All posts by jitu

যুক্তরাষ্ট্রের কাছে হেরে টাইগাররা নাসায় ঘুরতে গেলেন

ডেস্ক রিপোর্ট:

নিজেদের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশকে পরাজয়ের স্বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে টাইগাররা। সিরিজ বাঁচানোর লড়াইয়ে চাপমুক্ত থাকার চেষ্টা করছেন টাইগাররা। সিরিজে ফেরার ম্যাচের আগে স্থানীয় সময় বুধবার ছুটির দিনে বেড়িয়েছিলেন তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিবরা।

হিউস্টনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় ঘুরতে গিয়েছিলেন ক্রিকেটাররা। যেখানে হাজারো ব্যর্থতার পর অবিশ্বাস্য এক আবিষ্কারের জন্ম হয়, কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই অসাধ্যকে সাধন করার চেষ্টা করা হয়।

মহাকাশ নিয়ে গবেষণা করা সংস্থায় ঘুরে দেখার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত দলের কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু ছবিও তিনি পোস্ট করেছেন। মহসিন ফেসবুকে লিখেছেন, ‘নাসায় ঘুরতে যাওয়ার সুযোগ পাওয়াটা দারুণ। কিছু ব্যর্থতা আপনাকে সংযত এবং অনুপ্রেরণা দিতে শেখাবে।’

প্রথম ম্যাচে ৫ উইকেটের হারের পর আজ বৃহস্পতিবার রাত ৯টায় সিরিজ বাঁচাতে মাঠে নামবে শান্তরা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি। এই অনুপ্রেরণা নিয়ে কতটা সুফল বয়ে আনতে পারেন ক্রিকেটাররা, সেটা তো সময়ই বলে দেবে।

এমপি আনারের খুনিদের প্রায় চিহ্নিত করে ফেলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঝিনাইদহের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে যারা হত্যা করেছেন, তাদের প্রায় চিহ্নিত করে ফেলেছি। আমাদের শুধু ঘোষণা বাকি। দুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলে ঘোষণা দেব।

বৃহস্পতিবার (২৩ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মৃতদেহটা এখন উদ্ধার করতে পারিনি। আপনারা যা শুনেছেন, আমরা সেগুলোই শুনেছি। যে পর্যন্ত মৃতদেহ উদ্ধার করতে না পারব, সে পর্যন্ত অফিসিয়ালি আপনাদের কিছু বলতে পারছি না। এ বিষয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে। আনোয়ারুল আজীম আমাদের ঝিনাইদহ-৪ আসনের তিনবারের এমপি, ওই বর্ডার এলাকাটা সন্ত্রাস কবলিত। সে এলাকারই তিনি এমপি। কী কারণে হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে আমরা সুনিশ্চিত না হয়ে কিছুই বলা ঠিক হবে না। আমরা আগে সুনিশ্চিত হই, তারপর আপনাদের বিস্তারিত জানাব।

তিনি বলেন, এখন পর্যন্ত নতুন কিছু আমাদের কাছে আসেনি। আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা, ভারতের পুলিশ এবং ভারতের গোয়েন্দা সংস্থা মিলে আমরা কাজ করছি; যাতে আরও কিছু তথ্য বেরিয়ে আসে। আমরা সুনিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে, তাদের মুখ থেকে আমরা এগুলো শুনেছি। তবে, মৃতদেহ এখনো উদ্ধার করতে পারেনি। আমরা মৃতদেহ উদ্ধারের চেষ্টা করা যাচ্ছি।

তিনি আরও বলেন, তদন্তের খাতিরে আমরা আপনাদেরকে বলেছিলাম, তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদেরকে জানাব। আমরা এখন নতুন কিছু আপডেট এই মুহূর্তে দিতে পারছি। এই মুহূর্তে আর কোনও সংবাদ আমরা পাইনি। এটুকু বলতে পারি, প্রায় আমরা চিহ্নিত করেছি।

মন্ত্রী বলেন, একজন মাননীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে এ বিষয়টি আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি। প্রধানমন্ত্রীসহ সবাই গুরুত্ব দিয়ে দেখছেন বিষয়টি। আশা করছি খুব অল্প সময়ে আমরা আপনাদের কিছু জানাতে পারব।

রিকি পন্টিং যে কারণে ভারতের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন

ডেস্ক রিপোর্ট:

ভারতের কোচের পদে রাহুল দ্রাবিড়ের মেয়াদ ফুরিয়ে আসছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ম্যান ইন ব্লুদের নেতৃত্ব থেকে সরে যাবেন সাবেক এই তারকা ক্রিকেটার। এরইমাঝে নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। তবে বিজ্ঞপ্তি দিয়েই বসে নেই তারা। বেশ কয়েকজনের সঙ্গে আলাপ করেছে নিজ থেকেই। তাদেরই একজন অজি ক্রিকেট কিংবদন্তি রিকি পন্টিং।

মে মাসের ১৩ তারিখ দেয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তি। আর ২৭ তারিখ শেষ হচ্ছে আবেদনের সময়সীমা। এরইমাঝে পন্টিংকে নিজেদের কোচের বিবেচনায় যোগাযোগ করেছিল বিসিসিআই। তবে সেটা ফিরিয়ে দিয়েছেন এই অজি কিংবদন্তি। কারণটাও খোলাসা করেছেন তিনি, জাতীয় দলের কোচ হওয়ার জন্য নিজেকে এখনই উপযুক্ত ভাবছেন না তিনি।

ভারতের মাটিতে অবশ্য পন্টিংয়ের সুখস্মৃতির অভাব নেই। খেলোয়াড়–কোচ উভয় ভূমিকায় মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল শিরোপা জিতেছেন। ২০১৮ সাল থেকে আরেক আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসকে কোচিং করাচ্ছেন।

আইসিসিকে দেয়া সাক্ষাতে পন্টিং বলেন, ‘এ নিয়ে (ভারতের কোচ হওয়া প্রসঙ্গে) আমি অনেক প্রতিবেদন দেখেছি। সাধারণত এ ধরনের বিষয় আপনি নিজে জানার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আসে। তবে এটা ঠিক যে আইপিএলের সময় সরাসরি কিছু আলাপ–আলোচনা হয়েছিল। তারা (বিসিসিআই) শুধু এটা জানতে চেয়েছিল, আমি (ভারতের কোচ হতে) কতটা আগ্রহী।’

বিশ্বের অন্যতম শক্তিশালী দলের কোচ কেন হতে চাননা, সেই উত্তরও দিয়েছেন পন্টিং, ‘একটি জাতীয় দলের সিনিয়র কোচ হতে পারলে ভালোই হতো। কিন্তু আমার জীবনে আরও অনেক জিনিস আছে। আমি বাড়িতে সময় কাটাতে চাই। সবাই জানে, ভারতীয় দলের কোচ হলে আইপিএলের দলের সঙ্গে থাকা যায় না। তাই আমাকে একটা ছেড়ে আরেকটি বেছে নিতে হবে।

‘তা ছাড়া জাতীয় দলের কোচকে বছরে ১০ থেকে ১১ মাস কাজ করতে হয়। তাই আমি যতই চাই না কেন, এটা ঠিক এই মুহূর্তে আমার জীবনধারার সঙ্গে খাপ খাবে না এবং যে কাজগুলো আমি করতে পছন্দ করি, তা উপভোগ করতে পারব না।’- যোগ করেন পন্টিং।

ভারতের এমন প্রস্তাব নিয়ে পরিবারের সঙ্গেও আলাপ করেছিলেন পন্টিং। তাদের সায় থাকলেও অজি এই ক্রিকেটার নিজেকে বিরত রেখেছেন বড় দায়িত্ব থেকে, ‘আমার পরিবার ও সন্তানেরা আইপিএলের সময় পাঁচ সপ্তাহ আমার সঙ্গেই কাটিয়েছে। ওরা প্রতিবছরই ভারতে আসে। আমি আমার ছেলের কানে চুপিচুপি কথাটা বলেছি, তোমার বাবাকে ভারতের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আমার ছেলে বলল, ‘বাবা, তুমি চাকরিটা নিয়ে নাও। তাহলে আগামী কয়েক বছর আমরা ভারতেই থাকব।’

পন্টিংয়ের ভাষ্য, ‘আমার সন্তানেরা ভারতে থাকতে ও ভারতের ক্রিকেট সংস্কৃতিকে এতটাই পছন্দ করে। কিন্তু ওই যে বললাম, আমার জীবনধারার সঙ্গে এই মুহূর্তে চাকরিটা ঠিক যায় না।’

এমপি আজীম অপকর্মে জড়িত কি না তদন্তে বেরিয়ে আসবে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের এমপি অপকর্মে জড়িত কি না তা তদন্তে বেরিয়ে আসবে। তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলতে পারছি না। আওয়ামী লীগে অপরাধীদের কোনো ঠাঁই নেই।

বৃহস্পতিবার ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবগঠিত যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্যদের পরিচিতি সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারকে তৃতীয়বার মনোনয়ন দেওয়া হয়েছিল তার জনপ্রিয়তার জন্য। এলাকায় গিয়ে দেখেন, তার জন্য শোকার্ত এলাকার মানুষ। ভেতরে সে কোনো অপকর্ম করে কি না, এসব যখন প্রমাণ হয় তখন শেখ হাসিনা কাউকে ছাড় দেন না, দলের লোক হলেও। জিরো টলারেন্স নীতি তার। ভারতের গণমাধ্যমে এসেছে চোরাচালানের কথা। তার মৃত্যুর আগে দেশের কোনো সাংবাদিকের অনুসন্ধানী প্রতিবেদনে কেন বিষয়টি এলো না?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিদের কেন নিরাপদে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দিলেন? বিভিন্ন দূতাবাসে খুনিদের চাকরি দিয়েছেন। সংবিধানের পঞ্চম সংশোধনী এনে খুনিদের দায়মুক্তি দিতে বিচারের পথরুদ্ধ করেছেন। সাংবিধানিকভাবে খুনিদের বিচারের পথ কেন রুদ্ধ করলেন? মির্জা ফখরুলের কাছে জানতে চাই।

জিয়াউর রহমানের বাকশালের সদস্য পদ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সেনাবাহিনী প্রধানের বাকশালের সদস্য হওয়ার নিয়ম ছিল। কিন্তু উপ-সেনাপ্রধানের সে সুযোগ ছিল না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে কাকুতি-মিনতি করে বাকশালের সদস্য হয়েছিলেন। এর প্রমাণ আছে। বাকশালের ৭১ নম্বর সদস্য ছিলেন। ইতিহাস নিয়ে বিএনপি বারবার মিথ্যাচার করছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলছে আজ ছাত্রলীগ-যুবলীগ নাকি অর্থপাচার করছে। অর্থপাচারে বিএনপি সুপরিচিত। সিঙ্গাপুর-আমেরিকায় কে অর্থপাচার করেছে? তারেক রহমান ও কোকো। সিঙ্গাপুরে পাচার হওয়া অর্থের একটা অংশ উদ্ধার করা হয়েছে। এফবিআই ঢাকায় এসে সাক্ষ্য দিয়ে গেছে। নিজেরা যে অপরাধে অপরাধী, তার দায় তারা ছাত্রলীগ-যুবলীগের ওপর চাপাতে চায়। এরা কত মিথ্যাচার অপপ্রচার করতে পারে!

বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে হতাশার কোনো কারণ নেই, এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, ক্রিকেট অনেক এগিয়ে গেছে। ফুটবলটা আরও এগোতে পারতো। বিশ্বকাপ ফুটবলে যখন দেখি আইসল্যান্ডের মতো দেশ খেলছে। তখন ভাবি আমরা কেন পারি না!

ওবায়দুল কাদের বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় বাংলাদেশ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছে।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ যখন মালদ্বীপের সঙ্গে হারে তখন খারাপ লাগে। বাংলাদেশের মেয়েরা ভালো করছে। ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলোয়াড়দের পুরস্কৃত করেন, সহযোগিতা করেন, বিভিন্নভাবে উৎসাহিত করার চেষ্টা করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের সবার চেয়ে ডায়নামিক। সে কারণে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়।

যুব ও ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে পরিচিতি সভায় উপস্থিত ছিলেন উপকমিটির কো-চেয়ারম্যান হারুনুর রশিদ, যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য সচিব ও হুইপ মাশরাফি বিন মোর্ত্তজা, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খানসহ উপকমিটির সদস্যবৃন্দ।

প্রেসিডেন্টে রাইসির মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করলেন মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ঢাকায় ইরানের হাইকমিশনারের কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।

পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এ দুর্ঘটনায় ইন্তেকাল করাতে আমরা গভীরভাবে শোকাহত। আমি এবং আমাদের দল বিএনপি, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজকে আমরা ইরানের রাষ্ট্রদূতের অফিসে এসে আমরা আমাদের শোক প্রকাশ করেছি।

তিনি বলেন, এ মুহূর্তে যখন বিশ্বে অভিজ্ঞ রাজনৈতিকদের খুব বেশি প্রয়োজন, সেই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার এই হঠাৎ দুর্ঘটনা, এই চলে যাওয়া, এটা আন্তর্জাতিক বিশ্বে শান্তির জন্য এবং সৌহার্দ বিস্তারের ক্ষেত্রে অত্যন্ত একটা মর্মান্তিক দুর্ঘটনা বলে আমি মনে করি।

মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার এবং ইরানের প্রেসিডেন্টের পরিবার, আত্মীয়স্বজন, পররাষ্ট্রমন্ত্রীর পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে এবং ইরানের জনগণ যেন এই শোকের সময় তারা তাদের যে স্থির সিদ্ধান্ত এবং বিশ্ব রাজনীতিতে তাদের যে অবদান তা অক্ষুণ্ন রাখতে পারেন, সেজন্য আমরা দোয়া করছি।

নাঙ্গলকোটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে খালেদা আক্তার (২৩) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মোজাম্মেল হোসেন রাজুর (২৫) মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে কুমিল্লায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোজাম্মেল হোসেন রাজু (২৫) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শাটিষক গ্রামের নুরুন্নবী প্রকাশ নুর আলমের ছেলে। কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, মোজাম্মেল হোসেন রাজুর সঙ্গে নাঙ্গলকোট উপজেলার পূর্ব দৈয়ারা এলাকার মোবারক হোসেনের মেয়ে খালেদা আক্তারের প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি কন্যাশিশুর জন্ম হয়। কিন্তু স্বামী মোজাম্মেল হোসেন রাজু বেকার থাকায় স্ত্রী খালেদা আক্তার তার মেয়েকে নিয়ে নাঙ্গলকোট বাবার বাড়িতেই থাকতেন। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ চলতে থাকে।

২০১৮ সালের ২ নভেম্বর মোজাম্মেল হোসেন তার শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। পরদিন ভোরে জামা-কাপড় ধোয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মোজাম্মেল হোসেন তার স্ত্রী খালেদা আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে মরদেহ পুকুর ঘাটে ফেলে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের বাবা মোবারক হোসেন বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মোজাম্মেল হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা নাঙ্গলকোট থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলার রায়ে বৃহস্পতিবার দুপুরে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্ত মোজাম্মেল হোসেন পলাতক রয়েছেন।

আব্দুল হাই বাবলুর বিজয় উপলক্ষে রতনপুর বাজারে মিষ্টি বিতরণ

সালাহ উদ্দিন সোহেল:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল হাই বাবলু বিজয় হওয়ায় বুধবার সন্ধায় সদর দক্ষিন উপজেলার রতন পুর বাজারে কেন্দ্র কমিটির প্রধান ব্যবসায়ী মোফাজ্জল ছোটনের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
হাবিবুল্লাহ তুহিন,  জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ কামরুল হাসান দুলাল, বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক আ স ম আজাদ সোহাগ,বারপাড়া ইউনিয়নের যুবলীগ নেতা সাবেক মেম্বার আলী আক্কাস, বারপাড়া ইউনিয়নের যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন শিমুল,বারপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শাহিন আলম সাবেক মেম্বার মুজিবুল হক বাবুলসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

কবিতা: শিউলি ফুল

ইসরাত জাহান:

ঘরের কাছে শিউলিতলা
গন্ধে মাতাল করে,
রোজ সকালে নিয়ম করে
তারা ঝরে পড়ে।

শীতের সকালে কুয়াশামাখা দুর্বাঘাসে,
কমলা রঙের বোঁটাওয়ালা
শুভ্র রঙের ফুলটি হাসে।

নিত্য ভোরে কিশোরীরা জমায় ভীড়
শিউলিগাছের তলে,
দুহাত ভরে কুড়ায় ফুল
গাঁথবে মালা খুশির ছলে।

কেউবা বানায় হাতের বাঁলা,
কেউবা কানের দুল;
শিউলির মুগ্ধ করা ঘ্রানে
তারা থাকে মশগুল।

শরতের রাণী তুমি শিউলি ফুল,
তোমার সৌন্দর্যে তাই বারেবারে হই ব্যাকুল।

সারাদেশে ইন্টারনেটে ধীরগতি থাকবে আরও দুই সপ্তাহ

ডেস্ক রিপোর্ট:

সারাদেশে প্রায় এক মাস ধরে ইন্টারনেটে ধীরগতি পাচ্ছেন গ্রাহকরা। পটুয়াখালীর কুয়াকাটায় স্থাপিত সাবমেরিন ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন থাকায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগে এ বিভ্রাট দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিকল্প উপায়ে ব্যান্ডউইথ সরবরাহ করছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসিও (বিএসসিপিএলসি)। তবে ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরতে আরও প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে।

বিএসসিপিএলসি বলছে, ইন্দোনেশিয়ার জলসীমায় সমুদ্রের তলদেশে ফাইবার ক্যাবল কাটা পড়ে। সেখানে মেরামতের কাজ শুরুর প্রক্রিয়াটা দীর্ঘ। অনুমোদন মিলেছে, এখন কনসোর্টিয়ামের জাহাজের অপেক্ষা।

মেরামত শেষে ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক হতে আরও অন্তত দুই সপ্তাহ লেগে যেতে পারে। সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহ নাগাদ দেশে ইন্টারনেটের গতি স্বাভাবিক হতে পারে।

জানা গেছে, গত ১৯ এপ্রিল দিনগত রাত ১২টার দিক থেকে সারাদেশে ইন্টারনেটে ধীরগতি দেখা দেয়। বিএসসিপিএলসি জানতে পারে সিঙ্গাপুরে জলসীমায় কোথাও ফাইবার ক্যাবল কাটা পড়েছে।

পরে আরও অনুসন্ধানে জানা যায় সিঙ্গাপুর নয়, ইন্দোনেশিয়ার জলসীমায় সমুদ্রের তলদেশে ক্যাবল ‘ব্রেক’ করেছে। এতে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সিমিউই-৫) সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বিএসসিপিএলসি ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ বৃহস্পতিবার (২৩ মে) সকালে জাগো নিউজকে বলেন, সিমিউই-৫ (দ্বিতীয় সাবমেরিন ক্যাবল) দিয়ে বাংলাদেশে প্রায় এক হাজার ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ হয়। সেটা এখন পুরোপুরি বন্ধ। আমরা ওই ব্যান্ডউইথ এখন সিমিউই-৪ দিয়ে সরবরাহের চেষ্টা করছি। অন্তত ৬০ শতাংশ সরবরাহ সম্ভব হচ্ছে। এটা দিয়ে বিকল্প উপায়ে সারাদেশে ইন্টারনেট সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

কবে নাগাদ মেরামত শেষ হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আশা করছি, চলতি মাসেই কাজ শেষ হবে। জুনের প্রথম দিকে আমরা সিমিউই-৫-এর সংযোগে আবার যুক্ত হবো। এরপর ব্যান্ডউইথ স্বাভাবিক করতে আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা লাগতে পারে। বলা যায়, জুনের প্রথম সপ্তাহ থেকে এটা (ইন্টারনেটের ধীরগতি) ঠিক হয়ে যাবে।’

তবে ক্যাবল কাটা পড়ে সিমিউই-৫-এর সংযোগ বিচ্ছিন্নের কারণে যে সমস্যা হয়েছিল, তার পাশাপাশি অন্য একটি সমস্যার কথাও জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সভাপতি মো. ইমদাদুল হক।

তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে বিটিআরসি রাজধানীর বিভিন্ন জায়গায় অবৈধ ইন্টারনেট সরঞ্জামের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এতে অবৈধ অনেক আইএসপি প্রতিষ্ঠান, অনেকে ক্যাবল টিভি ও ইন্টারনেট সংযোগ চালায়, তাদের যন্ত্রপাতি জব্দ করেছে। ক্যাবল অপারেটরদের ইন্টারনেট সার্ভিস দেওয়ার কথা না। তারা দিচ্ছে, এ জায়গাগুলো নিয়ে কাজ করছে বিটিআরসি। সবমিলিয়ে ইন্টারনেটের গতিতে এবং সংযোগে প্রভাব পড়েছে। সেজন্যই কিছু এলাকায় বেশি সমস্যা।’

সিমিউই-৫ বন্ধের পর ইন্টারনেট সরবরাহ চলছে যেভাবে

বিএসসিপিএলসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে মোট ব্যান্ডউইথের ব্যবহার পাঁচ হাজার জিবিপিএসের বেশি। এর অর্ধেকেরও বেশি প্রায় দুই হাজার ৭০০ জিবিপিএস আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) লাইসেন্সের মাধ্যমে আসে, যা ভারত থেকে স্থলপথে ব্যান্ডউইথ আমদানি করতে ব্যবহৃত হয়।

বাকি দুই হাজার ৪০০ জিবিপিএসের মতো ব্যান্ডউইথ সরবরাহ করে বিএসসিপিএলসি। দুটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এ ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ-৪ (সিমিউই-৪) কনসোর্টিয়ামের সদস্য। ২০০৬ সালে বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়েছিল। এর ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে। এটি প্রায় ৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করে থাকে।

অন্যদিকে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৫ প্রবেশ করেছে পটুয়াখালীর কুয়াকাটা হয়ে। দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এক হাজার ৬০০ জিবিপিএস সরবরাহ করা হয়। বিচ্ছিন্ন হয়ে যাওয়া দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের ৬০ শতাংশের বেশি ব্যান্ডউইথ প্রথম সাবমেরিন ক্যাবলে শিফটিং করা হয়েছে, যা দিয়ে বিকল্প উপায়ে দেশে ইন্টারনেট সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে বিএসসিপিএলসি।