসিপি কাজ করে যাচ্ছে। তারা সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সিসিএন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলা: প্রধান আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লাসহ সারা দেশে আলোচিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহার রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রধান আসামি নিহতের স্বামী মেহেদী হাসান হৃদয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ ২০ মে বুধবার সোয়া ১১টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ নং আমলী আদালত) মমিনুল হকের আদালতে এ রিমান্ড শুনানি শুরু হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অমর্ত্য মজুমদার আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। বিবাদী পক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন ও মাহবুবুল হক খন্দকারসহ আরও কয়েকজন আইনজীবী রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন জানান।

অপরদিকে, বাদী পক্ষের আইনজীবী তাফসীরুল আলমসহ ১০/১৫ জন আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে মামলার বাদী নিহত ফারিহার বাবা স্কুল শিক্ষক মো: হানিফ মজুমদার, তাঁর স্ত্রী, ছেলে ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। এ সময় ফারিহার মায়ের আহাজারিতে আদালত প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে। তিনি তাঁর মেয়ে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন এবং মেহেদী হাসান হৃদয়ের বাসায় থাকা ফারিহার ব্যবহা্য জিনিসপত্র উদ্ধারের জন্য মামলার তদন্ত কর্মকর্তার কাছে আর্তনাদ জানাতে থাকেন।

মামলার প্রধান আসামি মেহেদী হাসান হৃদয়ের সাথে আদালত প্রাঙ্গণে কথা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি ঘটনার দিন বাড়িতে ছিলাম না। আমি মেঘনা উপজেলার ছোট সাতমোরা গ্রামে নানার বাড়িতে ছিলাম।”

অভিযুক্ত মেহেদী হাসান হৃদয়ের মামা মোটর পার্টস ব্যবসায়ী মো: আবদুর রহমান জানান, মেহেদী এবং তাঁর পরিবারের পক্ষ থেকে ফারিহার ওপর কোনো চাপ ছিল না। মেয়ের মা সবসময় মেহেদী বেকার থাকায় বিরক্ত হতেন এবং তাকে অপমান করে কথা বলতেন। মেহেদীর মুন্সেফবাড়ির বাসাতেই তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল। মেহেদী হাসান হৃদয়ের নানা মো: আফজল মিয়া বলেন, “মেহেদী ঘটনার দিন আমার গ্রামের বাড়ি মেঘনার ছোট সাতমারা গ্রামে ছিল। আমরা যদি এই ঘটনার সাথে জড়িত থাকি, তাহলে আল্লাহ যেন আমাদের বিচার করেন।”

এর আগে, গত ৫ মে মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি এলাকার ‘কাশেম গার্ডেন’ নামে একটি বহুতল ভবনের স্বামী ও শ্বশুরের ফ্ল্যাট থেকে পুলিশ ফারিয়ার মরদেহ উদ্ধার করে। তিনি কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১২তম ব্যাচের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি জেলার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের কান্দাল গ্রামে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফারিয়া ও হৃদয়ের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে উভয় পরিবারের সম্মতিতে গত বছরের ৮ সেপ্টেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা আবদুর রহিমের ছেলে হৃদয়ের সঙ্গে ১৫ লাখ টাকা দেনমোহরে ফারিয়ার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই তাঁর স্বামী ও পরিবারের লোকজন ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। ফারিয়ার পরিবার সেই টাকা দিতে না পারায় তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয় এবং এ নিয়ে একাধিকবার ফারিয়াকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

এদিকে, মামলার বাদী পক্ষের আইনজীবী তাফসীরুল আলম অভিযোগ করে বলেন, “আমরা যেভাবে এজাহার জমা দিয়েছিলাম, পুলিশ সেভাবে এজহার গ্রহণ করেনি। এতে করে মামলার ভিত দুর্বল করে দেওয়া হয়েছে। তারপরেও আমরা আশা করছি, নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”

দাউদকান্দিতে ইউনিয়ন আ.লীগের সাবেক সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২০ মে) সকাল থেকে দাউদকান্দি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন (৬০), চেক মামলায় আসামি গৌরীপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আলমাস বেপারীর ছেলে দ্বীন ইসলাম (৫৫), নিশ্চিতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. সাগর আহম্মেদ (২৫), দোনারচর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. শাহীন আহমেদ বাবু (৩৬), মোবারকপুর গ্রামের মৃত মো. শহীদ মিয়া ছেলে মো. সাগর (২২) ও ইছাপুর গ্রামের মোহাম্মদ রশিদ মিয়ার ছেলে মো. ইমরান (১৭)।

বুধবার বিকেল তাদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য ১ জন, পরোয়ানাভুক্ত আসামি-১, নিয়মিত চুরি মামলার আসামি-২, নিয়মিত মারামারি মামলার আসামি-৩ জনসহ সর্বমোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. আ. বারী জানায়, গ্রেপ্তার ৬ আসামিকে বিকেলে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

বরুড়ায় ডিবির ছদ্মবেশে ডাকাতির চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৮

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বরুড়ায় ডিবি পুলিশের ছদ্মবেশে সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৮ সদস্যের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাত ১১টার দিকে উপজেলার খোশবাস (দক্ষিণ) ইউনিয়নের বড় হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২০ মে) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক।

গ্রেপ্তারকৃতরা ডিবি পুলিশের পোশাক পরে ও পরিচয় ব্যবহার করে স্থানীয় ডাকাতদের সহায়তায় বিভিন্ন সড়ক ও মহাসড়কে সংঘবদ্ধ ডাকাতির পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বড় হরিপুরে একটি কবরস্থানের ভেতর অভিযান চালিয়ে তাদের আটক করে।

এসময় তাদের কাছ থেকে ২টি ‘ডিবি’ লেখা কোট, একটি হ্যান্ডকাফ, লেজার লাইট, ম্যাজিক স্টিক, হাতুড়ি, চাইনিজ কুড়াল সদৃশ ধারালো অস্ত্র, ছুরি ও স্টিল কাটার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর এলাকার খলিলুর রহমান, সোহাগ রানা, মোশাররফ মেলকার, রাঙ্গাবালী উপজেলার চরআন্ডা গ্রামের নুরুল হক, বাউফলের হারুন মল্লিক, বরিশালের পয়সার হাট এলাকার সুমন, বরগুনার আমতলী উপজেলার মাহতাব হোসেন মৃধা এবং ভোলার তজুমুদ্দিন উপজেলার আবুল কাশেম।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় বরুড়া থানায় ডাকাতি প্রস্তুতি মামলা করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জনগণকে অনলাইনভিত্তিক ভূমিসেবা গ্রহণে আরও সচেতন হতে হবে: চাঁদপুর ডিসি

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, আমরা ভাই-বোন, আত্মীয়-স্বজন সবাই মিলেমিশে থাকবো। আমরা নিজেরাও ঠকব না, অন্য কাউকেও ঠকাব না। তিনি বলেন, ভূমিসেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। জনগণকে অনলাইনভিত্তিক ভূমিসেবা গ্রহণে আরও সচেতন হতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল হক সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী। চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, অনলাইন সেবা চালুর পর আমরা চব্বিশ ঘণ্টা সেবা পাচ্ছি। এটি সত্যিই আনন্দের। কারণ এতে সময় বাঁচছে, খরচ কমছে, হয়রানি হচ্ছে না এবং মানুষ ক্ষতিগ্রস্তও হচ্ছে না। তিনি বর্তমান সরকারের ভূমিসেবা ডিজিটালাইজেশনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার ফলে সাধারণ মানুষ এখন দ্রুত ও স্বল্প সময়ে প্রয়োজনীয় সেবা পাচ্ছে।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড বাপ্পী দত্ত রনির সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি অফিসের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।মেলায় আগত সেবাগ্রহীতারা বিভিন্ন স্টল ঘুরে ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান, তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করছেন। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

মেলায় ১১টি ভূমিসেবা বিষয়ক স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলের মাধ্যমে সাধারণ জনগণকে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন ভূমিসেবা গ্রহণসহ ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে।আয়োজকরা জানান, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও দ্রুত ভূমিসেবা পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও ডিজিটাল সেবার আওতায় আনতেই এ মেলার আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন জনগণের মধ্যে ভূমিসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে এবং ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ করবে। উল্লেখ্য, মঙ্গলবার সকালে সারাদেশে একযোগে ভার্চুয়ালি ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হোমনায় তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

রাসেল আহমেদ, হোমনা:

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে হোমনা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।
মেলা উপলক্ষে একটি আনন্দ র‍্যালি বের হয়ে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের মেলায় আগত সেবাপ্রার্থীদের ভূমি সেবা সংক্রান্ত লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, প্রকৌশলী সৈয়দ মো. মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিকুল ইসলাম, পুলিশের উপ পরিদর্শক মো. মীর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় বিভিন্ন সেবামূলক বুথ স্থাপন করা হয়েছে। মেলা থেকে নাগরিকেরা সরাসরি ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন রেজিস্ট্রেশন সহায়তা এবং ‘ভূমি পরামর্শক’ বুথ থেকে ভূমি সংক্রান্ত জটিলতার আইনি পরামর্শ ও তাৎক্ষণিক সেবা পাচ্ছেন।

আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দেওয়াই এই মেলার মূল লক্ষ্য বলে জানিয়েছেন।